• ই-পেপার

৭ দিন ধরে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন সন্দ্বীপ

নিম্নাঞ্চল প্লাবিত : দীঘিনালার সঙ্গে সাজেক-বাঘাইছড়ি-লংগদুর সড়ক যোগাযোগ বন্ধ

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
নিম্নাঞ্চল প্লাবিত : দীঘিনালার সঙ্গে সাজেক-বাঘাইছড়ি-লংগদুর সড়ক যোগাযোগ বন্ধ
পানিতে ডুবে আছে একটি সেতু। ছবি : কালের কণ্ঠ

কয়েকদিনের টানা বর্ষণে খাগড়াছড়ির দীঘিনালার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে প্রায় ৩০টি পাড়া, গ্রাম তলিয়ে গেছে। মঙ্গলবার (৭ জুলাই) রাতে সড়কের বিভিন্ন জায়গা ডুবে যাওয়ার কারণে দীঘিনালার সঙ্গে রাঙামাটির সাজেক, বাঘাইছড়ি ও লংগদুর সড়ক যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

এদিকে, বন্যার কারণে পানিবন্দি পরিবারগুলোর জন্য ৫টি ইউনিয়নে মঙ্গলবার উপজেলা প্রশাসন ২১টি আশ্রয় কেন্দ্র খোলার ঘোষণা দেয়। আশ্রয়কেন্দ্রে অনেক পরিবার আশ্রয় নিলেও অধিকাংশরা আশ্রয় নিচ্ছেন স্বজনদের বাড়িতে। 

দীঘিনালা-মেরুং সড়কের বেলছড়ি, বাচামেরুং, বড়মেরুং এবং ছোটমেরুং বাজার এলাকার সড়ক ডুবে যাওয়ায় মেরুং এবং লংগদুর সঙ্গে দীঘিনালার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এছাড়া উপজেলার কবাখালি এলাকার সড়ক ডুবে যাওয়ার কারণে সাজেকের সঙ্গেও সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

বৃষ্টি অব্যাহত এবং পাহাড়ি ঢলের পানি বাড়তে থাকায় বন্যা পরিস্থিতির আরো অবনতি হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। মেরুং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মীনা চাকমা জানান, ছোট মেরুং বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে ২৬ পরিবার আশ্রয় নিয়েছে। তাদের জন্য পর্যাপ্ত খাবারের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া পানি বৃদ্ধি পাওয়ার সঙ্গে আশ্রয়কেন্দ্রে আশ্রয় প্রার্থীদের সংখ্যাও বাড়ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ জানান, বন্যার সার্বিক পরিস্থিতি মোকাবেলায় উপজেলা প্রশাসন সার্বিক প্রস্তুতি নিয়ে সার্বক্ষণিক নজরদারি করছে।

নরসিংদীতে ভারি বর্ষণে মাটির ঘরের দেয়াল ধসে শিক্ষার্থীর মৃত্যু

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীতে ভারি বর্ষণে মাটির ঘরের দেয়াল ধসে শিক্ষার্থীর মৃত্যু
বাবা আপেল মিয়ার কোলে নিহত শিশু তানঝুমা। ছবি : সংগৃহীত

নরসিংদীর রায়পুরায় টানা ভারি বর্ষণের কারণে মাটির ঘরের দেয়াল ধসে তানঝুমা (৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (৮ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মরজাল ইউনিয়নের মাইজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই এলাকার আপেল মিয়ার মেয়ে এবং স্থানীয় মাইজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্র জানায়, দুপুরে স্কুল ছুটি শেষে বাড়ি ফেরে তানঝুমা। এ সময় বাড়ির পাশে থাকা একটি পরিত্যক্ত মাটির ঘরের দেয়াল টানা ভারি বর্ষণের কারণে হঠাৎ ধসে তার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মরজাল ইউনিয়ন পরিষদের সংরক্ষিত সদস্য আছমা বেগম জানান, মাটির ঘরের দেয়াল ধসে শিশুটির মৃত্যু হয়েছে। মর্মান্তিক এ ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। নিহত শিশুর বাবা বর্তমানে কক্সবাজারে অবস্থান করছেন। তিনি বাড়িতে ফিরলে তানঝুমার দাফন সম্পন্ন করা হবে।

দীঘিনালায় মাদক সেবনের সময় আটক, যুবককে ৩ মাসের কারাদণ্ড

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
দীঘিনালায় মাদক সেবনের সময় আটক, যুবককে ৩ মাসের কারাদণ্ড
সংগৃহীত ছবি

খাগড়াছড়ির দীঘিনালায় ইয়াবা সেবনের সময় হাতেনাতে আটকের পর এক যুবককে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আটকের পর বুধবার (৮ জুলাই) তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

কারাদণ্ডপ্রাপ্ত মো. রিপন (২৫) উপজেলার বোয়ালখালি পুরাতন বাজারের মৃত ফয়েজ আহাম্মদের ছেলে।

দীঘিনালা থানার ওসি মো. ইকবাল বাহার চৌধুরী জানান, মঙ্গলবার রাতে বোয়ালখালি পুরাতন বাজারের সড়কের ওপর ইয়াবা সেবন করা অবস্থায় পুলিশের সহায়তায় রিপনকে আটক করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

তিনি আরো জানান, বুধবার (৮ জুলাই) আসামিকে বিধি মোতাবেক জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

বগুড়ায় সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকা পরিদর্শন করলেন সেনাপ্রধান

বগুড়া প্রতিনিধি
বগুড়ায় সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকা পরিদর্শন করলেন সেনাপ্রধান
সংগৃহীত ছবি

বগুড়ার শিবগঞ্জে ১১ পদাতিক ডিভিশনের গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকা পরিদর্শন করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বুধবার (৮ জুলাই) দুপুর সোয়া ১টায় উপজেলার ফায়ার সার্ভিস হেলিপ্যাডে আসেন তিনি। 

হেলিপ্যাডে অবতরণের পর দুপুর দেড়টা থেকে দুপুর ২টা পর্যন্ত সেনাপ্রধান শিবগঞ্জ উপজেলার উথলী রথবাড়ি এলাকায় ১১ পদাতিক ডিভিশনের গ্রীষ্মকালীন প্রশিক্ষণ কার্যক্রম সরজমিনে পরিদর্শন করেন। সেনাপ্রধান প্রশিক্ষণ এলাকা পরিদর্শন শেষে দুপুর আড়াইটায় শিবগঞ্জ উপজেলা পরিষদে মধ্যাহ্নভোজের বিরতি নেন এবং সেখানে জোহরের নামাজ আদায় করেন। এরপর বিকেল ৩টার পর হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে শিবগঞ্জ ত্যাগ করেন তিনি।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান বলেন, বুধবার দুপুরে সেনাপ্রধান এসেছিলেন। তাদের কার্যক্রম পরিদর্শন করে দুপুরের খাবার শেষে দুপুর ৩টায় ঢাকার উদ্দেশে রওনা দেন তিনি।