• ই-পেপার

শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় আগুনের ঘটনায় কমিটি গঠন

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, কমবে গরম

অনলাইন ডেস্ক
ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, কমবে গরম

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় দুপুরের মধ্যে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে আকাশ মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া গরমের দাপট কমতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। 

শনিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

আরো পড়ুন
শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় আগুনের ঘটনায় কমিটি গঠন

শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় আগুনের ঘটনায় কমিটি গঠন

 

এতে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ৯০ শতাংশ। 
 

ঢাকার কিছু এলাকার জন্য ডিএমপির বিশেষ নির্দেশনা, গণবিজ্ঞপ্তি

অনলাইন ডেস্ক
ঢাকার কিছু এলাকার জন্য ডিএমপির বিশেষ নির্দেশনা, গণবিজ্ঞপ্তি

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন (বাজেট অধিবেশন) শুরু হচ্ছে গতকাল রবিবার (৭ জুন)। এ অধিবেশন ঘিরে শনিবার (৬ জুন) থেকে রাজধানীর কিছু এলাকায় আগ্নেয়াস্ত্র বহনসহ সব ধরনের শোভাযাত্রা-বিক্ষোভ ও মিছিল-সমাবেশে নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (৫ জুন) ডিএমপি কমিশনার মোসলেহ্‌ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই অধিবেশন নির্বিঘ্নে করতে শেরেবাংলা নগরস্থ জাতীয় সংসদ ভবন ও পার্শ্ববর্তী এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা করা প্রয়োজন। এ অবস্থায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নম্বর-III/৭৬)-এর ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে নিম্নলিখিত এলাকায় শনিবার রাত ১২টা থেকে সব ধরনের অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য ও অন্যান্য ক্ষতিকারক এবং দূষণীয় দ্রব্য বহন ছাড়াও যে কোনো ধরনের সমাবেশ, মিছিল-শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ ঘোষণা করা হলো। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।

এলাকাগুলো হলো, ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামোটর ক্রসিং, বাংলামোটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা, পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট, মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমন্ডি-১৬ (পুরাতন-২৭) নম্বর সড়কের সংযোগস্থল, বেগম রোকেয়া সরণির সংযোগস্থল থেকে পুরাতন নবম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণি পর্যটন ক্রসিং, ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্ত, জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং এ সীমানার মধ্যে অবস্থিত সব রাস্তা ও গলিপথ।

শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় আগুন, ১৪ মিনিটে নিয়ন্ত্রণ

নিজস্ব প্রতিবেদক
শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় আগুন, ১৪ মিনিটে নিয়ন্ত্রণ
সংগৃহীত ছবি

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ জুন) রাত ১১টার দিকে বিমানবন্দরের ৯ নম্বর গেটসংলগ্ন কার্গো এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের দ্রুত চেষ্টায় ১৪ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি কর্মকর্তা শফিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত ১১টা ২৪ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে রাত ১১টা ৩৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। আগুনের উৎস ও সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলে জানা গেছে।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আসার পর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে নিরাপত্তার স্বার্থে কার্গো এলাকার কিছু অংশে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

এর আগে শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে। গত বছরের ১৮ অক্টোবর দুপুর আড়াইটার দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্সে ভয়াবহ আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১৩টি স্টেশনের ৩৭টি ইউনিটকে কাজ করতে হয়। প্রায় সাড়ে ছয় ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এসময় বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। আগুন নেভানোর কাজে অংশ নিয়ে আনসার বাহিনীর ২৫ সদস্যসহ অন্তত ৩৫ জন আহত হন। ওই ঘটনায় কার্গো এলাকায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছিল এবং বিমানবন্দরের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

রাজধানীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু
প্রতীকী ছবি

রাজধানীর শ্যামপুরে ট্রেনের ধাক্কায় আনুমানিক ৫৫ থেকে ৬০ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) বিকেল সোয়া ৫টার দিকে জুরাইন রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি। দুর্ঘটনার সময় তার পরনে ছিল কালো রঙের পাঞ্জাবি ও চেক লুঙ্গি।

হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. আবু জাফর জানান, বিকেলে জুরাইন রেলক্রসিং এলাকায় ওই ব্যক্তি রাস্তা পার হচ্ছিলেন। এ সময় নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা কমলাপুরগামী একটি ট্রেন তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।

আবু জাফর আরো জানান, দুর্ঘটনার পরপরই তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় আদ্‌-দ্বীন হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে সেখান থেকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহটি বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে থানাকে (জিআরপি) অবগত করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।