• ই-পেপার

রাজধানীর তিন স্থানে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

শিক্ষা ভবনের সামনে নিরাপত্তা জোরদার

বিশেষ প্রতিনিধি
শিক্ষা ভবনের সামনে নিরাপত্তা জোরদার
ছবি: কালের কণ্ঠ

‎দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা কারণে চলমমান এইচএসসি পরীক্ষা স্থগিত রাখা এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আজও আন্দোলনে নেমেছে ২০২৬ সালের এইচএসসি পরিক্ষার্থীরা। তাদের দেওয়া কর্মসূচি ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রনালয়’ শিক্ষা ভবন ও সচিবালয় ঘেরাও এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি ঘিরে শিক্ষা ভবন মোড়ে ব্যারিকেড দিয়ে সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ। এছাড়াও, যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে জলকামান প্রস্তুত রাখা হয়েছে।

‎বুধবার (১৫ জুলাই) বিকেল ৩টায় শিক্ষা ভবন মোড়ে এমন দৃশ্য দেখা যায়। একইভাবে সচিবালয়ের চারপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সচিবালয়ের প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে বসানো হয়েছে কড়া প্রহরা। সচিবালয়ে আগত দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখা হয়েছে। নিয়োজিত রয়েছে অতিরিক্ত সংখ্যক নিরাপত্তাকর্মী। সচিবালয়ের ভেতরেও আইন শৃঙ্খলাবাহিনীর টহল জোরদার করা হয়েছে। সেখানে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা সাদা পোশাকে কর্তব্য পালন করছেন। 

‎জানা গেছে, দুপুর দেড়টা থেকে নিলক্ষেত মোড়, সাইন্সল্যাব মোড়,মিরপুর-১০, উত্তরা বিএনএস সেন্টারসহ রাজধানীর বিভিন্ন এলাকায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে আন্দোলন করতে দেখা যায়।

‎শিক্ষামন্ত্রীর মোবাইল ফোনে কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে মন্ত্রী পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ সম্বোধন করেছেন বলে অভিযোগ করা হয়। পাশাপাশি পদার্থবিজ্ঞান প্রথমপত্রে প্রশ্নপত্র ভুল থাকা নিয়েও বিতর্ক ওঠে। এতে ক্ষুব্ধ হন পরীক্ষার্থীরা।

‎এরপর তারা আট দফা দাবি নিয়ে মাঠে নামেন। পরে সেটা তিন দফা দাবিতে পরিণত হয়। তাতে বলা হয়, উপযোগী পরিবেশ না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত রাখতে হবে। পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নে সম্পূর্ণ নম্বর দিতে হবে এবং শিক্ষামন্ত্রীকে ক্ষমা চাইতে হবে। শিক্ষার্থীদের তিন দফা দাবি বর্তমানে এক দফায় রূপ নিয়েছে। তাদের দাবি, শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে।

রাজধানীর উত্তরার সড়ক এড়িয়ে চলার পরামর্শ পুলিশের

অনলাইন ডেস্ক
রাজধানীর উত্তরার সড়ক এড়িয়ে চলার পরামর্শ পুলিশের
সংগৃহীত ছবি

উত্তরার সড়ক এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক গুলশান বিভাগ। বুধবার (১৫ জুলাই) এক বার্তায় এ তথ্য জানিয়েছে তারা। বার্তায় বলা হয়, বর্তমানে উত্তরা বিএনএস টাওয়ারের সামনে এবং ইসিবি চত্বরের উভয় পাশে সড়ক অবরোধ করে আন্দোলন চলমান থাকায় সংশ্লিষ্ট সড়কগুলোতে যান চলাচল বন্ধ রয়েছে।

এর ফলে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের এয়ারপোর্টমুখী অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যানবাহনের দীর্ঘ সারি এরই মধ্যে কুড়িল ফ্লাইওভার পর্যন্ত পৌঁছে গেছে।

এতে আরো বলা হয়, নাগরিকদের সম্ভব হলে বিকল্প সড়ক ব্যবহার করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। ট্রাফিক পুলিশ পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৬

অনলাইন ডেস্ক
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৬

রাজধানীতে অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৪৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে মিরপুর এলাকা থেকে সবচেয়ে বেশি ৯৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৫৮টি মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) সকালে ডিএমপির অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ২৬, লালবাগে ৩১, ওয়ারীতে ৬৩, মতিঝিলে ৪১, তেজগাঁওয়ে ৫২, মিরপুরে ৯৯, গুলশানে ৫৫, উত্তরায় ৫৬, সিটিটিসি ৮ জন ও গোয়েন্দা বিভাগ থেকে ৫ জনকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপি আরো জানায়, গ্রেপ্তারদের কাছ থেকে ১১ হাজার ১২৭টি ইয়াবা, ৫৫ কেজি ৪৩০ গ্রাম গাঁজা, ৩ দশমিক ৪ গ্রাম হেরোইন, ৫৫০ বোতল এস্কাফ, ২০ লিটার দেশীয় মদ, ১টি সাউন্ড বক্স, ১টি কাটিং প্লাইয়ার্স, ১টি প্লাস্টিকের কাঁচি, ১টি কলকি, ২২টি মোবাইল ফোন, ১টি মাইক্রোবাস, ১টি প্রাইভেট কার, ১টি পরিমাপক যন্ত্র, ২৪টি সিম কার্ড, ১৭ হাজার ৮০০ টাকা ও ২ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।

রাজধানীতে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল শিশুর

অনলাইন ডেস্ক
রাজধানীতে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল শিশুর
সংগৃহীত ছবি

রাজধানীর তেজগাঁও বেগুনবাড়ি এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় নওরীন (৩) নামে এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে বেগুনবাড়ি মসজিদ মার্কেটের পাশে ঢালে এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে,  মুমূর্ষু অবস্থায় শিশু নওরীনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক সন্ধ্যা পৌনে ৭টায় মৃত ঘোষণা করেন। 

শিশুর বাবা মো. নাজিম জানান, তারা বেগুনবাড়িতে থাকেন। তাদের গ্রামের বাড়ি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায়। তিনি পেশায় রিকশাচালক আর শিশুটির মা শিরিন আক্তার গৃহিণী। তাদের একমাত্র সন্তান নওরীন। বিকেলে বাবা-মা দুজনের হাত ধরে বাসার সামনে বের হয়েছিল। তখন বাবার হাত থেকে ছুটে রাস্তা পার হওয়ার জন্য দৌড় দেয় শিশুটি। সঙ্গে সঙ্গে একটি অটোরিকশা এসে তাকে সজরে ধাক্কা দেয়। ছিটকে রাস্তায় পড়লে মাথায় গুরুতর আঘাত পায় সে।

তিনি আরো জানান, নওরীনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য নিহত শিশুর মরদেহ মর্গে রাখা হয়েছে।