• ই-পেপার

কমলনগরে কাজ না করেই ২৮ লাখ টাকার বিল উত্তোলন

পদ্মায় নৌ পুলিশের অভিযানে নিষিদ্ধ কারেন্ট জালসহ জেলে আটক

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
পদ্মায় নৌ পুলিশের অভিযানে নিষিদ্ধ কারেন্ট জালসহ জেলে আটক
সংগৃহীত ছবি

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে অভিযান চালিয়ে এক হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে নৌ পুলিশ। এ সময় সালমান (২১) নামের এক জেলেকে আটক করা হয়।

শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মুন্সীবাজার এলাকায় পদ্মা নদীতে এ অভিযান চালানো হয়।

আটক সালমান গোয়ালন্দ উপজেলার চরকাঁচরন্দ গ্রামের আজিজ মণ্ডলের ছেলে।

দৌলতদিয়া ঘাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা বিষয়টি নিশ্চিত করে জানান, জাটকা ও অন্যান্য মাছের সুরক্ষায় পরিচালিত অভিযানে সালমানকে নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহারকালে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে এক হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

তিনি আরো জানান, আটক জেলের বিরুদ্ধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। নদীতে জাটকা সংরক্ষণ ও অবৈধ জাল ব্যবহারের বিরুদ্ধে পদ্মা নদীতে নৌ পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, জাল টাকাসহ গ্রেপ্তার ৩

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, জাল টাকাসহ গ্রেপ্তার ৩
সংগৃহীত ছবি

ঢাকার কেরানীগঞ্জে জাল টাকাসহ তিন কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা দক্ষিণ ডিবি পুলিশ। শনিবার (১৮ জুলাই) সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার শুভাঢ্যা ইউনিয়ন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন মো. রাজিব মোল্লা (২০), মো. রা‌ব্বি হাওলাদার (২৫) ও মো. রা‌সেল (৩৪)।

শনিবার রাত সাড়ে ৯টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা ডিবি (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে,  শুভাঢ্যা ইউনিয়নের চুনকুটিয়া মাঠের কোনা ভূতের গলি এলাকায় একদল জাল টাকা ব্যবসায়ী জাল টাকা লেনদেন করার জন্য অবস্থান করছে। এই সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক ঢাকা জেলা দক্ষিণ ডিবি পুলিশের একটি চৌকস টিম উক্ত এলাকায় অভিযান চালিয়ে তিন জাল টাকা ব্যবসায়ীকে আটক করে। পরে তাদের তল্লাশি করে ১ লাখ ১০ হাজার জাল টাকা জব্দ করে।

তিনি আরো জানান, ডিবি পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানান, দীর্ঘদিন ধরে তারা জাল টাকা ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে। তারা কেরানীগঞ্জসহ রাজধানীর বিভিন্ন এলাকায় জাল টাকা সরবরাহ করে থাকেন।

এ ঘটনার ডিবি পুলিশ বাদী হয়ে দ‌ক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছে।

মানিকগঞ্জে ৩ হাজারের বেশি চারা বিতরণ করলেন এমপি জিন্নাহ কবির

আঞ্চলিক প্রতিনিধি, মানিকগঞ্জ
মানিকগঞ্জে ৩ হাজারের বেশি চারা বিতরণ করলেন এমপি জিন্নাহ কবির
ছবি : কালের কণ্ঠ

মানিকগঞ্জ-১ (ঘিওর-দৌলতপুর-শিবালয়) আসনের তিন উপজেলায় তিন হাজারের বেশি বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির।

শনিবার (১৮ জুলাই) দুপুরে দৌলতপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। পরে বিকেলে ঘিওর এবং সন্ধ্যায় শিবালয় উপজেলায় সাধারণ মানুষের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়। একই সঙ্গে তিন উপজেলার কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান ও কবরস্থানে নিজ হাতে বৃক্ষরোপণ করেন তিনি।

এ সময় এস এ জিন্নাহ কবির বলেন, “আগামী দিনে মাদক, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত দেশ গড়ে তুলে তারেক রহমানের স্বপ্নের ‘সোনার বাংলা’ বাস্তবায়ন করা হবে।”

তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের জন্য কৃষি কার্ড, প্রতিটি পরিবারের মা-বোনদের জন্য ফ্যামিলি কার্ড, বেকারত্ব দূরীকরণে পাঁচ বছরে এক কোটি মানুষের কর্মসংস্থান এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।’

জিন্নাহ কবির আরো বলেন, দলের ঘোষিত ৩১ দফার অন্যতম অঙ্গীকার পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ। সেই অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে মানিকগঞ্জ-১ আসনে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি শুরু হয়েছে। নতুন সড়কের পাশ, চরাঞ্চলসহ গুরুত্বপূর্ণ এলাকায় অগ্রাধিকার ভিত্তিতে বৃক্ষরোপণ করা হবে। পাশাপাশি সারা দেশের মধ্যে এ এলাকায় রেকর্ডসংখ্যক গাছের চারা বিতরণের পরিকল্পনার কথাও জানান তিনি।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা যুবদলের সাবেক সভাপতি মাকসুদুল আলম মুকুল, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দীপুসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

স্ট্যাম্পে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়ার ঘোষণা ২ কারবারির

আঞ্চলিক প্রতিনিধি, নারায়ণগঞ্জ
স্ট্যাম্পে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়ার ঘোষণা ২ কারবারির
ছবি : কালের কণ্ঠ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন দুই মাদক কারবারি। স্থানীয়দের উদ্যোগে আয়োজিত এক মাদকবিরোধী সভায় তারা নিজেদের ভুল স্বীকার করে ভবিষ্যতে আর মাদক ব্যবসার সঙ্গে জড়িত না থাকার অঙ্গীকার করেন।

শনিবার (১৮ জুলাই) বিকেলে উপজেলার জামপুর ইউনিয়নের বুরুমদী গ্রামে অনুষ্ঠিত মাদকবিরোধী সভায় এ ঘোষণা দেন তারা।

মাদক ব্যবসা ছেড়ে দেওয়ার ঘোষণা দেওয়া দুই ব্যক্তি হলেন, বুরুমদী গ্রামের হাবিবুর রহমান ভূঁইয়ার ছেলে মাছুম ভূঁইয়া এবং মজিবুর রহমানের ছেলে হাবিবুর রহমান পিয়ার।

স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি বুরুমদী গ্রামে মাদক ব্যবসা ও মাদকসেবীদের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় উদ্বেগ সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ, মাদকের প্রভাবে এলাকার অনেক তরুণ বিপথগামী হচ্ছে এবং মাদকের অর্থ জোগাড় করতে গিয়ে বিভিন্ন অপরাধেও জড়িয়ে পড়ছে।

এ পরিস্থিতিতে সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আল মুজাহিদ মল্লিকের উদ্যোগে মাদকবিরোধী সভার আয়োজন করা হয়। সভায় প্রায় দুই ঘণ্টা আলোচনা শেষে মাছুম ভূঁইয়া ও হাবিবুর রহমান পিয়ার ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে মুচলেকা দিয়ে প্রকাশ্যে মাদক ব্যবসা ছেড়ে দেওয়ার ঘোষণা দেন।

মাছুম ভূঁইয়া বলেন, ‘এক সময় ভুল করেছি। ভবিষ্যতে আর এ ব্যবসার সঙ্গে জড়াব না। সমাজকে ভালো রাখতে মাদক ব্যবসা ছেড়ে দিচ্ছি। কখনো যদি আবার এ পথে যাওয়ার মানসিকতা তৈরি হয়, তাহলে স্বেচ্ছায় পুলিশের কাছে আত্মসমর্পণ করব।’

সভায় জামপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইয়ামিন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি মো. আল মুজাহিদ মল্লিক। এ ছাড়া স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আল মুজাহিদ মল্লিক বলেন, ‘বুরুমদী একটি ঐতিহ্যবাহী গ্রাম। এ গ্রামের পরিবেশ মাদকের ছোবলে নষ্ট হতে দেওয়া যাবে না। সবাই মিলে তাদের মাদক ব্যবসা থেকে ফিরিয়ে আনার চেষ্টা করেছি। ভবিষ্যতেও মাদক প্রতিরোধে নজরদারি আরো জোরদার করা হবে।’

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সারোয়ার বলেন, ‘মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়ার ঘোষণা ইতিবাচক উদ্যোগ। তবে শুধু ঘোষণা নয়, তারা বাস্তবেও মাদক থেকে দূরে থাকে কি না, সে বিষয়ে পুলিশের নজরদারি থাকবে। তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারলে সমাজ ও রাষ্ট্র উভয়ই উপকৃত হবে।’