নাইজেরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওয়ো অঙ্গরাজ্যে ৪৪ জন শিক্ষার্থী ও শিক্ষক অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালতে তারা অপরাধ স্বীকার করেছেন।
সাজাপ্রাপ্ত তিন ব্যক্তি হলেন আবদুলরাজাক উমর (যিনি আবু খলিফা বা আবু খালিদ নামেও পরিচিত), ইউনুসা মুসা এবং শামসু আদামু সানি। তারা রাজধানী আবুজার একটি উচ্চ আদালতে সাজা ঘোষণার শুনানিতে হাজির হন। আদালতে তারা অপহরণের মূল পরিকল্পনাকারীদের বিষয়ে তথ্য গোপন করার অভিযোগ স্বীকার করেন। একই সঙ্গে তারা স্বীকার করেন যে, তারা জঙ্গিগোষ্ঠী বোকো হারামের একটি সহযোগী সংগঠনের সদস্য। তবে ২০২৬ সালের জানুয়ারি থেকে মে মাসের মধ্যে ওয়ো অঙ্গরাজ্যে স্কুল শিক্ষার্থী ও শিক্ষকদের অপহরণের পরিকল্পনায় অন্য সন্দেহভাজনদের সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগ তারা অস্বীকার করেন।
তদন্তে আবদুলরাজাক উমর আরো স্বীকার করেছেন, তিনি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে জঙ্গিদের প্রশিক্ষণ ও নির্দেশনা দিতেন। পাশাপাশি অবৈধ খনন কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত থাকার কথা তিনি জানিয়েছেন। রায়ের প্রায় দুই সপ্তাহ আগে নাইজেরিয়ার কর্তৃপক্ষ জানায়, মে মাসে ওয়োর ওরিইরে জেলায় তিনটি স্কুলে চালানো সমন্বিত হামলায় অপহৃত ৪৪ জন শিক্ষার্থী ও শিক্ষককে উদ্ধার করা হয়েছে। এই অপহরণের ঘটনায় অভিভাবক, শিক্ষক সংগঠন ও অধিকারকর্মীরা ব্যাপক প্রতিবাদ করেন। তারা স্কুলগুলোর নিরাপত্তা ব্যবস্থা আরো শক্তিশালী করার দাবি জানান।
ওরিইরের কমিউনিটি গ্রামার স্কুলের প্রধান শিক্ষক র্যাচেল ফোলাওয়ে আলামু জানান, অপহরণের পর তিনি, অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা ৫৬ দিন জঙ্গলের গভীরে বন্দি ছিলেন। তিনি বলেন, অপহরণকারীরা প্রায়ই রাতে তাদের এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেত। অনেক সময় ঘণ্টার পর ঘণ্টা হেঁটে যেতে বাধ্য করা হতো। উদ্ধারের তিন দিন পর তিনি বলেন, 'আমরা শিশুদের নিয়ে বেশির ভাগ সময় খোলা জঙ্গলে ছিলাম। রোদ ও বৃষ্টির মধ্যেই থাকতে হয়েছে।' র্যাচেল জানান, অপহরণকারীরা তার দুই পুরুষ সহকর্মীকে হত্যা করে। অপহরণের কিছুদিন পর তার নিজের স্কুলের একজন শিক্ষককে হত্যা করা হয়। পরে জুন মাসে ব্যাপটিস্ট নার্সারি অ্যান্ড প্রাইমারি স্কুলের একজন শিক্ষককেও হত্যা করা হয়। তিনি বলেন, 'তারা ইচ্ছা করেই তাদের হত্যা করেছে। তারা ভেবেছিল, এতে সরকার বাধ্য হয়ে তাদের দাবি মেনে নেবে।'
সাম্প্রতিক বছরগুলোতে নাইজেরিয়ায় সশস্ত্র গোষ্ঠীগুলোর বড় আকারের অপহরণ একটি সাধারণ কৌশলে পরিণত হয়েছে। এসব গোষ্ঠী সাধারণত মুক্তিপণের জন্য মানুষকে জিম্মি করে। তারা বেশি হামলা চালায় তুলনামূলক সহজ লক্ষ্যবস্তুতে। এর মধ্যে রয়েছে স্কুল, গির্জা, মসজিদ এবং প্রত্যন্ত এলাকার গ্রাম। ওরিইরের এই অপহরণ ঘটনা বিশেষ উদ্বেগ তৈরি করে। কারণ, নাইজেরিয়ায় জঙ্গি সহিংসতা দীর্ঘদিন ধরে মূলত উত্তর-পূর্বাঞ্চলে সীমাবদ্ধ ছিল। ওই অঞ্চলেই বোকো হারামের প্রধান ঘাঁটি রয়েছে। জুলাইয়ের শুরুতে ওরিইরের অপহৃতদের উদ্ধারের অভিযান শেষে কর্তৃপক্ষ জানায়, তারা আরো কয়েকজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে একজনকে অপহরণকারী চক্রের অন্যতম প্রধান সংগঠক হিসেবে মনে করা হচ্ছে।
নাইজেরিয়া বর্তমানে একাধিক নিরাপত্তা সমস্যার মুখোমুখি। এর মধ্যে রয়েছে স্থানীয় অপরাধী চক্র, যাদের দেশটিতে ‘ডাকাত’ বলা হয়। এসব চক্র লুটপাট ও মুক্তিপণের জন্য অপহরণ চালায়। এ ছাড়া দেশটিতে ইসলামপন্থি বিদ্রোহ, জমি নিয়ে সংঘর্ষ এবং বিচ্ছিন্নতাবাদী আন্দোলনও নিরাপত্তা পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। ২০২৭ সালের জাতীয় নির্বাচন সামনে রেখে এসব নিরাপত্তা সংকট এখন দেশটির অন্যতম বড় রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে।






