• ই-পেপার

নতুন লুকে জনসমক্ষে জনি ডেপ, মুগ্ধ অনুরাগীরা

শিল্পকলায় রুনা লায়লার প্রথম একক সংগীতানুষ্ঠান আজ

বিনোদন প্রতিবেদক
শিল্পকলায় রুনা লায়লার প্রথম একক সংগীতানুষ্ঠান আজ
সংগৃহীত ছবি

দীর্ঘ এক মাসেরও বেশি সময় যুক্তরাষ্ট্রে পারিবারিক কাজে অবস্থান শেষে দেশে ফিরেই ব্যস্ত হয়ে পড়েছেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। আজ (শুক্রবার) সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে তাঁর বহুল প্রতীক্ষিত একক সংগীতানুষ্ঠান।

ছয় দশকেরও বেশি সময়ের গৌরবময় সংগীতজীবনে অসংখ্য মঞ্চে গান গাইলেও বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এটিই হতে যাচ্ছে রুনা লায়লার প্রথম একক পরিবেশনা। 

আয়োজক সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে তিনি তাঁর ৬২ বছরের সংগীতজীবনের বিভিন্ন সময়ের শ্রোতাপ্রিয় ও কালজয়ী ১০টি গান পরিবেশন করবেন।

অনুষ্ঠানটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে রুনা লায়লা বলেন, ‘আমাদের সংগীতের দীর্ঘ পথচলা, গান ও স্মৃতিগুলো নতুন প্রজন্মের শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এমন আয়োজন গুরুত্বপূর্ণ। শ্রোতাদের প্রিয় কিছু গান পরিবেশনের চেষ্টা থাকবে। ৬২ বছরের পেশাদার সংগীতজীবনে শিল্পকলা একাডেমিতে দুই-তিনবারের বেশি গাওয়া হয়নি। তবে একক গানের অনুষ্ঠান এবারই প্রথম। আশা করি, শ্রোতাদের সঙ্গে সুন্দর ও স্মরণীয় একটি সন্ধ্যা কাটবে।’

গান পরিবেশনের পাশাপাশি এদিন রুনা লায়লাকে বিশেষ সম্মাননায় ভূষিত করা হবে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানের টিকিট বিক্রি থেকে প্রাপ্ত সম্পূর্ণ অর্থ বন্যাদুর্গত মানুষের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদান করা হবে।

এর আগে একই ধরনের বিশেষ আয়োজনের মাধ্যমে সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন ও সৈয়দ আব্দুল হাদীকেও সম্মান জানিয়েছিল বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

এদিকে ঢাকার এই আয়োজন শেষ করেই আন্তর্জাতিক ব্যস্ততায় ফিরবেন রুনা লায়লা। মাসের শেষ দিকে তাঁর অস্ট্রেলিয়া সফরের কথা রয়েছে। সেখানে একাধিক সংগীতানুষ্ঠানে অংশ নিয়ে প্রবাসী বাংলা ভাষাভাষী শ্রোতাদের জন্য গান পরিবেশন করবেন তিনি।

সাফল্যের শীর্ষে ‘দ্য ওডিসি’, নোলানের নতুন মাইলফলক

অনলাইন ডেস্ক
সাফল্যের শীর্ষে ‘দ্য ওডিসি’, নোলানের নতুন মাইলফলক

আমেরিকার দেশীয় বক্স অফিসে ক্রিস্টোফার নোলানের নতুন চলচ্চিত্র ‘দ্য ওডিসি’-র দাপট অব্যাহত রয়েছে। মুক্তির মাত্র ছয় দিনের মাথায় ছবিটি আয় করে নিয়েছে ১৮১.৬ মিলিয়ন ডলার। একই সময়ের তুলনামূলক বিচারে ছবিটি নোলানের আগের ব্লকবাস্টার ‘ওপেনহাইমার’-কে প্রায় ৫৪ শতাংশ পেছনে ফেলে দিয়েছে

ছবিটি গত বুধবার (২২ জুলাই) আয় করেছে ১৮.০৫ মিলিয়ন ডলার। এর মধ্য দিয়ে নোলানের ক্যারিয়ারে দেশীয় বক্স অফিসে দ্বিতীয় সর্বোচ্চ আয়ের বুধবারের রেকর্ড গড়েছে ‘দ্য ওডিসি’। এর আগে ২০০৮ সালে ‘দ্য ডার্ক নাইট’ ১৮.৩ মিলিয়ন ডলার এবং ২০১২ সালে ‘দ্য ডার্ক নাইট রাইজেস’ ১৩.৭৭ মিলিয়ন ডলার আয় করেছিল। ২০২৩ সালের অস্কারজয়ী ছবি ‘ওপেনহাইমার’ মুক্তির প্রথম ছয় দিনে আয় করেছিল ১১৭.৮ মিলিয়ন ডলার, যার শেষ পর্যন্ত উত্তর আমেরিকায় মোট আয় দাঁড়ায় ৩৩০ মিলিয়ন ডলার। তবে ‘দ্য ওডিসি’ শুরু থেকেই সেই হিসাবকে পেছনে ফেলে দ্রুত গতিতে এগোচ্ছে।

হোমারের অমর মহাকাব্য অবলম্বনে নির্মিত ইউনিভার্সাল পিকচার্সের এই ছবিটি দ্বিতীয় সপ্তাহের শেষে ৬১ থেকে ৭৪ মিলিয়ন ডলার আয় করতে পারে বলে ধারণা করছেন বক্স অফিস বিশ্লেষকরা। যদি তা হয়, তবে ছবিটি নোলানের কালজয়ী সুপারহিরো ফ্র্যাঞ্চাইজি ‘দ্য ডার্ক নাইট’ (৭৫.১ মিলিয়ন) কিংবা ‘ডার্ক নাইট রাইজেস’-এর (৬২.১ মিলিয়ন) দ্বিতীয় সপ্তাহের আয়কেও পেছনে ফেলে দিতে পারে।

প্রশ্নফাঁস বিতর্কে শিক্ষার্থীদের পাশে কমল হাসান ও আলিয়া ভাট

অনলাইন ডেস্ক
প্রশ্নফাঁস বিতর্কে শিক্ষার্থীদের পাশে কমল হাসান ও আলিয়া ভাট

ভারতে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র আন্দোলন দিল্লির যন্তর মন্তর ছাড়িয়ে এখন গোটা দেশে ছড়িয়ে পড়েছে। শিক্ষার্থীদের এই লড়াইয়ে এবার পাশে দাঁড়িয়েছেন বলিউড ও দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির তারকারাও। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আন্দোলনের সমর্থনে সরব হয়েছেন অভিনেতা কমল হাসান ও অভিনেত্রী আলিয়া ভাট।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) ক্ষোভ প্রকাশ করে বর্ষীয়ান অভিনেতা কমল হাসান লেখেন, ‘একজন শিশু যখন কাঁদে, আমাদের শোনা উচিত। কিন্তু আমরা অপেক্ষা করেছি যতক্ষণ না আমাদের অনেক সন্তান মারা গিয়েছে। যে ব্যবস্থা শিক্ষার বদলে কোচিং, কৌতূহলের বদলে উদ্বেগ এবং যোগ্যতার বদলে অপরাধপ্রবণতাকে স্থান দেয়, তা পুরোপুরি নষ্ট হয়ে যাওয়া ছাড়া আর কিছুই নয়।’

তিনি আরো বলেন, যখন কোনো দেশের শিশুরা উত্তর পাওয়ার বদলে ব্যারিকেড ও লাঠিচার্জের মুখোমুখি হয়, তখন সেই দেশ ব্যর্থ হয়। পাশাপাশি, অনশনরত বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুকের উদ্দেশে তিনি লেখেন, ‘দেশের জন্য আপনার মতো সুদৃঢ় কণ্ঠস্বরের প্রয়োজন রয়েছে। দয়া করে আপনার অনশন ভাঙুন।’

ইনস্টাগ্রামে একটি দীর্ঘ পোস্টে আলিয়া ভাট লিখেছেন, ‘গত কয়েক দিন ধরে চলা এই ঘটনা আমার হৃদয় যেমন ভেঙেছে, তেমনই আশার আলোও জুগিয়েছে। নিজেদের অধিকারের দাবিতে দাঁড়িয়ে থাকা প্রতিটি শিক্ষার্থীর পেছনে লুকিয়ে রয়েছে একটি স্বপ্ন, একটি পরিবারের আশা এবং অগণিত ত্যাগের গল্প।’

শিক্ষার্থীদের সাহসিকতার প্রশংসা করে তিনি বলেন, তারা দেশের ভবিষ্যৎ তৈরি করছে। সরকারের প্রতি প্রশ্ন তুলে আলিয়া যোগ করেন, ‘ওদের এই মনের জোর আমাদের সবার সামনে একটি আয়না তুলে ধরে প্রশ্ন করে—যারা এই দেশের ভবিষ্যৎ গড়ে তুলবে, আমরা কি সত্যিই তাদের মনের কথা শুনছি?’

দর্শকের সঙ্গে সরাসরি কথা বলতে আসছেন ফেরদৌসী মজুমদার

অনলাইন ডেস্ক
দর্শকের সঙ্গে সরাসরি কথা বলতে আসছেন ফেরদৌসী মজুমদার

মঞ্চনাটকের অভিজ্ঞতা, শিল্পচর্চা ও ব্যক্তিগত জীবনপথ নিয়ে দর্শক-নাট্যপ্রেমীদের সঙ্গে সরাসরি কথা বলতে আসছেন নাট্যাঙ্গনের বরেণ্য অভিনেত্রী ফেরদৌসী মজুমদার। নাট্যদল অনুস্বরের আয়োজনে ‘ফিরে দেখা : অনুস্বর সংলাপ-৪’ শীর্ষক অনুষ্ঠানে সরাসরি কথা বলবেন তিনি।

আগামীকাল শনিবার (২৫ জুলাই) বিকেল ৫টায় জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে অনুষ্ঠিত হবে এ আয়োজন। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত।

বাংলাদেশের নাট্যচর্চার অন্যতম পথিকৃৎ ফেরদৌসী মজুমদার দীর্ঘ ছয় দশকেরও বেশি সময় ধরে মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে নিজেকে অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করেছেন।

দেশের নাট্যআন্দোলন, সাংস্কৃতিক বিকাশ এবং অভিনয়শিল্পের প্রসারে তাঁর অবদান বিশেষভাবে স্বীকৃত। অভিনয়ে অসামান্য অবদানের জন্য তিনি স্বাধীনতা পুরস্কার, একুশে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হয়েছেন।

অনুস্বর জানায়, প্রতিষ্ঠার তৃতীয় বার্ষিকী উপলক্ষে ২০২২ সালে ‘অনুস্বর সংলাপ’ আয়োজনের সূচনা হয়। প্রথম আয়োজনে অতিথি ছিলেন নাট্যব্যক্তিত্ব সৈয়দ জামিল আহমেদ। এরপর ধারাবাহিকভাবে দেশের বিশিষ্ট নাট্যব্যক্তিত্বদের নিয়ে এই সংলাপের আয়োজন করে আসছে সংগঠনটি।

ফেরদৌসী মজুমদারকে নিয়ে এবারের সংলাপও নাট্যপ্রেমী ও তরুণ শিল্পীদের জন্য অনুপ্রেরণার এক স্মরণীয় আসর হয়ে উঠবে। –এমন প্রত্যাশা আয়োজকদের।