চট্টগ্রামের রাউজানে বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় ডুবে আড়াই বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৮ জুলাই) দুপুর সোয়া ২টার দিকে উপজেলার পশ্চিম ডাবুয়া এলাকার আবু তালুকদার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
মৃত শিশুর নাম মো. মোস্তাকিম। সে ওই এলাকার প্রবাসী মোহাম্মদ পারভেজ হোসেনের ছেলে।
প্রতিবেশী মো. রহিম ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশে একটি খাল রয়েছে। খালের পাশে শিশুটি খেলতে গিয়ে বাড়ির পাশের জমিতে জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে খুঁজতে গিয়ে পানিতে ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে তাকে উদ্ধার করে দ্রুত রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের মেডিক্যাল অফিসার ডাক্তার মিনহাজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুর আড়াইটার দিকে মোস্তাকিম নামের এক শিশুকে হাসপাতালে আনা হয়। তবে শিশুটিকে হাসপাতালে আনার পর পরীক্ষা-নিরীক্ষা করে দেখি সে মারা গেছে।




