• ই-পেপার

চাকরি হারিয়ে অনিশ্চয়তায় অ্যামাজনের কর্মীরা

এআই সেবায় ৮ হাজার ৯০০ প্রকৌশলী মোতায়েন করবে টিসিএস

অনলাইন ডেস্ক
এআই সেবায় ৮ হাজার ৯০০ প্রকৌশলী মোতায়েন করবে টিসিএস
ছবিঃ রয়টার্স

ভারতের সবচেয়ে বড় তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান টাটা কনসালট্যান্সি সার্ভিসেস (টিসিএস) এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বড় পরিকল্পনা নিয়েছে। প্রতিষ্ঠানটি প্রায় ৮ হাজার ৯০০ প্রকৌশলীকে এআই–সম্পর্কিত কাজে নিয়োজিত করবে।

রবিবার (১২ জুলাই) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

টিসিএসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কে. কৃতিবাসান বলেন, এসব প্রকৌশলী সরাসরি গ্রাহক প্রতিষ্ঠানে কাজ করবেন। তারা দেখবেন, কীভাবে সেই প্রতিষ্ঠানে এআই ব্যবহার করলে কাজ আরও দ্রুত ও সহজ হবে।

প্রতিটি প্রতিষ্ঠানের কাজ এক রকম নয়। তাই সবার জন্য একই এআই ব্যবহার করা যায় না। এসব প্রকৌশলী প্রতিষ্ঠানের প্রয়োজন বুঝে উপযুক্ত এআই ব্যবস্থা তৈরি করতে সহায়তা করবেন।

কোম্পানির মোট কর্মীর প্রায় ১ থেকে ১ দশমিক ৫ শতাংশ এই দলে থাকবেন। বর্তমান কর্মীসংখ্যা অনুযায়ী তাদের সংখ্যা ৫ হাজার ৯০০ থেকে ৮ হাজার ৯০০ জন হতে পারে।

তবে এই কাজের জন্য নতুন কর্মী নেওয়া হবে, নাকি বর্তমান কর্মীদের প্রশিক্ষণ দিয়ে দায়িত্ব দেওয়া হবে, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

বর্তমানে ওপেনএআই, মাইক্রোসফট ও অ্যানথ্রপিকও একই ধরনের প্রকৌশলী নিয়োগ দিচ্ছে। কারণ সারা বিশ্বের অনেক প্রতিষ্ঠান এখন এআই ব্যবহার শুরু করছে।

টিসিএস শুধু নতুন প্রকৌশলী নিয়োগই দিচ্ছে না। এআই, ডেটা নিরাপত্তা ও সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করে—এমন প্রতিষ্ঠান কেনার বিষয়েও ভাবছে। এতে নতুন প্রযুক্তি দ্রুত নিজেদের সেবায় যুক্ত করা সহজ হবে।

টিসিএসের প্রধান অর্থ কর্মকর্তা সামির সেক্সারিয়া বলেন, যেসব প্রতিষ্ঠান কিনলে ভবিষ্যতে কোম্পানির সেবা আরও ভালো হবে, সেগুলো খুঁজে দেখা হচ্ছে।

অনেকের আশঙ্কা, এআই বাড়লে আইটি খাতে চাকরি কমে যাবে। কারণ অনেক কাজ এখন এআই দিয়ে কম সময়ে করা সম্ভব।

তবে টিসিএসের সিইও এই ধারণার সঙ্গে একমত নন।

তিনি বলেন, এআই নিজে কোনো কাজ করে না। মানুষকেই সেটি ঠিকভাবে ব্যবহার করতে হয়। একটি প্রতিষ্ঠানের কাজ, নিয়ম ও প্রয়োজন না বুঝে এআই কাজে লাগানো সম্ভব নয়। তাই দক্ষ প্রকৌশলীর চাহিদা ভবিষ্যতেও থাকবে।

ক্রপ করা এআই ছবি শনাক্তে ব্যর্থ মেটার নতুন টুল

অনলাইন ডেস্ক
ক্রপ করা এআই ছবি শনাক্তে ব্যর্থ মেটার নতুন টুল
ছবি : রয়টার্স

মেটার নতুন এআই ছবি শনাক্তকারী টুল নিজেদের তৈরি কিছু এআই ছবি শনাক্ত করতে ব্যর্থ হয়েছে। বিশেষ করে ছবি ক্রপ করার পর টুলটির কার্যকারিতা কমে গেছে বলে জানিয়েছে রয়টার্স।

শুক্রবার (১০ জুলাই) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সম্প্রতি মেটা তাদের নতুন ছবি তৈরির এআই মডেল মিউজ ইমেজ এর সঙ্গে একটি পরীক্ষামূলক এআই শনাক্তকারী টুল উন্মুক্ত করে।

রয়টার্স ৪০টি এআই-তৈরি ছবি নিয়ে পরীক্ষা চালায়। এতে দেখা যায়, টুলটি মূল ছবিগুলোর সবগুলোই শনাক্ত করতে সক্ষম হয়। তবে একই ছবিগুলো আকারে ছোট করে বা ক্রপ করার পর ৫৫ শতাংশ ছবি শনাক্ত করতে পারেনি।

মেটা জানিয়েছে, তাদের এআই-তৈরি প্রতিটি ছবিতে কনটেন্ট সিল নামে একটি অদৃশ্য ওয়াটারমার্ক যুক্ত থাকে। এই ওয়াটারমার্কের মাধ্যমে ছবিটি এআই দিয়ে তৈরি কি না, তা শনাক্ত করা যায়।

তবে কম্পানিটি স্বীকার করেছে, ছবি বেশি পরিমাণে ক্রপ করা হলে ওয়াটারমার্কের সংকেত দুর্বল হয়ে যেতে পারে। ফলে শনাক্তকারী টুলটি সব ক্ষেত্রে কার্যকর নাও থাকতে পারে।

মেটা আরো জানিয়েছে, টুলটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং এটি উন্নয়নের কাজ চলছে।

বিশেষজ্ঞরা বলছেন, শুধু ওয়াটারমার্কভিত্তিক প্রযুক্তির ওপর নির্ভর করলে এআই ছবি শনাক্তে সীমাবদ্ধতা থেকে যায়। ছবি ক্রপ করা, আকার পরিবর্তন, অতিরিক্ত কমপ্রেস করা বা সম্পাদনা করলে শনাক্তকরণ কঠিন হয়ে পড়তে পারে।

গুগল ও ওপেনএআইও আগে সতর্ক করেছে, তাদের এআই শনাক্তকারী টুলগুলোও ছবি পরিবর্তনের পর সব সময় শতভাগ নির্ভুলভাবে কাজ করে না।

বিশেষজ্ঞদের মতে, ডিপফেক ও বিভ্রান্তিকর এআই-তৈরি কনটেন্ট শনাক্ত করতে আরো শক্তিশালী প্রযুক্তি উন্নয়ন করা প্রয়োজন।

ফেসবুকের মতো হোয়াটসঅ্যাপেও আসছে অবাক করা নতুন ফিচার

অনলাইন ডেস্ক
ফেসবুকের মতো হোয়াটসঅ্যাপেও আসছে অবাক করা নতুন ফিচার
সংগৃহীত ছবি

ব্যক্তিগত ও পেশাগত যোগাযোগে হোয়াটসঅ্যাপ এখন অনেকেরই নিত্যদিনের সঙ্গী। তবে ব্যস্ততার কারণে পরিচিতদের জন্মদিন মনে রাখা সব সময় সম্ভব হয় না। এই সমস্যার সমাধানে ব্যবহারকারীদের জন্য জন্মদিনের রিমাইন্ডার সুবিধা আনতে কাজ করছে হোয়াটসঅ্যাপ। খবর ডব্লিউএবেটাইনফো

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট WABetaInfo-এর তথ্য অনুযায়ী, অ্যাপটিতে একটি নতুন জন্মদিন (Birthday) বিভাগ যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এই সুবিধা চালু হলে যেসব ব্যবহারকারী স্বেচ্ছায় নিজেদের জন্ম তারিখ যুক্ত করবেন, তাদের জন্মদিন ঘনিয়ে এলে বা নির্ধারিত দিনে সংশ্লিষ্ট পরিচিতদের কাছে স্বয়ংক্রিয়ভাবে রিমাইন্ডার পৌঁছে যাবে। ফলে সময়মতো জন্মদিনের শুভেচ্ছা জানানো আরো সহজ হবে।

তবে সুবিধাটি এখনো কাজ চলছে। তাই এটি কবে সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত হবে, সে বিষয়ে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

উল্লেখ্য, ফেসবুকে দীর্ঘদিন ধরেই বন্ধুদের জন্মদিনের রিমাইন্ডার দেখানোর ব্যবস্থা রয়েছে। ব্যক্তিগত গোপনীয়তার ওপর জোর দেওয়া হোয়াটসঅ্যাপে একই ধরনের সুবিধা যুক্ত হলে তা ব্যবহারকারীদের কাছে কতটা গ্রহণযোগ্য হবে, সে বিষয়েও আলোচনা তৈরি হতে পারে।

এদিকে সাম্প্রতিক সময়ে মেটা হোয়াটসঅ্যাপে ধারাবাহিকভাবে নতুন নতুন সুবিধা যুক্ত করছে। এর মধ্যে WhatsApp Plus নামে একটি প্রিমিয়াম সেবার কথাও জানা গেছে। এক মাস বিনা মূল্যে ব্যবহারের সুযোগের পর এ সেবার জন্য মাসিক ফি পরিশোধ করতে হবে। প্রিমিয়াম গ্রাহকেরা সাধারণ সংস্করণের তুলনায় কিছু অতিরিক্ত সুবিধা পাবেন এবং নিবন্ধনের জন্য সেটিংসে আলাদা একটি অপশনও রাখা হবে।

এ ছাড়া, ফোন নম্বর প্রকাশ না করেই অন্যদের সঙ্গে যোগাযোগের সুযোগ দিতে ইউজারনেমভিত্তিক যোগাযোগ ব্যবস্থাও চালুর ঘোষণা দিয়েছে হোয়াটসঅ্যাপ। এর ফলে অপরিচিত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের সময় ব্যবহারকারীরা নিজেদের মোবাইল নম্বর গোপন রাখতে পারবেন।

এআই চাহিদায় টিএসএমসির রেকর্ড আয়

অনলাইন ডেস্ক
এআই চাহিদায় টিএসএমসির রেকর্ড আয়
ছবি : রয়টার্স

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির চাহিদা বাড়ায় বিশ্বের সবচেয়ে বড় চুক্তিভিত্তিক চিপ নির্মাতা টিএসএমসি দ্বিতীয় প্রান্তিকে রেকর্ড আয় করেছে।

সোমবার (১৩ জুলাই) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

চলতি বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত সময়ে কম্পানিটির আয় হয়েছে ১ দশমিক ২৭ ট্রিলিয়ন তাইওয়ান ডলার (প্রায় ৩৯ দশমিক ৬২ বিলিয়ন মার্কিন ডলার)। এক বছর আগের একই সময়ের তুলনায় এটি ৩৬ শতাংশ বেশি।

বিশ্লেষকদের পূর্বাভাসের তুলনায়ও কম্পানিটির আয় সামান্য বেশি হয়েছে।

টিএসএমসি বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়া ও অ্যাপলের জন্য চিপ তৈরি করে। এআই প্রযুক্তির দ্রুত বিস্তারের কারণে তাদের উন্নত চিপের চাহিদাও বেড়েছে।

শুধু জুন মাসেই টিএসএমসির আয় আগের বছরের একই মাসের তুলনায় প্রায় ৬৮ শতাংশ বেড়েছে। আগের মাসের তুলনায়ও আয় ৬ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, দ্বিতীয় প্রান্তিকের পূর্ণাঙ্গ আর্থিক প্রতিবেদন আগামী বৃহস্পতিবার প্রকাশ করা হবে। তখন চলতি বছরের বাকি সময়ের ব্যাবসায়িক পূর্বাভাসও জানানো হবে।

বিশ্লেষকদের ধারণা, দ্বিতীয় প্রান্তিকে টিএসএমসির নিট মুনাফা গত বছরের তুলনায় প্রায় ৫৯ শতাংশ বাড়তে পারে।

এদিকে আয়ের তথ্য প্রকাশের আগে সোমবার তাইপে শেয়ারবাজারে টিএসএমসির শেয়ারের দাম প্রায় ১ শতাংশ বেড়েছে।