• ই-পেপার

‘লাভ আজ কাল পরশু’র টিজার প্রকাশ

মানুষ যেন আমাকে মনে রাখে : লাক্স তারকা ইয়ুমনা

ইমরুল নূর
মানুষ যেন আমাকে মনে রাখে : লাক্স তারকা ইয়ুমনা
সংগৃহীত ছবি

শোবিজের ঝলমলে দুনিয়ায় পা রাখবেন, এমন ইচ্ছা কখনোই ছিল না। অনেকটা হুট করেই লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় নাম লেখানো। এরপর নিজস্ব মেধা আর দর্শকের ভালোবাসায় তৃতীয় রানারআপ হন নুসরাত আফরিন ইয়ুমনা। ইতিমধ্যে বিজ্ঞাপনের মডেল এমনকি বেশ কিছু নাটকেও অভিনয় করেছেন তিনি। সাম্প্রতিক ব্যস্ততা, কাজ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি কথা বলেছেন কালের কণ্ঠের সঙ্গে। 

বর্তমানে কী নিয়ে ব্যস্ত সময় কাটছে?

সামনে বেশ কয়েকটি নাটকের কাজ রয়েছে। এখন সেগুলোর প্রস্তুতি নিচ্ছি। নতুন কাজের প্রস্তাবও আসছে, সেগুলো দেখছি। এর মধ্যে সিএমভির কাজও রয়েছে। তবে আপাতত সেটি নিয়ে বিস্তারিত বলতে পারছি না। 

May be an image of text that says 'LUX INTERNATIONAL X 穴 LUX Super Star FeA'

জনপ্রিয়তা পাওয়ার পর সময়টা কেমন উপভোগ করছেন?

এটা অন্য রকম মজার। এখন বাইরে গেলে অনেকেই ছবি তুলতে চান। মানুষের এই ভালোবাসার জন্য আমি কৃতজ্ঞ। আজ আমি যেখানে দাঁড়িয়ে আছি, সেটা দর্শকদের ভালোবাসার কারণেই। তারা ভালোবাসে বলেই এতদূর আসতে পেরেছি।

একটা মজার ঘটনাও বলি। কিছুদিন আগে বাসার কাছের একটি গ্রোসারি শপে গিয়েছিলাম। সেখানে একজন আন্টি আমাকে দেখে চিনতে পারেন। এরপর নিজের বাসায় দাওয়াত দিয়ে প্রায় জোর করেই নিয়ে যেতে চেয়েছিলেন।

ইতিমধ্যে বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন। অভিনয় কতটা উপভোগ করছেন?

এটা আসলেই অসাধারণ। অভিনয়ের জন্য আসলে প্যাশন লাগে নাহলে সেটা করে শান্তি পাওয়া যায় না। আমার কাছে অভিনয় হচ্ছে এরকম একটা বিষয় যেটা আমাকে মানসিক শান্তি দেয়। ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করা, নিজস্ব সত্তা থেকে বেরিয়ে চরিত্রে ডুবে যাওয়া- এগুলো আমার কাছে খুব ভালো লাগে। ভিন্ন ভিন্ন গল্পের ভিন্ন ভিন্ন চরিত্রের ওই জীবনটা আমি অনেক এনজয় করি।

May be an image of one or more people, people smiling, anklet and sleepwear

প্রথম নাটকেই মেরিল-প্রথম আলো পুরস্কারের মনোনয়ন পেয়েছেন...

হ্যাঁ, নাটকের নাম ‘মনের মাঝে তুমি’। প্রথমে আমি নিজেও বিষয়টি জানতাম না। একজন আমাকে লিংক পাঠানোর পর দেখেছি। প্রথম নাটকেই এমন স্বীকৃতি পাব, ভাবিনি। এটি আমার জন্য খুবই আনন্দের ও উৎসাহের।

শোনা যাচ্ছে, আসন্ন কিছু নাটকে জনপ্রিয় তারকাদের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করা হবে... 

সত্যি বলতে, কখনো ভাবিনি আমি এই গ্ল্যামার ওয়ার্ল্ডে কাজ করব। ছোটবেলায় টেলিভিশনে যাদের দেখতাম, আর ভাবতাম তারা সেলিব্রিটি। এখন তাদের সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছি। এটা আসলেই অন্যরকম একটা অনুভূতি।

No photo description available.

পছন্দের শিল্পী কারা, যাদের সঙ্গে পর্দা শেয়ার করতে চান?

আফরান নিশোর অনেক কাজ দেখা হয়েছে, তিনি আমার বেশ প্রিয় অভিনেতা। অপূর্বর কাজও দেখা হয়েছে। আরও অনেকের কাজ দেখা হয়েছে। এছাড়া আমি এখন যাদের সঙ্গে কাজ করছি তারাও অনেক ভালো। 

নিজেকে নাটকেই থিতু করবেন নাকি সিনেমা নিয়েও পরিকল্পনা আছে?

দিনশেষে সবারই পরিকল্পনা থাকে সিনেমা নিয়ে। বড় পর্দায় যাওয়ার ইচ্ছে আছে, তবে এখনই না। আমার নিজের অভিজ্ঞতার ঝুলিও ভারী করতে হবে, আরো অনেক কিছু শেখার আছে। কেবল মাত্র ইন্ডাস্ট্রিতে এলাম। আমি এখনো অনেক ছোট। যখন আমার মনে হবে যে এখন আমি পারব তখন চেষ্টা করব। 

May be an image of one or more people and people smiling

পড়াশোনা ও অভিনয়—দুটো কিভাবে সামলাচ্ছেন?

আমি এখন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি করছি। এখন পড়াশোনা এবং অভিনয় দুটো একসঙ্গে কন্টিনিউ করা বেশ কঠিন। আগে আমার জীবনে শুধু পড়াশোনা ছিল, পাশাপাশি ভার্সিটির বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফরম করা, এগুলোই ছিল।  তখনই বেশ চাপে থাকতে হতো। যারা ইঞ্জিনিয়ারিং কিংবা মেডিক্যালে পড়েন তার হয়তো বুঝতে পারবেন। আর এখন তো পাশাপাশি শোবিজের কাজ করতে হচ্ছে। সব মিলিয়ে কষ্ট হয়ে যায় তারপরেও চেষ্টা করছি। 

ভবিষ্যতের লক্ষ্য কী, নিজেকে কোথায় দেখতে চান? 

আমার লক্ষ্য একটাই—বাংলাদেশের অন্যতম সেরা অভিনেত্রী হওয়া। এমন কিছু ভালো কাজ করে যেতে চাই, যেন অনেক বছর পরও মানুষ আমাকে মনে রাখে। আজও হুমায়ূন আহমেদের কাজ নিয়ে যেমন মানুষ কথা বলে, ঠিক তেমনি আমার কাজ নিয়েও যেন ভবিষ্যতে কথা হয় এবং আমাকে মনে রাখে।

এবার ‘কাহানি ৩’-এর নায়িকা ইয়ামি গৌতম

বিনোদন ডেস্ক
এবার ‘কাহানি ৩’-এর নায়িকা ইয়ামি গৌতম
অভিনেত্রী ইয়ামি গৌতম

বলিউডের জনপ্রিয় থ্রিলার সিনেমা ফ্র্যাঞ্চাইজি ‘কাহানি’ আবারও বড় পর্দায় ফিরছে নতুন গল্প নিয়ে। এই সিরিজের তৃতীয় সিনেমা ‘কাহানি ৩’-এ প্রধান চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন অভিনেত্রী ইয়ামি গৌতম। ছবিটি পরিচালনা করবেন ফ্র্যাঞ্চাইজির প্রথম দুই পর্বের পরিচালক সুজয় ঘোষ।

পিঙ্কভিলার প্রতিবেদনে জানা গেছে, ‘কাহানি ৩’ এখন প্রি-প্রোডাকশনের পর্যায়ে রয়েছে। অর্থাৎ শুটিং শুরুর আগে ছবির গল্প, অভিনয়শিল্পী, শুটিং পরিকল্পনা এবং অন্যান্য বিষয় চূড়ান্ত করার কাজ চলছে। নির্মাতারা শিগগিরই শুটিংয়ের সময়সূচি ঠিক করবেন বলে জানা গেছে।

এর আগে ‘কাহানি’ সিরিজের প্রথম দুই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন বিদ্যা বালান। তবে ‘কাহানি ৩’ আগের দুই সিনেমার সরাসরি পরবর্তী গল্প হবে না। এটি হবে সম্পূর্ণ নতুন একটি গল্প। তবে আগের সিনেমাগুলোর মতোই রহস্য, উত্তেজনা এবং সাসপেন্সের আবহ থাকবে।

ll
অভিনেত্রী ইয়ামি গৌতম

একটি সূত্র জানিয়েছে, ‘কাহানি ৩’ একেবারেই নতুন একটি গল্প। তবে এই ফ্র্যাঞ্চাইজির যে বিশেষ আকর্ষণ, সেটি ধরে রেখেই নতুন গল্প তৈরি করা হচ্ছে। ইয়ামি গৌতমের চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ এবং তার জন্য একটি শক্তিশালী চরিত্র তৈরি করা হয়েছে।

সূত্র আরো জানিয়েছে, পরিচালক সুজয় ঘোষ ‘কাহানি’র জগতকে নতুনভাবে উপস্থাপন করার জন্য কাজ করছেন। তিনি চান, নতুন সিনেমাটি যেন দর্শকদের কাছে নতুন মনে হয়, আবার একই সঙ্গে আগের সিনেমাগুলোর সেই পরিচিত রহস্য ও আবেগও ধরে রাখে।

২০১২ সালে মুক্তি পাওয়া ‘কাহানি’ সিনেমাটি বলিউডে ব্যাপক সাড়া ফেলেছিল। বিদ্যা বালানের অসাধারণ অভিনয়, রহস্যে ভরা গল্প এবং শেষ মুহূর্তের চমকের কারণে সিনেমাটি দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। এরপর ২০১৬ সালে মুক্তি পায় ‘কাহানি ২’, যেখানে আবারও প্রশংসিত হয় বিদ্যা বালানের অভিনয়।

পরিচালক সুজয় ঘোষ রহস্য, সাসপেন্স এবং আবেগনির্ভর গল্প তৈরির জন্য পরিচিত। ‘কাহানি’ সিরিজের প্রথম দুই সিনেমার সাফল্যের পর তার আবারও পরিচালনায় ফেরা নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

ইয়ামি গৌতমের নতুন চরিত্র এবং সুজয় ঘোষের পরিচালনায় ‘কাহানি ৩’ বলিউডের অন্যতম প্রতীক্ষিত থ্রিলার সিনেমা হতে যাচ্ছে বলে আশা করা হচ্ছে।

শিল্পকলায় আজ ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’

বিনোদন প্রতিবেদক
শিল্পকলায় আজ ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’
সংগৃহীত ছবি

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও আর্জেন্টিনার সাহিত্যিক ভিক্টোরিয়া ওকাম্পোর ঐতিহাসিক সম্পর্ককে কেন্দ্র করে নির্মিত নাটক ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’ আজ (শনিবার) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ হবে।

ম্যাড থেটারের প্রযোজনায় নাটকটি রচনা, পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন দলের প্রধান আসাদুল ইসলাম। এটি নাটকটির একাদশ প্রদর্শনী।

নাটকের কাহিনিতে উঠে এসেছে ১৯২৪ সালে পেরু সফরের পথে অসুস্থ হয়ে আর্জেন্টিনার সান ইসিদ্রোতে রবীন্দ্রনাথের অবস্থান এবং সেখানে তার পাঠিকা ভিক্টোরিয়া ওকাম্পোর সঙ্গে গড়ে ওঠা সখ্যের গল্প। সেই সময়ের আবেগ, সম্পর্ক ও স্মৃতিকে নাট্যরূপ দেওয়া হয়েছে এই প্রযোজনায়।

নাটকটিতে মাত্র দুটি চরিত্র। রবীন্দ্রনাথের ভূমিকায় অভিনয় করেছেন আসাদুল ইসলাম এবং ভিক্টোরিয়া চরিত্রে সোনিয়া হাসান। আলোক পরিকল্পনায় রয়েছেন আশরাফুল ইসলাম সায়ান এবং আবহসংগীত পরিচালনায় পৃথুলা।

শিকড়ের সন্ধানে এবার লক্ষ্মীপুরে ‘ইত্যাদি’

বিনোদন প্রতিবেদক
শিকড়ের সন্ধানে এবার লক্ষ্মীপুরে ‘ইত্যাদি’
সংগৃহীত ছবি

দেশের ইতিহাস, ঐতিহ্য ও লোকজ সংস্কৃতিকে তুলে ধরার ধারাবাহিকতায় জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র এবারের পর্ব ধারণ করা হয়েছে নদীবেষ্টিত উপকূলীয় জেলা লক্ষ্মীপুরে। অনুষ্ঠানটির মঞ্চ নির্মাণ করা হয় জেলা সদরের শতবর্ষী নবীন কিশোর উচ্চ বিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গণে, যা দালাল বাজার জমিদারবাড়ির স্মৃতিবিজড়িত একটি ঐতিহাসিক স্থান।

অনুষ্ঠানকে ঘিরে লক্ষ্মীপুরজুড়ে ছিল উৎসবের আমেজ। ধারণক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি দর্শকের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।

এবারের পর্বে থাকছে লক্ষ্মীপুরের কণ্ঠশিল্পী তানজিনা রুমা ও সাজিয়া সুলতানা পুতুলের গাওয়া বিশেষ গান, জেলা পরিচিতিমূলক নৃত্যগীত, জনপ্রিয় অভিনেত্রী দিলারা জামানের অংশগ্রহণ এবং এভারেস্টজয়ী প্রথম বাংলাদেশি নারী নিশাত মজুমদারের বিশেষ সাক্ষাৎকার।

এ ছাড়া লক্ষ্মীপুরের ইতিহাস-ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত এক জেলের জীবনসংগ্রাম নিয়ে প্রতিবেদন, বিদেশি পর্ব, কাশেম টিভি, চিঠিপত্র এবং সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে ব্যঙ্গাত্মক নাট্যাংশও থাকছে।

হানিফ সংকেত রচিত, পরিচালিত ও উপস্থাপিত ‘ইত্যাদি’ নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। অনুষ্ঠানটি আগামী ৩১ জুলাই, শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে।

‘লাভ আজ কাল পরশু’র টিজার প্রকাশ | কালের কণ্ঠ