সালাদ হলো সাধারণত কাঁচা বা হালকা সিদ্ধ করা বিভিন্ন সবজি, ফল, শাকপাতা এবং কখনও কখনও বাদাম, ড্রেসিং (যেমন অলিভ অয়েল, লেবুর রস, দই ইত্যাদি) মিশিয়ে তৈরি একটি স্বাস্থ্যকর খাবার। এটি সাধারণত ঠান্ডা অবস্থায় পরিবেশন করা হয় এবং প্রধান খাবারের আগে বা সঙ্গে খাওয়া হয়।
সালাদে টমেটো, শসা, গাজর, লেটুস, বেল পেপার, পেঁয়াজ, বিট, আপেল, আঙুর ইত্যাদি উপাদান ব্যবহার করা হয়। এটি খুব সহজে তৈরি করা যায় এবং পুষ্টিগুণে ভরপুর।
সালাদ খাওয়ার উপকারিতা
শরীরের জন্য প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেল সরবরাহ করে
সালাদে থাকা বিভিন্ন সবজি ও ফল ভিটামিন A, C, K, পটাশিয়াম এবং আয়রনের মতো গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান সরবরাহ করে, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে
সালাদে ক্যালরি কম কিন্তু ফাইবার বেশি থাকে। ফলে এটি খেলে দীর্ঘ সময় পেট ভরা লাগে এবং অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে যায়। তাই ওজন কমাতে বা নিয়ন্ত্রণে রাখতে সালাদ খুবই উপকারী।
হজম শক্তি উন্নত করে
সালাদে থাকা ফাইবার হজম প্রক্রিয়া সহজ করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। নিয়মিত সালাদ খেলে অন্ত্রের স্বাস্থ্য ভালো থাকে।
হৃদরোগের ঝুঁকি কমায়
সবজি ও ফলের অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার রক্তে কোলেস্টেরল কমাতে সাহায্য করে, যা হৃদরোগের ঝুঁকি হ্রাস করে।
ত্বক ও চুলের জন্য উপকারী
সালাদে থাকা ভিটামিন C ও অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে উজ্জ্বল রাখে এবং চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে।
শরীরকে হাইড্রেটেড রাখে
শসা, টমেটো ইত্যাদি সবজিতে প্রচুর পানি থাকে, যা শরীরের পানির ঘাটতি পূরণে সাহায্য করে।
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
নিয়মিত সালাদ খেলে শরীরের ইমিউন সিস্টেম শক্তিশালী হয়, ফলে সর্দি-কাশি ও অন্যান্য সাধারণ রোগ থেকে সুরক্ষা পাওয়া যায়।
দেশ-বিদেশের কয়েকটি জনপ্রিয় সালাদের রেসিপি হলো-
দেশি স্টাইলের শসা-টমেটো সালাদ
একটি মাঝারি শসা, একটি মাঝারি টমেটো এবং একটি টি ছোট পেঁয়াজ ও দুইটি কাঁচা মরিচ ভালো করে ধুয়ে পাতলা করে কেটে নিন। এক মুঠ ধনিয়াপাতা কুঁচির সাথে একটি বাটিতে এগুলো মিশিয়ে নিন। এর সাথে এক টেবিল চামচ লেবুর রস, আধা চা চামচ লবণ এবং সরিষার তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে পরিবেশন করুন।
গ্রিক সালাদ
একটি বড় শসা, দুটি মাঝারি টমেটো, অর্ধেকটা লাল পেঁয়াজ এবং কিছু কালো জলপাই কেটে একটি বাটিতে নিন। এর মধ্যে প্রায় ৫০ গ্রাম ফেটা চিজ ছোট কিউব করে যোগ করুন। এরপর ২ টেবিল চামচ অলিভ অয়েল, ১ টেবিল চামচ লেবুর রস, আধা চা চামচ লবণ এবং সামান্য ওরেগানো ছিটিয়ে হালকা হাতে মিশিয়ে নিন। এটি ঠান্ডা অবস্থায় খেলে সবচেয়ে ভালো স্বাদ পাওয়া যায়।
চিকেন সালাদ
প্রায় ১ কাপ সেদ্ধ ও ছেঁড়া চিকেন একটি বাটিতে নিন। এর সাথে আধা কাপ কুচানো শসা, আধা কাপ গাজর কুচি এবং ২ টেবিল চামচ সেদ্ধ কর্ন যোগ করুন। এরপর ৩ টেবিল চামচ মায়োনিজ, ১ টেবিল চামচ লেবুর রস, সামান্য লবণ ও কালো মরিচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। চাইলে একটু সরিষার সস দিলে স্বাদ আরো বাড়ে। এটি হালকা লাঞ্চ হিসেবে দারুণ।
ফ্রুট সালাদ
এক কাপ আঙুর, একটি আপেল কিউব করে কাটা, একটি কলা স্লাইস করা, আধা কাপ পেঁপে এবং আধা কাপ তরমুজ ছোট করে কেটে নিন। এর সাথে ২ টেবিল চামচ মধু এবং ২ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে নিন। চাইলে ২ টেবিল চামচ দই যোগ করলে ক্রিমি স্বাদ পাওয়া যায়। সব ফল মিশিয়ে ১০ মিনিট ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করুন।
রাশিয়ান সালাদ (অলিভিয়ের সালাদ)
প্রায় ১ কাপ সেদ্ধ আলু কিউব করে কাটা, আধা কাপ সেদ্ধ গাজর, আধা কাপ সেদ্ধ মটরশুঁটি এবং ১ কাপ ছোট করে কাটা পিকলস একটি বড় বাটিতে নিন। এর সাথে ২টি সেদ্ধ ডিম কুচি এবং ১ কাপ মায়োনিজ যোগ করুন। ১ চা চামচ লবণ ও সামান্য কালো মরিচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এটি ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে স্বাদ আরো ভালো হয়।
থাই স্পাইসি সালাদ (ইয়াম স্টাইল)
প্রায় ১ কাপ সেদ্ধ চিংড়ি ও চিকেন নিন। এর সাথে আধা কাপ পেঁপে কুচি, ১টি ছোট শসা স্লাইস এবং কিছু ধনেপাতা যোগ করুন। এরপর ১ টেবিল চামচ ফিশ সস, ১ টেবিল চামচ লেবুর রস, আধা চা চামচ চিনি এবং ২টি কাঁচা মরিচ কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। টক-ঝাল স্বাদের এই সালাদ খুবই জনপ্রিয় থাই খাবার।
সিজার সালাদ
সিজার সালাদ বানাতে প্রথমে প্রায় ১ কাপ লেটুস ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে নিন। এর সাথে প্রায় ১ কাপ গ্রিল করা বা সেদ্ধ চিকেন পাতলা স্ট্রিপ করে যোগ করুন। এরপর ২ টেবিল চামচ পারমেজান চিজ কুচি, ১ কাপ টোস্ট করা ব্রেড কিউব (ক্রুটন) দিয়ে দিন। ড্রেসিং তৈরির জন্য ৩ টেবিল চামচ মায়োনিজ, ১ টেবিল চামচ লেবুর রস, ১ চা চামচ ডিজন মাস্টার্ড, আধা চা চামচ রসুন বাটা, সামান্য কালো মরিচ এবং খুব অল্প অ্যাঙ্কোভি পেস্ট (ঐচ্ছিক) একসাথে ভালোভাবে মিশিয়ে নিন। এই ড্রেসিংটি সালাদের ওপর ঢেলে সবকিছু হালকা হাতে মিশিয়ে নিন যাতে লেটুস ভেঙে না যায়। শেষে আরও সামান্য পারমেজান চিজ ছিটিয়ে পরিবেশন করুন। এই সালাদটি ঠান্ডা অবস্থায় খেলে সবচেয়ে ভালো স্বাদ পাওয়া যায় এবং এটি হালকা লাঞ্চ বা ডায়েট মিল হিসেবেও খুব জনপ্রিয়।
ক্যাশিউ নাট সালাদ
এই সালাদ বানাতে প্রায় ১ কাপ ভাজা বা হালকা রোস্ট করা কাজু বাদাম নিন। একটি বাটিতে এর সাথে আধা কাপ শসা কুচি, আধা কাপ টমেটো কিউব, আধা কাপ বেল পেপার কুচি এবং কয়েকটি লেটুস পাতা ছেঁড়া অবস্থায় যোগ করুন। চাইলে একটু লাল পেঁয়াজ পাতলা করে কেটে দিতে পারেন, এতে স্বাদ আরও ভালো হয়। ড্রেসিংয়ের জন্য ২ টেবিল চামচ অলিভ অয়েল, ১ টেবিল চামচ লেবুর রস, ১ চা চামচ মধু, আধা চা চামচ লবণ এবং সামান্য কালো গোলমরিচ গুঁড়া একসাথে ভালোভাবে মিশিয়ে নিন। এরপর এই ড্রেসিং সালাদের ওপর ঢেলে হালকা হাতে মিশিয়ে নিন। সবশেষে উপরে আরো কয়েকটি কুচানো ক্যাশিউ ছড়িয়ে দিলে মচমচে স্বাদ পাওয়া যাবে। এই সালাদটি হালকা নাস্তা বা ডায়েট মিল হিসেবে খুবই জনপ্রিয় এবং খুব দ্রুত তৈরি করা যায়।
কাবুলি ছোলার সালাদ
এই সালাদ বানাতে প্রায় এক কাপ সেদ্ধ কাবুলি ছোলা নিন। সেদ্ধ ছোলাগুলো একটি বড় বাটিতে নিয়ে এর সাথে আধা কাপ শসা কুচি, আধা কাপ টমেটো কিউব, আধা কাপ পেঁয়াজ কুচি, একটু ধনেপাতা কুচি এবং সামান্য কাঁচা মরিচ কুচি যোগ করুন। এরপর ১ টেবিল চামচ লেবুর রস, ১ টেবিল চামচ অলিভ অয়েল বা সরিষার তেল, আধা চা চামচ লবণ এবং সামান্য ভাজা জিরা গুঁড়া ছিটিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। সব উপকরণ একসাথে মিশিয়ে ৫–১০ মিনিট রেখে দিলে স্বাদ আরো ভালো হয়। এই সালাদটি প্রোটিনে ভরপুর, তাই এটি হালকা নাস্তা, ডায়েট মিল বা বিকেলের স্বাস্থ্যকর খাবার হিসেবে খুব ভালো কাজ করে।






