সুন্দরবনের নলিয়ান এলাকায় অভিযান চালিয়ে ৩০ কেজি অবৈধ হরিণের মাংসসহ এক ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২০ জুলাই) দুপুর ২টার দিকে দাকোপ থানার নলিয়ান ক্লোজারপাড়া সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ানের সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় প্রায় ৬৬ হাজার টাকা মূল্যের ৩০ কেজি অবৈধ হরিণের মাংস উদ্ধার করা হয় এবং এক মাংস ব্যবসায়ীকে আটক করা হয়।
কোস্ট গার্ড জানায়, জব্দ করা হরিণের মাংস ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য নলিয়ান ফরেস্ট টহল ফাঁড়ির কাছে হস্তান্তর করা হয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরো বলেন, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




