• ই-পেপার

রাজনৈতিক দলের জন্য আইন হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • ► দেশে রাজনীতি করা খুব কঠিন হবে ► পুলিশের হুকুমদাতাদের শাস্তির আওতায় আনা হবে ► বৃহস্পতিবারের মধ্যে পুলিশকে কর্মস্থলে যোগ দিতে হবে ► দখলবাজ, চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

৯ জেলায় বন্যার শঙ্কা, প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

নিজস্ব প্রতিবেদক
৯ জেলায় বন্যার শঙ্কা, প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল
ছবি : রয়টার্স

আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় দেশের ৯ জেলায় বন্যার শঙ্কার কথা জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এ ছাড়া কিছু এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে বলা হয়েছে।

আজ মঙ্গলবার বন্যা সতর্কবার্তায় এসব তথ্য জানিয়েছে সংস্থাটি।

এতে বলা হয়েছে, আগামী ২৪-৪৮ ঘণ্টায় তিস্তা, ধরলা, দুধকুমার, সুরমা-কুশিয়ারা, সারিগোয়াইন, যাদুকাটা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। এ কারণে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, সিলেট ও সুনামগঞ্জ জেলায় বন্যার ঝুঁকি রয়েছে। এ ছাড়া সোমেশ্বরী অববাহিকাভুক্ত নেত্রকোনা এবং আত্রাই অববাহিকাভুক্ত নওগাঁ জেলায় বন্যার শঙ্কা রয়েছে।

বন্যা তথ্য কেন্দ্র জানিয়েছে, আগামী ৭২ ঘণ্টায় নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি রয়েছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, নওগাঁ, নাটোর, সিরাজগঞ্জ, বান্দরবান, কক্সবাজার ও চট্টগ্রাম জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।

বন্যা তথ্য কেন্দ্রের পর্যবেক্ষণাধীন স্টেশনসমূহের মধ্যে তিনটি নদীর চারটি স্টেশনের পানি বিপৎসীমার ওপরে রয়েছে। সেগুলো হলো কুশিয়ারা নদী ফেঞ্চুগঞ্জ (সিলেট) ও মারকুলি (সুনামগঞ্জ), সুরমা নদী ছাতক (সুনামগঞ্জ) ও সোমেশ্বরী নদী কলমাকান্দা (নেত্রকোনা) স্টেশন।

আবহাওয়া সংস্থাসমূহের তথ্য অনুযায়ী, আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টায় দেশের অভ্যন্তরে চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

মাইলস্টোন ট্র্যাজেডির ১ বছর

শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে : ডা. জুবাইদা রহমান

নিজস্ব প্রতিবেদক
শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে : ডা. জুবাইদা রহমান
সংগৃহীত ছবি

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর পূর্তিতে নিহত শিক্ষার্থী, শিক্ষক ও কর্মীদের স্মরণে গভীর শোক প্রকাশের পাশাপাশি আহত ও স্বজনহারাদের সাহসিকতার প্রশংসা করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তিনি বলেছেন, ‘আজ এমন একটা দিন, যেদিন আমাদের দেশ ও জাতি গভীরভাবে শোকাহত, মর্মাহত। শোককে শক্তিতে পরিণত করে আপনারা যেভাবে এগিয়ে যাচ্ছেন, জাতি তা কোনো দিন ভুলবে না।’

তিনি বলেন, ‘ভয়াবহ এই দুর্ঘটনা পুরো জাতিকে শোকাহত করেছে। তবে শোককে শক্তিতে পরিণত করে সামনে এগিয়ে যেতে হবে এবং আহতদের সাহস ও দৃঢ়তা থেকে নতুন প্রজন্মকে শিক্ষা নিতে হবে।’

সোমবার (২১ জুলাই) ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি আয়োজিত ‘মাইলস্টোন ট্র্যাজেডি শ্রদ্ধাঞ্জলি ও স্মরণসভা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. জুবাইদা রহমান বলেন, ‘প্রথমেই আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি মাইলস্টোন ট্র্যাজেডিতে প্রাণ হারানো আমাদের ভাই-বোন ও ছোট্ট বন্ধুদের। মহান আল্লাহ তায়ালা তাদের সবাইকে জান্নাতুল ফেরদৌস দান করুন।’

এ সময় তিনি নিহত শিক্ষার্থীদের মধ্যে আরিয়ান, মরিয়ম, ওয়াকিয়া, রাইসা, মনিব, বোরহানউদ্দিন, বাপ্পি, শারিয়া আক্তার, নুসরাত জাহান আনিকা, সাইমা আক্তার, হুমায়ুন নূর, ফাতেমা, মোহাম্মদ জুনায়েদ হাসান, সাদ শাফিয়াউদ্দিন, তাসনিম আফরোজ, মাহিদ হাসান, আব্দুল্লাহ শামিম, তাহিয়া আশরাফ, নাজিয়া, মাহতাব রহমান, শায়ান ইউসুফ, তারিফ ফারহান, মোহাম্মদ আফনান ফয়াজ, শামিউল করিম, আব্দুল মুসাব্বির মাহমুদ, চান্দ মারমা, সাহিল ফারাবি, আরিয়ান মাহিয়া, তাসলিম, তাসনিয়া হক ও তানভীর আহমেদের নাম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

তিনি আরো স্মরণ করেন রজনী ইসলাম, লামিয়া আক্তার, আফসানা প্রিয়া, কো-অর্ডিনেটর মেহরিন চৌধুরী, সিনিয়র শিক্ষক মাসুকা বেগম, সিনিয়র শিক্ষক মাহফুজা খাতুন এবং কর্মচারী মাসুমা বেগমকে।

ভয়াবহ স্মৃতি কাটিয়ে ভুক্তভোগী পরিবারগুলোর স্বাভাবিক জীবনে ফেরার লড়াইকে অনুপ্রেরণার উৎস উল্লেখ করে তিনি বলেন, ‘ভয়াবহ অভিজ্ঞতার পরও আপনারা যেভাবে সাহস ও সংকল্প নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, তা আমাদের সবার জন্য প্রেরণা। সংকটে মানুষের পাশে দাঁড়ানো এবং সাহসিকতার সঙ্গে ভয়কে জয় করার যে দৃষ্টান্ত আপনারা স্থাপন করেছেন, দেশ ও জাতি তার জন্য কৃতজ্ঞ।’

সংকটময় মুহূর্তে চিকিৎসাসেবা ও সহায়তা পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন সেবামূলক সংস্থা, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), জিয়াউর রহমান ফাউন্ডেশন এবং বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকদের ধন্যবাদ জানান ডা. জুবাইদা রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন নিহতদের স্মৃতিচারণা করে বলেন, ‘নিহত তাসনিয়ার বাবার বক্তব্য শুনে চোখের জল ধরে রাখতে পারিনি। এক বছর আগের সেই দিনে শিক্ষিকা মেহরিন চৌধুরী নিজের জীবনের পরোয়া না করে সন্তানের মতো শিক্ষার্থীদের প্রাণ বাঁচানোর চেষ্টা করেছিলেন।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আহত শিক্ষার্থীদের ফলোআপ চিকিৎসা চলছে এবং প্রয়োজন হলে তাদের আরো উন্নত চিকিৎসার জন্য সরকার সব ধরনের সহায়তার হাত বাড়িয়ে দেবে। প্রধানমন্ত্রী তারেক রহমানও সে সময় থেকে শুরু করে নিয়মিত তাদের খোঁজখবর রাখছেন বলে উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত, সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার এবং বার্ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দীন। এ ছাড়া চীন, ভারত, যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুরের রাষ্ট্রদূতগণসহ চিকিৎসাকর্মী, আহত শিক্ষক-শিক্ষার্থী এবং নিহতদের অভিভাবকেরা স্মরণসভায় অংশ নেন। এর আগে আহত ও নিহতদের পরিবারের সদস্য এবং কয়েকটি দেশের রাষ্ট্রদূতেরা বক্তব্য রাখেন।

উল্লেখ্য, গত বছর ২১ জুলাই দুপুর ১টার দিকে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের ওপর আছড়ে পড়ে। ভয়াবহ এই দুর্ঘটনায় বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামসহ ২৮ জন শিক্ষার্থী, ৩ জন শিক্ষক, ৩ জন অভিভাবক ও ১ জন কর্মচারীসহ সর্বমোট ৩৬ জন প্রাণ হারান।

৩০ জুলাই সারা দেশে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা

অনলাইন ডেস্ক
৩০ জুলাই সারা দেশে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা
সংগৃহীত ছবি

সারা দেশে আগামী ৩০ জুলাই সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত সব সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে রাজধানীর বিজয়নগরে সংগঠনটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, কমিশন বৃদ্ধির দাবিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দাবি আদায় না হলে ২৩ আগস্ট থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য সব সিএনজি ফিলিং স্টেশন বন্ধ করে দেওয়া হবে।

এ সময় বর্তমান কমিশন বাড়িয়ে ন্যূনতম ১৩ টাকা ৯৬ পয়সা করার দাবি জানান সংগঠনের নেতারা। তবে এর পাশাপাশি সরকারের সঙ্গে আলোচনা চলবে।

তারা আরো বলেন, ২০১৫ সালের ১ সেপ্টেম্বর সিএনজি ফিলিং স্টেশনের কমিশন নির্ধারিত হয়েছিল প্রতি ঘনমিটারে ৮ টাকা। গত ১১ বছরে অস্বাভাবিক মূল্যস্ফীতি, ন্যূনতম মজুরি বৃদ্ধি, যন্ত্রাংশের উচ্চমূল্য এবং ব্যাংক গ্যারান্টি ও ইজারা ফি বাড়ায় এই ব্যবসায় চরম সংকট তৈরি হয়েছে।

৫৬ পাসপোর্টসহ ভিসা জালিয়াতচক্রের ৭ সদস্য গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
৫৬ পাসপোর্টসহ ভিসা জালিয়াতচক্রের ৭ সদস্য গ্রেপ্তার

প্রকৃত পাসপোর্টধারীর পরিবর্তে অন্য এক নারীকে ইতালিতে পাঠানোর অভিযোগে সংঘবদ্ধ মানবপাচার ও ভিসা জালিয়াতি চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ ঘটনায় গুলশান থানায় মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইনে মামলা করা হয়েছে। 

এ সময় তাদের কাছ থেকে ৫৬টি পাসপোর্ট, ১৫৩টি বিভিন্ন ধরনের সিল, একটি এম্বোস সিল, তিনটি সিপিইউ, একটি ল্যাপটপ এবং নগদ আড়াই লাখ টাকা জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, বেলায়েত হোসেন (৪০), মেহেদী হাসান (৩৭), সোলাইমান সুমন (৩২), ফজলে রাব্বী (২৭), তৌহিদুর রহমান (২৪) ও কাওসার হোসেন (৪২)।

গত সোমবার রাজধানীর গুলশান-১ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে আজ মঙ্গলবার (২১ জুলাই) সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গতকাল সিআইডির মানবপাচার শাখার (টিএইচবি) একটি চৌকস দল তাৎক্ষণিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর গুলশান থানাধীন গুলশান-১ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। এ বিষয়ে গুলশান থানায় মামলা হয়েছে।

সিআইডির মানবপাচার শাখা (টিএইচবি) পরিচালিত ওই অভিযানে গ্রেপ্তারদের অফিস থেকে তিনটি সিপিইউ, একটি এইচপি ল্যাপটপ, বিভিন্ন ব্যক্তির নামে থাকা ৫৬টি পাসপোর্ট, সরকারি, বেসরকারি ও বিদেশি বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের নামে ব্যবহৃত ১৫৩টি সিল, ১টি লোহার তৈরি এম্বোস সিল এবং নগদ দুই লাখ ৫০ হাজার টাকা জব্দ করা হয়।

মামলার এজাহার থেকে জানা যায়, ভুক্তভোগী বাদীর স্বামী দীর্ঘদিন ধরে ইতালিতে বসবাস করছেন। স্বামী ও চার সন্তানকে নিয়ে ইতালিতে যাওয়ার আশায় বাদী দীর্ঘদিন ধরে ভিসা পাওয়ার চেষ্টা করে আসছিলেন। একপর্যায়ে তিনি ইতালির দূতাবাসে প্রয়োজনীয় কাগজপত্র ও পাসপোর্ট জমা দেন। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর তার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেলে ইতালির দূতাবাস থেকে তাকে ফোন করে পাসপোর্ট নবায়নের বিষয়ে অবহিত করা হয়।

পাসপোর্ট সংগ্রহের জন্য তিনি দূতাবাসে গেলে সেখানে অত্র মামলার এজাহারনামীয় দুই নম্বর অভিযুক্ত নাজমুল হাসানের সঙ্গে তার পরিচয় হয়। নাজমুল নিজেকে পাসপোর্ট নবায়নসহ ইতালির ভিসা করে দেওয়ার কাজে সক্ষম ব্যক্তি হিসেবে পরিচয় দিয়ে তাকে ২৪ ঘণ্টার মধ্যে পাসপোর্ট নবায়ন করে দেওয়ার আশ্বাস দেয়। পরবর্তীতে নাজমুল ওই নারীকে রাজধানীর গুলশান-১ এলাকার একটি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস প্রতিষ্ঠানে নিয়ে যায় এবং সেখানে প্রতিষ্ঠানপ্রধান হিসেবে অত্র মামলার এজাহারনামীয় এক নম্বর অভিযুক্ত মো. বেলায়েত হোসেনের সঙ্গে তার পরিচয় করিয়ে দেয়।

অভিযুক্তরা ভিসা করে দেওয়ার আশ্বাস দিয়ে ওই নারীর সঙ্গে আর্থিক চুক্তি করেন। পরে বিভিন্ন সময়ে তার কাছ থেকে মোট ৪ লাখ ৪০ হাজার টাকা আদায় করা হয়। টাকা পরিশোধের পর তাকে পাসপোর্ট ফেরত দেওয়া হয়।

এরপর ইতালিতে থাকা স্বামী স্ত্রী ও সন্তানদের জন্য বিমানের টিকিট কাটেন। নির্ধারিত দিনে ভুক্তভোগী সন্তানদের নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন কর্মকর্তারা জানান, তার পাসপোর্টে থাকা ইতালির ভিসা ব্যবহার করে অন্য এক নারী গত ২৪ এপ্রিল ইতিমধ্যে ইতালি চলে গেছেন।

এ ঘটনায় হতবাক হয়ে তিনি সিআইডির মানবপাচার শাখায় অভিযোগ করেন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করা হয়।

সিআইডির প্রাথমিক তদন্তে জানা গেছে, চক্রটি বিদেশে যেতে আগ্রহীদের ইতালির ভিসা ও উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে বিপুল অর্থ হাতিয়ে নিত। পরে কৌশলে তাঁদের পাসপোর্ট নিজেদের হেফাজতে রেখে জালিয়াতির মাধ্যমে প্রকৃত পাসপোর্টধারীর পরিবর্তে অন্য ব্যক্তিকে বিদেশে পাঠানো হতো।

জব্দ করা ৫৬টি পাসপোর্ট ও ১৫৩টি সিল থেকে ধারণা করা হচ্ছে, চক্রটি দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে ভিসা জালিয়াতি ও মানবপাচারের সঙ্গে জড়িত ছিল।

সিআইডি আরো জানায়, চক্রের মূল হোতা হিসেবে গ্রেপ্তার বেলায়েত হোসেন ২০১৬ সাল থেকে একই কৌশলে প্রায় ৩০ জনকে ইতালিতে পাঠানোর সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিক তদন্তে তথ্য মিলেছে। একই ধরনের অপরাধে ২০২৪ সালে বিমানবন্দর থানায় দায়ের করা একটি মামলায় তিনি বর্তমানে জামিনে রয়েছেন এবং মামলাটি বিচারাধীন।

অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার আবু তালেব জানান, জব্দ করা পাসপোর্ট, সিল ও কম্পিউটারের ফরেনসিক পরীক্ষা চলছে। পাশাপাশি অভিযুক্তদের আর্থিক লেনদেন, দেশি-বিদেশি সহযোগী এবং সম্ভাব্য আরো ভুক্তভোগীদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

সিআইডি বিদেশে কর্মসংস্থান বা অভিবাসনের ক্ষেত্রে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রলোভনে পড়ে যাচাই-বাছাই ছাড়া অর্থ বা পাসপোর্ট হস্তান্তর না করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে সরকার অনুমোদিত বৈধ প্রক্রিয়ায় বিদেশ যাওয়ার এবং ভিসা জালিয়াতি বা মানবপাচারের সন্দেহ হলে দ্রুত আইন-শৃঙ্খলা বাহিনীকে জানানোর অনুরোধ করেছে।

রাজনৈতিক দলের জন্য আইন হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা | কালের কণ্ঠ