• ই-পেপার

ঈশ্বরদীতে ৫ দফা দাবিতে খামারিদের সড়ক অবরোধ

যাদুকাটা-মাহরাম নদী রক্ষায় কঠোর অবস্থান এমপি কামরুলের

সুনামগঞ্জ প্রতিনিধি
যাদুকাটা-মাহরাম নদী রক্ষায় কঠোর অবস্থান এমপি কামরুলের
ছবি: কালের কণ্ঠ

সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেছেন, যাদুকাটা ও মাহরাম নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে দলীয় পরিচয় বা আত্মীয়তার বিষয় বিবেচনা করা হবে না বলেও তিনি জানান।

রবিবার (৫ জুলাই) বিকেলে লাউড়েরগড় এলাকায় আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, কেউ যদি অবৈধভাবে বালু উত্তোলন করে, তাকে আটকাতে হবে। প্রয়োজনে তাকে বেঁধে রাখার কথাও বলেন তিনি, যদি তিনি তার আত্মীয় বা দলীয় নেতাকর্মীও হন।

তিনি আরো বলেন, যাদুকাটা ও মাহরাম নদী থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে পরিবেশ ও প্রতিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে জড়িতদের তালিকা তৈরি করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংসদ সদস্য কামরুল বলেন, নদী রক্ষায় প্রশাসন, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণকে একসঙ্গে কাজ করতে হবে। কোনো ধরনের অবৈধ বালু উত্তোলন সহ্য করা হবে না।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদি হাসান মানিক, তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমদ, তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক রতন মিয়া, যুগ্ম সম্পাদক জুনাব আলী, জেলা বিএনপির সদস্য রাকাব উদ্দিন, আব্দুস সামাদ মুন্সী ও মাহবুব মল্লিকসহ অনেকে উপস্থিত ছিলেন।

বিএমপির নতুন কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বিএমপির নতুন কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ
আবু রায়হান মুহাম্মদ সালেহ। সংগৃহীত ছবি

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন আবু রায়হান মুহাম্মদ সালেহ। রবিবার (৫ জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব তৌছিফ আহমেদের সই করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের আদেশ জারি করা হয়।

আবু রায়হান মুহাম্মদ সালেহ এতদিন পুলিশ সদর দপ্তরে উপমহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (ডিসি) হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

অন্যদিকে, বর্তমান বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আশিক সাঈদকে রাজশাহী রেঞ্জে উপমহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে পদায়ন করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া

পৌর এলাকার ২১২ পুকুর সংরক্ষণ দাবি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
পৌর এলাকার ২১২ পুকুর সংরক্ষণ দাবি
পুকুর, খালসহ জলাশয় ও পরিবেশ রক্ষায় ব্যবস্থাসহ সাত দাবিতে রবিবার ব্রাহ্মণবাড়িয়া শহরের আধুনিক পৌর সুপার মার্কেটের সামনে মানববন্ধন করা হয়। ছবি: কালের কণ্ঠ

ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় ২১২টি পুকুর ছিল দাবি করে সেগুলো সংরক্ষণের দাবি জানিয়েছে নদী ও জলাশয় সুরক্ষা আন্দোলন করা সামাজিক সংগঠন ‘ঢেউ’। রবিবার (৫ জুলাই) সকালে শহরের আধুনিক পৌর সুপার মার্কেটের সামনে মানববন্ধনে এই দাবি জানানো হয়।

মানববন্ধনে পুকুর, খালসহ জলাশয় ও পরিবেশ রক্ষায় ব্যবস্থাসহ সাত দফা দাবি তুলে ধরা হয়। সেগুলো হলো ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীর উৎপত্তিস্থল ভাদুঘর থেকে মেড্ডা শ্মশান ঘাট পর্যন্ত ২৬টি খাল (টাউন খালসহ) পুনরুদ্ধার; টাউন খালের উভয় পাশের সীমানা নির্ধারণ, দখলমুক্ত, সৌন্দর্যবর্ধন এবং নৌচলাচলের উপযোগী পরিবেশ নিশ্চিত করা এবং পৌরসভার নিজস্ব ১০টি পুকুরসহ শহরের ২১২টি পুকুর সংরক্ষণ ও সরকারি গেজেটভুক্ত করা। 

এ ছাড়া শহরের কাউতলী মোড় থেকে মেড্ডা বাসস্ট্যান্ড হয়ে ঘাটুরা মোড় পর্যন্ত সড়কের দুই পাশ প্রশস্ত করা; জেলা পরিষদের খালের ওপর নির্মিত সব মার্কেট উচ্ছেদ করে খালের স্বাভাবিক রূপ ফিরিয়ে আনা; শিশুবান্ধব শহর গড়ার লক্ষ্যে পরিত্যক্ত পুরনো জেলখানার স্থানে আধুনিক শিশু বিনোদন পার্ক নির্মাণ; পৌর এলাকার যানজট ও শব্দ দূষণ দূর করতে ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণ এবং সব অবৈধ হাইড্রোলিক হর্ন বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। 

ঢেউ-এর আহ্বায়ক সোহেল আহাদের সভাপতিত্বে ও আলী আকরাম খন্দকার স্বপনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন মাদকমুক্ত ব্রাহ্মণবাড়িয়া চাই নামের সংগঠনের সভাপতি মাহফুজুর রহমান পুষ্প, সাধারণ সম্পাদক আশরাফুল হাছান তপু, রাজনীতিক নজরুল ইসলাম, শিশু সংগঠক নীহার রঞ্জন সরকার, পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক প্রবীর চৌধুরী রিপন, ঐক্যবদ্ধ ব্রাহ্মণবাড়িয়ার  সাধারণ সম্পাদক শেখ আরিফ বিল্লাহ আজিজি, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফ নূরুল আমিন, রোটারিয়ান আশিকুল আলম প্রমুখ। 

সাত দফা দাবি তুলে ধরেন ঢেউ-এর যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম আহাদ।

পরে জেলা প্রশাসক, জেলা পরিষদ প্রশাসক, পুলিশ সুপার ও বিভিন্ন সরকারি দপ্তরে স্মারকলিপি দেওয়া হয়।

ব্রাহ্মণবাড়িয়ায় ৯ জুলাই শুরু হচ্ছে কবি আল মাহমুদ স্মরণোৎসব

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ায় ৯ জুলাই শুরু হচ্ছে কবি আল মাহমুদ স্মরণোৎসব
ছবি : কালের কণ্ঠ

ব্রাহ্মণবাড়িয়ায় আগামী ৯ জুলাই শুরু হচ্ছে তিন দিনব্যাপী কবি আল মাহমুদ স্মরণোৎসব-২০২৬। বাংলা সাহিত্য ও সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছরের ‘সোনালী কাবিন পদক-২০২৬’ পাচ্ছেন কবি, সাহিত্যিক ও দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আব্দুল হাই সিকদার।

রবিবার (৫ জুলাই) ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান কবি আল মাহমুদ গবেষণা কেন্দ্র ও স্মৃতি পরিষদের সভাপতি মো. ইব্রাহিম খান সাদাত এবং সাধারণ সম্পাদক লিটন হোসাইন জিহাদ। এ সময় সংগঠনের প্রধান উপদেষ্টা ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি লিখিত বক্তব্য পাঠ করেন।

সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়, জেলা প্রশাসন এবং কবি আল মাহমুদ গবেষণা কেন্দ্র ও স্মৃতি পরিষদের যৌথ আয়োজনে ৯ থেকে ১১ জুলাই পর্যন্ত এ স্মরণোৎসব অনুষ্ঠিত হবে। ৯ জুলাই সকালে কবির কবর জিয়ারত ও দোয়া মাহফিলের মাধ্যমে উৎসবের সূচনা হবে। বিকেলে স্থানীয় নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে মূল আয়োজন।

আয়োজকরা জানান, বাংলা ভাষা ও সাহিত্যের অন্যতম শক্তিমান কবি আল মাহমুদের সাহিত্য, জীবন ও দর্শন নতুন প্রজন্মের কাছে তুলে ধরা, তাঁর সাহিত্যচর্চাকে উৎসাহিত করা এবং সাহিত্য-সংস্কৃতির বিকাশে ভূমিকা রাখাই এ স্মরণোৎসবের প্রধান উদ্দেশ্য। সেই ধারাবাহিকতায় প্রতিবছরের মতো এবারও বাংলা সাহিত্য ও সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য ‘সোনালী কাবিন পদক’ প্রদান করা হবে।

তিন দিনের কর্মসূচিতে থাকবে আলোচনা সভা, কবিতা পাঠ, সাহিত্য আড্ডা, আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান, গবেষণাভিত্তিক আলোচনা এবং স্কুল-কলেজ পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতা। ‘গদ্য সাহিত্যে আল মাহমুদ’ ও ‘কবিতায় আল মাহমুদ’ শীর্ষক আলোচনা সভায় দেশের বিশিষ্ট কবি, সাহিত্যিক, গবেষক, সাংবাদিক, শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা অংশ নেবেন।

১১ জুলাই বিকেলে সমাপনী অনুষ্ঠানে কবিতা পাঠ, কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৬টায় জেলা প্রশাসক মো. আবু সাঈদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কবি আব্দুল হাই সিকদারের হাতে ‘সোনালী কাবিন পদক-২০২৬’ তুলে দেবেন। পরে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।