দেশের ইতিহাস, ঐতিহ্য ও লোকজ সংস্কৃতিকে তুলে ধরার ধারাবাহিকতায় জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র এবারের পর্ব ধারণ করা হয়েছে নদীবেষ্টিত উপকূলীয় জেলা লক্ষ্মীপুরে। অনুষ্ঠানটির মঞ্চ নির্মাণ করা হয় জেলা সদরের শতবর্ষী নবীন কিশোর উচ্চ বিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গণে, যা দালাল বাজার জমিদারবাড়ির স্মৃতিবিজড়িত একটি ঐতিহাসিক স্থান।
অনুষ্ঠানকে ঘিরে লক্ষ্মীপুরজুড়ে ছিল উৎসবের আমেজ। ধারণক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি দর্শকের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।
এবারের পর্বে থাকছে লক্ষ্মীপুরের কণ্ঠশিল্পী তানজিনা রুমা ও সাজিয়া সুলতানা পুতুলের গাওয়া বিশেষ গান, জেলা পরিচিতিমূলক নৃত্যগীত, জনপ্রিয় অভিনেত্রী দিলারা জামানের অংশগ্রহণ এবং এভারেস্টজয়ী প্রথম বাংলাদেশি নারী নিশাত মজুমদারের বিশেষ সাক্ষাৎকার।
এ ছাড়া লক্ষ্মীপুরের ইতিহাস-ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত এক জেলের জীবনসংগ্রাম নিয়ে প্রতিবেদন, বিদেশি পর্ব, কাশেম টিভি, চিঠিপত্র এবং সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে ব্যঙ্গাত্মক নাট্যাংশও থাকছে।
হানিফ সংকেত রচিত, পরিচালিত ও উপস্থাপিত ‘ইত্যাদি’ নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। অনুষ্ঠানটি আগামী ৩১ জুলাই, শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে।





