ময়মনসিংহের নান্দাইলে প্রকাশ্য বাজারে হেঁটে হেঁটে ইয়াবা বিক্রি করার সময় দেলোয়ার (২৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে পুলিশে সোপর্দের পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং নগদ ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন নান্দাইলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সালাহ উদ্দিন আহমেদ মাহমুদ।
রবিবার (১২ জুলাই) রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে উপজেলার মুশল্লী ইউনিয়নের মেরেঙ্গা নতুন বাজারে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত দেলোয়ার মেরেঙ্গা বাজারে সাধারণ ক্রেতা-বিক্রেতাদের মাঝে প্রকাশ্যে হেঁটে হেঁটে ইয়াবা ট্যাবলেট বিক্রি করছিলেন। বাজারের লোকজন একজোট হয়ে তাকে হাতেনাতে ধরে ফেলে এবং স্থানীয় পুলিশ প্রশাসনকে খবর দেয়। তবে এই ঘটনার সঙ্গে জড়িত অন্য এক নারীকে কোলে শিশু থাকা অবস্থায় ইয়াবা বিক্রির অভিযোগে আটক করা হলেও, তাৎক্ষণিকভাবে তার কাছে কোনো মাদক না পাওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, মেরেঙ্গা বাজারের একজন প্রভাবশালী ভাঙারি ব্যবসায়ী ওই নারীকে সামনে রেখে মূলত এই ইয়াবা সিন্ডিকেট পরিচালনা করছেন বলে অভিযোগ রয়েছে। ১৫ দিন আগে ক্ষুব্ধ এলাকাবাসী ওই নারীর বাড়িঘর ভেঙে দেয়। এরপর সে এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নিলেও তার ইয়াবা কারবার থামেনি।
নান্দাইল থানার উপপরিদর্শক মো. রাসেল জানান, আজ সোমবার তাকে কারাগারে পাঠানো হয়েছে।




