পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন গঙ্গামতি সমুদ্র সৈকত থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যা সোয়া ৬টার দিকে কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা মরদেহটি উদ্ধার করেন।
স্থানীয় সূত্র জানায়, বিকেলে কয়েকজন স্থানীয় ব্যক্তি গঙ্গামতি সৈকতে গোসল করতে গিয়ে পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান। পরে তারা কুয়াকাটা নৌ পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীদের ধারণা, মরদেহটি সমুদ্রে নিখোঁজ হওয়া কোনো ব্যক্তি বা ট্রলারডুবির শিকার কোনো জেলের হতে পারে। তবে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া মরদেহটির আনুমানিক বয়স ৩৫ থেকে ৩৮ বছর। মরদেহটির পরনে ছিল কালো প্যান্ট ও সাদা গেঞ্জি। গেঞ্জিতে ‘বাংলাদেশ ইসলামী যুব আন্দোলন, চট্টগ্রাম’ লেখা এবং সংগঠনের লোগো রয়েছে।
কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘গঙ্গামতি সৈকত থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’




