• ই-পেপার

ঢাকায় দুপুর পর্যন্ত ঝরতে পারে বৃষ্টি

২৪ ঘণ্টায় ঢাকায় ৯৭ মিলিমিটার বৃষ্টি

অনলাইন ডেস্ক
২৪ ঘণ্টায় ঢাকায় ৯৭ মিলিমিটার বৃষ্টি
ছবি: কালের কণ্ঠ

রাজধানী ঢাকায় গত কয়েকদিন ধরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৯৭ মিলিমিটার বৃষ্টি ঝরেছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

রবিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

এদিকে ভোর থেকেই রাজধানী ঢাকায় ঝুম বৃষ্টি হচ্ছে। এতে করে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে যাতায়াতে বিঘ্ন ঘটছে। আবহাওয়া অফিস জানিয়েছে, দুপুর পর্যন্ত এমন বৃষ্টি ঝরতে পারে। 

সংস্থাটি জানায়, আকাশ মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ ছাড়া দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে।

আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। 

ভোর থেকেই ঢাকায় ঝুম বৃষ্টি, জলাবদ্ধতায় দুর্ভোগ

অনলাইন ডেস্ক
ভোর থেকেই ঢাকায় ঝুম বৃষ্টি, জলাবদ্ধতায় দুর্ভোগ
আজ রবিবার সকাল থেকেই রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকা জলাবদ্ধতায় সৃষ্টি হয়েছে যানজট। ছবি : কালের কণ্ঠ

কয়েক দিন ধরেই দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে। এ কারণে কোথাও আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আজ রবিবার (১২ জুলাই) সপ্তাহের প্রথম কার্যদিবসে রাজধানীবাসীর ঘুম ভেঙেছে বৃষ্টির শব্দে।

বৃষ্টিতে মিরপুর, মতিঝিল, নয়াপল্টনসহ বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এ কারণে কর্মস্থলগামী মানুষ, শিক্ষার্থী, পথচারী ও যানবাহন চলাচলে চরম ভোগান্তির মুখে পড়ে।

আজ ভোর ৫টা থেকেই ঢাকায় ঝুম বৃষ্টি শুরু হয়েছে। থেমে থেমে এই বৃষ্টি চলছে। রাজধানীর অনেকে রাস্তায় এরই মধ্যে পানি জমে গেছে। কোথাও হাঁটুপানি, কোথাও কোমরসমান পানি জমেছে এসব রাস্তায়। পথচারীদের দুর্ভোগের শেষ নেই।

বৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে গত ছয় দিনে চট্টগ্রাম বিভাগে অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ৮ লাখ ৬৭ হাজার মানুষ। এছাড়া টানা বর্ষণে চট্টগ্রাম অঞ্চলের ২৪২ কিলোমিটার সড়ক পানির নিচে তলিয়ে গেছে।

এদিকে, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বৃষ্টির পূর্ভাবাস দিয়েছে আবহাওয়া অফিস।

ডিএমপিতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭১, মামলা ৪৯

নিজস্ব প্রতিবেদক
ডিএমপিতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭১, মামলা ৪৯
প্রতীকী ছবি

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় ৪৭১ জন গ্রেপ্তার হয়েছেন। একই সময়ে ৪৯টি মামলা করা হয়েছে। শনিবার (১১ জুলাই) সকালে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ ৫৩ জনকে, লালবাগ বিভাগ ২৯ জনকে, ওয়ারী বিভাগ ৫৯ জনকে, মতিঝিল বিভাগ ৬৯ জনকে, তেজগাঁও বিভাগ ৭৮ জনকে, মিরপুর বিভাগ ৭৮ জনকে, গুলশান বিভাগ ৪৩ জনকে, উত্তরা বিভাগ ৪৩ জনকে ও গোয়েন্দা বিভাগ ১৯ জনকে গ্রেপ্তার করেছে। 

এসময় তাদের কাছ থেকে ১০ কেজি ১১০ গ্রাম গাঁজা, ১২ হাজার ২৮৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধরণের দেশীয় অস্ত্র ও দুইজন ভিকটিমকে উদ্ধার করা হয়। 
 

রাজধানীতে ‘প্রেমিকার’ ছুরিকাঘাতে রেল কর্মকর্তার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে ‘প্রেমিকার’ ছুরিকাঘাতে রেল কর্মকর্তার মৃত্যু
সংগৃহীত ছবি

রাজধানীর মহাখালী এলাকায় ‘পরকীয়া প্রেমিকার’ ছুরিকাঘাতে বাংলাদেশ রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী মামুন মিয়া (৩০) খুন হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত বিউটি আক্তারকে আটক করেছে পুলিশ।

শনিবার (১১ জুলাই) দুপুরে মহাখালী টিভি গেট এলাকার একটি বাড়ির ৩য় তলায় এ ঘটনা ঘটে।  গুরুতর অবস্থায় বাড়ির মালিক মামুনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।

বাড়ির মালিক সুমন জানান, শনিবার দুপুরে বাড়ির ৩য় তলায় চিৎকার শুনতে পেয়ে গিয়ে দেখেন, রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন মামুন। তার পেটে দুটি ছুরিকাঘাত ও পুরুষাঙ্গ কাটা। দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি দেখে সেখান থেকে তাকে বিকেলে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

মামুনের চাচা মুকছেদ আলী ভুইয়া জানান, মামুনের বাড়ি ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ উপজেলার মালিহাটি গ্রামে। মামুনের স্ত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা। তিনি গ্রামে থাকেন। চলতি মাসের এক তারিখে মামুন উপ-সহকারী প্রকৌশলী হিসেবে ঢাকা রেলওয়েতে চাকরিতে যোগ দেন। 

বনানী থানার এসআই তারেক হাসান বলেন, ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিউটি আক্তারকে আটক করা হয়। গত শুক্রবার বিউটি ওই বাসাটি ভাড়া নেন। শনিবার সকালে সেখানে গিয়েছিলেন মামুন। দুজনই বিবাহিত। তাদের মধ্যে পরকীয়া সম্পর্ক ছিল। তবে কেন তাকে হত্যা করেছে, সেটি জানার চেষ্টা চলছে।