• ই-পেপার

মেহেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু, আহত ২

নিখোঁজের এক দিন পর ডোবা থেকে শিশুর লাশ উদ্ধার

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
নিখোঁজের এক দিন পর ডোবা থেকে শিশুর লাশ উদ্ধার
ছবি : কালের কণ্ঠ

চট্টগ্রামের হাটহাজারীতে নিখোঁজের এক দিন পর পরিত্যক্ত ডোবা থেকে মোহাম্মদ সাঈদ (৬) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড এলাকা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা লাশটি উদ্ধার করেন।

নিহত সাঈদ ওই এলাকার মো. আবদুর রহিমের ছেলে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার বিকেলে বাবা-মায়ের সঙ্গে নানার বাড়িতে থাকা অবস্থায় সাঈদ নিখোঁজ হয়। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে মাইকে নিখোঁজের ঘোষণা দেন।

পরে বৃহস্পতিবার সকালে খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আবদুল মান্নানের নেতৃত্বে উদ্ধারকারী দল স্থানীয় আবদুল গফুরের বাড়ির পেছনের একটি পরিত্যক্ত ডোবা থেকে শিশুটির লাশ উদ্ধার করে।

পরে লাশটি সংশ্লিষ্ট ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন চৌধুরীর কাছে হস্তান্তর করা হয়।

হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আবদুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

যশোরে আয়কর কর্মকর্তা সেজে অর্থ আদায়, ৬ মাসের কারাদণ্ড যুবকের

কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরে আয়কর কর্মকর্তা সেজে অর্থ আদায়, ৬ মাসের কারাদণ্ড যুবকের
সংগৃহীত ছবি

যশোরের কেশবপুরে আয়কর কর্মকর্তা পরিচয়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে অর্থ আদায়ের সময় উৎপল কুমার রায় (৩৩) নামের এক যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেকসোনা খাতুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, উৎপল কুমার রায় যশোরের বাঘারপাড়া সদরের মৃত রবীন্দ্রনাথ রায়ের ছেলে। বৃহস্পতিবার তিনি কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি ও হাসানপুর বাজারে নিজেকে আয়কর কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে অর্থ আদায় করছিলেন।

এক পর্যায়ে স্থানীয় ব্যবসায়ীদের সন্দেহ হলে তারা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। পরে তার পরিচয় ভুয়া প্রমাণিত হলে বিষয়টি প্রশাসনকে জানানো হয়। খবর পেয়ে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা খাতুন বলেন, আদালতের রায়ের পর দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে ইসলামী শ্রমনীতির বিকল্প নেই : আতিকুর রহমান

গাইবান্ধা প্রতিনিধি
শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে ইসলামী শ্রমনীতির বিকল্প নেই : আতিকুর রহমান
বৃহস্পতিবার গাইবান্ধায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত প্রতিনিধি সম্মেলনে কথা বলছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেছেন, দেশের উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে শ্রমিকদের অবদান অনস্বীকার্য, কৃষি শিল্প পরিবহন বন্দর কিংবা রপ্তানি খাত সর্বত্র শ্রমিকদের ঘাম ও শ্রম জাতীয় অগ্রগতির ভিত্তি অথচ জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির তুলনায় অনেক শ্রমিক এখন অনেক কর্মপরিবেশ থেকে বঞ্চিত। তাই শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে ইসলামী শ্রম নীতির কোনো বিকল্প নেই।

বৃহস্পতিবার ( ১৬ জুলাই) গাইবান্ধায় স্থানীয় দারুল আমান ট্রাস্টে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা সভাপতি নূরুন্নবী প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের লক্ষ্য কেবল একটি শ্রমিক সংগঠন হিসেবে কার্যক্রম পরিচালনা করা নয় বরং শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা শোষণ নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং ন্যায় ভিত্তিক সমাজ গঠনে ভূমিকা রাখা। এর আগে দীর্ঘ সময় ধরে শ্রমিকরা বৈষম্য, কম মজুরি চাঁদাবাজি ও দখলদারিত্বের শিকার হলেও তাদের প্রকৃত কল্যাণে কার্যকর ভূমিকা কেউ রাখেনি।’

বিগত সরকারগুলোর সমালোচনা করে আতিকুর রহমান বলেন, ‘দেশ স্বাধীন হওয়ার ৫৫ বছর পার হওয়ার পরও এ দেশে যখন যারা ক্ষমতার এসেছিলেন তারা শ্রমিকদের নিয়ে অনেক সুন্দর সুন্দর কথা বলেছিলেন, কিন্তু বাস্তবে এই ৫৫ বছরে বাংলাদেশের শ্রমিকদের ভাগ্য উন্নয়নে কোন ভূমিকা রাখা রাখেননি তারা।’

তিনি বলেন, ‘প্রতিবছর বাজেট আসে শ্রমিকদের নিয়ে কোন বাজেট হয় না এমনকি শ্রমিকদের ভাগ্যের চাকা পরিবর্তন হয় না। কৃষি শ্রমিকদের অবদানের কথা স্মরণ করে তিনি আরো বলেন সংসদে যখন বলা হয় বাংলাদেশ কৃষিতে স্বয়ংসম্পন্ন, মন্ত্রীরা তখন ভুলে যান। যে দেশে কৃষক শ্রমিকরা বৃষ্টিতে ভিজে এমনকি বজ্রপাতেও জীবন দিয়ে এই ফসল করিয়েছেন। সরকার বাহাবা নিলেও কৃষকদের প্রকৃত সম্মান কেউ দেখায়নি। এ সময় তিনি শোষণমক্ত সমাজ কায়েমের লক্ষ্যে শ্রমিক কল্যাণ ফেডারেশনকে মাঠে ময়দানে আরো জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান। 

বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের জেলা আমির ও জাতীয় সংসদ সদস্য মো. আব্দুল করিম বলেন, ‘দীর্ঘ আন্দোলন সংগ্রাম ও অসংখ্য শহীদের আত্মত্যাগের বিনিময়ে দেশের বর্তমান পরিস্থিতির পরিবর্তন সম্ভব হয়েছে। তিনি শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ইসলামী আন্দোলনের সকল শহীদদের জন্য মহান আল্লাহর কাছে উচ্চ মর্যাদা কামনা করে বলেন বর্তমান সময়ে শ্রমজীবী মানুষের মাঝে ইসলামের ন্যায় ইনসাফ ও মানব কল্যাণের দাওয়াত পৌঁছে দেওয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ সত্যবাদিতা, ক্ষমাশীলতা ও মানব সেবার মাধ্যমে মানুষের আস্থা অর্জনের জন্য তিনি কর্মীদের প্রতি আহ্বান জানান।

রংপুর দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক গোলাম রব্বানী বলেন, ‘শ্রমিকদের যাবতীয় সমস্যার সময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। তাদের পাশে দাঁড়াতে হবে এবং তাদের যাবতীয় সমস্যা সমাধানে এগিয়ে আসতে হবে।’ এসময় তিনি সামাজিক কল্যাণমূলক কর্মকান্ডে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানান ।

সমাবেশে আরো বক্তব্য দেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আলমগীর হোসেন, সাবেক জেলা আমির ডা. আব্দুর রহিম সরকার, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ড. জিয়াউল হক, রংপুর অঞ্চলের সহকারী পরিচালক আবুল হাসেম বাদল, শহর জামায়াতের আমির অধ্যাপক ফেরদৌস আলম, সদর জামায়াতের আমির মাওলানা নুরুল ইসলাম মন্ডল, গাইবান্ধা সদর উপজেলা সভাপতি মাওলানা আব্দুর রহমান, সুন্দরগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণের সভাপতি অধ্যাপক বদরুল আমিন, পলাশবাড়ী উপজেলা সভাপতি খাইরুল ইসলাম চান অধ্যাপক গোলাম মোস্তফাসহ অন্যান্য জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।

আবু সাঈদ হত্যার ২ বছর

‘রাজনৈতিক সিদ্ধান্তের’ অপেক্ষায় অভিযোগপত্র

রফিকুল ইসলাম, রংপুর
‘রাজনৈতিক সিদ্ধান্তের’ অপেক্ষায় অভিযোগপত্র
১৬ জুলাই ২০২৪। রংপুরে পুলিশের গুলির সামনে বুক টান করে দাঁড়িয়ে যান আবু সাঈদ। —ফাইল ছবি

বছর শেষে ফিরেছে ১৬ জুলাই। ২০২৪ সালের এই দিনেই শহীদ হন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ। নিজের ক্যাম্পাসে ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের এই শিক্ষার্থীকে হত্যার ঘটনায় কোটা সংস্কার আন্দোলন নতুন মোড় নেয়, রূপ নেয় গণ-অভ্যুত্থানে। ৩৬ দিনের সেই আন্দোলনে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়।

এদিকে আবু সাঈদ হত্যার ঘটনায় হওয়া মামলায় ইতোমধ্যে রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা নির্যাতনের ঘটনায় দায়ের করা পৃথক মামলা হয় আট মাস পর। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে প্রতিষ্ঠানটির তখনকার রেজিস্ট্রার ড. হারুন-অর-রশীদ বাদী হয়ে মামলাটি করেছিলেন। 

মামলায় বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক, একাধিক কর্মচারী, আট পুলিশ সদস্য, আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ ৭১ জনের নাম উল্লেখ করা হয়। তবে এ মামলায় এখনো অভিযোগপত্র জমা পড়েনি আদালতে। 

১৬ জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আবু সাঈদ পুলিশের বন্দুকের সামনে যেভাবে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন তা দেখে স্তম্ভিত হয়ে যায় পুরো বিশ্ব। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও তাদের সমর্থকদের হামলায় ওই দিন আবু সাঈদ, ওয়াসিমের পাশাপাশি সারা দেশে শহীদ হন ছয়জন। আন্দোলনে শহীদ অন্য চারজনের মধ্যে দুজন ঢাকার এবং বাকিরা চট্টগ্রামের।

আবু সাঈদ হত্যা মামলার বর্তমান অবস্থা
বেরোবি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের তখনকার রেজিস্ট্রার ড. হারুন অর রশিদের করা মামলটি এখনো চলমান। 

মামলার তদন্তকারী কর্মকর্তা ও মেট্রোপলিটন তাজহাট থানার উপপরিদর্শক রাশেদ খান কালের কণ্ঠকে বলেন, তদন্ত কার্যক্রম প্রায় শেষ। এখন রাজনৈতিক সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি। সিদ্ধান্ত হলেই অভিযোগপত্র আদালতে দাখিল করা হবে। তিনি বলেন, এখন পর্যন্ত অন্তত ১৫ জন আসামি গ্রেপ্তার হয়েছেন। অধিকাংশ আসামি আত্মগোপনে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

প্রশ্নের মুখে বিচারপ্রক্রিয়া
এক বছর পেরিয়ে গেলেও মামলার অভিযোগপত্র জমা না হওয়া, অনেক আসামির গ্রেপ্তার না হওয়া এবং প্রশাসনিক ব্যবস্থার ধীরগতিতে ক্ষোভ প্রকাশ করেছেন আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা।

শিক্ষার্থী শামসুর রহমান বলেন, যারা আমাদের ওপর হামলা করল, তাদের গ্রেপ্তার করছে না পুলিশ। বিশ্ববিদ্যালয়ে  কর্মরতদের সাময়িক বরখাস্ত করেই ক্ষ্যান্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমরা চাই দ্রুত অভিযোগপত্র দাখিল। যারা অপরাধী তাদের দ্রুত বিচার হোক।

বেরোবি প্রশাসনের বক্তব্য
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী কালের কণ্ঠকে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলা করেছে। মামলা চলমান রয়েছে। এই মামলা বিশ্ববিদ্যালয়ে কর্মরত যারা আসামি, আইন অনুযায়ী তাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পুলিশ আদালতে অভিযোগপত্র দিলে আইন অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আবু সাঈদকে নিয়ে বেরোবির আয়োজন
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যাকাণ্ডের দিনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিনভর নানা কর্মসূচি পালন করা হয়েছে। সকাল সাড়ে ৭টায় ছিল কবর জিয়ারত, সাড়ে ৯টায় ক্যাম্পাসে শোক র‌্যালি, সোয়া ১০টায় আবু সাঈদ চত্বরে পুষ্পমাল্য অর্পণ, এরপর বিশেষ স্মরণসভা অনুষ্ঠিত হয়। বিকেলে ছিল বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন মুক্তিযোদ্ধাবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আহমেদ আযম খান। বিশেষ অতিথি ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ও আবু সাঈদের বাবা মকবুল হোসেন।