কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাদক সেবনের দায়ে সুজন (২৮) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাকে ৩০০ টাকা জরিমানাও করা হয়েছে। তার বিরুদ্ধে পরিবারে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ রয়েছে।
রবিবার (১২ জুলাই) দুপুরে উপজেলার সম্মানিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
দণ্ডপ্রাপ্ত সুজন আলমগীর ও সালমা বেগম দম্পতির ছেলে।
পাকুন্দিয়া থানার উপপরিদর্শক (এসআই) সেলিম হোসেন রকি বলেন, সুজন দীর্ঘদিন ধরে মাদকের টাকার জন্য বাবা-মায়ের সঙ্গে খারাপ আচরণ করতেন। টাকা না পেলে ঘরের আসবাবপত্র ভাঙচুর করতেন। এমন অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়।
অভিযানের সময় সুজনকে নিজ ঘরে মাদক সেবনরত অবস্থায় পাওয়া যায়। পরে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুপম দাস তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০০ টাকা জরিমানা করেন।
রুপম দাস বলেন, মাদক সেবন করে জনশৃঙ্খলা নষ্ট করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এ সাজা দেওয়া হয়েছে। তিনি জানান, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান চলবে।




