• ই-পেপার

জুলাই থেকে আলাদা থাকছেন তাহসান-রোজা, শিগগিরই বিচ্ছেদের ঘোষণা

আদালতে সালমান খান

বিনোদন ডেস্ক
আদালতে সালমান খান
সংগৃহীত ছবি

১৯৯৮ সালের বহুল আলোচিত কৃষ্ণসার হরিণ শিকার মামলাকে কেন্দ্র করে নির্মিতব্য ‘কালা হিরন : দ্য ব্যাটেল ফর লেগাসি’ সিনেমা নিয়ে আইনি লড়াইয়ে নেমেছেন বলিউড সুপারস্টার সালমান খান। নিজের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা প্রকাশ করে সিনেমাটির প্রদর্শন ও প্রচারণার ওপর নিষেধাজ্ঞা চেয়ে দিল্লি হাইকোর্টে মামলা করেছেন তিনি।

শুক্রবার (১২ জুন) সালমানের আবেদনের শুনানি শেষে বিচারপতি নীনা বানসাল কৃষ্ণার বেঞ্চ সিনেমাটির প্রযোজক অমিত জানি, অক্ষয় পান্ডেসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি নোটিশ জারি করেন। একই সঙ্গে মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ১৯ জুন দিন নির্ধারণ করা হয়েছে।

আদালতে সালমান খানের পক্ষে আইনজীবী দয়ান কৃষ্ণান যুক্তি তুলে ধরে বলেন, ছবিটি অভিনেতার পুরনো কৃষ্ণসার হরিণ শিকার মামলাকে কেন্দ্র করে নির্মাণ করা হচ্ছে। ফলে এটি দিল্লি হাইকোর্টের আগের একটি নির্দেশনার পরিপন্থী, যেখানে সালমানের ব্যক্তিত্বের অধিকার সুরক্ষার বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ ছিল।

মামলার নথিতে দাবি করা হয়েছে, ‘কালা হিরন : দ্য ব্যাটেল ফর লেগাসি’-এর টিজারে এমনভাবে একটি চরিত্র উপস্থাপন করা হয়েছে, যা সরাসরি সালমান খানকে ইঙ্গিত করে। বিশেষ করে চরিত্রটির চেহারা ও উপস্থাপনায় অভিনেতার সঙ্গে মিল রয়েছে।

সালমানের পক্ষ থেকে আদালতে আরো বলা হয়, ‘পর্দায় ফুটিয়ে তোলা চরিত্রের সঙ্গে বাদীর (সালমান খান) সাদৃশ্য রয়েছে। তাঁকে স্পষ্টভাবে একটি নীল ব্রেসলেট পরা অবস্থায় দেখা যাচ্ছে, যা সালমানের সঙ্গে হুবহু মিলে যায়।’

অভিযোগে আরো উল্লেখ করা হয়েছে, অস্ত্র আইনের মামলায় সালমান খান ইতিমধ্যে আদালত থেকে খালাস পেয়েছেন। এরপরও এই ধরনের উপস্থাপনা সাধারণ মানুষের মধ্যে তাঁর সম্পর্কে বিভ্রান্তিকর ধারণা তৈরি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

জানা গেছে, গত ২৪ এপ্রিল সিনেমাটির প্রযোজকদের কাছে আইনি নোটিশ পাঠানো হয়েছিল। তবে সেই নোটিশের পরও ছবিটির প্রচারণা অব্যাহত রয়েছে বলে অভিযোগ করেছেন অভিনেতা।

অন্যদিকে শুনানির সময় প্রযোজক পক্ষের আইনজীবী আদালতকে জানান, গত শুক্রবার সিনেমাটির টিজার প্রকাশ করা হয়েছে, তবে এখনো ছবির মুক্তির তারিখ চূড়ান্ত হয়নি। 

তাঁর দাবি, শুধু একটি টিজার প্রকাশের ভিত্তিতেই সিনেমার মুক্তি ও প্রচারণা বন্ধের আবেদন জানিয়েছেন সালমান খানের আইনজীবীরা।

এখন ১৯ জুনের শুনানিতে আদালত এ বিষয়ে কী সিদ্ধান্ত দেন, সেদিকেই নজর থাকবে বলিউড মহলের।
 

আলিয়াকে ঘিরে বিতর্কে মুখ খললেন শাহিদ কাপুর

বিনোদন ডেস্ক
আলিয়াকে ঘিরে বিতর্কে মুখ খললেন শাহিদ কাপুর
সংগৃহীত ছবি

বলিউডের অন্যতম সফল অভিনেত্রী আলিয়া ভাটের জনপ্রিয়তা যত বেড়েছে, ততই তাকে ঘিরে নানা বিতর্ক ও সমালোচনাও সামনে এসেছে। সাম্প্রতিক সময়ে কান চলচ্চিত্র উৎসবে তাঁর উপস্থিতিকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে নেতিবাচক প্রচারণার অভিযোগ ওঠার পর বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এই পরিস্থিতিতে আলিয়ার প্রতি সমর্থনের বার্তা দিয়েছেন তাঁর সহশিল্পী শাহিদ কাপুর।

ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, কান চলচ্চিত্র উৎসবে আলিয়া ভাটের উপস্থিতিকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে অর্থের বিনিময়ে নেতিবাচক প্রচারণা চালানো হয়েছিল বলে অভিযোগ উঠেছে। 

যদিও এ বিষয়ে আলিয়ার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া আসেনি, তবে বিষয়টি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন শাহিদ কাপুর।

আলিয়ার সঙ্গে ‘শানদার’ ও ‘উড়তা পঞ্জাব’ সিনেমায় কাজ করা এই অভিনেতার মতে, কোনো ঘটনা নিজে প্রত্যক্ষ না করলে বা তার সত্যতা যাচাই না করে তা বিশ্বাস করা উচিত নয়। অন্যের বক্তব্যের ওপর অন্ধভাবে নির্ভর করলে মানুষ সহজেই বিভ্রান্ত হতে পারে বলেও মনে করেন তিনি।

শাহিদ বলেন, বিনোদন জগতে সাফল্য ও ব্যর্থতার চাপ এত বেশি যে, অনেক সময় শিল্পীরা নিরাপত্তাহীনতায় ভুগতে পারেন। 

অভিনেতার মতে, বর্তমান সময়ে দর্শককে বিভ্রান্ত করা আগের তুলনায় অনেক কঠিন। 

তিনি বলেন, ‘শিল্পীদের নিজেদের আসল রূপই দর্শকের সামনে তুলে ধরা উচিত। মানুষ এখন খুব সহজেই বুঝতে পারে যে, কেউ নিজের সম্পর্কে কৃত্রিম ভাবমূর্তি তৈরি করার চেষ্টা করছেন কিনা।’

এ প্রসঙ্গে আলিয়ার উদ্দেশে তিনি আরো বলেন, ‘আপনি নিখুঁত না হলেও বা আপনার মধ্যে নিরাপত্তাহীনতা থাকলেও সেটি লুকিয়ে রাখার দরকার নেই। মানুষকে আপনার প্রকৃত রূপ দেখতে দিন। যখন দর্শক বুঝতে পারেন যে, আপনি তাদের সামনে একটি নির্দিষ্ট ভাবমূর্তি তুলে ধরতে চাইছেন, তখন তারা বিরক্ত হন। কারণ খ্যাতি ও সাফল্যের সঙ্গে নেতিবাচক সমালোচনাও অবিচ্ছেদ্যভাবে জড়িত। তাই জনপ্রিয়তার সঙ্গে যেমন ভালবাসা আসে, তেমনই সমালোচনা ও নেতিবাচকতাও জীবনের অংশ হয়ে ওঠে।’

অন্যদিকে বিতর্কের মধ্যেই আলিয়ার আসন্ন সিনেমা ‘আলফা’ ঘিরে দর্শকদের আগ্রহ বাড়ছে। যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের এই অ্যাকশনধর্মী ছবিতে একেবারে নতুন রূপে দেখা যাবে অভিনেত্রীকে। 

অনেকের মতে, এটি বলিউডের প্রচলিত স্পাই ফ্র্যাঞ্চাইজির ধারা থেকে ভিন্ন এক সংযোজন হতে পারে, যেখানে ‘আলফা ওম্যান’ চরিত্রে শত্রু দমনের মিশনে নামবেন আলিয়া।

বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ!

বিনোদন প্রতিবেদক
বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ!
সংগৃহীত ছবি

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর কানাডা পর্বের উদ্বোধনী আয়োজনে বলিউড তারকা নোরা ফাতেহি এবং ফরাসি সংগীতশিল্পী ভেজিড্রিমের সঙ্গে ‘সির সির’ গান পরিবেশন করতে দেখা গেছে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ডিজে ও সংগীতশিল্পী সঞ্জয় দেবকে।

তিনি যখন উদ্বোধনী মঞ্চে পারফর্ম করছিলেন, তখন আলো-ঝলমলে আয়োজনের মাঝেও দর্শকের নজর কাড়ে তাঁর পোশাক। মেরুন রঙের স্যুটজুড়ে ফুটে উঠেছিল বাংলাদেশের পরিচিত প্রতীক—রয়েল বেঙ্গল টাইগার, শাপলা এবং লাল-সবুজের নকশা। পারফরম্যান্সের সময় বারবার হাতার সেই নকশার দিকে ইশারা করে তিনি যেন নিজের শিকড়ের কথাই স্মরণ করিয়ে দিচ্ছিলেন।

The start of something beautiful': Sanjoy's opening ceremony ...

তাঁর পরিবেশনার পাশাপাশি সবচেয়ে বেশি আলোচনায় আসে বাংলাদেশের প্রতীক বহন করা বিশেষ স্যুটটি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখে অনেকেই এটিকে বাংলাদেশের প্রতি তাঁর ভালোবাসা ও গর্বের প্রতীক হিসেবে ব্যাখ্যা করেছেন।

এরই মধ্যে দেশের সংগীতশিল্পী ও ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর পারফরম্যান্সের ভিডিও শেয়ার করে অভিনন্দন জানিয়েছেন। বিশ্বকাপের মতো বৈশ্বিক আসরে বাংলাদেশের পরিচয় তুলে ধরার এই উদ্যোগ প্রশংসিত হচ্ছে বিভিন্ন মহলে।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজেও পারফরম্যান্সের একটি ভিডিও প্রকাশ করেছেন সঞ্জয় দেব। সেখানে তিনি লিখেছেন, ‘প্রিয়জনেরা, এটা সুন্দর কিছুর সূচনা মাত্র’।

No photo description available.

জানা গেছে, বাংলাদেশের শ্রীমঙ্গলে জন্ম সঞ্জয় দেবের। তাঁর শৈশব ও কৈশোর কেটেছে চট্টগ্রামে। পরবর্তীতে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এবং বিভিন্ন সংস্কৃতি ও সংগীতধারার সমন্বয়ে গড়ে তোলেন নিজের স্বতন্ত্র সংগীতভুবন। 

তবে আন্তর্জাতিক মঞ্চে দাঁড়িয়েও নিজের শিকড়কে যে তিনি হৃদয়ে ধারণ করে আছেন, বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে তাঁর উপস্থিতি যেন সেই বার্তাই নতুন করে তুলে ধরল।

যারা খেলা বোঝে তারা ব্রাজিল করে : অপু বিশ্বাস

বিনোদন প্রতিবেদক
যারা খেলা বোঝে তারা ব্রাজিল করে : অপু বিশ্বাস
সংগৃহীত ছবি

বাংলাদেশ বিশ্বকাপে না খেললেও ফুটবল বিশ্বকাপ ঘিরে দেশের কোটি দর্শকের মতোই উচ্ছ্বাসে মেতে ওঠেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। অভিনয়ের ব্যস্ততার মাঝেও ফুটবলের প্রতি তাঁর ভালোবাসা বরাবরই আলোচনায় থাকে। বিশেষ করে বিশ্বকাপ এলেই প্রিয় দল ও খেলোয়াড়কে ঘিরে তাঁর আবেগ আরো স্পষ্ট হয়ে ওঠে।

সম্প্রতি প্রিয় দল, প্রিয় ফুটবলার এবং বিশ্বকাপের স্মৃতি নিয়ে কথা বলতে গিয়ে অপু বিশ্বাস জানিয়েছেন, ব্রাজিলের প্রতি তাঁর সমর্থন অনেক দিনের। একই সঙ্গে ব্যক্তিগতভাবে দুই ফুটবল তারকার প্রতিও আলাদা পছন্দের কথা তুলে ধরেন তিনি।

প্রিয় খেলোয়াড় সম্পর্কে অপু গণমাধ্যমে বলেন, ‘আমি নেইমারকে অনেক পছন্দ করি। তার খেলাধুলা সব কিছুই আমার পছন্দ। আর ব্যক্তিত্বের দিক থেকে মেসিকে আমার পছন্দ।’

নিজে ব্রাজিলের সমর্থক হলেও তাঁর ছেলে আব্রাম খান জয় নীল-সাদা দলের ভক্ত। বিষয়টি নিয়ে হাস্যরসের সুরে অপু বিশ্বাস বলেন, ‘আমি ব্রাজিলের কট্টর সমর্থক। যারা খেলা বোঝে তারা ব্রাজিল করে। ব্রাজিলের খেলোয়াড়দের খেলায় আলাদা একটা ছন্দ আছে। যারা আমার ভক্ত আছে তাদের বলি, “শুধু ব্রাজিল হলে তো চলবে না অন্য দলের সাপোর্টারও লাগবে।” তা না হলে খেলা দেখে মজা থাকবে না। আমার ছেলে জয় আর্জেন্টিনা করে। সে মেসির ভক্ত।’

অপু বিশ্বাস ও আব্রাম খান জয়। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফুটবলকে তিনি শুধু একটি ক্রীড়া আয়োজন নয়, বরং উৎসব হিসেবেই দেখেন। রাত জেগে খেলা দেখার অভিজ্ঞতার কথা জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘বিশ্বকাপ ফুটবল খেলা মানেই উত্তেজনায় ভরপুর এক পরিবেশ। বিশ্বকাপকে কেন্দ্র করে ঈদের মতো একটা আমেজ তৈরি হয়। এমনও হয় যে, রান্নাবান্না করে আবার টিভির সামনে বসে যাই। রাত দুইটা তিনটা বেজে গেলেও দেখা যায় আমরা খেলা দেখছি।’