• ই-পেপার

এআই ক্যামেরার পর ‘প্লাগ অ্যান্ড প্লে’ প্রযুক্তি আনছে ডিএমপি

রাজধানীর একাধিক স্থানে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

অনলাইন ডেস্ক
রাজধানীর একাধিক স্থানে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
সংগৃহীত ছবি

রাজধানীর সায়েন্সল্যাব মোড়সহ একাধিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টার দিকে রাজধানীর শাহবাগ, উত্তরার বিএনএস সেন্টার এবং সায়েন্সল্যাব মোড়ে পরীক্ষার্থীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

বিক্ষোভ থেকে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এইচএসসি ও সমমান পরীক্ষা গ্রহণের কারণে শিক্ষার্থী-অভিভাবকদের ভোগান্তির কারণে তারা এ দাবি তোলেন।

ঢাকার বাইরে রাজশাহী, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম বোর্ডের সামনেও অবরোধ ও বিক্ষোভ করার ঘোষণা দিয়েছেন তারা।

একই সঙ্গে শিক্ষার্থীরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নপত্রে ভুল এবং প্রশ্নের মান নিয়ে প্রশ্ন তোলেন। যদিও গতকাল সোমবার রাতে বোর্ড এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, চলমান এইচএসসি পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্রে কোনো ভুল থাকলে পুরো নম্বর দেওয়া হবে।

এতে বলা হয়, পদার্থবিজ্ঞান পরীক্ষার সৃজনশীল অংশের ৬ ও ৭ নম্বর প্রশ্ন নিয়ে বিভিন্ন মাধ্যমে ওঠা অভিযোগ গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হচ্ছে। পর্যালোচনায় যদি সংশ্লিষ্ট কোনো প্রশ্নে ত্রুটি বা অসংগতি প্রমাণিত হয়, তবে প্রচলিত মূল্যায়ন নীতিমালা অনুযায়ী পরীক্ষার্থীদের স্বার্থ সম্পূর্ণভাবে সংরক্ষণ করা হবে।

বিক্ষোভকারী শিক্ষার্থীদের প্রধান তিনটি দাবি হলো—পরীক্ষা নেওয়ার উপযোগী পরিস্থিতি তৈরি না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত করা, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নের ভুলের কারণে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের নম্বর দেওয়া এবং পরীক্ষা ব্যবস্থার পরিবর্তন করা। এসব দাবি মেনে না নেওয়া হলে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন।

২৪ ঘণ্টায় রাজধানীতে ৩৭৭ জন গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
২৪ ঘণ্টায় রাজধানীতে ৩৭৭ জন গ্রেপ্তার

২৪ ঘণ্টায় রাজধানীতে অভিযান চালিয়ে ৩৭৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সময়ে বিভিন্ন থানায় ৪১টি মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৪০ জন, লালবাগে ২৬ জন, ওয়ারীতে ৫৫ জন, মতিঝিলে ২৫ জন, তেজগাঁওয়ে ৬৪ জন, মিরপুরে ৮৫ জন, গুলশানে ৩২ জন, উত্তরা বিভাগে ৪৩ জন এবং গোয়েন্দা (ডিবি) বিভাগে ৭ জন রয়েছে।

ডিএমপি আরও জানায়, অভিযান চলাকালে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৩ হাজার ৩০টি ইয়াবা, ৫৫ কেজি ২৩০ গ্রাম গাঁজা, ১ হাজার ২০০ বোতল ফেনসিডিল, একটি প্রাইভেটকার, দুটি মাইক্রোবাস, একটি তালা কাটার মেশিন, ছয়টি মোবাইল ফোন সেট এবং ৩৩০ টাকা উদ্ধার করা হয়। এ ছাড়া একজন ভুক্তভোগীকে উদ্ধার করেছে পুলিশ। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। এদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

টানা ৬ দিন বৃষ্টির পর ঢাকায় রোদের হাসি

অনলাইন ডেস্ক
টানা ৬ দিন বৃষ্টির পর ঢাকায় রোদের হাসি
ছবি: মঞ্জুরুল করিম

রাজধানী ঢাকায় টানা ছয় দিন বৃষ্টির পর অবশেষে রোদের দেখা মিলেছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে আকাশ কিছুটা মেঘলা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘ কেটে উঁকি দেয় সূর্য। সেই সঙ্গে গরমের দাপটও অনুভূত হয়। তবে এমন পরিস্থিতি স্থায়ী নাও হতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, দুপুরের মধ্যে ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বাড়বে তাপমাত্রা। 

এদিকে টানা ছয়দিন বৃষ্টির কারণে রাজধানীজুড়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। অধিকাংশ সড়ক থেকে পানি নেমে গেলেও অলিগলিতে এখনো পানি জমে আছে। এতে যাতায়াতে কিছুটা সমস্যা হলেও বেলা ১১টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত বৃষ্টি না হওয়ায় স্বস্তিতে চলাফেরা করছেন লোকজন। 

অন্যদিকে রোদ উঠলেও দুপুরের মধ্যে ঢাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সংস্থাটি বলছে, এ সময়ের মধ্যে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ ছাড়া তাপমাত্রা হালকা বাড়তে পারে।  

 

ঢাকার বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

অনলাইন ডেস্ক
ঢাকার বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় দুপুরের মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে তাপমাত্রা বাড়তে পারে বলেও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। 

মঙ্গলবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ ছাড়া বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রা হালকা বাড়তে পারে। 

এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৪০ মিলিমিটার বৃষ্টি ঝরেছে।