• ই-পেপার

পর্দায় নতুন জুটি, আসছে ‘মায়াময়ী’

বৃষ্টি উপেক্ষা করে আতিফ আসলামের কনসার্টে দর্শকের ঢল

বিনোদন প্রতিবেদক
বৃষ্টি উপেক্ষা করে আতিফ আসলামের কনসার্টে দর্শকের ঢল
সংগৃহীত ছবি

ঝুম বৃষ্টি যেন একটুও কমাতে পারেনি সংগীতপ্রেমীদের উচ্ছ্বাস। পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলামের কনসার্ট ঘিরে শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ে তৈরি হয় উৎসবের আমেজ। কনসার্ট শুরুর অনেক আগেই ভেন্যুর বাইরে জড়ো হন হাজারো দর্শক।

বিকেল ৩টা থেকে গেট খুলে দেওয়ার পর কনসার্ট ভেন্যুর আশপাশে দীর্ঘ সারিতে অপেক্ষা করতে দেখা যায় দর্শকদের। কেউ ছাতা হাতে, কেউ রেইনকোট পরে, আবার কেউ বৃষ্টিতে ভিজেই প্রবেশের অপেক্ষায় ছিলেন। প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও প্রিয় শিল্পীকে কাছ থেকে দেখার আগ্রহে ছিল না কোনো ভাটা।

কনসার্টে আসা দর্শকদের অনেকেই জানান, আতিফ আসলামের লাইভ পারফরম্যান্স দেখার সুযোগ খুব একটা আসে না। তাই বৃষ্টি কিংবা দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকা তাদের কাছে কোনো বিষয় নয়।

দর্শকদের নির্বিঘ্ন প্রবেশ নিশ্চিত করতে ভেন্যুর বাইরে নেওয়া হয় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। আয়োজকদের স্বেচ্ছাসেবক দল এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সার্বক্ষণিক দায়িত্ব পালন করতে দেখা যায়। 

শিক্ষার্থীদের আন্দোলনকে রাজনৈতিক রং দেওয়া উচিত নয় : সালমান

বিনোদন ডেস্ক
শিক্ষার্থীদের আন্দোলনকে রাজনৈতিক রং দেওয়া উচিত নয় : সালমান
সংগৃহীত ছবি

ভারতের রাজধানী দিল্লিতে চলমান শিক্ষার্থী আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান। প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে ‘অত্যন্ত গুরুতর’ আখ্যা দিয়ে তিনি বলেছেন, শিক্ষার্থীদের আন্দোলনকে রাজনৈতিক রং দেওয়া উচিত নয়।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক দীর্ঘ পোস্টে সালমান খান আন্দোলনে আহত শিক্ষার্থী ও তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানান। 

একই সঙ্গে তিনি বলেন, দেশের তরুণদের উন্নত শিক্ষাব্যবস্থার দাবিতে একত্রিত হওয়া ইতিবাচক একটি বার্তা।

সালমান খান লিখেছেন, ‘এটি ছিল অত্যন্ত শান্তিপূর্ণ একটি আন্দোলন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, শেষ পর্যন্ত এটি সহিংস রূপ নিয়েছে। যেসব শিক্ষার্থী ও তাঁদের পরিবারের সদস্যরা আহত হয়েছেন, তাঁদের প্রতি আমার আন্তরিক সমবেদনা। প্রশ্নপত্র ফাঁস অত্যন্ত গুরুতর বিষয়। আমাদের দেশের তরুণেরা উন্নত শিক্ষাব্যবস্থার দাবিতে একজোট হয়েছে এবং তাঁদের অভিভাবকেরাও পাশে দাঁড়িয়েছেন, এটি দেখে আমি আনন্দিত।’

তিনি আরো বলেন, সততা, নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে ভবিষ্যৎ গড়ার যে প্রত্যয় শিক্ষার্থীরা দেখিয়েছে, তা প্রশংসার দাবি রাখে।

তাঁর কথায়, ‘আন্দোলন বা প্রতিবাদ গণতান্ত্রিক অধিকারের অংশ। শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবেই তাদের দাবি জানিয়েছে। শিক্ষা নিয়ে উৎসাহী এই প্রজন্ম একদিন ভারতের মুখ উজ্জ্বল করবে।’

আন্দোলনকে রাজনৈতিকভাবে ব্যাখ্যা না করার আহ্বান জানিয়ে পোস্টের শেষাংশে সালমান খান লেখেন, ‘এটি শিক্ষার্থী ও শিক্ষাব্যবস্থার বিষয়। একে রাজনৈতিক রং দেওয়া উচিত নয়। এই কৃতিত্ব দেশের শিক্ষার্থীদেরই প্রাপ্য। আমার বিশ্বাস, সরকারও তাঁদের পাশে থাকবে এবং শিক্ষাব্যবস্থাকে আরো শক্তিশালী করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। যারা শিক্ষিত হতে চায়, ঈশ্বর তাদের সবার মঙ্গল করুন।’

সম্প্রতি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষা ব্যবস্থায় অনিয়ম এবং শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে দিল্লিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। আন্দোলনের একপর্যায়ে সংসদ অভিমুখে পদযাত্রা ঘিরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। 

অভিযোগ রয়েছে, লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহারে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। যদিও এ ঘটনার জন্য উভয় পক্ষই একে অপরকে দায়ী করেছে।
 

প্রথমবার ভেনিস চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের সিনেমা

বিনোদন প্রতিবেদক
প্রথমবার ভেনিস চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের সিনেমা
সংগৃহীত ছবি

প্রথমবারের মতো বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে বাংলাদেশের একটি সিনেমা। রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ উৎসবের প্রতিযোগিতামূলক ‘হরাইজনস’ (অরিজোন্তি) বিভাগে নির্বাচিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) ভেনিস চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ প্রতিযোগিতা বিভাগের নির্বাচিত সিনেমার তালিকা প্রকাশ করলে বিষয়টি নিশ্চিত হয়। এর মধ্য দিয়ে ভেনিস উৎসবের ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশের কোনো চলচ্চিত্র অফিশিয়াল প্রতিযোগিতা বিভাগে জায়গা পেল।

সিনেমাটি নিয়ে নির্মাতা বলেন, ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ একটি সুপারন্যাচারাল চলচ্চিত্র। গল্পটি আবর্তিত হয়েছে ঢাকার ঐতিহ্যবাহী মেফেয়ার বিউটি পার্লারকে ঘিরে। বহু বছর ধরে প্রচলিত একটি আরবান মিথ থেকে ছবিটির অনুপ্রেরণা এসেছে-কথিত আছে, এক সময় সেখানে একজন কনে রহস্যজনকভাবে মারা গিয়েছিলেন। আমাদের ছবিতে আরেকজন কনে সেই পার্লারে সাজতে এসে একের পর এক অদ্ভুত ও অতিপ্রাকৃত ঘটনার মুখোমুখি হয়। রহস্য, মনস্তত্ত্ব এবং সুপারন্যাচারাল উপাদানের মধ্য দিয়ে গল্পটি ধীরে ধীরে উন্মোচিত হয়।’

ভেনিসে সিনেমাটি নির্বাচিত হওয়ার অভিজ্ঞতা জানিয়ে তিনি আরো বলেন, ‘সিনেমাটি ভেনিসে সাবমিট করার কদিন পরই জানতে পারি, এটি ভেনিসের আয়োজকেরা পছন্দ করেছেন। এটা ছিল আমার জন্য, আমার ক্যারিয়ারের জন্য অসাধারণ একটি খবর। কিন্তু কোন শাখায় সিনেমাটির প্রিমিয়ার হবে, সেটা নিয়ে কিছুই বলেনি। এটা নিয়ে চিন্তিত ছিলাম। অবশেষে জানতে পারি, সিনেমাটি উৎসবে অফিশিয়াল শাখা হরাইজন (অরিজোন্তি) বিভাগে মনোনয়ন পেয়েছে।’

সিনেমাটিতে অতিথি চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ভেনিস চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের সিনেমার জায়গা করে নেওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘বাংলাদেশের চলচ্চিত্রের জন্য কী অসাধারণ এক মুহূর্ত! পুরো টিমের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। ভেনিস উৎসবের মতো আয়োজনের প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নেওয়া যেকোনো ফিল্মমেকারের জন্যই বিরাট অর্জন, সেই সঙ্গে বাংলাদেশের জন্যও বড় মাইলফলক এটি।’

আগামী ২ থেকে ১২ সেপ্টেম্বর ইতালির ভেনিস লিডোতে অনুষ্ঠিত হবে বিশ্বের সবচেয়ে প্রাচীন চলচ্চিত্র উৎসব ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৮৩তম আসর। ‘হরাইজনস’ বিভাগে বিশ্বের আরো ১৮টি সিনেমার সঙ্গে প্রতিযোগিতা করবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’।

সিনেমাটিতে অভিনয় করেছেন রিকিতা নন্দিনী শিমু, সুনেরাহ বিনতে কামাল, শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম, মোহাম্মদ বারীসহ আরো অনেকে।

চিরকুটের সঙ্গে কাজ করতে চায় বিশ্বখ্যাত ওয়ার্নার ব্রাদার্স

বিনোদন প্রতিবেদক
চিরকুটের সঙ্গে কাজ করতে চায় বিশ্বখ্যাত ওয়ার্নার ব্রাদার্স
সংগৃহীত ছবি

বাংলাদেশের সংগীতের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলতে পারে একটি আন্তর্জাতিক উদ্যোগ। বিশ্বের অন্যতম শীর্ষ সংগীত প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স মিউজিক এবার আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড চিরকুটের সঙ্গে কাজ করার। প্রতিষ্ঠানটির আমন্ত্রণে সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে তাদের আন্তর্জাতিক কার্যালয়ে বৈঠক করেছেন চিরকুটের প্রতিষ্ঠাতা ও ভোকাল শারমিন সুলতানা সুমী।

গত ২১ জুলাই ম্যানহাটনে অবস্থিত ওয়ার্নার ব্রাদার্স মিউজিকের আন্তর্জাতিক কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট জশ সারুবিন। প্রায় দুই ঘণ্টাব্যাপী আলোচনায় চিরকুটের সংগীত, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সম্ভাব্য যৌথ কাজের নানা দিক নিয়ে বিস্তারিত কথা হয়।

সুমীর ভাষ্য, দক্ষিণ এশিয়ার অন্যতম পরিচিত ও আন্তর্জাতিকভাবে সক্রিয় ব্যান্ড হিসেবে দেড় দশকের বেশি সময় ধরে চিরকুটের ধারাবাহিক কাজের স্বীকৃতি হিসেবেই এই আমন্ত্রণ এসেছে।

বৈঠকের সময় ওয়ার্নার ব্রাদার্সের প্রতিনিধিরা সুমীর উপস্থিতিতেই চিরকুটের পাঁচ থেকে ছয়টি গান শোনেন। এর আগে তারা ব্যান্ডটির সংগীত নিয়ে গবেষণাও করেছিলেন। গান শোনার পর তাদের মন্তব্য ছিল, ‘অল অব ইয়োর সংস আর ইউনিক, ইউ আর ভেরি ইউনিক!’

চিরকুটের প্রশংসা করে জশ সারুবিন বলেন, ব্যান্ডটির স্বকীয় সংগীতধারা এবং সৃষ্টিশীলতা আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার জন্য গুরুত্বপূর্ণ সম্ভাবনা তৈরি করেছে।

জশ সারুবিন যুক্তরাষ্ট্রের সংগীত অঙ্গনের একজন অভিজ্ঞ এঅ্যান্ডআর (আর্টিস্টস অ্যান্ড রিপার্টোয়ার) নির্বাহী। তিন দশকেরও বেশি সময় ধরে তিনি কলাম্বিয়া রেকর্ডস, অ্যারিস্তা রেকর্ডস, আইল্যান্ড ডেফ জ্যাম, ভার্জিন রেকর্ডস এবং সনি/এটিভি মিউজিক পাবলিশিংয়ের মতো প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। 

তাঁর তত্ত্বাবধানে প্রকাশিত অ্যালবামের বিশ্বব্যাপী বিক্রি ৪ কোটির বেশি কপি। লেডি গাগাকে সাইন করার পাশাপাশি লিওনেল রিচি, কার্লোস স্যান্টানা, পিঙ্ক, এভরিল ল্যাভিন, জন ম্যাকলাফলিন ও পিক্সি লটসহ বহু আন্তর্জাতিক শিল্পীর সঙ্গে কাজ করেছেন তিনি।

চিরকুটের সঙ্গে সম্ভাব্য সহযোগিতার বিষয়টিকে নিজেদের দীর্ঘদিনের পরিশ্রম, সৃষ্টিশীলতা ও ত্যাগের স্বীকৃতি হিসেবে দেখছেন সুমী। তাঁর বিশ্বাস, এটি বাংলাদেশের সংগীতকে আন্তর্জাতিক অঙ্গনে আরও শক্ত অবস্থানে নিয়ে যেতে সহায়ক হবে।

সুমী বলেন, ‘সারা পৃথিবীর কিংবদন্তি শিল্পীদের নিয়ে কাজ করা এমন মানুষেরা যখন আমন্ত্রণ জানান, তখন সেটি ভীষণ অনুপ্রেরণার এবং সম্মানের। ওই ঐতিহাসিক অফিসে ঢোকার পর অদ্ভুত এক অনুভূতি কাজ করছিল। বারবার মনে হচ্ছিল, সেই খুলনা থেকে, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে আজ আবার বিশ্বসংগীতের এক গুরুত্বপূর্ণ ঠিকানা ম্যানহাটনে, শতবর্ষী ওয়ার্নার ব্রাদার্সের অফিসে দাঁড়িয়ে আছি। ব‍্যান্ড মেম্বারদের মিস করছিলাম। আমি এবং চিরকুট স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, আমাদের জীবনে এমন আরেকটি সুন্দর দিন দেওয়ার জন্য। আশা করি সামনে ভালো এবং নতুন কিছু অপেক্ষা করছে।’

দীর্ঘ ২৪ বছরের পথচলায় চিরকুট ‘আহারে জীবন’, ‘মরে যাব’, ‘যাদুর শহর’, ‘দুনিয়া’, ‘কানামাছি’, ‘উধাও’ ও ‘দামী’র মতো মৌলিক গান দিয়ে দেশ-বিদেশে নিজস্ব পরিচিতি গড়ে তুলেছে। 

ব্যান্ডটি ইংল্যান্ড, নরওয়ে, সুইডেন, পর্তুগাল, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, ভারত, শ্রীলঙ্কা ও মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে কনসার্ট, আন্তর্জাতিক সংগীত উৎসব ও সাংস্কৃতিক আয়োজনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছে। এছাড়া নরওয়ে ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের শিল্পী ও ব্যান্ডের সঙ্গে তাদের একাধিক আন্তর্জাতিক কোলাবোরেশনও রয়েছে।

চিরকুটের বিশ্বাস, ওয়ার্নার ব্রাদার্স মিউজিকের মতো বৈশ্বিক প্রতিষ্ঠানের সঙ্গে সম্ভাব্য এই সহযোগিতা শুধু ব্যান্ডটির জন্যই নয়, বাংলাদেশের সংগীতশিল্পের জন্যও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হতে পারে। একই সঙ্গে এটি দেশের সংগীতশিল্পী এবং নতুন প্রজন্মের শিল্পীদের আন্তর্জাতিক অঙ্গনে কাজ করার অনুপ্রেরণা জোগাবে।