খুলনা ও সিলেট মেট্রোপলিটনের পুলিশ কমিশনারসহ পুলিশের চার কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করেছে সরকার। একই সঙ্গে গত জুনে জারি করা একটি বদলির আদেশও বাতিল করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. আতাউল কিবরিয়াকে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ জাহিদুল হাসানকে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পুলিশ কমিশনার (ডিআইজি) আবদুল কুদ্দুস চৌধুরীকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া পুলিশ সদর দপ্তরের ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীমকে সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার (ডিআইজি) হিসেবে পদায়ন করা হয়েছে।
একই প্রজ্ঞাপনে জানানো হয়, গত ২৮ জুন জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে সিআইডির ডিআইজি মিয়া মাসুদ করিমকে এফডিএমএন কার্যালয়, এপিবিএনে বদলির যে আদেশ দেওয়া হয়েছিল, তা বাতিল করা হয়েছে।




