• ই-পেপার

সৌদি ধনকুবেরের সঙ্গে প্রেম ভাঙল রিহানার

১ বিলিয়ন ডলার আয়ের রেকর্ড গড়ল ‘মাইকেল’

অনলাইন ডেস্ক
১ বিলিয়ন ডলার আয়ের রেকর্ড গড়ল ‘মাইকেল’
সংগৃহীত ছবি

বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড় তুলে ইতিহাস গড়েছে পপ সম্রাট মাইকেল জ্যাকসনের জীবন নিয়ে নির্মিত বায়োপিক ‘মাইকেল’। বিশ্বজুড়ে টিকিট বিক্রিতে সিনেমাটি ১ বিলিয়ন ডলার আয়ের অনন্য মাইলফলক স্পর্শ করেছে। চলচ্চিত্র ইতিহাসের প্রথম বায়োপিক বা জীবনীভিত্তিক সিনেমা হিসেবে এটি এই গৌরব অর্জন করল। গত এপ্রিলে বড় পর্দায় আসার পর থেকেই পর্দার পেছনের নানা বিতর্ক ও সমালোচকদের তীব্র সমালোচনাকে পেছনে ফেলে একের পর এক রেকর্ড ভেঙে চলেছে চলচ্চিত্রটি।

সিনেমাটি আন্তর্জাতিক বাজারে ৬২৯.৮ মিলিয়ন ডলার এবং আমেরিকার অভ্যন্তরীণ বাজারে ৩৭১.৮ মিলিয়ন ডলার আয় করেছে, যার ফলে বিশ্বব্যাপী এর মোট আয় দাঁড়িয়েছে ১.০০১ বিলিয়ন ডলারে। মুক্তির প্রথম সপ্তাহের শেষে বিশ্বব্যাপী ২১৭ মিলিয়ন ডলার আয় করে সিনেমাটি ২০১৫ সালের ‘স্ট্রেট আউটা কম্পটন’-এর রেকর্ড ভেঙে দিয়েছিল। দর্শকদের ইতিবাচক সাড়া ও ভালোবাসার কারণে গ্রীষ্মকালীন সিনেমা মৌসুমে এটি বক্স অফিসে শক্তিশালী অবস্থান ধরে রাখে।

সিনেমাটি ইতিমধ্যে বেশ কিছু বড় রেকর্ড নিজের নামে করে নিয়েছে। ২০২৩ সালের সাড়া জাগানো সিনেমা ‘ওপেনহাইমার’এর ৯৭৫ মিলিয়ন ডলারের রেকর্ড ভেঙে এটি এখন বাস্তব কোনো ব্যক্তির জীবনের ওপর ভিত্তি করে নির্মিত পৃথিবীর সবচেয়ে সফল সিনেমা হিসেবে স্থান করে নিয়েছে। একই সাথে ২০১৮ সালে কুইন ব্যান্ডকে নিয়ে তৈরি ‘বোহেমিয়ান র‍্যাপসোডি’-কে ছাড়িয়ে এটি এখন ইতিহাসের সর্বোচ্চ আয়কারী মিউজিক্যাল বায়োপিক। এটি প্রযোজনা প্রতিষ্ঠান লায়ন্সগেটের সর্বকালের সবচেয়ে বড় চলচ্চিত্র এবং স্টুডিওটির প্রথম সিনেমা যা ১ বিলিয়ন ডলারের ক্লাব ছুঁতে পেরেছে। এর আগে লায়ন্সগেটের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র ছিল ২০১৩ সালের ‘দ্য হাঙ্গার গেমস : ক্যাচিং ফায়ার’।

চলতি ২০২৬ সালে এখন পর্যন্ত মাইকেল ছাড়া কেবল ইউনিভার্সালের অ্যানিমেটেড সিনেমা ‘দ্য সুপার মারিও গ্যালাক্সি’ মুভি এক বিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ করতে পেরেছে। তালিকায় এর ঠিক পরেই ৮৭৯.১ মিলিয়ন ডলার আয় নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ডিজনির ‘টয় স্টোরি ৫। উত্তর আমেরিকায় লায়ন্সগেট এটি মুক্তি দিলেও আন্তর্জাতিক বাজারে সিনেমাটি পরিবেশন করেছে ইউনিভার্সাল।

অ্যান্টোইন ফুকা পরিচালিত এই সিনেমাটিতে মাইকেল জ্যাকসনের শৈশবের ব্যান্ড ‘জ্যাকসন ফাইভ’ থেকে শুরু করে বিশ্বমঞ্চে পপ সম্রাট হয়ে ওঠার পুরো যাত্রাপথ তুলে ধরা হয়েছে। সবচেয়ে বড় চমক হিসেবে, এই সিনেমায় মাইকেল জ্যাকসনের নিজের বাস্তব জীবনের ভাগ্নে জাফর জ্যাকসন প্রধান চরিত্রে অভিনয় করেছেন, যা ছিল তার ক্যারিয়ারের প্রথম অভিনয়। এ ছাড়া মাইকেলের বাবা ও মায়ের চরিত্রে অভিনয় করেছেন যথাক্রমে কোলম্যান ডোমিঙ্গো ও নিয়া লং। সিনেমাটির বিপুল সাফল্যের পর আশা করা হচ্ছে, লায়ন্সগেট কর্তৃপক্ষ জ্যাকসনের জীবন নিয়ে আরো অন্তত একটি চলচ্চিত্র নির্মাণের অনুমোদন দেবে।

এই ঐতিহাসিক সাফল্যে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে পরিচালক অ্যান্টোইন ফুকা এক বিবৃতিতে বলেন, এই মাইলফলকে পৌঁছানো আমাদের পুরো দলের অক্লান্ত নিষ্ঠার ফল। বিশ্বজুড়ে দর্শকরা প্রেক্ষাগৃহে এসে যেভাবে সিনেমাটিকে আপন করে নিয়েছেন, তা বিভিন্ন প্রজন্ম ও সংস্কৃতির মানুষকে এক সুতোয় বেঁধেছে। অন্যদিকে লায়ন্সগেট মোশন পিকচার গ্রুপের চেয়ারম্যান অ্যাডাম ফোগেলসন বলেন, দর্শকদের এই আবেগ ও ভালোবাসা সর্বকালের অন্যতম সেরা একজন সংগীতশিল্পীর চিরস্থায়ী আবেদনেরই প্রমাণ এবং এটি সিনেমা হলে গিয়ে ছবি দেখার গুরুত্বকে আবারও মনে করিয়ে দেয়।

ইতিহাস গড়ল সামান্থার সেই সিনেমা

বিনোদন ডেস্ক
ইতিহাস গড়ল সামান্থার সেই সিনেমা
সংগৃহীত ছবি

দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু অভিনীত ‘মা ইনতি বাঙ্গারাম’ বক্স অফিসে নতুন ইতিহাস গড়েছে। বিশ্বব্যাপী ১০০ কোটি রুপি আয় করে এটি একক নারীপ্রধান তেলেগু সিনেমার মধ্যে অন্যতম বড় বাণিজ্যিক সাফল্যের স্বীকৃতি পেয়েছে।

এই অর্জনের খবর জানার মুহূর্তটিও ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন সামান্থা। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, নির্মাতা রাজ নিদিমোরু একটি আইপ্যাডে সিনেমাটির সর্বশেষ বক্স অফিসের হিসাব দেখাচ্ছেন। স্ক্রিনে ১০০ কোটি রুপি আয়ের তথ্য দেখে বিস্মিত হয়ে সামান্থা উচ্ছ্বসিত কণ্ঠে বলেন, ‘আমরা ১০০ কোটি করেছি।’

Samantha's 'Maa Inti Bangaram' becomes first female-led Telugu film to  gross 100 crores worldwide

ভিডিওর ক্যাপশনে সামান্থা জানান, সিনেমাটি মুক্তির আগে অনেকেই এর সম্ভাবনা নিয়ে সন্দিহান ছিলেন। তার ভাষ্য, একজন প্রদর্শক পর্যন্ত তাকে বলেছিলেন, বড় কোনো নায়ক না থাকলে দর্শক নায়িকাকেন্দ্রিক সিনেমা দেখতে আগ্রহী হন না।

সেই অভিজ্ঞতার কথা তুলে ধরে সামান্থা বলেন, পরিবর্তন আনতে হলে ঝুঁকি নিতেই হয়। তার বিশ্বাস, ‘মা ইনতি বাঙ্গারাম’-এর সাফল্য ভবিষ্যতে নারীপ্রধান গল্প ও সিনেমার প্রতি প্রদর্শক, প্রযোজক এবং দর্শকদের দৃষ্টিভঙ্গি বদলাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Samantha's Maa Inti Bangaram Teaser Trailer Arrives on January 9th - Latest  Movie Updates, Film News, Movie Reviews,Press Notes, Film Ratings,Celebrity  Interviews

নন্দিনী রেড্ডি পরিচালিত সিনেমাটি প্রযোজনা করেছেন রাজ নিদিমোরু, সামান্থা রুথ প্রভু এবং হিমান্ক রেড্ডি দুভুরু। ট্রালালা মুভিং পিকচার্সের ব্যানারে নির্মিত ছবিটি গত ১৯ জুন মুক্তি পায়।

আউটলুক ইন্ডিয়ার প্রকাশিত তথ্য অনুযায়ী, মুক্তির পর থেকে সিনেমাটি বাজেটের তিন গুণেরও বেশি আয় করেছে। একই সঙ্গে এটি একক নারীপ্রধান তেলেগু সিনেমা হিসেবে বিশ্বব্যাপী ১০০ কোটি রুপি আয়ের প্রথম নজিরও গড়েছে।

‘মা ইনতি বাঙ্গারাম’-এ সামান্থার পাশাপাশি অভিনয় করেছেন গুলশান দেবাইয়া, দিগন্ত মানচালে, গৌতমী, শ্রীমুখী ও আনন্দ।

উল্লেখ্য, গত বছরের ১ ডিসেম্বর ‘ফ্যামিলি ম্যান’-খ্যাত নির্মাতা রাজ নিদিমোরুকে বিয়ে করেন সামান্থা রুথ প্রভু। সম্প্রতি ‘মা ইনতি বাঙ্গারাম’-এর সাফল্য উদযাপনের সময় এই তারকা দম্পতি তাদের প্রথম সন্তানের অপেক্ষায় থাকার সুখবরও জানিয়েছেন। ফলে পেশাগত সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও দারুণ সময় পার করছেন এই অভিনেত্রী।

অগ্রিম টিকিট বুকিংয়ে ঝড় বিজয়ের সিনেমার

বিনোদন ডেস্ক
অগ্রিম টিকিট বুকিংয়ে ঝড় বিজয়ের সিনেমার
সংগৃহীত ছবি

মুক্তির আগেই দর্শকদের ব্যাপক সাড়া ফেলেছে তামিল সুপারস্টার বিজয়ের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জন নায়াগন’। অভিনেতা থেকে রাজনীতিক হওয়া বিজয়ের এই ছবিকে ঘিরে ভক্তদের আগ্রহের প্রতিফলন দেখা গেছে অগ্রিম টিকিট বিক্রিতেই।

সম্প্রতি ছবিটি ভারতের কেন্দ্রীয় চলচ্চিত্র প্রশংসাপত্র বোর্ড (সিবিএফসি) থেকে প্রদর্শনের অনুমতি পেয়েছে। আগামী ২৪ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পাবে ‘জন নায়াগন’।

ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে সিনেমাটির অগ্রিম টিকিট বিক্রি। দেশটিতে ছবির পরিবেশক আহিমসা এন্টারটেইনমেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে এ তথ্য জানিয়ে জানিয়েছে, সিনেওয়ার্ল্ডের মাধ্যমে দর্শকরা এখন টিকিট সংগ্রহ করতে পারছেন। 

একই সঙ্গে প্রতিষ্ঠানটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রজুড়ে বিপুলসংখ্যক প্রেক্ষাগৃহে সিনেমাটি প্রদর্শিত হবে।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী পরিবেশক সংস্থার দাবি, টিকিট বিক্রি শুরুর প্রথম ঘণ্টাতেই হাজার হাজার টিকিট বিক্রি হয়েছে। 

তাদের মতে, বিজয়ের শেষ অভিনীত সিনেমাকে ঘিরে দর্শকদের যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে, এই অগ্রিম বুকিং তারই স্পষ্ট প্রমাণ।

রাজনীতিতে সক্রিয় হওয়ার ঘোষণা দেওয়ার পর ‘জন নায়াগন’কে বিজয়ের শেষ সিনেমা হিসেবে দেখা হচ্ছে। ফলে ছবিটির মুক্তিকে ঘিরে দেশ-বিদেশে তার ভক্তদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি উন্মাদনা।

প্রতারণার মামলায় তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ

বিনোদন প্রতিবেদক
প্রতারণার মামলায় তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ
সংগৃহীত ছবি

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় সমন জারি করেছেন আদালত। আগামী ১৩ আগস্ট তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রবিবার (১২ জুলাই) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ১০ নম্বর আদালতের বিচারক মো. জুয়েল রানা এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সলিমুল্লাহ সরকার।

মামলার নথি অনুযায়ী, অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে প্রায় ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নেওয়ার পর সেটির প্রচারণা এবং মূল্য পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছিলেন তানজিন তিশা। কিন্তু পরে তিনি যোগাযোগ বন্ধ করে দেন বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ এনে মামলা করা হয়।

তবে শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছেন এই অভিনেত্রী। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি দাবি করেছিলেন, শাড়িটি তাকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল।

বাদীপক্ষের দাবি, আইনি নোটিশ পাঠানোর পরও কোনো সাড়া না পাওয়ায় ২০২৫ সালের নভেম্বরে আদালতে মামলা করা হয়। পরে আদালতের নির্দেশে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযোগের তদন্ত করে প্রতিবেদন জমা দেয়। সেই তদন্ত প্রতিবেদনের ভিত্তিতেই আদালত সমন জারির আদেশ দিয়েছেন।

বাদীপক্ষের আইনজীবী সলিমুল্লাহ সরকার বলেন, ‘তদন্ত প্রতিবেদনে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তাই এখন বিষয়টি আদালতেই নিষ্পত্তি হবে।’

এদিকে ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেত্রী বর্তমানে শাকিব খানের বিপরীতে ‘সোলজার’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেকের অপেক্ষায় রয়েছেন। ছবিটি এখনো মুক্তি না পেলেও আদালতের এ আদেশের পর নতুন করে আলোচনায় উঠে এসেছে তার নাম।

সৌদি ধনকুবেরের সঙ্গে প্রেম ভাঙল রিহানার | কালের কণ্ঠ