• ই-পেপার

১০ মাসের প্রকল্প শেষ হয়নি ১৮ মাসেও, তুলে নেওয়া হলো পুরো বিল

নেশার টাকা নিয়ে বিরোধ, রাঙামাটিতে মায়ের দায়ের কোপে ছেলের মৃত্যু

রাঙামাটি সংবাদদাতা
নেশার টাকা নিয়ে বিরোধ, রাঙামাটিতে মায়ের দায়ের কোপে ছেলের মৃত্যু
ফাইল ছবি

রাঙামাটি শহরে নেশার টাকার দাবিকে কেন্দ্র করে পারিবারিক কলহের জেরে মায়ের দায়ের কোপে সাকিবুল ইসলাম নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৫ জুলাই) বিকেলে শহরের তবলছড়ি এলাকার আসামবস্তি মির্জা টিলার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, সাকিবুল ইসলাম নেশাগ্রস্ত অবস্থায় পরিবারের সদস্যদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে নেশার টাকা নিয়ে মায়ের সঙ্গে তীব্র বিরোধ সৃষ্টি হলে তার মা রেখা ইসলাম ক্ষিপ্ত হয়ে দা দিয়ে তাকে আঘাত করেন।

পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা সাকিবুলকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাঙামাটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিক্যাল কর্মকর্তা ডা. ফুহাদ হাসান খান জানান, হাসপাতালে আনার আগেই অতিরিক্ত রক্তক্ষরণে ওই যুবকের মৃত্যু হয়েছে। মরদেহের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন বলেন, পারিবারিক কলহের জেরে মায়ের দায়ের কোপে ছেলের মৃত্যু হয়েছে। ঘটনার পর নিহতের মা ও বাবাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পরশুরাম সীমান্তে ৭ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

ফেনী প্রতিনিধি
পরশুরাম সীমান্তে ৭ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ
সংগৃহীত ছবি

ফেনীর পরশুরাম সীমান্ত দিয়ে সাতজন ভারতীয় নাগরিককে বাংলাদেশে জোরপূর্বক পুশ ইনের চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তাৎক্ষণিক তৎপরতা ও কঠোর অবস্থানের মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়।

শনিবার (২৫ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধীন শ্রীপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২১৪৫-এর নিকটবর্তী দুর্গাপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান।

তিনি জানান, ভারতের ৪৩ রাজনগর বিএসএফ ক্যাম্পের একটি টহল দল ছয়জন নারী ও এক ছেলেশিশুসহ সাতজনকে জোরপূর্বক বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করানোর চেষ্টা করে। বিষয়টি সীমান্তে টহলরত বিজিবি সদস্যদের নজরে এলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কৌশলগত অবস্থান নিয়ে অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করেন।

বিজিবির কঠোর অবস্থানের মুখে বিএসএফ সদস্যরা ওই সাতজনকে নিয়ে পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হয়।

বিজিবি জানায়, প্রাথমিক অনুসন্ধানে ওই সাতজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তারা সবাই ভারতীয় নাগরিক। এ ঘটনায় কাউকে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে দেওয়া হয়নি।

লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, ‘ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী জোরপূর্বক বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করলে বিজিবি সদস্যরা তা প্রতিহত করেন।’

তিনি আরো বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করা হয়েছে।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় বিএসএফের বিরুদ্ধে বাংলাদেশে পুশ ইনের একাধিক অভিযোগ সামনে এসেছে। এ প্রেক্ষাপটে বিজিবি জানিয়েছে, আন্তর্জাতিক সীমান্ত আইন ও বিদ্যমান দ্বিপক্ষীয় প্রক্রিয়া অনুসরণ করেই তারা সীমান্ত নিরাপত্তার দায়িত্ব পালন করে যাচ্ছে।

গফরগাঁওয়ে বিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
গফরগাঁওয়ে বিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু
ছবি : কালের কণ্ঠ

ময়মনসিংহের গফরগাঁওয়ে খেলার সময় বিলের পানিতে পড়ে আরিয়ান নামের তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৫ জুলাই) দুপুরে উপজেলার পাগলা থানার কুরচাই গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিয়ান ওই গ্রামের আল আমিনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, শনিবার দুপুর একটার দিকে আরিয়ান অন্য শিশুদের সঙ্গে বাড়ির পাশে বিলের পাড়ে বল খেলছিল। খেলার একপর্যায়ে বলটি বিলের পানিতে পড়ে যায়। পানির ভেসে থাকা বলটি তুলতে গিয়ে আরিয়ান বিলে পড়ে তলিয়ে যায়। বিষয়টি বুঝতে পেরে দ্রুত স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে পানি থেকে তাকে উদ্ধার করেন। তবে ততক্ষণে শিশুটির মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জয়পুরহাট প্রেস ক্লাবের সভাপতি আবু বক্কর, সম্পাদক শামীম

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাট প্রেস ক্লাবের সভাপতি আবু বক্কর, সম্পাদক শামীম
সভাপতি আবু বক্কর সিদ্দিক ও সাধারণ সম্পাদক শামীম কাদির (বাঁ দিক থেকে)। সংগৃহীত ছবি

জয়পুরহাট প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে (২০২৬-২০২৮) সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাভিশনের জেলা প্রতিনিধি আবু বক্কর সিদ্দিক এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ডিবিসি নিউজ, বাংলাদেশ প্রতিদিন ও দৈনিক করতোয়ার প্রতিনিধি শামীম কাদির।

শনিবার (২৫ জুলাই) ভোটগ্রহণ শেষে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

অন্য নির্বাচিতরা হলেন সহসভাপতি পদে সোহেল আহমেদ লিও (এসএ টিভি) ও তানভিরুল ইসলাম রিগ্যান (ভোরের দর্পণ), সহ-সাধারণ সম্পাদক পদে আবু মুসা (মানবকণ্ঠ) এবং কোষাধ্যক্ষ পদে ইসমাইল হোসেন (যায়যায়দিন)।

এ ছাড়া লাইব্রেরি সম্পাদক পদে জাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক পদে মিলন রায়হান, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মোয়ান্নাফ হোসেন শিমুল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে শীতল চন্দ্র এবং কার্যনির্বাহী সদস্য পদে আতাউর রহমান, পুলক সরকার ও রুহুল আমিন নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরিচালনা করেন নজরুল ইসলাম। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে প্রেস ক্লাবের ৪৮ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।