• ই-পেপার

একনজরে আজকের কালের কণ্ঠ (১২ জুলাই)

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন

অনলাইন ডেস্ক
সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন
সংগৃহীত ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জাতীয় সংসদের সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন (ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। আজ রবিবার (১২ জুলাই) ভোরে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন দেশের প্রবীণ এই রাজনীতিক।

তিনি দুই দফা বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া দুইবার বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। তার মৃত্যুতে দেশের রাজনৈতিক ও আইন অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

জন্ম ও শিক্ষাজীবন

ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ১৯৩১ সালের ১ ডিসেম্বর তৎকালীন ব্রিটিশ ভারতের পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার নয়াবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা মৌলভী মুহম্মদ আজিজ বক্স ও মা বেগম ফখরুন্নেছা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ ও এলএলবি ডিগ্রি অর্জন করেন।

পরে ১৯৬১ সালে তিনি উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে যান এবং লন্ডনের লিংকনস ইন থেকে ‘ব্যারিস্টার-অ্যাট-ল’ ডিগ্রি লাভ করেন। দেশে ফিরে তিনি আইন পেশায় যুক্ত হন এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টে সংবিধান, দেওয়ানি ও ফৌজদারি আইনের একজন প্রখ্যাত বিশেষজ্ঞ হিসেবে সুনাম কুড়ান।

রাজনৈতিক জীবন ও কর্ম

ছাত্রাবস্থায় ১৯৪৫ সালে ছাত্র ফেডারেশনের মাধ্যমে তার রাজনৈতিক জীবনের সূচনা হয়। পরে তিনি ছাত্র ইউনিয়ন ও ন্যাপের রাজনীতিতেও যুক্ত ছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দল গঠনের প্রাথমিক পর্যায়ে ‘জাগদল’ গঠন করলে তিনি তাতে যোগ দেন। পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠিত হলে তিনি এর প্রতিষ্ঠাকালীন সদস্য হন এবং শুরু থেকেই দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও স্পিকার হিসেবে দায়িত্ব পালন

২০০১ সালের ২৮ অক্টোবর থেকে ২০০৯ সালের ২৫ জানুয়ারি পর্যন্ত অষ্টম জাতীয় সংসদে স্পিকার হিসেবে তিনি অত্যন্ত সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। ২০০২ সালে তৎকালীন রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী পদত্যাগ করার পর সংবিধান অনুযায়ী তিনি ২১ জুন ২০০২ থেকে ৬ সেপ্টেম্বর ২০০২ পর্যন্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে রাষ্ট্রপ্রধানের গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেন।

মন্ত্রীত্ব ও সংসদ সদস্য

বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মোট পাঁচবার (১৯৭৯, ১৯৯১, ১৯৯৬, ২০০১ ও ২০০৯ সালে) জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। তিনি পঞ্চগড়-১, ঢাকা-৯, বগুড়া-৬ ও দিনাজপুর-১ আসন থেকে জনপ্রতিনিধিত্ব করেছেন।

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আবদুস সাত্তার ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মন্ত্রিসভায় তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। বিভিন্ন মেয়াদে তিনি গণপূর্ত ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, ভূমি প্রতিমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী হিসেবে নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন।

ব্যক্তিগত জীবন

ব্যক্তিগত জীবনে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার এক কন্যা (নিলুফার জমির) ও দুই পুত্রের (নওশাদ জমির ও নওফল জমির) বাবা। তার স্ত্রী নূর আখতার। তার ছেলে ব্যারিস্টার নওশাদ জমিও বিএনপির রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত।

দুপুর পর্যন্ত অতিভারি বৃষ্টির সতর্কতা, ১৩ জেলায় ঝড়ের আভাস

অনলাইন ডেস্ক
দুপুর পর্যন্ত অতিভারি বৃষ্টির সতর্কতা, ১৩ জেলায় ঝড়ের আভাস

ঢাকাসহ দেশের ১৩টি জেলায় দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে ভারি থেকে অতিভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

রবিবার (১২ জুলাই) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত আবহাওয়া অধিদফতরের দেয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। 

এসব অঞ্চলেও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এসব এলাকার নদী বন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, গতকাল শনিবার আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার ১২ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে।

অবসরের ৯ দিন পর পাওয়া পদোন্নতি বাতিল করল সরকার

অনলাইন ডেস্ক
অবসরের ৯ দিন পর পাওয়া পদোন্নতি বাতিল করল সরকার

অবসরে যাওয়ার ৯ দিন পর যুগ্ম সচিব পদে পদোন্নতি পাওয়া এক কর্মকর্তার পদোন্নতি বাতিল করেছে সরকার। এ বিষয়ে শনিবার (১১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, গত বৃহস্পতিবার যুগ্ম সচিব পদে পদোন্নতি পাওয়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব মাইনুল হক ভূঁইয়ার ক্ষেত্রে প্রযোজ্য অংশটুকু বাতিল করা হলো।

সংশ্লিষ্ট কর্মকর্তার পদোন্নতি বাতিলের সিদ্ধান্ত ইতোমধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, চাকরিতে কর্মরত না থাকলে পদোন্নতি কার্যকর করার সুযোগ নেই। সে কারণেই অবসরে যাওয়ার পর দেওয়া পদোন্নতির বিষয়টি পুনর্বিবেচনা করে তা বাতিল করা হয়েছে।

গত বৃহস্পতিবার উপসচিব থেকে যুগ্ম সচিব হয়েছেন ১৭৯ জন কর্মকর্তা। সেই তালিকায় ৫৩ নম্বরে ছিলেন মাইনুল হক।

গত ৩০ জুন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে ওই কর্মকর্তা চাকরি থেকে অবসরে গিয়েছিলেন।

তবে এর ৯ দিন পর যুগ্ম সচিব পদে ১৭৯ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে জারি করা পৃথক প্রজ্ঞাপনে তার নামও অন্তর্ভুক্ত করা হয়েছে। মাইনুল হকের বয়স ৫৯ বছরপূর্তি হওয়ায় সরকারি চাকরি আইনে তাকে অবসরে পাঠানো হয়।

একই ব্যক্তিকে একদিকে অবসরে পাঠানো, অন্যদিকে অবসরের পর পদোন্নতি দেওয়ার ঘটনায় প্রশাসনিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়। এর ফলে শনিবার আনুষ্ঠানিকভাবে তার প্রজ্ঞাপন বাতিল করল সরকার।

কেরানীগঞ্জে প্রস্তাবিত বাস টার্মিনাল ও গাবতলীতে পাইকারি কাঁচাবাজারের স্থান পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক
কেরানীগঞ্জে প্রস্তাবিত বাস টার্মিনাল ও গাবতলীতে পাইকারি কাঁচাবাজারের স্থান পরিদর্শন
ছবি : কালের কণ্ঠ

রাজধানীর যানজট নিরসন, গণপরিবহন ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং পাইকারি বাজার ব্যবস্থাকে আরো সুশৃঙ্খল ও কার্যকর করার লক্ষ্যে কেরানীগঞ্জে প্রস্তাবিত আধুনিক বহুতল বাস টার্মিনাল এবং মিরপুর গাবতলীতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রস্তাবিত পাইকারি কাঁচাবাজারের স্থান সরেজমিন পরিদর্শন করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) দুপুর ১২টায় সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপির নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের পরিদর্শন দল কেরানীগঞ্জ উপজেলার বাঘৈর মৌজাস্থ প্রিয় প্রাঙ্গণ আবাসিক প্রকল্পের নির্ধারিত স্থান পরিদর্শন করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরী, ঢাকা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ, সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব মো. আনিসুর রহমান, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) আনিছুর রহমান, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি), ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এম এ বাতেন, সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক হাজী মো. আবুল কাসেমসহ বিভিন্ন সরকারি সংস্থা ও পরিবহন সংগঠনের প্রতিনিধিবৃন্দ।

পরিদর্শনকালে প্রতিনিধিরা স্থানটির যোগাযোগব্যবস্থা, অবকাঠামোগত সক্ষমতা এবং আধুনিক বহুতল বাস টার্মিনাল নির্মাণের সম্ভাব্যতা বিস্তারিতভাবে পর্যবেক্ষণ করেন। পরিদর্শন শেষে উপস্থিত সব কর্মকর্তা ও প্রতিনিধি রাজধানীর গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন, যানজট নিরসন এবং যাত্রীসেবার মানোন্নয়নের স্বার্থে উক্ত স্থানে আধুনিক বহুতল বাস টার্মিনাল নির্মাণের বিষয়ে একমত পোষণ করেন।

পরবর্তীতে পরিদর্শন দল মিরপুর গাবতলী দ্বীপনগর এলাকায় ডিএনসিসির প্রস্তাবিত পাইকারি কাঁচাবাজারের স্থান পরিদর্শন করেন। এ সময় ডিএমপির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মোস্তাক সরকার এবং ট্রাফিক-মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ছানোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

স্থান পরিদর্শন শেষে কারওয়ান বাজারের বিদ্যমান পাইকারি কাঁচাবাজার ও আড়ত গাবতলীর প্রস্তাবিত স্থানে স্থানান্তরের বিষয়টি উচ্চ পর্যায়ে উপস্থাপন করা এবং প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের লক্ষ্যে সমন্বিত সিদ্ধান্ত গৃহীত হয়।