ঢাকা মহানগরীর পরিচ্ছন্নতা ও সবুজায়ন নিশ্চিত করতে সরকারের পাশাপাশি নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের ওপর জোর দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
তিনি বলেছেন, পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে এটিকে একটি সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। একই সঙ্গে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয় করে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিডি ক্লিন’-এর কার্যক্রমকে আরও প্রাতিষ্ঠানিক ও টেকসই করার উদ্যোগ নেওয়া হবে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর অনুশাসন মোতাবেক ঢাকা মহানগরীর পরিচ্ছন্নতা ও সবুজায়ন বিষয়ে বিডি ক্লিনের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, অসচেতনভাবে যত্রতত্র বর্জ্য ফেলার কারণে ড্রেন, খাল ও জলাধার ভরাট হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণে দীর্ঘদিনের অভ্যাস পরিবর্তনে সময় লাগলেও ধারাবাহিক সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
তিনি জানান, বিডি ক্লিনের স্বেচ্ছাসেবী কার্যক্রমকে গতিশীল করতে দুই সিটি করপোরেশন ও সংগঠনের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হবে। এর আওতায় সিটি করপোরেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা এবং বৃক্ষরোপণ কর্মসূচির জন্য চারা সরবরাহ করা হবে। প্রতিমন্ত্রী এলাকাভিত্তিক পরিচ্ছন্নতা কার্যক্রমে স্থানীয় বাসিন্দাদের সম্পৃক্ত করার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের মাধ্যমে জনসচেতনতা আরও বিস্তৃত করার আহ্বান জানান।
এদিকে ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান আরও জোরদার করার তাগিদ দেন প্রতিমন্ত্রী। এ লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. শাকিলা নার্গিস খানের নেতৃত্বে দুই সদস্যের একটি গবেষক দলকে ঢাকা মশক নিবারণী দপ্তরের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করার নির্দেশনা দেন তিনি।
সভায় বিডি ক্লিনের প্রধান সমন্বয়ক চম্পা আক্তারের নেতৃত্বে সংগঠনের ১২ সদস্যের একটি প্রতিনিধিদল উপস্থিত ছিল। সভায় চম্পা আক্তার সংগঠনের কার্যক্রম তুলে ধরেন এবং সরকারের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (এশিয়া প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক) ড. মো. শাকিরুল ইসলাম খান, বুয়েটের সিএসই বিভাগের অধ্যাপক মোস্তফা আকবর, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীর, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলামসহ উভয় সিটি করপোরেশন ও স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।




