• ই-পেপার

বিএমপির নতুন কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ

কুমিল্লায় ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন
সংগৃহীত ছবি

কুমিল্লা নগরীতে ভাতিজিকে ধর্ষণের অভিযোগে কাজী মোজাম্মেল হক রিফাত (৩২) নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

রবিবার (৫ জুলাই) কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আব্দুল হান্নান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি কাজী মোজাম্মেল হক রিফাত আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) কাইমুল হক রিংকু তথ্যটি নিশ্চিত করেছেন।  

আদালত সূত্র জানায়, ভুক্তভোগী কিশোরী কুমিল্লা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী ছিলেন। তিনি পরিবারের সঙ্গে নগরীর ৫ নম্বর ওয়ার্ডের উত্তর গাংচর মোগলটুলি এলাকায় বসবাস করতেন। তার মা কুমিল্লা সিটি করপোরেশনের কর্মচারী এবং বাবা পেশায় রংমিস্ত্রি।

২০২০ সালের ১০ আগস্ট প্রতিদিনের মতো কিশোরীর বাবা-মা কর্মস্থলে চলে গেলে একই এলাকার বাসিন্দা কে এম স্বপনের ছেলে কাজী মোজাম্মেল হক রিফাত তাদের ঘরে প্রবেশ করে জোরপূর্বক তাকে ধর্ষণ করে। পরে ঘটনার ভিডিও ও ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ২০২০ সালের ২৭ সেপ্টেম্বর পর্যন্ত একাধিকবার ধর্ষণ করা হয়। অভিযুক্ত কাজী মোজাম্মেল হক রিফাত সম্পর্কে কিশোরীর চাচা হন।  

একপর্যায়ে কিশোরী অসুস্থ হয়ে পড়লে তিনি মায়ের কাছে পুরো ঘটনা খুলে বলেন। পরে ২০২০ সালের ১ অক্টোবর ভুক্তভোগীর মা বাদী হয়ে কুমিল্লা কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত রিফাতকে গ্রেপ্তার করে। দীর্ঘ তদন্ত শেষে ২০২১ সালের ২৮ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা, কোতোয়ালি থানার উপ-পরিদর্শক মো. হারুনুর রশিদ আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলায় একাধিক সাক্ষীর সাক্ষ্য, চিকিৎসা-সংক্রান্ত তথ্য এবং অন্যান্য প্রমাণ পর্যালোচনা শেষে আদালত আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় রবিবার (৫ জুলাই) দুপুরে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আব্দুল হান্নান আসামির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড দেন।

পীরগঞ্জে অবৈধ কারেন্ট জাল বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
পীরগঞ্জে অবৈধ কারেন্ট জাল বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
ছবি : কালের কণ্ঠ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে প্রায় দুই লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করেছে প্রশাসন। একই সঙ্গে এসব জাল বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (৫ জুলাই) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী সরদারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আয়শা আক্তার জানান, উপজেলার বৈরচুনা বাজারে অবৈধ কারেন্ট জাল বিক্রির খবর পেয়ে বিকেলে অভিযান চালানো হয়। এ সময় শামিম ও রুবেল নামে দুই ব্যবসায়ীর দোকান থেকে প্রায় দুই লাখ টাকার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে তাদের আটক করা হয়। তারা উপজেলার আজলাবাদ গ্রামের বাসিন্দা।

অভিযান শেষে উপজেলা পরিষদ চত্বরে জব্দ করা কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক দুই ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী সরদার বলেন, অবৈধ কারেন্ট জালের ব্যবহার রোধ এবং মৎস্যসম্পদ সংরক্ষণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ঈশ্বরদীতে ডিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৭

আঞ্চলিক প্রতিনিধি, পাবনা
ঈশ্বরদীতে ডিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৭
ছবি: কালের কণ্ঠ

পাবনার ঈশ্বরদীতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলিসহ সাতজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের মাদক সেবনের প্রমাণও পাওয়া গেছে।

শনিবার (৪ জুলাই) দিবাগত মধ্যরাতে ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের আওতাপাড়া বাজারের এনসিডিপি গোয়ার্স মার্কেটে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। রবিবার (৫ জুলাই) বিকেলে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানায় জেলা পুলিশ।

গ্রেপ্তাররা হলেন— মো. ইকবাল হোসেন ইমন (৩১), মো. নাজমুল হাসান (৩০), সজীব (২৭), মো. তুষার ইমরান (৩৩), মো. জনি ইসলাম (৩০), মো. রতন ইসলাম (১৯) এবং মো. সাজাদুর রহমান (২১)।

সংবাদ ব্রিফিংয়ে পুলিশ জানায়, মাদক, অস্ত্র ও সন্ত্রাসবিরোধী চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল ওই মার্কেটে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ভেতরে থাকা ব্যক্তিরা পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলের একটি চৌকির নিচ থেকে একটি সচল বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং ৭ দশমিক ৬৫ মিলিমিটারের পাঁচ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানান, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রটি ইকবাল হোসেন ইমনের হেফাজতে ছিল। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা অস্ত্রটি চৌকির নিচে লুকিয়ে রাখেন। তবে অস্ত্রটির কোনো বৈধ লাইসেন্স বা কাগজপত্র দেখাতে পারেননি।

পাবনার পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ বলেন, গ্রেপ্তারের পর আসামিদের মাদক পরীক্ষার ফল পজিটিভ এসেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। অস্ত্রটির উৎস এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

সাভারে ডিবির বিশেষ অভিযানে গ্রেপ্তার ১০

সাভার (ঢাকা) প্রতিনিধি
সাভারে ডিবির বিশেষ অভিযানে গ্রেপ্তার ১০
সংগৃহীত ছবি

সাভারের বিভিন্ন এলাকায় পৃথক বিশেষ অভিযান চালিয়ে তক্ষক ব্যবসায়ী, মাদক কারবারি ও ছিনতাইকারীসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে একটি জীবিত তক্ষক ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

রবিবার (৫ জুলাই) দুপুরে পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সাইদুল ইসলাম।

ডিবি জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) ইনচার্জের তত্ত্বাবধানে পরিচালিত বিশেষ অভিযানে সাভারের আমিনবাজার এলাকা থেকে পাঁচজন তক্ষক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তাদের হেফাজত থেকে পরিবহন ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ একটি ধূসর রঙের জীবিত তক্ষক উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মঞ্জুরুল হোসেন (৩৮), হযরত আলী রিপন (৩৯), রায়হান আহম্মেদ রনি (৩৮), আ. রহিম (৪২) ও সাগর শেখ। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় বন্যপ্রাণী সংরক্ষণ আইন ও রাষ্ট্রীয় নিরাপত্তা-সংক্রান্ত আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অন্যদিকে, আশুলিয়ার গণকপাড়া এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তিনজন কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন—আসাদুজ্জামান আকাশ (২৬), মাসুদ রানা (৩৪) ও নাজমুল (৩৩)।

এ ছাড়া আশুলিয়ার শ্রীপুর এলাকায় পৃথক অভিযানে দুজন কথিত পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন হুমায়ুন তালুকদার ওরফে আকাশ (৩৮) এবং সুজন রানা (৩৫)।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সাইদুল ইসলাম বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় বন্যপ্রাণী সংরক্ষণ আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমন ও মাদক উদ্ধারে ডিবির বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।