অষ্ট্রিয়ার বিতর্কিত ‘সন্ত্রাসবিরোধী’ আইনে সংশোধন এনেছে দেশটির সরকার। গত বুধবার (১৬ ডিসেম্বর) দেশটির সন্ত্রাস বিরোধী আইনে আমূল পরিবর্তন আনা হয়। আইনে উল্লেখিত ‘রাজনৈতিক ইসলাম’-এর বদলে ‘ধর্মীয় সহিংসতায় অনুপ্রাণিত’ শব্দ যুক্ত করা হয়। অস্ট্রিয়ার রাজধানীতে সন্ত্রাসী হামলার পর দেশটির মন্ত্রীপরিষদের সভায় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী কার্ল নিহাম্মার ও আইনমন্ত্রী আলমা জাডিক সন্ত্রাস মোকাবেলায় বিশেষ ব্যবস্থা গ্রহণের ঘোষণা দেন। অস্ট্রিয়ার স্বারাষ্ট্রমন্ত্রী কার্ল নিহাম্মার এক সংবাদ সম্মেলনে বলেন, ‘প্রস্তাবিত নতুন আইনে সংসদ সদস্যরা সম্মত হলে ‘সন্ত্রাসবাদের নথি’ সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে। ২০১৪ সালের আইনেও সংশোধন করা হবে।’ আইনমন্ত্রী আলমা জাডিক বলেন, চরমপন্থার বিরুদ্ধে লড়াইয়ে ‘রাজনৈতিক ইসলাম’-এর বদলে ‘ধর্মীয়ভাবে সহিংসতায় অনুপ্রাণিত’ শব্দ যুক্ত করা হবে। এর আগে অস্ট্রিয়ার চ্যান্সেলর সেবাস্টিয়ান কুর্জ অপরাধমূলক কর্মকাণ্ড বোঝাতে এ শব্দ ব্যবহার করেন। তাছাড়া দেশটির মুসলিম সম্প্রদায় এ আইনের সমালোচনা করে। জাডিক আরো বলেন, ‘সন্ত্রাসবাদে অভিযুক্তদের কেউ জামিনে মুক্ত হলে তাদের গতিবিধি নিয়ন্ত্রণ করতে পায়ের গোড়ালিতে মনিটর যুক্ত করা হবে। সন্ত্রাসবাদ দমন বিষয়ক বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করতে ৭.৩ মিলিয়ন ডলার বাজেটেরে পরিকল্পনা নেওয়া হয়।’ তবে পরিবর্তিত আইনে চরমপন্থা ছড়ানো মসজিদ বন্ধ করার আইনী ভিত্তি পাওয়া যাবে। প্রস্তাবিত আইনটি চূড়ান্ত অনুমোদনের আগে কর্তৃপক্ষ ছয় সপ্তাহ ব্যাপী আইন নিয়ে নিরীপক্ষা করবে। সূত্র : আনাদোলু এজেন্সি