• ই-পেপার

সরকারি ওষুধ চুরি করে বিক্রি করলে ১০ বছরের জেল

সারা দেশে ৭৩ হাজার বৃক্ষরোপণ করবে বিজিবি

নিজস্ব প্রতিবেদক
সারা দেশে ৭৩ হাজার বৃক্ষরোপণ করবে বিজিবি
সদর দপ্তরে একটি নারকেলগাছের চারা রোপণ করছেন বিজিবি মহাপরিচালক। ছবি : সংগৃহীত

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এ বছর সদর দপ্তরসহ সারা দেশে ৭৩ হাজার বৃক্ষরোপণ করবে বলে জানিয়েছেন মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে পিলখানাস্থ বিজিবি সদর দপ্তরে বৃক্ষরোপণ অভিযানে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি সদর দপ্তরের বীর উত্তম আনোয়ার হোসেন প্যারেড গ্রাউন্ডের পশ্চিম পাশে একটি নারকেলগাছের চারা রোপণের মাধ্যমে সপ্তাহব্যাপী এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

বিজিবির প্রতিটি স্থাপনায় উপযুক্ত স্থানে পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ এবং নিয়মিত পরিচর্যার মাধ্যমে এ কর্মসূচিকে সফল করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান বিজিবি মহাপরিচালক।

জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির এবারের প্রতিপাদ্য ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ তুলে ধরে বিজিবি মহাপরিচালক বলেন, ‘বৃক্ষরোপণ শুধু একটি কর্মসূচি নয়, এটি একটি মহৎ দায়িত্ব এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পৃথিবী গড়ে তোলার অঙ্গীকার।’

তিনি আরো বলেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত সংকট মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। এ লক্ষ্যে সারা দেশে বিজিবির প্রতিটি স্থাপনায় পরিকল্পিতভাবে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হবে।

বিজিবি মহাপরিচালক প্রতিটি বিজিবি সদস্যকে বছরে অন্তত একটি গাছ রোপণের আহ্বান জানিয়ে বলেন, শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হয় না; গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণের মাধ্যমেই এ উদ্যোগের প্রকৃত সাফল্য নিশ্চিত করা সম্ভব।

নকলমুক্ত ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার আপসহীন : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নকলমুক্ত ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার আপসহীন : স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি : কালের কণ্ঠ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জাতীয়ভাবে একটি শিক্ষিত, মেধাভিত্তিক ও শক্তিশালী জাতি গঠনের লক্ষ্যে শিক্ষার মান পুনরুদ্ধারে বর্তমান সরকার আপসহীন। নকলমুক্ত ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা গ্রহণ নিশ্চিত করার পাশাপাশি বিগত সরকারের আমলে চালু হওয়া ‘অটো পাস’ বা ঢালাওভাবে নম্বর বাড়িয়ে দেওয়ার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে সরকার বদ্ধপরিকর।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শিক্ষার মান ক্ষুণ্ন হয়—এমন কোনো দাবি বা অপসংস্কৃতিকে প্রশ্রয় দেওয়া হবে না। কিছু স্থানে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে জনদুর্ভোগ সৃষ্টি হলেও এর পেছনে সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে একটি মহল ইন্ধন দিচ্ছে।’ এমনকি আন্দোলনকারীদের মধ্যে অনেকে প্রকৃত পরীক্ষার্থীও নন বলে তিনি দাবি করেন।

তিনি বলেন, ‘দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হয়েছে। এ ছাড়া পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ত্রুটির অভিযোগ তদন্তে শিক্ষা মন্ত্রণালয় একটি কমিটি গঠন করেছে। ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের উপযুক্ত নম্বর (ক্রেডিট) দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।’ এ কারণে প্রকৃত পরীক্ষার্থীরা সরকারের সিদ্ধান্তে সন্তুষ্ট বলে তিনি মন্তব্য করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীদের ওপর পুলিশের বলপ্রয়োগের যেসব ছবি ও ভিডিও ছড়ানো হয়েছে, সেগুলোকে ‘ডিসইনফরমেশন’ বা অপপ্রচার বলে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বিদেশে পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেন, ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে সংযুক্ত আরব আমিরাতে একজন এবং ভারতে তিনজনসহ মোট চারজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে শহীদ ওসমান শরিফ হাদি হত্যা মামলার আসামিও রয়েছেন। ইউএই সরকারের অনুরোধের পর মাত্র তিন দিনের মধ্যে প্রয়োজনীয় আইনি নথি ও গ্রেপ্তারি পরোয়ানার কপি পাঠানো হয়েছে। ভারতের সঙ্গে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী সেখানেও আটক আসামিদের ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। স্থানীয় আদালতেঅনুপ্রবেশের মামলা থাকায় কিছুটা সময় লাগলেও চুক্তি অনুযায়ী তাদের প্রত্যর্পণ সম্ভব বলে জানান তিনি।

জুলাই-আগস্টের ছাত্র-গণ-অভ্যুত্থানে নিহতদের তালিকা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তৎকালীন পরিস্থিতিতে হাসপাতালের নথিপত্র গায়েব হওয়া, চিকিৎসায় বাধা এবং লাশ গুমের অভিযোগের কারণে প্রকৃত সংখ্যা নির্ধারণে জটিলতা সৃষ্টি হয়েছে। জাতিসংঘের প্রতিবেদনে প্রায় ১ হাজার ৪০০ জন নিহতের কথা উল্লেখ থাকলেও সরকারের ধারণা, এই সংখ্যা ২ হাজারের বেশি। বর্তমানে ডিএনএ পরীক্ষা ও গণকবর অনুসন্ধানের মাধ্যমে নিখোঁজদের পরিচয় শনাক্তের কাজ চলছে। এতে নথিভুক্ত শহীদের সংখ্যা আরো বাড়তে পারে।’

তিনি জানান, সরকারের পক্ষ থেকে এ পর্যন্ত ১৫ হাজারের বেশি শহীদ ও আহত ব্যক্তির গেজেট ও তালিকা প্রস্তুত করা হয়েছে। আহতদের ‘ক’, ‘খ’ ও ‘গ’—এই তিন শ্রেণিতে ভাগ করে চিকিৎসাসহ প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।

আগামী স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বর্ষাকালের বিষয়টি বিবেচনায় রেখে সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে যৌথ বৈঠক করে ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত সময়সূচি নির্ধারণ করা হবে।’

তিনি বলেন, ‘দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও জনগণের প্রত্যাশা পূরণে সরকার সম্পূর্ণ সচেতন।’

ধর্মের নামে কেউ যেন সুবিধা নিতে না পারে : মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক
ধর্মের নামে কেউ যেন সুবিধা নিতে না পারে : মির্জা ফখরুল
সংগৃহীত ছবি

ধর্মকে কেন্দ্র করে বিভাজনের রাজনীতি নয়, বরং সব ধর্ম-বর্ণের মানুষের অংশগ্রহণে উন্নত বাংলাদেশ গড়াই সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আমাদের এমন একটি রাষ্ট্র গড়ে তুলতে হবে, যেখানে কেউ ধর্মের নামে বিশেষ সুবিধা নিতে না পারে। সবাই যেন সমান মর্যাদা নিয়ে বসবাস করতে পারে।’

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাজধানীর স্বামীবাগ ইসকন মন্দিরে শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহাউৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

মির্জা ফখরুল জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শ অনুসরণ করেই বর্তমান সরকার সব ধর্মের মানুষের সমঅধিকার ও উন্নয়নে কাজ করছে।

মসজিদের ইমাম-মুয়াজ্জিন, মন্দিরের পুরোহিত, বৌদ্ধবিহারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি এবং চার্চের ধর্মযাজকদের জন্য এ উদ্যোগ ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে জানালেন মন্ত্রী।

প্রধানমন্ত্রী তারেক রহমান অল্প সময়ের মধ্যেই দেশের মানুষের আস্থা অর্জন করেছেন বলেও এ সময় মন্তব্য করেন তিনি।

সত্যরঞ্জন ধরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি গুরুকুল ভি কে এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মকবুল হোসেন।

জুলাই আন্দোলনের ৫৯ মামলা তদন্ত করছে ডিবি

অনলাইন ডেস্ক
জুলাই আন্দোলনের ৫৯ মামলা তদন্ত করছে ডিবি

জুলাই আন্দোলনের ঘটনায় হওয়ার মামলার মধ্যে ৫৯টির তদন্ত করছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। এসব মামলার সঠিক ঘটনা উদঘাটনে প্রায় ৪০ জিবি তথ্য-উপাত্ত, ফরেনসিক আলামত ও সংশ্লিষ্টদের ভূমিকা বিশ্লেষণ করছে সংস্থা‌টি।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জুলাই আন্দোলনের মামলার অগ্রগতি নিয়ে এক প্রশ্নের জবাবে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম এ কথা জানান।

তি‌নি বলেন, ডিবিতে জুলাই আন্দোলন-সংশ্লিষ্ট ৫৯টি মামলা তদন্তাধীন রয়েছে। প্রতিটি মামলায় আসামির সংখ্যা অনেক। তাদের অবস্থান শনাক্ত করা, কে কী ভূমিকা পালন করেছেন তা যাচাই করা এবং ফরেনসিক তথ্য-প্রমাণ বিশ্লেষণের কাজ চলছে। প্রায় ৪০ জিবি ডাটা পর্যালোচনা করতে হচ্ছে। আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে মামলাগুলোর তদন্ত করছি।

তিনি বলেন, আইনের মধ্যে থেকে সঠিক তদন্ত সম্পন্ন করে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হবে এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের লক্ষ্যে তদন্ত প্রতিবেদন আদালতে উপস্থাপন করা হবে।

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে বলা হয়, জুলাই আন্দোলন ঘিরে একই ঘটনায় একাধিক মামলা এবং মামলা বাণিজ্যের অভিযোগ রয়েছে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে কি না—জবাবে অতিরিক্ত কমিশনার বলেন, এসব মামলা অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে।