• ই-পেপার

সিএজেএফের শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা

‘শিশুদের পরিবেশ সচেতন করে গড়ে তোলার কোনো বিকল্প নেই’

রাজধানীতে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল শিশুর

নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল শিশুর
সংগৃহীত ছবি

রাজধানীর তেজগাঁওয়ে অটোরিকশার ধাক্কায় নওরীন নামের তিন বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে বেগুনবাড়ী মসজিদ মার্কেটের পার্শ্ববর্তী ঢালে এই দুর্ঘটনা ঘটে।
 
নিহত শিশুর বাবা মো. নাজিম জানান, তাদের গ্রামের বাড়ি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায়। তারা বেগুনবাড়িতে থাকেন। তিনি পেশায় রিকশাচালক আর শিশুটির মা শিরিন আক্তার গৃহিণী। তাদের একমাত্র সন্তান নওরীন। বিকেলে বাবা-মা দুজনের হাত ধরে বাসার সামনে বের হয়েছিল। তখন বাবার হাত থেকে ছুটে রাস্তা পার হওয়ার জন্য দৌড় দেয় শিশুটি। সঙ্গে সঙ্গে একটি অটোরিকশা এসে তাকে সজোরে ধাক্কা দেয়। ছিটকে রাস্তায় পড়লে মাথায় গুরুতর আঘাত পায় সে।

নাজিম আরো জানান, সঙ্গে সঙ্গে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

স্বাস্থ্যকর খাদ্য নিশ্চিতে প্যাকেটের সামনে সতর্কবার্তার দাবি জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের

অনলাইন ডেস্ক
স্বাস্থ্যকর খাদ্য নিশ্চিতে প্যাকেটের সামনে সতর্কবার্তার দাবি জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের
রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে এফওপিএল বিষয়ক গণমাধ্যম প্রচারাভিযান শীর্ষক মিডিয়া অ্যাডভোকেসি কর্মশালায় অতিথিরা।

অসংক্রামক রোগ প্রতিরোধ, জনস্বাস্থ্য সুরক্ষা এবং ভোক্তার তথ্য জানার অধিকার নিশ্চিত করতে বাংলাদেশে দ্রুত ফ্রন্ট অব প্যাক লেবেলিং (এফওপিএল) নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, আইনজ্ঞ ও গণমাধ্যমকর্মীরা। একই সঙ্গে এসডিজি ৩.৪ অর্জনে গণমাধ্যমকে আরো সক্রিয় ভূমিকা পালনেরও আহ্বান জানানো হয়।

রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে ঢাকা আহ্ছানিয়া মিশনের আয়োজনে ‘বাংলাদেশে প্যাকেটজাত খাদ্যের সামনের অংশে লেবেলিং (এফওপিএল) বিষয়ক গণমাধ্যম প্রচারাভিযান’ শীর্ষক মিডিয়া অ্যাডভোকেসি কর্মশালায় বক্তারা এ আহ্বান জানান। 

বক্তারা বলেন, ‘বর্তমানে প্যাকেটজাত খাদ্যের পুষ্টিগত তথ্য সাধারণ ভোক্তার জন্য সহজে বোঝা যায় না। ফলে অনেকেই অজান্তেই অতিরিক্ত চিনি, লবণ ও অস্বাস্থ্যকর চর্বিযুক্ত খাবার গ্রহণ করছেন। প্যাকেটের সামনের অংশে সহজ ও স্পষ্ট সতর্কবার্তা থাকলে স্বাস্থ্যকর খাদ্য বেছে নেওয়া সহজ হবে।’

কর্মশালায় বক্তারা জানান, ‘বিশ্বের বিভিন্ন দেশে এফওপিএল কার্যকরভাবে বাস্তবায়িত হয়েছে। বাংলাদেশেও এটি চালু হলে ভোক্তারা সচেতন সিদ্ধান্ত নিতে পারবেন, খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোও আরো স্বাস্থ্যসম্মত পণ্য উৎপাদনে উৎসাহিত হবে। এতে দীর্ঘমেয়াদে অসংক্রামক রোগের ঝুঁকি কমবে।

বক্তারা আরো বলেন, ‘বর্তমানে প্রস্তাবিত এফওপিএল বিধিমালার খসড়া খাদ্য মন্ত্রণালয়ের পর্যালোচনাধীন রয়েছে। নীতিমালা দ্রুত চূড়ান্ত করতে এবং জনসচেতনতা বাড়াতে প্রমাণভিত্তিক সংবাদ ও ধারাবাহিক গণমাধ্যম প্রচারের ওপর গুরুত্বারোপ করা হয়।’

কর্মশালার শেষে বাংলাদেশে কার্যকর এফওপিএল বাস্তবায়নে ইতিবাচক জনমত গড়ে তোলা এবং নীতিমালা প্রণয়নে সহায়ক পরিবেশ তৈরিতে গণমাধ্যম, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, নাগরিক সমাজ ও সংশ্লিষ্ট অংশীজনের সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

সদস্যদের সুরক্ষায় বিজেসির উদ্যোগ

স্বাস্থ্য বীমার চেক পেলেন ১৮ সাংবাদিক

অনলাইন ডেস্ক
স্বাস্থ্য বীমার চেক পেলেন ১৮ সাংবাদিক

দেশের সম্প্রচার সাংবাদিকদের সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) তাদের সদস্যদের স্বাস্থ্য, সুরক্ষা ও কল্যাণে ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে ১৮ জন সদস্যের হাতে ‘আফজালুর রহমান স্বাস্থ্য বীমা’র চেক তুলে দিয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) রাজধানীর বাংলামোটরে বিজেসি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সুবিধাভোগী সদস্যদের হাতে স্বাস্থ্য বীমার মোট ৬ লাখ ২০ হাজার ৪৬৪ টাকার চেক তুলে দেন সংগঠনের চেয়ারম্যান ফাহিম আহমেদ। অনুষ্ঠানে আরো ছিলেন বিজেসির সদস্যসচিব ইলিয়াস হোসেন এবং ট্রেজারার মানস ঘোষ।

বিজেসির নিয়ম অনুযায়ী, কোনো সদস্য অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিলে এই স্বাস্থ্য বীমার জন্য আবেদন করতে পারেন। সংগঠনের ‘কল্যাণ ও সুরক্ষা কমিটি’ যথাযথ যাচাই-বাছাই শেষে সুবিধাভোগীদের চূড়ান্ত তালিকা প্রস্তুত করে। বিজেসির ট্রাস্টি হারুন অর রশীদ তালুকদারের নেতৃত্বে এই কমিটিতে সদস্যসচিব হিসেবে রয়েছেন বিজেসির নির্বাহী শাহনাজ শারমীন। এ ছাড়া কমিটির সদস্য হিসেবে রয়েছেন নির্বাহী শামসুল হুদা, শহীদ আহমেদ এবং যুগ্ম নির্বাহী মনিরা ফেরদৌসী ও সালাম ফারুক।

সভাপতির বক্তব্যে বিজেসির চেয়ারম্যান ফাহিম আহমেদ বলেন, সদস্যরাই বিজেসির প্রাণ। তাদের যেকোনো বিপদ-আপদে পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। বর্তমান সময়ে চিকিৎসা খরচ যেভাবে বাড়ছে, তাতে এই স্বাস্থ্য বীমা সুবিধাভোগীদের বড় ধরনের মানসিক ও আর্থিক স্বস্তি দেবে বলে আমার বিশ্বাস। সদস্যদের পাশে দাঁড়াতে পেরে বিজেসি অত্যন্ত আনন্দিত এবং ভবিষ্যতেও এই মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।

সংগঠনের সদস্যসচিব ইলিয়াস হোসেন বলেন, বিজেসি সব সময়ই সদস্যদের পেশাগত ও ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে। এ পর্যন্ত সংগঠনের তিন শতাধিক সদস্যকে স্বাস্থ্য বীমার আওতায় আনা সেই প্রয়াসেরই অংশ। বিজেসি ১০ কোটি টাকার একটি বিশাল কল্যাণ তহবিল গঠনের স্বপ্ন দেখছে, যার লভ্যাংশ দিয়ে ভবিষ্যতে সদস্যদের পাশাপাশি তাদের স্ত্রী ও সন্তানদেরও এই সুবিধার আওতায় আনা সম্ভব হবে।

বিজেসির কল্যাণ ও সুরক্ষা কমিটির আহ্বায়ক ও ট্রাস্টি হারুন অর রশীদ তালুকদার বলেন, সঠিক ও যোগ্য ব্যক্তি যেন এই সুবিধা পান, তা নিশ্চিত করতে প্রতিটি আবেদন অত্যন্ত গুরুত্বের সঙ্গে যাচাই-বাছাই করা হয়। প্রয়োজনে আমরা সরেজমিনেও তথ্য যাচাই করি।

বীমার চেক পেয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে সংগঠনের একজন সদস্য বলেন, বর্তমান সময়ে চিকিৎসার খরচ মেটাতে হিমশিম খেতে হয়। বিজেসির এই বীমা সহায়তা আমার জন্য বিশেষ উপকার বয়ে এনেছে। সংগঠনের এই কল্যাণমুখী কাজ সত্যিই প্রশংসনীয়।

আরেকজন সদস্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সংগঠন যে সদস্যদের শুধু পেশাগত নয়, ব্যক্তিগত জীবনের সুরক্ষাকেও সমান গুরুত্ব দেয়—আজকের এই আয়োজন তারই প্রমাণ।

উল্লেখ্য, কোনো বীমা প্রতিষ্ঠানের সহায়তা ছাড়াই সম্পূর্ণ নিজস্ব ব্যবস্থাপনায় ২০১৯ সাল থেকে বিজেসি এই মানবিক সেবা দিয়ে আসছে। একজন সদস্য একবারে সর্বোচ্চ ৫০ হাজার এবং বছরে সর্বোচ্চ দেড় লাখ টাকা পর্যন্ত এই বীমা সুবিধা পেয়ে থাকেন। গত ৭ বছরে এই কার্যক্রমের আওতায় এ পর্যন্ত ৩৩২ জন সদস্যকে মোট ৯২ লাখ ৩১ হাজার ৮৪২ টাকা দেওয়া হয়েছে।

বুধবার মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচি ঘোষণা

অনলাইন ডেস্ক
বুধবার মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচি ঘোষণা
সংগৃহীত ছবি

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এইচএসসি ও সমমান পরীক্ষা গ্রহণের কারণে আগামীকাল বুধবার মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৩টার দিকে উত্তরার আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া। এ সময় আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের পদত্যাগ দাবি করে আলটিমেটাম দেন। পরে বুধবার মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচি ঘোষণা দিয়ে উত্তরা বিএনএস সেন্টারের সড়ক থেকে সরে যান তারা।

এদিকে একই দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস এলাকায় বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এখন মুখোমুখি অবস্থানে আছে দুই পক্ষ। ক্যাম্পাসে বিজিবি মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে শেষ খবর পাওয়া পর্যন্ত এমন পরিস্থিতি দেখা গেছে। শিক্ষার্থীরা নীলক্ষেত থেকে টিএসসিগামী সড়কে অবস্থান নিয়েছেন। সেখানে পুলিশও অবস্থান করছে। পুলিশ ও আন্দোলনকারীদের মুখোমুখি অবস্থানের মধ্যে এক পাশে আছেন ছাত্রদলের নেতাকর্মীরাও।

এর আগে টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে গতকাল সোমবার এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্স ল্যাব মোড় এক ঘণ্টা অবরোধ করেন। পরে তারা টিএসসি হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যান। ভিসি চত্বরের সামনে দুপুর সোয়া ১টার দিকে পুলিশ তাদের সরিয়ে দেয়। এর পরই শিক্ষার্থীরা নীলক্ষেত থেকে টিএসসিগামী সড়কে অবস্থান নেন।