কুমিল্লার দেবীদ্বার উপজেলা ও পৌরসভা আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে কুমিল্লা উত্তর জেলা বিএনপি। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে কুমিল্লা উত্তর জেলা বিএনপির নবগঠিত আংশিক আহ্বায়ক কমিটির প্রথম সভা শেষে এ কমিটি ঘোষণা করা হয়েছে।
কুমিল্লা উত্তর জেলা বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক আবুল হাসেম ভূঁইয়াসহ ৮ জন যুগ্ম আহ্বায়কের সই করা এক প্রজ্ঞাপনে এ কমিটি ঘোষণা করা হয়।
মো. জসিম উদ্দিনকে আহ্বায়ক ও আবুল কালাম আজাদকে সদস্যসচিব করে ১৬ সদস্যের দেবীদ্বার উপজেলা কমিটি করা হয়েছে। এদিকে মো. শাহজাহান মোল্লাকে আহ্বায়ক ও মো. আনোয়ার হোসেন ভুলু পাঠানকে সদস্যসচিব করে ১৫ সদস্যের পৌর কমিটি ঘোষণা করা হয়।
উপজেলা আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নজরুল ইসলাম সরকার, যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান সিকদার, আবদুর রউফ, শাহজাহান কবির, আবদুর রহমান, ইউসুফ মিয়া, বিল্লাল হোসেন, হাজী মো. শহীদুল্লাহ, এ বি এম আবুল বাসার, মহসিন সরকার, মোহাম্মদ আলী, মো. আবদুল কাইয়ুম সরকার, মো. ছগির আহম্মেদ, ইব্রাহিম দিওন।
পৌরসভা আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ কামরুজ্জামান ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, সাইফুল ইসলাম, মো. আব্দুর রহিম, বশির আহম্মেদ, মিজানুর রহমান মাষ্টার, মো. মনির, মো. আসাদুজ্জামান পাঠান, মো. জসীম, মোস্তফা কামাল, এ বি এম আবুল বাশার, মহসিন সরকার, মোহাম্মদ আলী।
কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মো. আবুল হাসেম ভূঁইয়া বলেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী দেবীদ্বার উপজেলা ও পৌরসভা বিএনপির পূর্বের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় তা বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। দেবীদ্বার দিয়ে শুরু হলেও আগামীতে বিএনপিকে আরো শক্তিশালী ও সুগঠিত করতে কুমিল্লা উত্তর জেলা বিএনপির অন্তর্ভুক্ত সব উপজেলা পৌরসভা ও ইউনিয়ন কমিটিগুলোকে সক্রিয় করতে আমরা কাজ করে, যাব ইনশাআল্লাহ। যাতে আগামী ৩ মাসের মধ্যেই জেলা, উপজেলা, পৌর/ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রাম কমিটিগুলো সম্পন্ন করতে পারি।
কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সদস্যসচিব এ এফ এম তারেক মুন্সী বলেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি হলো আর একদিন পরেই অর্থাৎ আজকেই দেবীদ্বার উপজেলা ও পৌরসভার পূর্বের কমিটি বিলুপ্ত করে তারা কমিটি ঘোষণা করে ফেলল। বিএনপির দুঃসময়ে ৪ বছর দলটাকে যারা শ্রম-ত্যাগের বিনিময়ে দলটাকে আগলে রেখেছি, দেখেশুনে রেখেছি, নতুন কমিটিগুলোতে তাদের কেউ স্থান পেল না। এখন যা করা হলো তা দলটাকে ধ্বংস করার জন্য করছে। দলের স্বার্থে এখন আন্দোলনে নামা ছাড়া গন্তব্য দেখছি না। তবে দেশে বন্যা পরিস্থিতির জন্য চুপচাপ আছি।




