• ই-পেপার

আবেগঘন ফেসবুক পোস্টে ব্রাহ্মণপাড়াকে বিদায় জানালেন ইউএনও মাহমুদা

ডুবে যাচ্ছিল চাচাতো বোন, বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুজনেরই

অনলাইন ডেস্ক
ডুবে যাচ্ছিল চাচাতো বোন, বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুজনেরই
সংগৃহীত ছবি

মাগুরার মহম্মদপুরে খেলার সময় পুকুরে পড়ে যায় চাচাতো বোন রাইসা (০২)। তাকে বাঁচাতে রাফিয়া (০৩) পানিতে নামলে সে-ও ডুবে যায়। এ ঘটনায় দুজনেরই মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার মৌশা গ্রামে এ ঘটনা ঘটে। মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু আহসান দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলো–  রাফিয়া মৌশা গ্রামের আমিনুর রহমানের মেয়ে এবং রাইসা তার আপন ভাই আলিনুরের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে রাফিয়া ও রাইসা বাড়ির পাশে একটি পুকুরের পাড়ে খেলাধুলা করছিল। একপর্যায়ে ছোট্ট রাইসা অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে যায়। তাকে বাঁচাতে রাফিয়া পানিতে ঝাঁপ দিলে সে-ও তলিয়ে যায়। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে দ্রুত দুই শিশুকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

একসঙ্গে দুই শিশুর এমন করুণ মৃত্যুতে পরিবার দুটিতে শোকের ছায়া নেমে এসেছে।

মহম্মদপুর থানার ওসি মো. শামীম আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। 
 

‘ডাব পাড়তে গিয়ে পুকুরে পড়ল কিশোর, খুঁজে না পেয়ে চলে গেল ২ সঙ্গী’

গোপালগঞ্জ প্রতিনিধি
‘ডাব পাড়তে গিয়ে পুকুরে পড়ল কিশোর, খুঁজে না পেয়ে চলে গেল ২ সঙ্গী’
ছবি: কালের কণ্ঠ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার একটি পরিত্যক্ত পুকুর থেকে রিয়ান মোল্লা (১৩) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) ভোররাত ৩টার দিকে উপজেলার কমলাপুর গ্রামের আওলাদ মোল্লার পরিত্যক্ত পুকুর থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। সে কমলাপুর মধ্যপাড়া গ্রামের রিপন মোল্লার ছেলে।

মুকসুদপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, রবিবার (১৯ জুলাই) রিয়ান তার দুই সঙ্গী আরিফ মিয়া (২০) ও মুরছালিন শেখকে (১৬) সঙ্গে নিয়ে আওলাদ মোল্লার বাগানে ডাব পাড়তে যায়। একপর্যায়ে রিয়ান গাছে উঠে ডাব পাড়ার সময় নিচের পরিত্যক্ত পুকুরে পড়ে যায়। তার দুই সঙ্গী পুকুরে তাকে খোঁজাখুঁজি করেও উদ্ধার করতে না পেরে বাড়ি ফিরে যায়। তবে তারা বিষয়টি কাউকে জানায়নি। পরে রিয়ান বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে আরিফ ও মুরছালিনকে জিজ্ঞাসাবাদ করলে তারা ডাব পাড়তে যাওয়া এবং রিয়ানের পুকুরে পড়ে যাওয়ার বিষয়টি জানায়।

তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোররাতে স্থানীয়দের সহযোগীতায় ওই পরিত্যক্ত পুকুরে তল্লাশি চালিয়ে রিয়ানের মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।’

তিনি আরো জানান, ঘটনার পর স্থানীয়রা আরিফ মিয়া ও মুরছালিন শেখকে থানায় নিয়ে আসেন। তাদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি দুর্ঘটনা বলে ধারণা করা হলেও ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

মানিকগঞ্জে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

মানিকগঞ্জের সিংগাইর-হেমায়েতপুর আঞ্চলিক সড়কে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও দুই জন আহত হয়েছেন। তবে নিহতের পরিচয় মেলেনি।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৯টার দিকে সিংগাইর উপজেলার মিদুলিয়া ডাবল ব্রীজ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, নিহতের পরিচয় পাওয়ার চেষ্টা করা হচ্ছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

গাজীপুর

আদালতের গারদখানা থেকে পালিয়ে যাওয়া আসামি আটক

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
আদালতের গারদখানা থেকে পালিয়ে যাওয়া আসামি আটক
সংগৃহীত ছবি

গাজীপুরে আদালতের গারদখানা থেকে পালিয়ে যাওয়া ডাকাতিসহ বিভিন্ন ৩২ মামলার আসামি সম্রাটকে (২৭) আটক করেছে র‍্যাব। পালিয়ে যাওয়ার ১০ ঘণ্টার মধ্যে ময়মনসিংহের কোতোয়ালি থানার কাশর এলাকা থেকে সোমবার (২০ জুলাই) রাত ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১, গাজীপুর ক্যাম্পের কম্পানি কমান্ডার ইফতেখার আহমেদ জানান, সোমবার দুপুর ২টার দিকে গাজীপুর কোর্ট পুলিশের গারদখানার রিসিভ ডেস্কের সিরিয়ালে দাঁড়িয়ে ছিলেন সম্রাট। এ সময় হ্যান্ডকাফ খুলে পালিয়ে যান তিনি। এ ঘটনায় মামলা করেছেন সদর থানার এসআই মঞ্জুরুল ইসলাম।

কমান্ডার ইফতেখার বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১ এবং র‌্যাব-১৪ যৌথ অভিযান চালিয়ে সম্রাটকে গ্রেপ্তার করে। তাকে গাজীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।’

গত রবিবার (১৯ জুলাই) রাত ৯টার দিকে গাজীপুরের কুনিয়া মধ্যপাড়া এলাকার ৮ তলা ভবনের ভাড়াবাসা থেকে সম্রাটকে তিন সহযোগীসহ গ্রেপ্তার করে নগরীর সদর থানায় সোপর্দ করে ছিল র‌্যাব। তিনি কৌশলে হাতকড়া খুলে পালিয়ে যান। তিনি জামালপুর জেলার মাদারগঞ্জ থানার তাত্তাপাড়া এলাকার দুলাল মন্ডলের ছেলে।