• ই-পেপার

‘নীরব ঘাতক’ হেপাটাইটিস : সুস্থ জীবনের শুরু সচেতনতা থেকে

  • আজ বিশ্ব হেপাটাইটিস দিবস। একটু সচেতনতা, সময়মতো পরীক্ষা আর টিকাই বাঁচাতে পারে হাজারো জীবন।

অতিরিক্ত ক্লান্তি কিংবা নির্ঘুম রাত, হতে পারে মস্তিষ্কের জটিল রোগের সংকেত

অনলাইন ডেস্ক
অতিরিক্ত ক্লান্তি কিংবা নির্ঘুম রাত, হতে পারে মস্তিষ্কের জটিল রোগের সংকেত
সংগৃহীত ছবি

অনেক সময় নিজের শরীরে রোগের সংকেত বুঝতে পারি না। মানসিক চাপ ভেবে অনেক বিষয় এড়িয়ে যাই। বিশেষ করে যখন হাত-পা অবশ লাগে, হঠাৎ ঘুম কমে যায় কিংবা অতিরিক্ত ক্লান্ত লাগে আমরা সেটা মানসিক চাপ ভেবে এড়িয়ে যাই। আসলে সবসময় কিন্তু বিষয়টা এমন হয় না। চিকিৎসকদের মতে এসব লক্ষণ দীর্ঘদিন থাকলে তা মাল্টিপল স্ক্লেরোসিস (এমএস) নামের জটিল স্নায়ুরোগের ইঙ্গিতও হতে পারে।

সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস থেকে জানা যায় নিউরোলজিস্ট ডা. প্রবীণ গুপ্ত জানিয়েছেন, ২০ থেকে ৪০ বছর বয়সী নারীদের মধ্যে এই রোগ তুলনামূলক বেশি ধরা পড়ে। তবে প্রাথমিক লক্ষণগুলো সাধারণ সমস্যার মতো হওয়ায় অনেক ক্ষেত্রেই রোগটি শনাক্ত হতে দেরি হয়।

ডা. প্রবীণ গুপ্ত জানান, মাল্টিপল স্ক্লেরোসিস বা এমএস এমন একটি রোগ, যেখানে শরীরের রোগপ্রতিরোধ ব্যবস্থা ভুলবশত স্নায়ুর ওপর থাকা সুরক্ষামূলক আবরণে আক্রমণ করে। এতে মস্তিষ্ক ও শরীরের বিভিন্ন অংশের মধ্যে বার্তা আদান-প্রদানে সমস্যা তৈরি হয়। সময়মতো চিকিৎসা না হলে এটি ধীরে ধীরে শারীরিক অক্ষমতার কারণও হতে পারে।

চিকিৎসকের মতে, অনেক নারী প্রথমে অতিরিক্ত ক্লান্তি, শরীর ব্যথা বা ঝিনঝিন অনুভূতির মতো সমস্যা নিয়ে সাধারণ চিকিৎসক বা স্ত্রীরোগ বিশেষজ্ঞের কাছে যান। তখন এসব উপসর্গকে অনেক সময় স্ট্রেস, ভিটামিনের ঘাটতি, ঘাড়ের সমস্যা বা উদ্বেগজনিত সমস্যা বলে মনে করা হয়। এ ছাড়া অনেকের ক্ষেত্রে উপসর্গ কিছুদিন পর কমে যায়, আবার ফিরে আসে। ফলে রোগীরা নিউরোলজিস্টের কাছে যেতে দেরি করেন। পরিবার ও কর্মজীবনের ব্যস্ততায় অনেক নারী নিজের শারীরিক সমস্যাকেও গুরুত্ব দেন না, যা রোগ শনাক্তে আরো বিলম্ব ঘটায়।

  • যে ৭ লক্ষণ অবহেলা করা উচিত নয়

ডা. প্রবীণ গুপ্তের মতে, নিচের উপসর্গগুলো বারবার দেখা দিলে বা দীর্ঘদিন স্থায়ী হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত—

  • এক চোখে ঝাপসা দেখা
  • শরীরের কোনো অংশ অবশ হয়ে যাওয়া
  • হাত বা পায়ে দুর্বলতা
  • হাঁটতে অসুবিধা 
  • ভারসাম্য হারিয়ে ফেলা
  • কথা জড়িয়ে যাওয়া
  • অস্বাভাবিক বা অতিরিক্ত ক্লান্তি
  • দ্রুত শনাক্ত হলে চিকিৎসা সহজ

বিশেষজ্ঞের মতে, মাল্টিপল স্ক্লেরোসিস পুরোপুরি নিরাময়যোগ্য না হলেও প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে চিকিৎসার মাধ্যমে রোগের অগ্রগতি নিয়ন্ত্রণ করা, পুনরায় সমস্যা দেখা দেওয়ার ঝুঁকি কমানো এবং দীর্ঘদিন স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব। তাই দীর্ঘদিন ধরে একই ধরনের স্নায়বিক উপসর্গ থাকলে শুধু স্ট্রেস বা ক্লান্তি ভেবে এড়িয়ে না গিয়ে দ্রুত একজন নিউরোলজিস্টের পরামর্শ নেওয়াই ভালো।

কেন বদলে যাচ্ছে তরুণীদের বিয়ে নিয়ে ভাবনা?

জীবনযাপন ডেস্ক
কেন বদলে যাচ্ছে তরুণীদের বিয়ে নিয়ে ভাবনা?
ছবি : এআই জেনারেটেড

একসময় পড়াশোনা শেষ, চাকরি, বিয়ে ও সন্তান—এটাই ছিল জীবনের স্বাভাবিক ধারা। কিন্তু সময়ের সঙ্গে সেই চিত্র বদলেছে। বিশ্বের বিভিন্ন দেশে এখন অনেক তরুণী বিয়ে দেরিতে করছেন, আবার কেউ কেউ বিয়ে না করার সিদ্ধান্তও নিচ্ছেন। সম্প্রতি সিএনবিসির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এছাড়া জাতিসংঘ (ইউএন), পিউ রিসার্চ, সার্ভেমাংকি এবং দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশের গবেষণাতেও একই প্রবণতার কথা বলা হয়েছে।

ক্যারিয়ার ও আর্থিক স্বাধীনতাই এখন অগ্রাধিকার

বর্তমান প্রজন্মের অনেক তরুণী আগে নিজের ক্যারিয়ার গড়ে তুলতে চান। উচ্চশিক্ষা শেষ করে ভালো চাকরি এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়াকেই তারা বেশি গুরুত্ব দেন। অনেকের মতে, আর্থিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার আগে বিয়ে করলে নিজের লক্ষ্য অর্জন কঠিন হয়ে পড়ে। তাই তারা জীবনের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সময় নিচ্ছেন।

ব্যক্তিগত স্বাধীনতা হারানোর ভয়

জেন-জি প্রজন্ম নিজের ব্যক্তিগত স্বাধীনতা, মতামত ও জীবনযাপনকে অনেক গুরুত্ব দেয়। অনেক তরুণীর ধারণা, বিয়ের পর নিজের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ কমে যেতে পারে। সংসার ও পারিবারিক দায়িত্ব বেড়ে গেলে নিজের স্বপ্ন, শখ এবং ক্যারিয়ারে আগের মতো সময় দেওয়া সম্ভব হয় না। তাই তারা আগে নিজের জীবন গুছিয়ে নিতে চান।

অর্থনৈতিক অনিশ্চয়তা বড় কারণ

জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৫৭ শতাংশ তরুণ-তরুণী অর্থনৈতিক অনিশ্চয়তা, আবাসন সংকট এবং উচ্চ জীবনযাত্রার ব্যয়কে দীর্ঘমেয়াদি সম্পর্কে জড়ানোর বড় বাধা হিসেবে দেখছেন। বিয়ের খরচ, সংসার চালানোর দায়িত্ব এবং ভবিষ্যতের আর্থিক চাপ অনেককে বিয়ে পিছিয়ে দিতে বাধ্য করছে।

সফল জীবনের সংজ্ঞা বদলে যাচ্ছে

সিএনবিসি ও সার্ভেমাংকির যৌথ জরিপে দেখা গেছে, জেন-জি প্রজন্মের মাত্র ৩৭ শতাংশ মনে করেন, সফল জীবনের জন্য বিয়ে অপরিহার্য। তাদের কাছে আর্থিক স্থিতিশীলতা, নিজের বাড়ি, ক্যারিয়ারে সাফল্য এবং মানসিক শান্তি এখন বিয়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

সম্পর্কে আস্থা কমে যাচ্ছে

সামাজিক যোগাযোগমাধ্যম ও ডেটিং অ্যাপের বিস্তারের কারণে সম্পর্কের ধরন বদলেছে। সম্পর্ক গড়া যেমন সহজ হয়েছে, তেমনি বেড়েছে প্রতারণা ও বিচ্ছেদের ঘটনাও। চারপাশে অসুখী দাম্পত্যের উদাহরণ দেখে অনেক তরুণীর মধ্যে দীর্ঘমেয়াদি সম্পর্কে জড়ানোর ভয় তৈরি হচ্ছে। মনোবিজ্ঞানীরা একে 'কমিটমেন্ট ফোবিয়া' বলে উল্লেখ করেছেন।

যোগ্য জীবনসঙ্গী খুঁজে পাওয়া কঠিন

অনেক তরুণীর মতে, নিজের মানসিকতা, মূল্যবোধ ও জীবনধারার সঙ্গে মিল রয়েছে—এমন জীবনসঙ্গী খুঁজে পাওয়া আগের তুলনায় কঠিন হয়ে পড়েছে। শুধু বিয়ে করার জন্য আপস করতে তারা রাজি নন। তাই উপযুক্ত মানুষ না পাওয়া পর্যন্ত অনেকেই একা থাকাকেই স্বাচ্ছন্দ্য মনে করছেন।

মায়েদের অভিজ্ঞতা থেকেও শিক্ষা

দক্ষিণ এশিয়ার বিভিন্ন গবেষণায় দেখা গেছে, অনেক তরুণী তাদের মায়েদের বৈবাহিক জীবনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিচ্ছেন। বিয়ের পর একতরফা সংসারের দায়িত্ব, মতপ্রকাশে বাধা, ক্যারিয়ার ছেড়ে দেওয়ার চাপ এবং পারিবারিক প্রত্যাশার পুনরাবৃত্তি তারা নিজেদের জীবনে চান না। তাই তারা আগে নিজের অবস্থান শক্ত করতে চান।

দক্ষিণ কোরিয়ার অভিজ্ঞতা

বিশ্বের অন্যতম কম জন্মহার দক্ষিণ কোরিয়ায়। দেশটির অনেক তরুণী মনে করেন, বিয়ে ও সন্তান নেওয়ার কারণে তাদের কষ্ট করে গড়ে তোলা ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হতে পারে। কর্মক্ষেত্রে মাতৃত্বজনিত বৈষম্য, দীর্ঘ কর্মঘণ্টা এবং সন্তান লালন-পালনের বড় দায়িত্ব নারীদের ওপরই পড়ে। এসব কারণে দেশটিতে অনেক তরুণী বিয়ে ও সন্তান—দুটিই এড়িয়ে চলছেন। সেখানে এই প্রবণতাকে 'সাম্পো প্রজন্ম' নামে ডাকা হয়। এর অর্থ—সম্পর্ক, বিয়ে এবং সন্তান—এই তিনটি বিষয় থেকে দূরে থাকা।

সবাই কি বিয়ে করতে চান না?

বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান প্রজন্ম বিয়ের বিরুদ্ধে নয়। বরং তারা আগের প্রজন্মের তুলনায় অনেক পরে বিয়ে করতে চান। শিক্ষা শেষ করা, ক্যারিয়ারে প্রতিষ্ঠিত হওয়া, আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা এবং মানসিকভাবে প্রস্তুত হওয়ার পরই তারা সংসার শুরু করতে আগ্রহী। অর্থাৎ, বিয়েকে তারা জীবনের শুরু নয়, বরং একটি গুরুত্বপূর্ণ ও পরিণত সিদ্ধান্ত হিসেবে দেখছেন।

বিশেষজ্ঞদের মতে, তরুণীদের বিয়ে নিয়ে এই পরিবর্তিত দৃষ্টিভঙ্গি কেবল ব্যক্তিগত সিদ্ধান্ত নয়। এটি বদলে যাওয়া অর্থনীতি, কর্মসংস্থান, সামাজিক মূল্যবোধ এবং জীবনযাত্রার পরিবর্তনেরই প্রতিফলন।

ক্লান্ত লাগলে সোশ্যাল মিডিয়া নয়, বিশ্রাম দিন মস্তিষ্ককে

জীবনযাপন ডেস্ক
ক্লান্ত লাগলে সোশ্যাল মিডিয়া নয়, বিশ্রাম দিন মস্তিষ্ককে
ছবি : এআই জেনারেটেড

ক্লান্ত লাগলে অনেকেই বিছানায় শুয়ে মোবাইল হাতে নিয়ে সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে শুরু করেন। অনেকের কাছে এটিই যেন বিশ্রামের সবচেয়ে সহজ উপায়। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এই অভ্যাস শরীরকে কিছুটা আরাম দিলেও মস্তিষ্ককে বিশ্রাম দেয় না। বরং দীর্ঘ সময় ধরে উদ্দেশ্যহীনভাবে সোশ্যাল মিডিয়া স্ক্রল করলে মস্তিষ্ক আরও ক্লান্ত হয়ে পড়তে পারে।

সোমবার (২৭ জুলাই) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জার্নাল অব দি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট মেন্টাল হেলথ-এ প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় নিষ্ক্রিয়ভাবে স্ক্রল করা মস্তিষ্কের মানসিক পুনরুদ্ধারে সহায়তা করে না। বরং এটি মানসিক ক্লান্তি, মনোযোগ কমে যাওয়া, উদ্বেগ, আবেগগত চাপ এবং অতিরিক্ত স্ক্রিননির্ভরতার ঝুঁকি বাড়াতে পারে।

কেন বিশ্রাম নিয়েও ক্লান্ত লাগে?

বিশেষজ্ঞদের মতে, শরীর ও মস্তিষ্ক একে অপরের সঙ্গে গভীরভাবে যুক্ত। শরীর বিশ্রামে থাকলেও যদি মস্তিষ্ক একের পর এক তথ্য গ্রহণ করতে থাকে, তাহলে প্রকৃত বিশ্রাম হয় না। সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত নতুন ভিডিও, ছবি, খবর ও মতামত সামনে আসায় মস্তিষ্ক সব সময় তথ্য বিশ্লেষণের কাজে ব্যস্ত থাকে। ফলে বিশ্রামের বদলে মানসিক চাপ আরও বাড়ে।

এ ছাড়া স্মার্টফোনের নীল আলো ঘুমের জন্য প্রয়োজনীয় মেলাটোনিন হরমোনের নিঃসরণ কমিয়ে দেয়। একই সঙ্গে ডোপামিন ও সেরোটোনিনের ক্ষণস্থায়ী উদ্দীপনা তৈরি করে। এতে স্ক্রল করার ইচ্ছা আরও বাড়ে এবং রাতে ঘুম আসতেও দেরি হতে পারে।

সোশ্যাল মিডিয়া স্ক্রলের সময় মস্তিষ্কে কী ঘটে?

গবেষকরা জানান, সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত নতুন কনটেন্ট দেখার কারণে মস্তিষ্ক সব সময় সতর্ক অবস্থায় থাকে। একের পর এক ভিডিও, ছবি ও পোস্ট মস্তিষ্ককে নতুন তথ্য গ্রহণে বাধ্য করে। এতে তথ্যের অতিরিক্ত চাপ  তৈরি হয়।

অটোপ্লে ও অসীম স্ক্রল  ফিচারের কারণে মস্তিষ্ক ডোপামিননির্ভর এক চক্রে আটকে যায়। ফলে মানুষ বুঝতেই পারে না কতক্ষণ ধরে স্ক্রল করছে।

কেন বাড়ে মানসিক ক্লান্তি?

কম্পিউটারস ইন হিউম্যান বিহেভিয়ার জার্নালে প্রকাশিত গবেষণায় বলা হয়েছে, বারবার এক বিষয় থেকে অন্য বিষয়ে মনোযোগ সরাতে হলে মস্তিষ্ককে অতিরিক্ত শক্তি ব্যয় করতে হয়। ফলে মনোযোগের স্থায়িত্ব কমে যায় এবং কাজে মন বসানো কঠিন হয়ে পড়ে।

অন্যদিকে নেতিবাচক খবর, দুর্ঘটনা, সহিংসতা বা উদ্বেগ তৈরি করে এমন কনটেন্ট দীর্ঘ সময় দেখার অভ্যাস, যাকে ডুমস্ক্রলিং বলা হয়, তা আবেগগত ক্লান্তি ও মানসিক অবসাদ বাড়াতে পারে।

বুঝবেন কিভাবে মস্তিষ্ক বিশ্রাম পাচ্ছে না?

বিশেষজ্ঞদের মতে, নিচের লক্ষণগুলো দেখা দিলে বুঝতে হবে মস্তিষ্ক প্রকৃত বিশ্রাম পাচ্ছে না—

স্ক্রল করার পরও মানসিকভাবে ক্লান্ত লাগা
মাথা ঝাপসা বা ‘ব্রেন ফগ’ অনুভব করা
মনোযোগ ধরে রাখতে না পারা
সহজেই বিরক্ত হয়ে যাওয়া
কোনো কাজে দীর্ঘ সময় মনোযোগ দিতে না পারা
কাজের গতি ও উৎপাদনশীলতা কমে যাওয়া
কী করলে মস্তিষ্ক সত্যিকারের বিশ্রাম পাবে?

বিশেষজ্ঞরা বলছেন, বিশ্রামের সময় স্ক্রিন থেকে দূরে থাকাই সবচেয়ে ভালো। এর পরিবর্তে কয়েকটি সহজ অভ্যাস মস্তিষ্ককে দ্রুত সতেজ করতে পারে।

প্রকৃতির মধ্যে কিছুক্ষণ হাঁটাহাঁটি করুন।
কয়েক মিনিট গভীর শ্বাস-প্রশ্বাস বা মেডিটেশন করুন।
কাগজের বই বা ম্যাগাজিন পড়ুন।
পছন্দের গান শুনুন।
প্রতিদিন কিছু সময় সম্পূর্ণ স্ক্রিনমুক্ত থাকুন।
সকালে ঘুম থেকে উঠেই মোবাইল ব্যবহার না করার চেষ্টা করুন।
প্রয়োজন হলে অ্যাপ টাইমার ব্যবহার করে সোশ্যাল মিডিয়ার সময় সীমিত করুন।

জার্নাল অব টেকনোলজি ইন বিহেভিয়ারাল সায়েন্স-এর গবেষণায়ও বলা হয়েছে, ঘুম থেকে উঠেই দীর্ঘ সময় স্ক্রিন ব্যবহার করলে মস্তিষ্ক দ্রুত অতিরিক্ত উদ্দীপিত হয়ে পড়ে। দীর্ঘমেয়াদে এটি মনোযোগ, ঘুম এবং মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।


সোশ্যাল মিডিয়ায় কয়েক মিনিট সময় কাটানো সাময়িকভাবে ভালো লাগার অনুভূতি দিতে পারে। তবে সেটি সব সময় মস্তিষ্কের প্রকৃত বিশ্রাম নয়। বরং অতিরিক্ত স্ক্রল করার অভ্যাস মানসিক ক্লান্তি, মনোযোগের ঘাটতি ও ঘুমের সমস্যার কারণ হতে পারে। তাই ক্লান্ত লাগলে কিছু সময় মোবাইল থেকে দূরে থেকে প্রকৃতিকে উপভোগ করা, বই পড়া, গান শোনা বা নীরবে বিশ্রাম নেওয়ার অভ্যাস গড়ে তোলাই মস্তিষ্ককে সুস্থ ও সতেজ রাখার সবচেয়ে কার্যকর উপায়।

প্রাকৃতিক উপায়ে দাঁতের যত্ন, কোনটি ব্যবহার করবেন?

জীবনযাপন ডেস্ক
প্রাকৃতিক উপায়ে দাঁতের যত্ন, কোনটি ব্যবহার করবেন?
ছবি: এআই জেনারেটেড

প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে কিংবা রাতে ঘুমানোর আগে টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করা আমাদের দৈনন্দিন অভ্যাস। তবে সম্প্রতি বাজারে বিক্রি হওয়া কিছু টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকসহ বিভিন্ন রাসায়নিক উপাদান নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ফলে অনেকেই জানতে চাইছেন, টুথপেস্টের পাশাপাশি বা প্রয়োজনে প্রাকৃতিক উপায়ে কি দাঁতের যত্ন নেওয়া সম্ভব?

১. নিমের ডাল ও নিমপাতার গুঁড়া

গ্রামবাংলায় একসময় নিমগাছের নরম ডালই ছিল প্রাকৃতিক টুথব্রাশ। অনেকেই আবার শুকনো নিমপাতা রোদে শুকিয়ে গুঁড়া করে দাঁত পরিষ্কার করতেন। নিমে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল ও প্রদাহরোধী উপাদান, যা মুখের জীবাণু কমাতে এবং মাড়ি সুস্থ রাখতে সাহায্য করতে পারে।

যেভাবে ব্যবহার করবেন

নিমগাছের একটি নরম ডাল ৬-৮ ইঞ্চি লম্বা করে কেটে নিন।
এক পাশ চিবিয়ে ব্রাশের মতো নরম করে নিন।
এরপর ধীরে ধীরে দাঁতের চারপাশ পরিষ্কার করুন।
চাইলে শুকনো নিমপাতার গুঁড়া নরম ব্রাশ বা আঙুলে নিয়ে হালকাভাবে দাঁত মাজতে পারেন।
ব্যবহার শেষে পরিষ্কার পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

উপকারিতা

মুখের ক্ষতিকর জীবাণু কমাতে সাহায্য করে।
প্লাক জমা কমাতে সহায়তা করতে পারে।
মাড়িকে সুস্থ ও শক্ত রাখতে সাহায্য করে।
মুখের দুর্গন্ধ কমাতে সহায়ক।
প্রাকৃতিক উপাদান হওয়ায় এটি কাঠকয়লার তুলনায় বেশি নিরাপদ বলে মনে করেন অনেক বিশেষজ্ঞ।


২. পেয়ারা পাতা

শুধু ফল নয়, পেয়ারা পাতাও বহুদিন ধরে ঘরোয়া চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান মুখের পরিচ্ছন্নতা বজায় রাখতে সাহায্য করতে পারে।

যেভাবে ব্যবহার করবেন

দুটি কচি পেয়ারা পাতা ভালোভাবে ধুয়ে নিন।
ধীরে ধীরে চিবিয়ে রস মুখে ১-২ মিনিট রাখুন।
অথবা কয়েকটি পাতা ফুটিয়ে ঠান্ডা করে সেই পানি দিয়ে কুলকুচি করুন।
দিনে একবার ব্যবহার করাই যথেষ্ট।

উপকারিতা

মাড়ির প্রদাহ কমাতে সাহায্য করতে পারে।
মুখের দুর্গন্ধ কমায়।
মুখের কিছু ক্ষতিকর জীবাণু কমাতে সহায়ক।
মাড়ির হালকা ব্যথা বা অস্বস্তিতে আরাম দিতে পারে।


৩. নারকেল তেল (অয়েল পুলিং)

অয়েল পুলিং আয়ুর্বেদের একটি পুরোনো পদ্ধতি। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশেও এটি জনপ্রিয়তা পেয়েছে। কিছু গবেষণায় দেখা গেছে, এটি মুখের কিছু ব্যাকটেরিয়া কমাতে সহায়ক হতে পারে, তবে এটি ব্রাশের বিকল্প নয়।

যেভাবে ব্যবহার করবেন

সকালে খালি পেটে এক টেবিল চামচ খাঁটি নারকেল তেল নিন।
১০-১৫ মিনিট মুখে কুলকুচি করুন।
তেলটি গিলে ফেলবেন না।
পরে ফেলে দিয়ে পানি দিয়ে মুখ ধুয়ে নিন।
এরপর স্বাভাবিক নিয়মে দাঁত ব্রাশ করুন।

উপকারিতা

মুখের কিছু জীবাণু কমাতে সাহায্য করতে পারে।
নিঃশ্বাস সতেজ রাখতে সহায়ক।
মাড়ির স্বাস্থ্যের উন্নতিতে ভূমিকা রাখতে পারে।
মুখ পরিষ্কার রাখার একটি সহায়ক পদ্ধতি।


৪. সরিষার তেল ও লবণ

এটি বহু বছর ধরে প্রচলিত একটি ঘরোয়া উপায়। যদিও নিয়মিত ব্যবহারের আগে সতর্ক থাকা প্রয়োজন।

যেভাবে ব্যবহার করবেন

এক চিমটি লবণের সঙ্গে ২-৩ ফোঁটা খাঁটি সরিষার তেল মিশিয়ে নিন।
আঙুল দিয়ে মাড়িতে আলতোভাবে ১-২ মিনিট ম্যাসাজ করুন।
এরপর পরিষ্কার পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
সপ্তাহে ১-২ দিনের বেশি ব্যবহার না করাই ভালো।

উপকারিতা

মাড়িতে রক্তসঞ্চালন বাড়াতে সাহায্য করতে পারে।
মাড়িকে শক্ত রাখতে সহায়ক।
মুখ পরিষ্কার রাখতে সাহায্য করে।


৫. লবণ-পানিতে কুলকুচি

এটি সবচেয়ে সহজ ও নিরাপদ ঘরোয়া পদ্ধতিগুলোর একটি।

যেভাবে ব্যবহার করবেন

এক গ্লাস কুসুম গরম পানিতে আধা চা-চামচ লবণ মিশিয়ে নিন।
৩০-৬০ সেকেন্ড কুলকুচি করুন।
দিনে ১-২ বার ব্যবহার করা যেতে পারে।

উপকারিতা

দাঁতের ফাঁকে থাকা খাবারের কণা পরিষ্কার করে।
মাড়ির অস্বস্তি কমাতে সাহায্য করে।
মুখের দুর্গন্ধ কমাতে সহায়ক।


৬. লবঙ্গ, দারুচিনি ও এলাচ

রান্নাঘরের এই পরিচিত মশলাগুলো মুখের যত্নেও ব্যবহার করা হয়।

যেভাবে ব্যবহার করবেন

খাবারের পর একটি লবঙ্গ বা এলাচ চিবিয়ে খেতে পারেন।
দারুচিনির ছোট টুকরাও অল্প সময় চিবানো যায়।
লবঙ্গের তেল সরাসরি দাঁতে ব্যবহার না করাই ভালো।

উপকারিতা

মুখের দুর্গন্ধ কমাতে সাহায্য করে।
কিছু জীবাণুর বৃদ্ধি কমাতে সহায়ক।
দাঁতের হালকা ব্যথায় সাময়িক আরাম দিতে পারে।


৭. কাঠকয়লা—সাবধানে ব্যবহার করুন

একসময় কাঠকয়লার গুঁড়া দিয়ে দাঁত পরিষ্কার করার প্রচলন ছিল। এটি কিছু দাগ দূর করতে সাহায্য করতে পারে। তবে বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত ব্যবহার দাঁতের এনামেল ক্ষয় করতে পারে। তাই এটি নিয়মিত ব্যবহার না করাই ভালো।

৮. জিভ পরিষ্কার করাও জরুরি

শুধু দাঁত পরিষ্কার করলেই হবে না, জিভও পরিষ্কার রাখতে হবে।

উপকারিতা

মুখের দুর্গন্ধ কমায়।
ব্যাকটেরিয়া জমা কমাতে সাহায্য করে।
মুখের সার্বিক স্বাস্থ্য ভালো রাখে।

বিশেষজ্ঞদের পরামর্শ

দাঁতের যত্নে প্রাকৃতিক উপাদানের ব্যবহার নতুন কোনো বিষয় নয়। যুগের পর যুগ মানুষ নিম, পেয়ারা পাতা, লবঙ্গ, লবণ-পানি কিংবা নারকেল তেলের মতো উপাদানের ওপর ভরসা করেছে। এসব উপাদান মুখের পরিচ্ছন্নতা ও মাড়ির যত্নে কিছুটা সহায়ক হতে পারে।

তবে যেকোনো উপাদান ব্যবহারে সঠিক নিয়ম মেনে চলা এবং অতিরিক্ত ব্যবহার এড়িয়ে চলা জরুরি। বিশেষজ্ঞদের মতে, সুস্থ দাঁত ও মাড়ি দীর্ঘদিন ভালো রাখতে সচেতন পরিচর্যা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং নিয়মিত দন্ত চিকিৎসকের পরামর্শই সবচেয়ে নির্ভরযোগ্য উপায়।