• ই-পেপার

গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করল ভারত

১২৫ টাকায় সরকারি চাকরি : সততার মানসিকতা ধরে রাখার আহ্বান ভূমিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
১২৫ টাকায় সরকারি চাকরি : সততার মানসিকতা ধরে রাখার আহ্বান ভূমিমন্ত্রীর

সরকারি চাকরিতে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নিয়োগের ধারাবাহিকতা বজায় রেখে জনগণের সেবায় সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। তিনি বলেন, ‘মাত্র ১২৫ টাকা খরচ করে কোনো ধরনের উৎকোচ বা তদবির ছাড়াই সরকারি চাকরিতে যোগদান করা নতুন পেশকারদের সততার মানসিকতাই সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় প্রেরণা।’

মঙ্গলবার (২৮ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে নবনিযুক্ত পেশকারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, দুর্নীতিমুক্ত কর্মপরিবেশ গড়ে তোলা এবং সাধারণ মানুষের কল্যাণ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। নতুন নিয়োগপ্রাপ্তদের উদ্দেশে তিনি মা-বাবা ও শিক্ষকদের সম্মান অক্ষুণ্ণ রেখে সম্পূর্ণ সততা, স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সঙ্গে জনগণের সেবায় আত্মনিয়োগের আহ্বান জানান।

অনুষ্ঠানে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, গত দুই দশকের মধ্যে এত স্বচ্ছ ও সুষ্ঠুভাবে নিয়োগ সম্পন্ন হওয়ার নজির নেই। কোনো ধরনের তদবির ছাড়াই মাত্র ১২৫ টাকা ব্যয়ে চাকরি পাওয়ার অভিজ্ঞতা নতুন পেশকারদের মুখে শুনে তিনি সন্তোষ প্রকাশ করেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘সরকারি অফিসে সেবা নিতে আসা জনগণই রাষ্ট্রের প্রকৃত মালিক। তাই ভূমি ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে দুর্নীতিমুক্ত থেকে আন্তরিকতার সঙ্গে জনগণকে সেবা দিতে হবে।’ মাঠ পর্যায়ে কিছু অসাধু ব্যক্তির কারণে পুরো ভূমি প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, ভূমি সংক্রান্ত সেবা নিতে এসে যেন কোনো নাগরিক হয়রানির শিকার না হন, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। একই সঙ্গে সিটিজেন সার্ভিস কার্যক্রম আরো কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানের শুরুতে নবনিযুক্ত পেশকার মোছা. ফারহানা খাতুন, মো. শিহাব উদ্দিন ও শাকিল আহমদ বক্তব্য দেন।  সম্পূর্ণ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সরকারি চাকরিতে যোগদানের সুযোগ পাওয়ায় তারা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জরিপ অধিদপ্তর পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
জরিপ অধিদপ্তর পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা

বাংলাদেশ জরিপ অধিদপ্তর পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম। এ সময় অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আজিজুর রউফ তাঁকে স্বাগত জানান। আজ মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে এ পরিদর্শন অনুষ্ঠিত হয়। 

পরিদর্শনকালে প্রতিরক্ষা উপদেষ্টা জাতীয় মানচিত্র প্রণয়ন ও হালনাগাদ, আন্তর্জাতিক সীমানা জরিপ, ভূস্থানিক তথ্য সংগ্রহ, স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ এবং ডিজিটাল এলিভেশন মডেল প্রস্তুত কার্যক্রম সম্পর্কে অবহিত হন।

প্রতিরক্ষা উপদেষ্টা বলেন, নির্ভুল ও হালনাগাদ মানচিত্র উন্নয়ন পরিকল্পনা, অবকাঠামো নির্মাণ, দুর্যোগ ব্যবস্থাপনা, সীমান্ত ব্যবস্থাপনা এবং জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ ভিত্তি। 

তিনি সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে ভূস্থানিক তথ্যের সমন্বয় ও নিয়মিত হালনাগাদের ওপর গুরুত্বারোপ করেন। 

তিনি প্রশিক্ষণে জরিপ ও ভূস্থানিক জ্ঞানের ব্যবহার বৃদ্ধি, দেশীয় ডিজিটাল ম্যাপিং অ্যাপ্লিকেশন তৈরির সম্ভাবনা যাচাই এবং ভূকৌশলগত গুরুত্বপূর্ণ এলাকার হালনাগাদ তথ্য নিয়মিত সংগ্রহ ও বিশ্লেষণের নির্দেশনা প্রদান করেন।

পাশাপাশি ঢাকা ও চট্টগ্রামের ডিজিটাল এলিভেশন মডেল আগামী চার মাসের মধ্যে সম্পন্ন করে পরবর্তী পর্যায়ে সিলেট ও কুমিল্লায় কাজ শুরুর নির্দেশ দেন। 

পরিদর্শন শেষে তিনি বলেন, ‘উন্নত ও নিরাপদ বাংলাদেশ গড়তে সঠিক তথ্যভিত্তিক পরিকল্পনার বিকল্প নেই। নির্ভুল মানচিত্র ও আধুনিক ভূস্থানিক তথ্য সেই পরিকল্পনার পথ নির্দেশক।’

এসময় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিন এবং বাংলাদেশ জরিপ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন

গ্যাসসংকট নিরসনে সহায়তা চেয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে তারেক রহমানের চিঠি

নিজস্ব প্রতিবেদক
গ্যাসসংকট নিরসনে সহায়তা চেয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে তারেক রহমানের চিঠি

দেশে চলমান গ্যাসসংকট নিরসনে মালয়েশিয়ার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনে কথা বলেছেন তিনি। একই সঙ্গে সংকটের গুরুত্ব তুলে ধরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কাছে চিঠিও পাঠানো হয়েছে। চিঠিতে মালয়েশিয়া থেকে এলএনজি আমদানিসহ জ্বালানি খাতে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা চাওয়া হয়েছে।

আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমানে গ্যাসসংকটের কারণে দেশের মানুষ যে কষ্ট ভোগ করছে, বিশেষ করে গৃহস্থালি পর্যায়ে নারী, শিল্প খাতের উদ্যোক্তা এবং গণপরিবহনের যাত্রীরা যে দুর্ভোগে পড়েছেন, সে জন্য সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। সংকট দ্রুত নিরসনে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে।’

তিনি বলেন, ‘দেশের গ্যাসের চাহিদা দুটি উৎস থেকে পূরণ করা হয়। এর একটি হলো দেশীয় গ্যাসক্ষেত্র থেকে উত্তোলিত গ্যাস। অন্যটি আমদানি করা এলএনজি, যা এফএসআরইউর মাধ্যমে রিগ্যাসিফাই করে জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়। গত সপ্তাহে একটি এফএসআরইউতে বড় ধরনের দুর্ঘটনার পর ত্রুটি দেখা দেওয়ায় সেটির মাধ্যমে আমদানি করা এলএনজি গ্যাসে রূপান্তর করা সম্ভব হচ্ছে না। ফলে গত কয়েক দিন ধরে গ্যাস সরবরাহ কমাতে হয়েছে। এতে আবাসিক, শিল্প, বিদ্যুৎ উৎপাদন ও গণপরিবহন—সব খাতেই সংকট তৈরি হয়েছে।’

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘এফএসআরইউ পরিচালনাকারী প্রতিষ্ঠান এক্সেলারেট এনার্জির সঙ্গে জ্বালানি বিভাগ, পেট্রোবাংলা ও আরপিজিসিএল সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। দেশি-বিদেশি বিশেষজ্ঞরা সমস্যা সমাধানে কাজ করছেন।’

তিনি বলেন, ‘আজ সকালে এক্সিলারেট এনার্জির এ অঞ্চলের প্রধান কর্মকর্তা ও ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক হয়েছে। সেখানে বাংলাদেশের সমস্যাগুলো ও সরকারের উদ্বেগের কথা তুলে ধরা হয়েছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকেও বিষয়টি উপলব্ধি করে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে।’

প্রতিমন্ত্রী জানান, বর্তমানে ত্রুটিগ্রস্ত এফএসআরইউ থেকে প্রতিদিন প্রায় ৫০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হতো। আশা করা হচ্ছে, আগামী সপ্তাহের শুরুতে সেখান থেকে ২৮০ থেকে ৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা সম্ভব হবে। পরবর্তী সপ্তাহের শেষ নাগাদ এফএসআরইউটি পুরোপুরি সচল করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মালয়েশিয়ার সহযোগিতা চাওয়ার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমান সংকটের গুরুত্ব বিবেচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান গতকাল সোমবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে একটি চিঠি পাঠিয়েছেন। আজ মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর ২টায় দুই প্রধানমন্ত্রীর মধ্যে ফোনে কথা হয়েছে। এ সময় প্রধানমন্ত্রী বাংলাদেশের চলমান জ্বালানি সংকট মোকাবেলায় মালয়েশিয়ার সহযোগিতা কামনা করেন।’

তিনি বলেন, ‘মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছেন যে সংকট নিরসনে তার এবং তার দেশের পক্ষ থেকে কী ধরনের সহযোগিতা করা সম্ভব, তা তিনি সংশ্লিষ্ট টিম ও মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে দ্রুত জানাবেন।’

প্রতিমন্ত্রী বলেন, মালয়েশিয়া থেকে এলএনজি আমদানির সুযোগ নিয়ে কাজ চলছে। তবে সহযোগিতা শুধু এলএনজি আমদানির মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। মালয়েশিয়ার অভিজ্ঞতা, পরামর্শ ও অন্যান্য সম্পদ কাজে লাগিয়ে বাংলাদেশের জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সহযোগিতা নেওয়ার সুযোগও খতিয়ে দেখা হচ্ছে।

বর্তমান সংকটের পাশাপাশি দীর্ঘমেয়াদি সমাধানের ওপর গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেন, সংকট সমাধানে বিভিন্ন বিকল্প উৎস নিয়ে সরকার কাজ করছে। হাতে যত বেশি বিকল্প থাকবে, কোনো একটি উৎসে সমস্যা দেখা দিলে অন্য উৎস থেকে ঘাটতি পূরণ করা সহজ হবে। বর্তমানে বিকল্পের সংখ্যা কম থাকায় একটি এফএসআরইউতে সমস্যা দেখা দেওয়ায় পুরো দেশকে সংকটে পড়তে হয়েছে।

তিনি আরও বলেন, এফএসআরইউনির্ভরতা কমিয়ে দীর্ঘমেয়াদে স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল নির্মাণই মূল সমাধান। এ বিষয়ে জাপানের সহযোগিতাও চাওয়া হচ্ছে। সম্প্রতি জাপানের প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টার সঙ্গে এনার্জি কোঅপারেশন বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

মালয়েশিয়ার সহযোগিতার সুফল কবে পাওয়া যাবে—এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, মালয়েশিয়া সরকারের কাছ থেকে সহযোগিতার ধরন ও সময়সীমা সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পরই তা বলা সম্ভব হবে। তবে এখন পর্যন্ত আলোচনা ইতিবাচক হয়েছে বলে জানান তিনি।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘মানুষের এই সমস্যা ও কষ্ট আমাদেরও কষ্ট দিচ্ছে। জনগণ আমাদের দায়িত্ব দিয়েছে তাদের কষ্ট নিরসনের জন্য। তাই বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, জ্বালানি বিভাগ, পেট্রোবাংলা ও আরপিজিসিএল দিনরাত কাজ করছে। প্রধানমন্ত্রীও সার্বক্ষণিকভাবে পরিস্থিতির খোঁজখবর রাখছেন এবং সংকট নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছেন।’

সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের নাম ব্যবহার করে প্রতারণা, সতর্ক করল পুলিশ

নিজস্ব প্রতিবেদক
সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের নাম ব্যবহার করে প্রতারণা, সতর্ক করল পুলিশ
সংগৃহীত ছবি

পুলিশসহ সরকারের বিভিন্ন দপ্তরের দায়িত্বশীল ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম-পরিচয় এবং ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতারণার অভিযোগ পাওয়া যাচ্ছে। ভুয়া পরিচয়ে বার্তা পাঠিয়ে অর্থ দাবি ও বিভিন্ন ধরনের তদবিরের চেষ্টা করছে একটি প্রতারকচক্র। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

মঙ্গলবার (২৮ জুলাই) সংবাদমাধ্যমে পাঠানো এক সতর্কবার্তায় পুলিশ জানায়, প্রতারকচক্র সরকারি কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে একদিকে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে, অন্যদিকে সরকারি প্রতিষ্ঠান ও দায়িত্বশীল কর্মকর্তাদের ভাবমূর্তিও ক্ষুণ্ন করছে।

পুলিশ বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যমের যেকোনো আইডিতে কোনো সরকারি কর্মকর্তার ছবি থাকা মানে মোবাইল নম্বরটি ওই ব্যক্তির বলে নিশ্চিত হওয়ার কারণ নেই। প্রতারকদের এ ধরনের মেসেজে (বার্তা) সাড়া না দিতে সবার প্রতি অনুরোধ জানানো হচ্ছে।

প্রতারকচক্রের এ ধরনের বার্তা পেলে জাতীয় জরুরি সেবা-৯৯৯ নম্বরে এবং সাইবার পুলিশ সেন্টার, সিআইডি ও গোয়েন্দা বিভাগ (ডিবি), ডিএমপি কার্যালয়ে যোগাযোগ করতে পরামর্শ দিয়েছে পুলিশ।

বাংলাদেশ পুলিশ জানিয়েছে, প্রতারকচক্রের বিরুদ্ধে সর্বোচ্চ সজাগ রয়েছে। কেউ এ ধরনের প্রতারণার সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ।

গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করল ভারত | কালের কণ্ঠ