• ই-পেপার

কুলাউড়ায় অনলাইনে জুয়া খেলার সময় আটক ৪

চৌদ্দগ্রাম সীমান্তে ৩৪ লক্ষ টাকার ভারতীয় শাড়ি জব্দ

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
চৌদ্দগ্রাম সীমান্তে ৩৪ লক্ষ টাকার ভারতীয় শাড়ি জব্দ
সংগৃহীত ছবি

কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩৩ লাখ ৯০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। শুক্রবার (১৭ জুলাই) বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটে ব্যাটালিয়নের অধীনস্থ আমানগন্ডা বিওপি-এর একটি টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সীমান্ত থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার কালিকাপুর ইউনিয়নের সোনাপুর এলাকায় মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি উদ্ধার করে জব্দ করা হয়।

বিজিবি আরো জানায়, জব্দ ভারতীয় শাড়িগুলোর আনুমানিক বাজারমূল্য ৩৩ লাখ ৯০ হাজার টাকা। জব্দ মালামাল বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষে সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক পাচার ও অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ইজি বাইক যাত্রীদের গরমে স্বস্তি দিতে ছাতাযুক্ত ফ্যান

নওগাঁ প্রতিনিধি
ইজি বাইক যাত্রীদের গরমে স্বস্তি দিতে ছাতাযুক্ত ফ্যান
ছবি: কালের কণ্ঠ

নওগাঁ শহরের গোস্তহাটীর মোড়ে শৈলগাছী ইজিবাইক স্ট্যান্ডে এলেই নজড়ে পড়বে অভিনব যাত্রী সেবার দৃশ্য। এই স্ট্যান্ড থেকে প্রতিদিন প্রায় ৮০টি ইজিবাইক নওগাঁ সদর থেকে শৈলগাছী ইউনিয়ন সড়কে চলাচল করে। ইজিবাইকগুলোর সিরিয়াল নিয়ন্ত্রণে জন্য রয়েছে একজন চেইন মাস্টার। নির্ধারিত একটি স্থান থেকে র্নিদিষ্ট সময়ের মধ্যে একটির পর একটি ইজিবাইক যাত্রী নিয়ে ছেড়ে যায়।

নওগাঁয় এখন প্রখর রোদ আর সেই সঙ্গে তীব্র গরম চলছে। যাত্রীদের ইজিবাইকের মধ্যে অপর যাত্রীর জন্য খানিকটা সময় অপেক্ষায় বসে থাকতে কষ্ট হয়। যাত্রীদের কষ্টের কথা ভেবে শৈলগাছী চার্জার সমিতির পক্ষ থেকে ইজি বাইকের কাছে একটি স্ট্যান্ড ফ্যানের ব্যবস্থা করা হয়েছে। এতে ইজিবাইকের মধ্যে যাত্রীরা অনেকটাই স্বস্তিতেই বসে থাকছেন। আর সেই ফ্যানের ওপর যাতে রোদ বৃষ্টি না পড়ে সেজন্য ফ্যানের ওপর একটি ছাতা বেঁধে রাখা হয়েছে।

মাসুমা খাতুন নওগাঁ সদর হাসপাতালে তার চিকিৎসাধীন মাকে দেখতে এসেছিলেন। তিনি বলেন ‘ফ্যানের বাতাসোত আরামে বোসা আছি। গরম লাগোছে না।’

শৈলগাছী দীঘির পাড়ে যাবেন মোয়াজ্জেম হোসেন। অনেকটা সময় ইজি/বাইকে বসে আছেন। তিনি বলেন ‘আজ শুক্রবার তো তাই যাত্রী কম। ফ্যানের বাতাসোত বোসে থাকতে তেমন কষ্ট হছেনা। গরমত বাতাস প্যায়া ঝিমানি ধরিছে।’

শৈলগাছী চার্জার স্ট্যান্ড সমিতির চেইন মাস্টার দানেশ উদ্দীন বলেন, ‘গরমে যাত্রীদের কষ্ট দেখে সমিতির পক্ষ থেকে স্ট্যান্ড ফানের ব্যবস্থা করা হয়েছে। এতে যাত্রীরা স্বস্তিতেই বসে থাকেন। গাড়ি ছাড়ার জন্য আগের মতো তাগিদ দেয় না।’

চকরিয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
চকরিয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী
কক্সবাজারের চকরিয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রাষ্ট্রীয় কাজে বিদেশে অবস্থান এবং দেশে সংসদ অধিবেশন থাকায় সময়মতো কক্সবাজারের বন্যাদুর্গতদের দেখতে আসতে না পারায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় এবারের ভয়াবহ বন্যার কারণে সড়ক, রাস্তাঘাট, মানুষের বসতবাড়ি, বেড়িবাঁধসহ যা যা ক্ষতিগ্রস্ত হয়েছে পর্যায়ক্রমে সবকিছু নতুন করে গড়ে তোলার আশ্বাস প্রদান করেন তিনি। 

আজ শুক্রবার সকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ঢাকা থেকে কক্সবাজার বিমানবন্দরে এসে পৌঁছান। এরপর সড়কপথে সোজা চলে আসেন কক্সবাজারের চকরিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ কার্যক্রম পরিচালনা এবং পার্বত্য অববাহিকার মাতামুহুরী নদীসহ খরস্রোতা বিভিন্ন ছড়ায় নেমে আসা উজানের ঢলের পানিতে লণ্ডভণ্ড হয়ে যাওয়া বেড়িবাঁধ, মানুষের বসতবাড়ি, সড়কসহ গ্রামীণ অবকাঠামো পরিদর্শনে। এ সময় বন্যাদুর্গত মানুষের খোঁজখবর নেন এবং তাদের দুর্ভোগের কথা মনোযোগ সহকারে শ্রবণ করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রথমে চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়নে বন্যার ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ভেণ্ডিবাজার স্টেশন এলাকায়। এ সময় বন্যার্তসহ চকরিয়াবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন দেরিতে আসার কারণ জানিয়ে। পরে তিনি যান চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মাতামুহুরী নদীতীরের কোচপাড়ায়। সেখানে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) কর্তৃক ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এরপর সালাহউদ্দিন আহমদ পরিদর্শন করেন মাতামুহুরী নদীর পশ্চিম তীরের ক্ষতিগ্রস্ত এক নম্বর গাইড বাঁধের। এ সময় মাতামুহুরী নদীর ভাঙন থেকে দুই তীর রক্ষায় টেকসই প্রকল্প নিতে নির্দেশ দেন সংশ্লিষ্ট দপ্তর প্রধানদের।

পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ নদীগর্ভে বিলীন হওয়া কোচপাড়ার বাকপ্রতিবন্ধী ছালেহা বেগমকে ব্যক্তিগত তহবিল থেকে নগদ ১ লাখ টাকা অর্থ সহায়তা দেন। এ ছাড়া বন্যায় যাদের বসতবাড়ি বিলীন হওয়াসহ ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে পুনর্বাসনে যথাযথ পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন তিনি। পরে পৌরসভার নামার চিরিঙ্গা জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে মসজিদের ভেতর বক্তব্য দেন তিনি। এ সময় মুসল্লিদের অভিযোগের পরিপ্রেক্ষিতে মাতামুহুরী নদী এবং বিভিন্ন ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় কঠোর পদক্ষেপ গ্রহণ করতে জেলা এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন। এই নির্দেশনার পর মুসল্লিরা মন্ত্রীকে সাধুবাদ জানান। 

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ২ দিনের এই সফরে সঙ্গে রয়েছেন সংরক্ষিত নারী সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, কক্সবাজার জেলা প্রশাসক মো. আ. মান্নান, কক্সবাজারের পুলিশ সুপার এন এম সাজেদুর রহমান, চকরিয়া ও মাতামুহুরী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার, সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) অহিদুর রহমান, চকরিয়া সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার অভিজিত দাস, থানার ওসি মো. আরিফুর রহমান, বিজিবির সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা, দলের জেলা ও উপজেলার সিনিয়র নেতৃবৃন্দ এবং জনপ্রতিনিধিসহ সরকারি দপ্তরের কর্মকর্তারা।

গোয়ালন্দে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
গোয়ালন্দে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
সংগৃহীত ছবি

রাজবাড়ীর গোয়ালন্দে জাহিদ বিশ্বাস (৪০) নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের চামেলি পার্কের পাশ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। তিনি গোয়ালন্দ পৌরসভার জবানীপাড়া মহল্লার জামাল বিশ্বাসের ছেলে। 

গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে কালের কণ্ঠকে বলেন, ‘মৃতের গলায় নাইলনের রশি পেঁচানো ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।’

তিনি আরো বলেন, ‘মরদেহের সুরতহাল রিপোর্ট ও প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত একদল দুর্বৃত্ত বৃহস্পতিবার দিনগত রাতের কোনো এক সময় জাহিদ বিশ্বাসকে পেটানোর পর তাকে শ্বাসরোধে হত্যা নিশ্চিত করে অটোরিকশা নিয়ে পালিয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’ এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’