• ই-পেপার

মাছ ধরতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

অনলাইন ডেস্ক
হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩
প্রতীকী ছবি

হবিগঞ্জের আজমিরীগঞ্জে তিনটি মোটরসাইকেলের সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো দুইজন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার জলসুখা ইউনিয়নের নির্মাণাধীন আজমিরীগঞ্জ-শাল্লা আঞ্চলিক মহাসড়কের জলসুখা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন–আজমিরীগঞ্জ উপজেলার পাহাড়পুর গ্রামের চন্দনের ছেলে অন্তর (২৫), বানিয়াচং উপজেলার আমিরখানী গ্রামের ফুল মিয়ার ছেলে তানভীর এবং একই গ্রামের নুরুল লস্করের ছেলে আবিদুল লস্কর (৩২)।

আহতরা হলেন—চুনারুঘাট উপজেলার শেখেরগাঁও গ্রামের আব্দুস শহিদের ছেলে সাহিদুল ইসলাম বাচ্চু (৩৫) এবং গোছাপাড়া গ্রামের আব্দুর জব্বারের ছেলে মিজান মিয়া (২৭)। তারা বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ব্যুরো বাংলাদেশ’-এর কর্মী। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের আশঙ্কাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দ্রুতগতিতে চলা তিনটি মোটরসাইকেল জলসুখা ব্রিজ এলাকায় এসে পরস্পরের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে গুরুতর আহত চারজনকে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আরো দুইজনকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুইজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকবর হোসেন।

তিনি বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেওয়ার পর আরো দুইজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কুড়িগ্রামে বিভিন্ন মাদকসহ আটক ৩

আঞ্চ‌লিক প্রতিনিধি, কুড়িগ্রাম
কুড়িগ্রামে বিভিন্ন মাদকসহ আটক ৩
সংগৃহীত ছবি

কুড়িগ্রামে পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেট এবং বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্যসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৭ জুলাই) কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধীন সোনাহাট ও ধলডাঙ্গা বিওপির টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে তিন চোরা কারবা‌রিকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ভারতীয় গাঁজা ও ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

এছাড়া ব্যাটালিয়নের অধীন অন্যান্য বিওপির সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় জিরা, গবাদিপশু এবং বিভিন্ন ধরনের অবৈধ চোরাচালানি পণ্য জব্দ করেন। জব্দ করা সব পণ্যের মোট সিজার মূল্য ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকা।

কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, ‘দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় দেশের সার্বভৌমত্ব রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ দমনে বিজিবির ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে কুড়িগ্রাম ব্যাটালিয়নের সদস্যরা সর্বোচ্চ নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন।’

কাপ্তাই হ্রদে পানির তীব্র চাপ, খুলে দেওয়া হচ্ছে ১৬ গেট

অনলাইন ডেস্ক
কাপ্তাই হ্রদে পানির তীব্র চাপ, খুলে দেওয়া হচ্ছে ১৬ গেট
সংগৃহীত ছবি

টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় তীব্র চাপের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের স্পিলওয়ের গেটগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসানের স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৬ জুলাই রাত ৭টা পর্যন্ত কাপ্তাই লেকের পানির উচ্চতা ১০৩.৯১ ফুট (এমএসএল)। বাঁধের সর্বোচ্চ পানি ধারণসীমা ১০৯ ফুট (এমএসএল)। ক্যাচমন্টে এরিয়ায় সম্প্রতি ভারি বৃষ্টিপাতের ফলে লেকের পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় উজান ও ভাটির এলাকার পানি ব্যবস্থাপনা ও বন্যা নিয়ন্ত্রণের জন্য শনিবার (১৮ জুলাই) সকাল ১১টায় যেকোনো সময় স্পিলওয়ের ১৬টি গেট ৬ ইঞ্চি পরিমাণ উঠিয়ে পানি নিষ্কাশন শুরু হতে পারে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এতে ৯ হাজার কিউসিক পানি নিষ্কাশিত হবে। বর্তমান লেকের উচ্চতা, ইনফ্লো ও বৃষ্টিপাতসহ সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বৃষ্টিপাত, পানির উচ্চতা এবং ইনফ্লোর তারতম্যের ওপর নির্ভর করে স্পিলওয়ে খোলার সময় এগিয়ে বা পিছিয়ে নেওয়া হবে। ইনফ্লো বেশি হলে স্পিলওয়ে গেট খোলার পরিমাণ পর্যায়ক্রমে বাড়ানো হবে।


 

চট্টগ্রামে লবণ কারখানায় আগুনে দগ্ধ দুই শ্রমিকের মৃত্যু

অনলাইন ডেস্ক
চট্টগ্রামে লবণ কারখানায় আগুনে দগ্ধ দুই শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে কনফিডেন্স লবণ কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরো ছয় শ্রমিক। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

গতকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের হুলাইন এলাকার নুরুল আলম এবং বোয়ালখালী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দিদারুল আলম (৩২)। তারা দুজনই কনফিডেন্স লবণ কারখানার শ্রমিক ছিলেন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় নুরুল আলম ও দিদারুল আলম মারা গেছেন। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এর আগে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বোয়ালখালী উপজেলার কনফিডেন্স লবণ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১০ শ্রমিক দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফ্ফর হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কারখানায় ওয়েল্ডিংয়ের কাজ চলাকালে আগুনের সূত্রপাত হয়। কিভাবে আগুন লেগেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।