• ই-পেপার

রকমারি বেস্ট সেলার অ্যাওয়ার্ড পেলেন ৪ লেখক

মহাখালী টার্মিনালের ‘পড়ে থাকা’ বাস পূর্বাচলে স্থানান্তর শুরু

অনলাইন ডেস্ক
মহাখালী টার্মিনালের ‘পড়ে থাকা’ বাস পূর্বাচলে স্থানান্তর শুরু

রাজধানীর যানজট নিরসন ও গণপরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলতা আনতে মহাখালী বাস টার্মিনালে ‘অলস পড়ে থাকা’ বাসগুলো পূর্বাচলে নবনির্মিত অস্থায়ী ডিপোতে স্থানান্তর কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার (১৫ জুলাই) দুপুরে মহাখালী বাস টার্মিনালের সামনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে স্থানান্তর কার্যক্রম উদ্বোধন করেন সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মহাখালী বাস টার্মিনাল থেকে পূর্বাচলের অস্থায়ী ডিপোতে বাস স্থানান্তরের মাধ্যমে রাজধানীর গুরুত্বপূর্ণ এ এলাকায় যানজট কমানো, যাত্রীসেবা উন্নত করা এবং সড়ক ব্যবস্থাপনাকে আরো কার্যকর করা সম্ভব হবে। একই সঙ্গে এ উদ্যোগ নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

যানজটকে ‘বড় সমস্যা’ হিসেবে অভিহিত করে শিমুল বিশ্বাস বলেন, এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য ঢাকার ভেতরের টার্মিনালগুলোকে পুনর্বিন্যাস করার পরিকল্পনা করা হয়েছে। তারই অংশ হিসাবে মহাখালী টার্মিনালে অযথা পড়ে থাকা বাসগুলোকে সরিয়ে পূর্বাচলে নেওয়া হচ্ছে। এগুলোর যখন ট্রিপ হবে, সে অনুযায়ী বাসগুলো টার্মিনালে সিরিয়াল অনযায়ী ঢুকবে।

উদ্বোধন শেষে আনুষ্ঠানিকভাবে ২০টি বাস স্থানান্তরের মাধ্যমে এ কার্যক্রমের সূচনা করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন।

ঢামেকে চিকিৎসাধীন কারাবন্দির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
ঢামেকে চিকিৎসাধীন কারাবন্দির মৃত্যু
প্রতীকী ছবি

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মিন্টু ভূঁইয়া (৬১) নামের এক কারাবন্দির (হাজতি) মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) বিকেল সোয়া ২টার দিকে হাসপাতালের মেডিসিন বিভাগের ৬০২ নম্বর ওয়ার্ডে তার মৃত্যু হয়।

জানা গেছে, ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ)-এ বন্দি থাকা অবস্থায় মিন্টু ভূঁইয়া অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে গত ৯ জুলাই কারারক্ষীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বিকেলে তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

মারা যাওয়া হাজতি মিন্টু ভূঁইয়া কী মামলায় কারাগারে বন্দি ছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

অজ্ঞান পার্টির খপ্পরে আইনজীবীর সহকারী, খোয়ালেন লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক
অজ্ঞান পার্টির খপ্পরে আইনজীবীর সহকারী, খোয়ালেন লাখ টাকা
ফাইল ছবি

রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকি এলাকা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে কামরুল ইসলাম (৪৫) নামের এক আইনজীবীর সহকারীকে। 

বুধবার (১৫ জুলাই) দুপুরে পল্টনে একটি যাত্রীবাহী বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন তিনি। স্বজনদের অভিযোগ, তার কাছে থাকা প্রায় এক লাখ টাকা ছিনিয়ে নিয়েছে অজ্ঞান পার্টির সদস্যরা।

ভুক্তভোগী কামরুল ইসলাম কামরাঙ্গীরচরের খোলামোড়া ঘাট এলাকায় সপরিবারে নিজস্ব ফ্ল্যাটে থাকেন।

কামরুলকে হাসপাতালে নিয়ে আসা তার সহকর্মী জাহান খান জানান, দুপুর সাড়ে ১২টার দিকে জজকোর্টের চেম্বারের কাজ শেষ করেন কামরুল। এরপর পুরানা পল্টনের একটি রিয়েল এস্টেট অফিসে যাওয়ার উদ্দেশ্যে জজকোর্টের সামনে থেকে ‘ভিক্টর ক্লাসিক’ পরিবহনের একটি বাসে ওঠেন। বাসের ভেতরেই অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অচেতন হয়ে পড়েন তিনি। পরে বাসের কর্মচারীরা তাকে অচেতন অবস্থায় বিজয়নগর পানির ট্যাংকি এলাকায় নামিয়ে দিয়ে চলে যায়।

জাহান খান আরো জানান, স্থানীয় লোকজন প্রথমে কামরুলকে উদ্ধার করে ইসলামিয়া হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে সহকর্মীরা সেখান থেকে তাকে উদ্ধার করে দুপুর ২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। কামরুলের কাছে প্রায় এক লাখ টাকা ছিল, যা এখন আর পাওয়া যাচ্ছে না। তার জ্ঞান ফিরলে বিস্তারিত জানা যাবে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে তার চিকিৎসা চলছে।

নিবন্ধনের দাবিতে ৪ বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারীদের পদযাত্রা

নিজস্ব প্রতিবেদক
নিবন্ধনের দাবিতে ৪ বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারীদের পদযাত্রা

পেশাগত নিবন্ধন এবং সীমিত পরিসরে প্রাইভেট প্র্যাকটিসের সুযোগের দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ ও পদযাত্রা করেছেন ৪ বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারীরা। তারা সরকারপ্রধানের সঙ্গে সাক্ষাতের দাবি জানান।

বুধবার (১৫ জুলাই) সকালে বাংলাদেশ ডেন্টাল পরিষদ এ কর্মসূচির আয়োজন করে। আয়োজকদের দাবি, এতে দেশের বিভিন্ন ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) ডেন্টাল অনুষদের শিক্ষার্থী, পেশাজীবী এবং বিভিন্ন জেলা থেকে আগত প্রায় পাঁচ হাজার ডেন্টাল ডিপ্লোমাধারী এতে অংশ নেন। এছাড়া সংগঠনের কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা ও মহানগর পর্যায়ের নেতারাও উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিভিন্ন সিদ্ধান্ত এবং স্বাস্থ্য অধিদপ্তরের নির্ধারিত কর্মপরিধির আলোকে ৪ বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারীদের জন্য বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলর (বিএমডিসি) মাধ্যমে সীমিত পরিসরে পেশাগত নিবন্ধনের ব্যবস্থা করা প্রয়োজন। তাদের ভাষ্য, রাষ্ট্র-স্বীকৃত এই কোর্সের শিক্ষার্থীদের জন্য সরকার নিজেই পাঠ্যক্রম প্রণয়ন, ভর্তি, পরীক্ষা, ক্লিনিক্যাল প্রশিক্ষণ, সনদ প্রদান এবং সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে নিয়োগের ব্যবস্থা করেছে। এমনকি স্বাস্থ্য অধিদপ্তর তাদের জন্য নির্দিষ্ট কর্মপরিধিও নির্ধারণ করে দিয়েছে। তবু তারা দীর্ঘদিন ধরে বিএমডিসির নিবন্ধন এবং নির্ধারিত কর্মপরিধির আওতায় সীমিত পরিসরে প্রাইভেট প্র্যাকটিসের সুযোগ থেকে বঞ্চিত রয়েছেন।

বাংলাদেশ ডেন্টাল পরিষদের মহাসচিব লায়ন মুহাম্মদ কামাল বলেন, হাজার হাজার প্রশিক্ষিত ডেন্টাল ডিপ্লোমাধারী বর্তমানে কর্মসংস্থানের সংকট, পেশাগত বৈষম্য ও অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। এ ছাড়া কোর্সের নাম ও সিলেবাসের অসংগতির কারণে বিদেশে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রেও নানা জটিলতার মুখোমুখি হতে হচ্ছে। কোর্সের নাম পরিবর্তনের বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় একাধিকবার উদ্যোগ নিলেও তা এখনো বাস্তবায়িত হয়নি।

বক্তারা আরো দাবি করেন, সমযোগ্যতাসম্পন্ন মেডিক্যাল অ্যাসিস্ট্যান্টরা বিএমডিসি আইন, ২০১০-এর ১৫ ধারা ও পঞ্চম তফসিল অনুযায়ী নিবন্ধনের সুযোগ পাচ্ছেন। এ ছাড়া বিএমডিসি আইন, ১৯৮০-এর ১৫(৩) ধারা অনুযায়ী প্রাতিষ্ঠানিক যোগ্যতা না থাকা সত্ত্বেও জীবিকার প্রয়োজনে একটি বৃহৎ জনগোষ্ঠীকে নিবন্ধন দেওয়া হয়েছে এবং সেই নিবন্ধন এখনো নবায়ন করা হচ্ছে। অথচ রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত ৪ বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারীরা একই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন, যা তাদের মতে সংবিধানের ১৯, ২৬, ২৭ ও ৪০ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক।

তারা সরকারের প্রতি অনতিবিলম্বে বিএমডিসি আইন, ২০১০-এর ৩৫ ধারার আওতায় তফসিল সংশোধন অথবা একই আইনের ৩৬ ধারার অধীনে ৪ বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারীদের জন্য পৃথক বিধিমালা প্রণয়নের দাবি জানান।

রকমারি বেস্ট সেলার অ্যাওয়ার্ড পেলেন ৪ লেখক | কালের কণ্ঠ