• ই-পেপার

গ্যাসসংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, ভোগান্তি চরমে

বিয়ের ৩ দিন পর সড়কে প্রাণ গেল যুবকের

নোয়াখালী প্রতিনিধি
বিয়ের ৩ দিন পর সড়কে প্রাণ গেল যুবকের
মো. আল-আমিন

নোয়াখালীর সেনবাগে বিয়ের আনন্দ শেষ না হতেই সড়ক দুর্ঘটনায় মো. আল-আমিন (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে সেনবাগ–সোনাইমুড়ী সড়কের কুটিরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আল-আমিন উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের ছাতারপাইয়া পশ্চিম-দক্ষিণপাড়া গ্রামের রশিদ বেপারীবাড়ির আব্বাস ক্বারির ছেলে।

স্থানীয়রা জানান, আল-আমিন বাবা ও ভাইয়ের সঙ্গে ছাতারপাইয়া বাজারে নিজেদের ওষুধের দোকানের ব্যবসা দেখাশোনা করতেন। গত সোমবার পারিবারিকভাবে তার বিয়ে হয়। বৃহস্পতিবার রাতে মোটরসাইকেলে  সোনাইমুড়ী থেকে বাড়ি ফেরার পথে কুটিরবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত মুরগিবাহী অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম সরকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মোল্লাহাটে বাস খাদে পড়ে আহত ৫০

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
মোল্লাহাটে বাস খাদে পড়ে আহত ৫০
সংগৃহীত ছবি

বাগেরহাটের মোল্লাহাট উপজেলার সীমান্তবর্তী চর গোবরা গোপালগঞ্জ এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালকসহ অন্তত ৫০ জন যাত্রী আহত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত আনুমানিক সাড়ে ৯টায় এ দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে প্রায়  ৫৪ জন যাত্রী নিয়ে ইমাদ পরিবহনের একটি বাস যাচ্ছিল। ভাটিয়াপাড়া এলাকায় পৌঁছালে হঠাৎ বাসটির ব্রেক বিকল হয়ে যায়। এরপর চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশের কয়েকটি সরকারি গাছে ধাক্কা মেরে খাড়ে পড়ে যায়। সংঘর্ষের তীব্রতায় বাসের ছাদের একটি অংশ ছিটকে যায়। এতে বাসটির চালকসহ অন্তত ৫০ জন যাত্রী আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে পাঠায়। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ওসি রোকনুজ্জামান জানান, এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আট জন যাত্রী। বাকি যাত্রারী সামান্য আহত হয়েছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়িটি থানায় আনা হয়েছে। যেহেত দুর্ঘটনায় কেউ মারা যায়নি। সেহেতু পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা, ফেরত পাঠাল বিজিবি

অনলাইন ডেস্ক
কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা, ফেরত পাঠাল বিজিবি
সংগৃহীত ছবি

কুষ্টিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আটজনকে পুশইনের চেষ্টা করে। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের ফেরত পাঠিয়েছে। 

শুক্রবার (২৪ জুলাই) কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি এ তথ্য জানান।

তিনি জানান, আজ ভোর ৫টার দিকে বিজিবির কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধীনস্থ জয়পুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৫২/১-এস সংলগ্ন এলাকা দিয়ে ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের চর মেঘনা ক্যাম্পের সদস্যরা আটজন অজ্ঞাত ব্যক্তিকে নদীপথে সাঁতার কেটে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করেন।

বিজিবির টহলদল বিষয়টি তাৎক্ষণিকভাবে শনাক্ত করে এবং ওই ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। পরে বিজিবির অবস্থানের মুখে তারা নদীপথেই ভারতে ফিরে যেতে বাধ্য হয়।

প্রসঙ্গত, এর আগে গত ১২ জুন ভোরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর সীমান্ত দিয়ে ১২ জনকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। এ সময় স্থানীয় ও টহলরত বিজিবির সদস্যরা টের পেয়ে তাদের পুনরায় ভারত সীমান্তে ফেরত পাঠান।

জাল সনদে শিক্ষক নিয়োগের অভিযোগে মাদরাসা সুপার গ্রেপ্তার

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
জাল সনদে শিক্ষক নিয়োগের অভিযোগে মাদরাসা সুপার গ্রেপ্তার
সংগৃহীত ছবি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জাল সনদে শিক্ষক নিয়োগের অভিযোগে কামাত আঙ্গারীয়া দাখিল মাদরাসার সুপারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সুপারের নাম সাইদুর রহমান। 

মাদরাসা সূত্রে জানা যায়, মাদরাসার সুপার সাইদুর রহমান জাল সনদে কামাত আঙ্গারীয়া দাখিল মাদরাসায় একজন শিক্ষক নিয়োগ দিয়েছেন। এ ঘটনায় রফিকুল ইসলাম নামের এক ব্যক্তি বাদী হয়ে জনস্বার্থে কুড়িগ্রাম আদালতে মামলা করেন। আদালত বিষয়টি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন। 

সিআইডি তদন্ত শেষ প্রতিবেদন দাখিল করলে আদালত সাইদুর রহমানকে সশরীরে আদালতে হাজির হওয়ার সমন জারি করেন। সাইদুর রহমান আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেন আদালত। ওয়ারেন্টের ভিত্তিতে পুলিশ মাদরাসা সুপার সাইদুর রহমানকে গ্রেপ্তার করে।

ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, ‘আদালতে দায়ের করা মামলায় ওয়ারেন্ট জারি হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।’

প্রসঙ্গত, সাইদুর রহমান এর আগেও একবার নিয়োগ জালিয়াতির মামলায় পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। সাইদুর রহমান তার অপকর্ম ধামাচাপা দিতে নিজেকে ‘দৈনিক শিরোমণি’ নামক পত্রিকার সাংবাদিক দাবি করতেন।