• ই-পেপার

মৌলভীবাজারে সংরক্ষিত বনভূমি থেকে ৩.২৯ হেক্টরের অবৈধ পান বাগান উচ্ছেদ

বৃহস্পতিবার থেকে ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যে জেলায়

নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার থেকে ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যে জেলায়
সংগৃহীত ছবি

জরুরি রক্ষণাবেক্ষণ এবং গ্যাস কমিশনিং কাজের জন্য বগুড়া শহর ও তার আশপাশের এলাকাগুলোতে টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে শুরু হয়ে পরদিন শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত এই সরবরাহ বন্ধ রাখা হবে। পশ্চিমাঞ্চল গ্যাস কম্পানি লিমিটেড (পিজিসিএল) এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রাহকদের এই তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে পিজিসিএল জানায়, সাসেক-২ (SASEC-II) প্রকল্পের আওতায় বগুড়া অঞ্চলের বনানী মোড় থেকে তিনমাথা রেলগেট পর্যন্ত বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তর ও অপসারণের কাজ চলছে। এই উন্নয়নমূলক কাজের অংশ হিসেবেই বগুড়া ডিস্ট্রিক্ট রেগুলেটিং স্টেশন (ডিআরএস) এবং পাইপলাইনের দুই প্রান্তে টাই-ইন ও গ্যাস কমিশনিংয়ের কাজ করা হবে।

যেহেতু টাই-ইনের মূল কাজটি সরাসরি বগুড়া ডিআরএসের সঙ্গে সংযুক্ত, তাই নির্ধারিত ২৪ ঘণ্টা পুরো বগুড়া গ্যাস নেটওয়ার্কের সরবরাহ বন্ধ রাখতে হবে। এর ফলে শহরের আবাসিক, বাণিজ্যিক, সিএনজি ফিলিং স্টেশন, শিল্পকারখানা ও ক্যাপটিভ পাওয়ারসহ সব শ্রেণির গ্রাহক সাময়িকভাবে গ্যাস সেবা থেকে বঞ্চিত হবেন।

বনানী মোড় ও তিনমাথা রেলগেট ছাড়াও শাকপালা বাসস্ট্যান্ড, মিলেনিয়াম স্কুল, জাহাঙ্গীরনাবাদ ক্যান্টনমেন্ট, পল্লী বিদ্যুৎ, শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল, পিজিসিবি (PGCB), জিটিসিএল (GTCL) এবং অতিথি সিএনজি ফিলিং স্টেশনসহ প্রায় ১২টি গুরুত্বপূর্ণ পয়েন্টে একযোগে এই টাই-ইন কাজ পরিচালিত হবে।

কর্তৃপক্ষ আরো জানিয়েছে, নির্ধারিত কারিগরি কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই দ্রুততম সময়ের মধ্যে গ্যাস সরবরাহ পুনরায় স্বাভাবিক করা হবে। সাময়িক এই উন্নয়নমূলক কাজের জন্য গ্রাহকদের যে ভোগান্তি হবে, তার জন্য পিজিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এস এম তারিকুল ইসলাম আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন এবং কাজটি সফলভাবে শেষ করতে সবার সহযোগিতা কামনা করেছেন।

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় মাদ্রাসাছাত্রীকে অপহরণ করে ধর্ষণ

কুমিল্লা (উত্তর) প্রতিনিধি:
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় মাদ্রাসাছাত্রীকে অপহরণ করে ধর্ষণ
ছবি: কালের কণ্ঠ

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় অষ্টম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে (১৪) অপহরণের পর আটকে রেখে গণধর্ষণের অভিযোগে কুমিল্লার দেবিদ্বার থানায় মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার (৭ জুলাই) রাতে ওই ছাত্রী নিজেই বাদী হয়ে অভিযুক্ত মো. সবুজ মিয়া ও তার মামাতো ভাই ইসমাইল হোসেনের বিরুদ্ধে এই মামলা করে। 

কুমিল্লার দেবিদ্বার পৌরসভার বারেরা এলাকায় গত শনিবার (৪ জুলাই) সকালে এই ঘটনা ঘটে। পুলিশ অভিযুক্তদের এখনও গ্রেপ্তার করতে পারেনি।

অভিযুক্ত মো. সবুজ মিয়া পৌরসভার বারেরা গ্রামের মো. রমিজ মিয়ার ছেলে এবং অপর আসামি ইসমাইল হোসেন সবুজের মামাতো ভাই বলে জানা যায়।

প্রেমিক আত্মহত্যা

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার ওই মেয়ে স্থানীয় একটি মাদ্রাসায় অষ্টম শ্রেণিতে পড়ে। মাদ্রাসায় যাওয়া-আসার পথে তাকে উত্ত্যক্ত ও প্রেমের প্রস্তাব দিত সবুজ মিয়া। কিন্তু ওই প্রস্তাব প্রত্যাখ্যান করায় তাকে বিভিন্ন সময়ে ভয়ভীতি ও হুমকি দেয় সবুজ। গত ১০-১২ দিন আগে সবুজ ভুক্তভোগী ছাত্রীর হাতে নিজের মোবাইল নম্বর দিয়ে বাড়ি গিয়ে ফোন করতে বলে, ফোন না করলে মাদ্রাসায় যাওয়ার পথে ক্ষতি করার ভয় দেখায়। 

পরে ওই ছাত্রী বাধ্য হয়ে রাতে সবুজকে ফোন করলে সবুজ তাকে কোথাও ঘুরতে নিয়ে যাওয়ার প্রস্তাব দেয়। এতেও ওই ছাত্রী রাজি হয়নি। পরে শুক্রবার রাত ৮টার দিকে সবুজ মিয়া ওই ছাত্রীকে ফোন করে শনিবার সকালে দেবিদ্বার নিউমার্কেট এলাকায় দেখা করতে বলে। না করলে ক্ষতি করার ভয়ভীতি দেখায়।

পরদিন সকালে ওই ছাত্রী বাধ্য হয়ে সেখানে গেলে সবুজ তাকে একটি অটোরিকশায় তুলে নিজ বাড়ি বারেরা গ্রামে নিয়ে যায়। সেখানে তার ঘরের একটি কক্ষে ওই ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ করে সবুজ। এর কিছুক্ষণ পর তার মামাতো ভাই ইসমাইল হোসেন ওই কক্ষে গিয়ে ওই ছাত্রীকে ফের ধর্ষণ করে। পরে ওই ছাত্রীকে রাস্তায় তুলে দিয়ে দুইজন পালিয়ে যায়।

ভুক্তভোগী ওই মাদ্রাসাছাত্রীর বাবা জানান, সবুজ মিয়া দীর্ঘদিন ধরে আমার মেয়েকে ভয়ভীতি দেখাত। সে ও তার মামাতো ভাই আমার মেয়েকে জোরপূর্বক অপহরণ করে ধর্ষণ করে। এই ঘটনায় আমার মেয়ে নিজে বাদী হয়ে দেবিদ্বার থানায় একটি ধর্ষণ মামলা করেছে। ঘটনার পরপর মেয়েকে ভয়ভীতি দেখানোয় সে ভয়ে আমাদের আর কিছু জানায়নি। মঙ্গলবার সকালে সে অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মেয়ে এই ঘটনা খুলে বলে।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বুধবার বিকেলে জানান, অষ্টম শ্রেণির এক মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। তিন-চার দিন আগের ঘটনা হওয়ায় আসামিরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে।

তবে আসামিদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ওই ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চাঁদপুরে ৫ হাজার বস্তা ধান-চাল নিয়ে কার্গো ডুবি

চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরে ৫ হাজার বস্তা ধান-চাল নিয়ে কার্গো ডুবি
ছবি: কালের কণ্ঠ

চাঁদপুরের ত্রিনদীর মোহনায় মেঘনার ঘূর্ণিস্রোতে ধান-চালবোঝাই একটি কার্গো ডুবে গেছে। এতে কার্গোটিতে থাকা প্রায় ৫ হাজার বস্তা ধান ও চাল পানিতে তলিয়ে যায়। 

বুধবার (৮ জুলাই) সকালে চাঁদপুর শহরের পুরানবাজার এলাকার ত্রিনদীর মোহনায় এ দুর্ঘটনা ঘটে।

কার্গোর চালক এরশাদ মাঝি জানান, পাবনা থেকে ৩ হাজার ৫০০ বস্তা চাল ও ১ হাজার ৫০০ বস্তা ধান নিয়ে কার্গোটি পুরানবাজার ঘাটের কাছে পৌঁছালে মেঘনার তীব্র ঘূর্ণিস্রোতে সেটি হেলে পড়ে। এ সময় কার্গোতে থাকা ৫ থেকে ৬ জন শ্রমিক সাঁতরে নিরাপদে তীরে উঠতে সক্ষম হন।

তিনি বলেন, পরে কার্গোটি ডাকাতিয়া নদীর পাড়ে ভেড়ানোর চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত সেটি ডুবে যায়।

চাঁদপুর চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম বলেন, ডুবে যাওয়া ধান ও চাল পুরানবাজারের ১০ থেকে ১২ জন ব্যবসায়ীর। এতে তাদের প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে।

তিনি আরো জানান, দুর্ঘটনার পর নৌ-পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয়দের সহায়তায় কিছু ধান ও চালের বস্তা উদ্ধার করা হয়েছে।

স্থানীয়রা জানান, কয়েক দিন ধরে পদ্মা-মেঘনা নদী উত্তাল রয়েছে। বুধবার সকালেও চাঁদপুরে বৃষ্টি হচ্ছিল। বৈরী আবহাওয়া ও নদীর তীব্র স্রোতের কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজমগীর হোসেন বলেন, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। স্থানীয়দের সহযোগিতায় কিছু ধান ও চাল উদ্ধার করা হয়েছে।

দিনাজপুরে একই দিনে প্রেমিক-প্রেমিকার আত্মহনন

দিনাজপুর (বোচাগঞ্জ) প্রতিনিধি
দিনাজপুরে একই দিনে প্রেমিক-প্রেমিকার আত্মহনন
ছবি : কালের কণ্ঠ

দিনাজপুরের বোচাগঞ্জ ও সদর উপজেলায় একই দিনে এক কিশোরী ও এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। স্থানীয়দের দাবি, তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৭ জুলাই) সকালে বোচাগঞ্জ উপজেলার ৬ নম্বর রনগাঁও ইউনিয়নের শ্রীমহন্তপুর গ্রামের পরেশ চন্দ্র দাসের মেয়ে প্রিয়া রানী দাসের (১৪) মরদেহ উদ্ধার করে পুলিশ। সে দশম শ্রেণির ছাত্রী ছিল।

একই দিন সন্ধ্যায় দিনাজপুর সদর উপজেলার ৫ নম্বর শশরা ইউনিয়নের উমরপাইল জালিয়াপাড়া এলাকায় কাকন রায়ের (১৭) মরদেহ উদ্ধার করা হয়। সে বোচাগঞ্জ উপজেলার একই গ্রামের পরিতোষ রায়ের ছেলে। কাকন গত বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ফেল করে।

স্থানীয়রা জানায়, কাকন তার নানা নেপাল চন্দ্র রায়ের বাড়িতে থেকে পড়াশোনা করত। মঙ্গলবার সন্ধ্যায় প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। দীর্ঘ সময় কাকন রায় ফিরে না আসায় নানাবাড়ির লোকজনের সন্দেহ হয়। কারণ সকালে কাকন রায়ের গ্রামের প্রিয়া রানী দাস নামের এক কিশোরীর লাশ নিজ ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ।

আত্মহত্যার খবরটি গ্রামের সবার জানা ছিল। এ সময় নানাবাড়ির সবাই ও প্রতিবেশীরা কাকন রায়কে খুঁজতে শুরু করে। পরে রাত সাড়ে ৮টার দিকে বাড়ির সামনে আত্রাই নদীর ধারে একটি গাছের ডালে গলায় ফাঁস দেওয়া অবস্থায় কাকন রায়ের লাশ দেখতে পায়। 

সেখানেই প্রকাশ পায় সকালে আত্মহত্যা করা প্রিয়া রানী দাসের সঙ্গে কাকন রায়ের সম্পর্কের কথা। কাকন রায়ের নানা শ্রী নেপাল চন্দ্র রায় ৫ নং শশরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হুমায়ন কবির আনাফকে বিষয়টি অবগত করেন। 

এ ব্যাপরে জানতে চাইলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হুমায়ন কবির আনাফ জানান, কাকন রায় নানাবাড়িতে থেকে পড়া লেখা করত। একই গ্রামের এক কিশোরীর সঙ্গে তার সম্পর্ক ছিল বলে স্থানীয়ভাবে জানা যায়। সোমবার রাতে ওই মেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছ। মঙ্গলবার সকালে বোচাগঞ্জ থানা পুলিশ তার লাশ উদ্ধার করেছে। পরে শ্মশানে যখন মেয়েটির মরদেহ সৎকার করা হচ্ছিল, তখন কাকন অন্যদিকে নিজেই রশি দিয়ে গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

স্থানীয়দের দাবি, প্রিয়া ও কাকনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। প্রিয়ার মৃত্যুর খবর জানার পর কাকনের মৃত্যুর ঘটনা ঘটে। তবে এ বিষয়ে দুই পরিবারের কেউ কথা বলতে রাজি হননি।

বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, প্রিয়া রানী দাসের মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। কাকনের মৃত্যুর ঘটনাটি দিনাজপুর কোতোয়ালি থানার অধীনে হওয়ায় সেটি সংশ্লিষ্ট থানা তদন্ত করছে।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরনবী কাকনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রাথমিকভাবে জানা যায়, একই গ্রামের এক কিশোরীর মৃত্যুর পর এ ঘটনাটি ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, দুজনই অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের সম্পর্ক দুই পরিবার মেনে নেয়নি। সে কারণেই আবেগের বশবর্তী হয়ে তারা আত্মহত্যা করেছে। বিষয়টি ভালো নয়, ছেলেমেয়েদের এত বেশি আবেগি হওয়া ঠিক নয়। মা-বাবা ও পরিবারেরও বিষয়টি ভাবা উচিত ছিল। তাহলে তারা এই কাজটা করতে পারত না। 

তবে এ বিষয়ে পুলিশ আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। ঘটনাগুলোর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।