পাবনায় আর্জেন্টিনা ফুটবল দলের খেলা উপলক্ষে ভূরিভোজের আয়োজনের খরচ জোগাতে চাঁদাবাজির অভিযোগে রাতুল ইসলাম (২৩) নামের এক যুবককে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। চাঁদা দিতে অস্বীকৃতি জানানো এক ব্যবসায়ীর অটোরিকশা আটকে ব্যাটারি খুলে বিক্রি করার চেষ্টা এবং পরে তার ওপর হামলার পরিকল্পনার সময় তাকে গ্রেপ্তার করা হয়।
বুধবার (১৫ জুলাই) রাত সোয়া ৯টার দিকে পাবনা সদর উপজেলার দক্ষিণ রামচন্দ্রপুর চর মণ্ডলপাড়া এলাকার ইছামতি ক্যানেলের শালতলা ব্রিজসংলগ্ন এলাকা থেকে রাতুলকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি সচল বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা পুলিশ।
গ্রেপ্তার রাতুল পাবনা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মণ্ডলপাড়া এলাকার মো. রাসেল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, রাতুল ও তার পলাতক সহযোগীরা আর্জেন্টিনা দলের ফুটবল খেলা উপলক্ষে রাতে একটি বড় ভূরিভোজের আয়োজন করে। সেই আয়োজনের ব্যয় মেটাতে তারা এলাকার ব্যবসায়ী ও চাকরিজীবীদের কাছে জোরপূর্বক চাঁদা দাবি শুরু করে।
এরই ধারাবাহিকতায় স্থানীয় মুদি দোকানদার জাকির হোসেনের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করা হয়। জাকির চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে দুপুরে বৌবাজার ব্রিজের ওপর তার মালিকানাধীন একটি অটোরিকশা আটকে দেয়। তারা জাকিরকে ভয়ভীতি দেখিয়ে হুমকি দেয়, চাঁদা না দিলে অটোরিকশার ব্যাটারি খুলে বিক্রি করে টাকা আদায় করা হবে। তবে স্থানীয় লোকজন জড়ো হলে তারা অটোরিকশাটি রেখে পালিয়ে যায়।
পুলিশ জানায়, ওই ঘটনার পরও তারা থেমে থাকেনি। চাঁদা না পাওয়ার ক্ষোভ থেকে আর্জেন্টিনার খেলা চলাকালে জাকির হোসেনের ওপর বড় ধরনের হামলার পরিকল্পনা করে। এ উদ্দেশে পলাতক সহযোগীরা রাতুলের কাছে একটি কালো ব্যাগে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি জমা রাখে। পরে গোয়েন্দা (ডিবি) পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও রাতুলকে দুইটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে পাবনার পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ বলেন, এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।





