ভারতের নিট (NEET) পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে চলমান শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে উত্তপ্ত দেশ। এই ইস্যুতে বলিউড তারকাদের নীরবতা নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তীব্র আলোচনা। সেই বিতর্কের কেন্দ্রে এবার শাহরুখ খান।
গত কয়েক দিন ধরেই শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে মুখ না খোলায় সমালোচনার মুখে পড়েছেন বলিউডের একাধিক তারকা। তাদের মধ্যে অন্যতম শাহরুখ খান। অনেকের প্রশ্ন, দেশের অন্যতম জনপ্রিয় তারকা হয়েও ভবিষ্যৎ প্রজন্মের গুরুত্বপূর্ণ একটি ইস্যুতে কেন নীরব তিনি?
এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে শাহরুখ খানের লন্ডনে পরিবারের সঙ্গে কাটানো কিছু ছবি। ছবিগুলোতে স্ত্রী গৌরী খান ও মেয়ে সুহানা খানের সঙ্গে লন্ডনের রাস্তায় হাঁটতে দেখা যায় তাকে। হুডি ও সানগ্লাস পরা শাহরুখের সেই ছবি ছড়িয়ে পড়তেই নতুন করে শুরু হয় সমালোচনা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ লিখেছেন, ‘আপনি কি লন্ডনে এতটাই ব্যস্ত যে নিট কেলেঙ্কারি নিয়ে একটা পোস্ট করলেন না?’ আবার কেউ মন্তব্য করেছেন, ‘আপনারও তো সন্তান রয়েছে, তাই সন্তানহারা অভিভাবকদের জন্য অন্তত দুটো কথা বলতে পারতেন।’
এর আগে শুক্রবার শাহরুখ খানের নাম ব্যবহার করে নিট ইস্যুতে একটি পোস্টও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে সেটি ভুয়া বলে জানা যায়। এরপরও বিষয়টি ঘিরে বিতর্ক থামেনি।
উল্লেখ্য, সম্প্রতি ‘কিং’ সিনেমার শুটিংয়ের কাজে মেয়ে সুহানা খানকে নিয়ে লন্ডনে যান শাহরুখ খান। ভাইরাল হওয়া ছবিগুলো সেই সফরের সময় তোলা বলে ধারণা করা হচ্ছে। তবে ছবিগুলো ঠিক কবে তোলা হয়েছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এদিকে চলমান আন্দোলন নিয়ে শাহরুখ খান এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তার এই নীরবতা নিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে।





