• ই-পেপার

নরসিংদীতে ভারি বর্ষণে মাটির ঘরের দেয়ালধসে শিক্ষার্থীর মৃত্যু

মৌলভীবাজারে সংরক্ষিত বনভূমি থেকে ৩.২৯ হেক্টরের অবৈধ পান বাগান উচ্ছেদ

মাল্টিমিডিয়া প্রতিনিধি, মৌলভীবাজার
মৌলভীবাজারে সংরক্ষিত বনভূমি থেকে ৩.২৯ হেক্টরের অবৈধ পান বাগান উচ্ছেদ
ছবি: কালের কণ্ঠ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি রেঞ্জের কুরমা বন বিটের কুরমা খাসিয়া পুঞ্জি সংলগ্ন ছোট পিকল এলাকায় সংরক্ষিত বনভূমি দখল করে গড়ে তোলা প্রায় ৩.২৯ হেক্টরের অবৈধ পান বাগান উচ্ছেদ করেছে বন বিভাগ।

সোমবার (৭ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিচালিত দিনব্যাপী অভিযানে প্রায় এক হাজার পানগাছের চারা উপড়ে ফেলা হয়।

অভিযানে নেতৃত্ব দেন রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক (এসিএফ) প্রীতম বড়ুয়া। এ সময় কুরমা বিট কর্মকর্তা মো. জুয়েল রানা, বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং বনরক্ষীরা উপস্থিত ছিলেন।

বন বিভাগ জানায়, সংরক্ষিত বনভূমি দখল করে পান, লেবু, সুপারিসহ বিভিন্ন অর্থকরী ফসলের চাষের কারণে প্রাকৃতিক বন ও বন্যপ্রাণীর আবাসস্থল হুমকির মুখে পড়ছে। এতে বনভূমির স্বাভাবিক পুনর্জন্ম বাধাগ্রস্ত হচ্ছে এবং জীববৈচিত্র্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। এ কারণে বন সংরক্ষণ আইন বাস্তবায়নে সরকার অবৈধ দখল ও চাষাবাদের বিরুদ্ধে নিয়মিত উচ্ছেদ অভিযান চালিয়ে যাচ্ছে।

বন বিভাগের কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে সংরক্ষিত বনভূমির ওই অংশ দখল করে বাণিজ্যিকভাবে পান চাষ করা হচ্ছিল। বিষয়টি নজরে আসার পর বন আইনের আওতায় অভিযান চালিয়ে জমিটি দখলমুক্ত করা হয়।

রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক (এসিএফ) প্রীতম বড়ুয়া বলেন, ‘সংরক্ষিত বনভূমি দখল ও অবৈধ পান চাষের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। এ ঘটনায় বন আইনে একটি পিওআর  মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত শেষে জড়িত ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘সংরক্ষিত বনভূমিতে কোনো ধরনের অবৈধ দখল, স্থাপনা নির্মাণ বা কৃষিকাজ আইনত দণ্ডনীয় অপরাধ। বনভূমি রক্ষায় নিয়মিত নজরদারির পাশাপাশি প্রয়োজন হলে আরও কঠোর অভিযান পরিচালনা করা হবে।’

বন বিভাগ জানিয়েছে, সংরক্ষিত বনভূমি রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ, বনভূমি দখল প্রতিরোধ এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে বনভূমি দখল ও অবৈধ চাষাবাদের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রামে বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় ডুবে শিশুর মৃত্যু

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামে বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় ডুবে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি

চট্টগ্রামের রাউজানে বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় ডুবে আড়াই বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৮ জুলাই) দুপুর সোয়া ২টার দিকে উপজেলার পশ্চিম ডাবুয়া এলাকার আবু তালুকদার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। 

মৃত শিশুর নাম মো. মোস্তাকিম। সে ওই এলাকার প্রবাসী মোহাম্মদ পারভেজ হোসেনের ছেলে। 

প্রতিবেশী মো. রহিম ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশে একটি খাল রয়েছে। খালের পাশে শিশুটি খেলতে গিয়ে বাড়ির পাশের জমিতে জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে খুঁজতে গিয়ে পানিতে ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে তাকে উদ্ধার করে দ্রুত রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

হাসপাতালের মেডিক্যাল অফিসার ডাক্তার মিনহাজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুর আড়াইটার দিকে মোস্তাকিম নামের এক শিশুকে হাসপাতালে আনা হয়। তবে শিশুটিকে হাসপাতালে আনার পর পরীক্ষা-নিরীক্ষা করে দেখি সে মারা গেছে। 

১০ আগস্ট থেকে ঢাকা-গোপালগঞ্জ রুটে চলবে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন

অনলাইন ডেস্ক
১০ আগস্ট থেকে ঢাকা-গোপালগঞ্জ রুটে চলবে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন
সংগৃহীত ছবি

ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা রুটে আগামী ১০ আগস্ট থেকে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন চালু করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। নতুন এই ট্রেন চালুর ফলে গোপালগঞ্জসহ ওই রুটের বিভিন্ন এলাকার যাত্রীদের যাতায়াত আরো সহজ ও দ্রুত হবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ রেলওয়ের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পশ্চিম), রাজশাহীর কার্যালয় থেকে (৭ জুলাই) জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

রেলওয়ের নির্দেশনা অনুযায়ী, আগামী ১০ আগস্ট ১৩৬ নম্বর ট্রেনের মাধ্যমে ঢাকা থেকে গোপালগঞ্জের উদ্দেশে যাত্রা শুরু করবে নতুন এই কমিউটার ট্রেন। ট্রেনটি ঢাকা থেকে দুপুর ২টা ৩০ মিনিটে ছেড়ে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে গোপালগঞ্জ পৌঁছাবে। ফিরতি ১৩৫ নম্বর ট্রেন গোপালগঞ্জ থেকে সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে ছেড়ে রাত ১০টা ২৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে।

ঢাকা থেকে গোপালগঞ্জগামী ট্রেনটি কেরানীগঞ্জ, শ্রীনগর, মাওয়া, শিকারপুর, ভাঙ্গা জংশন ও নগরকান্দা স্টেশনে যাত্রাবিরতি করবে। অন্যদিকে গোপালগঞ্জ থেকে ঢাকাগামী ট্রেনটি মহেশপুর, কাশিয়ানী জংশনসহ নির্ধারিত স্টেশনগুলোতে থামবে।

রেলওয়ের তথ্যমতে, ঢাকা-গোপালগঞ্জ রুটে ট্রেনটির মোট চলাচলের দূরত্ব ১৮৮ কিলোমিটার। ট্রেনটি প্রতি শনিবার সাপ্তাহিক বন্ধ থাকবে। জয়দেবপুর কমিউটারের আট কোচবিশিষ্ট রেক দিয়ে ট্রেনটি পরিচালিত হবে এবং রেকের বেইজ, ওয়াটারিং ও ক্লিনিংয়ের কাজ ঢাকায় সম্পন্ন করা হবে।

নিম্নাঞ্চল প্লাবিত : দীঘিনালার সঙ্গে সাজেক-বাঘাইছড়ি-লংগদুর সড়ক যোগাযোগ বন্ধ

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
নিম্নাঞ্চল প্লাবিত : দীঘিনালার সঙ্গে সাজেক-বাঘাইছড়ি-লংগদুর সড়ক যোগাযোগ বন্ধ
পানিতে ডুবে আছে একটি সেতু। ছবি : কালের কণ্ঠ

কয়েকদিনের টানা বর্ষণে খাগড়াছড়ির দীঘিনালার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে প্রায় ৩০টি পাড়া, গ্রাম তলিয়ে গেছে। মঙ্গলবার (৭ জুলাই) রাতে সড়কের বিভিন্ন জায়গা ডুবে যাওয়ার কারণে দীঘিনালার সঙ্গে রাঙামাটির সাজেক, বাঘাইছড়ি ও লংগদুর সড়ক যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

এদিকে, বন্যার কারণে পানিবন্দি পরিবারগুলোর জন্য ৫টি ইউনিয়নে মঙ্গলবার উপজেলা প্রশাসন ২১টি আশ্রয় কেন্দ্র খোলার ঘোষণা দেয়। আশ্রয়কেন্দ্রে অনেক পরিবার আশ্রয় নিলেও অধিকাংশরা আশ্রয় নিচ্ছেন স্বজনদের বাড়িতে। 

দীঘিনালা-মেরুং সড়কের বেলছড়ি, বাচামেরুং, বড়মেরুং এবং ছোটমেরুং বাজার এলাকার সড়ক ডুবে যাওয়ায় মেরুং এবং লংগদুর সঙ্গে দীঘিনালার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এছাড়া উপজেলার কবাখালি এলাকার সড়ক ডুবে যাওয়ার কারণে সাজেকের সঙ্গেও সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

বৃষ্টি অব্যাহত এবং পাহাড়ি ঢলের পানি বাড়তে থাকায় বন্যা পরিস্থিতির আরো অবনতি হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। মেরুং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মীনা চাকমা জানান, ছোট মেরুং বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে ২৬ পরিবার আশ্রয় নিয়েছে। তাদের জন্য পর্যাপ্ত খাবারের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া পানি বৃদ্ধি পাওয়ার সঙ্গে আশ্রয়কেন্দ্রে আশ্রয় প্রার্থীদের সংখ্যাও বাড়ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ জানান, বন্যার সার্বিক পরিস্থিতি মোকাবেলায় উপজেলা প্রশাসন সার্বিক প্রস্তুতি নিয়ে সার্বক্ষণিক নজরদারি করছে।