• ই-পেপার

পাবলিক পরীক্ষায় অভিন্ন প্রশ্নপত্র : সমতা ও আধুনিকায়নের পথে এক সাহসী যাত্রা

বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপড়েন দূর করতে ভারতকেই এগিয়ে আসা উচিত

মোশাররফ হোসেন ভূঁইয়া
বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপড়েন দূর করতে ভারতকেই এগিয়ে আসা উচিত

বাংলাদেশ-ভারত সম্পর্কের ওপর আমার প্রথম লেখাটি ‘রাজনীতি ডটকম’ শীর্ষক অনলাইন পত্রিকায় গত ১০ আগস্ট ২০২৫ তারিখে প্রকাশিত হয়। এ লেখায় ১৯৪৭ সালের দেশভাগপূর্ব ও পরবর্তী সময়ে দুই দেশের সরকার ও জনগণের সম্পর্কের ইতিবাচক ও নেতিবাচক দিকসমূহ তুলে ধরা হয়। এ ছাড়া নিবন্ধটিতে ১৯৭১ সালের স্বাধীনতা-পরবর্তী বিবর্তন, ব্যবসা-বাণিজ্য, রাজনীতি, কূটনীতি, পর্যটন, চিকিৎসা ও সাংস্কৃতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতাসহ ভারত-বাংলাদেশ সম্পর্ক বিশেষ করে আওয়ামী লীগের একনাগাড়ে ষোলো বছরের শাসনামলে ভারতের প্রতি অতিনির্ভরতা তথা বাংলাদেশের একটি বিশেষ দলীয় সরকারের প্রতি ভারতের একচেটিয়া সমর্থনের বিষয়টি প্রকাশ পায়। 

জুলাই-আগস্ট ২০২৪-এর গণ-আন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠিত অন্তর্বর্তী সরকারের সময়ে দুই দেশের সম্পর্কে যে টানাপড়েন চলতে থাকে বাংলাদেশের ত্রয়োদশ নির্বাচনে বিএনপির জয়লাভ ও সরকার গঠনের পর সে টানাপড়েন কমে গিয়ে সম্পর্ক স্বাভাবিকীকরণের আভাস পাওয়া যাচ্ছে। বর্তমান লেখায় বাংলাদেশ-ভারত সম্পর্কের সম্ভাব্য গতিপথ কী হওয়া বাঞ্ছনীয়—সে বিষয়ে আলোকপাত করা হয়েছে।

বাংলাদেশ-ভারত সম্পর্কের প্রধান অনুষঙ্গগুলো হচ্ছে—ব্যবসা-বাণিজ্য, অভিন্ন নদীগুলোর পানিবণ্টন, সীমান্ত ইস্যু, ভ্রমণপ্রেমীদের জন্য পারস্পরিক ভিসা প্রদান, চাকরি, পর্যটন, চিকিৎসা ইত্যাদি কারণে উভয় দেশের জনগণের অস্থায়ী অভিবাসনসহ এ অঞ্চলের ভূরাজনীতিতে প্রতিবেশী হিসেবে কৌশল নির্ধারণ ইত্যাদি।

চব্বিশের গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। ভারত সরকার তার আবাসন ও ভরণপোষণের দায়িত্ব নিয়েছে। বিগত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস এবং কিছু জুলাইযোদ্ধার বক্তব্য ভারত সরকার ও জনগণ পছন্দ করেনি। ভারতের কিছু গণমাধ্যম বাংলাদেশের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা চালায়। ভারত সরকার বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রদান এবং স্থলসীমান্ত দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ করে দেয়। এর জবাবে বাংলাদেশের ওপর দিয়ে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে যাতায়াতের ট্রানজিট রুট বন্ধ করে দেওয়া হয়। উভয় দেশ পরস্পরের সমুদ্রবন্দর ও বিমানবন্দর ব্যবহারে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত বাংলাদেশ-ভারত সম্পর্কের এমন অবনতি কখনো দেখা যায়নি। অন্তর্বর্তী সরকার ভারতের সঙ্গে সম্পর্কোন্নয়নের চেষ্টা করলেও ফলপ্রসূ অগ্রগতি হয়নি। ভারত সরকার তাদের বিভিন্ন বক্তব্য ও বিবৃতিতে জানিয়ে দেয় যে বাংলাদেশের নির্বাচিত সরকারের সঙ্গে তারা কাজ করতে আগ্রহী।

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জয়লাভ করে গত ১৭ ফেব্রুয়ারি ২০২৬ সরকার গঠন করে। ভারত সরকারও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের উদ্যোগ গ্রহণ করে। প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের লোকসভার স্পিকার ওম বিরলা উপস্থিত থাকেন। তিনি নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদির লেখা একটি চিঠিও হস্তান্তর করেন। শপথ অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রিও যোগ দেন। 

নতুন সরকার ক্ষমতা গ্রহণের পর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ৭ থেকে ৯ এপ্রিল ভারতে ৩ দিনের এক দ্বিপক্ষীয় শুভেচ্ছা সফর করেন। এ সফরের উদ্দেশ্য ছিল দুই প্রতিবেশী রাষ্ট্রের মাঝে শীতল হয়ে যাওয়া সম্পর্ক পুনঃস্থাপন এবং পারস্পরিক আস্থা পুনর্গঠন। এ সময়ে তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং পেট্রোলিয়াম ও জ্বালানি মন্ত্রী হারদীপ সিং পুরীর সঙ্গে বৈঠক করেন। দুই দেশের মধ্যকার বৈঠকে মূলত জ্বালানি সহযোগিতা, তিস্তাসহ অভিন্ন নদীর পানিবণ্টন, সীমান্ত হত্যা রোধ এবং ভিসা পরিষেবা পুনরায় স্বাভাবিক করার মতো বিষয়গুলো আলোচিত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের বিষয়েও এসব বৈঠকে আলোচনা হয় বলে জানা গেছে। এ ছাড়া ডিজিএফআই প্রধান মেজর জেনারেল মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরী ১ থেকে ৩ মার্চ নয়াদিল্লি সফর করেন। সফরকালে তিনি ভারতের এক্সটার্নাল ইন্টেলিজেন্স এজেন্সি রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস ‘র’এর প্রধান পরাগ জৈন এবং ভারতীয় সামরিক গোয়েন্দা সংস্থার মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আর এম রমনের সঙ্গে বৈঠক করেন। উভয় পক্ষ একমত হন যে, কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে কোনো দেশের ভূখণ্ড ব্যবহার করে অপর দেশের স্বার্থহানিকর কিছু করতে দেওয়া হবে না। পাশাপাশি গত দুই বছর ধরে স্থগিত থাকা যোগাযোগ চ্যানেল পুনরায় চালু করার বিষয়েও আলোচনা হয়। অবশ্য নয়াদিল্লি কয়েক মাস পূর্বেই ইঙ্গিত দিয়েছে যে তারা তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপির সঙ্গে কাজ করতে এবং সম্পর্ক স্বাভাবিক করতে আগ্রহী। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা যাওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোকবার্তাসহ পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করকে ঢাকায় পাঠিয়েছিলেন।

গত দুই বছরে দুই দেশই ব্যবসা ও অর্থনৈতিক ক্ষেত্রে কিছু বিধি-নিষেধ আরোপ করেছে। যেমন—স্থলসীমান্ত দিয়ে বাণিজ্য, কলকাতা বিমানবন্দর দিয়ে বিমানপথে বাংলাদেশের রপ্তানি পণ্য প্রেরণ, বাংলাদেশের ওপর দিয়ে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের ৭টি রাজ্যে মালামাল পরিবহনের ট্রানজিট রুট ব্যবহার ইত্যাদি। ইতিমধ্যে বাংলাদেশের ভেতর দিয়ে কলকাতা-ত্রিপুরা পণ্য পরিবহন সীমিত আকারে চালু হয়েছে। এ ছাড়া ইরান-ইসরায়েল যুদ্ধের কারণে বাংলাদেশের জ্বালানিসংকটের সময় ভারত থেকে ডিজেল আমদানি করা হয়েছিল। 

গত ৩ থেকে ৯ মে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে সম্পাদক ও সংবাদকর্মী মিলিয়ে বাংলাদেশের ২৬ জন গণমাধ্যম প্রতিনিধি ভারত সফর করেছিলেন। তারা ভারতের উচ্চপদস্থ ব্যক্তিবর্গ ও গণমাধ্যম বিশ্লেষকদের সঙ্গে আলোচনা করেন। আমাদের গণমাধ্যম কর্মীগণ বুঝতে পারেন যে, বাংলাদেশে নতুন সরকার ক্ষমতা গ্রহণের পর দিল্লিও ‘নতুন অধ্যায়’ শুরু করতে চায়। তবে ভারতের জাতীয় নিরাপত্তার বিষয়টি মোদি সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করবে। আগে যেমন একটি বিশেষ রাজনৈতিক দলের সরকারকে গুরুত্ব দেওয়া হতো, এখন সেই দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। এখন বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে দেশের জনগণ ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে গুরুত্ব দিতে হবে। ২০২৪ সালের ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণ-আন্দোলনে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে দিল্লির যে দূরত্ব ও টানাপড়েন তৈরি হয়েছিল, নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর সেটি কমে আসবে বলে ধারণা করা যায়, তবে সব কিছু ঠিক হতে সময় লাগতে পারে। উভয় দেশই নিজ নিজ জাতীয় স্বার্থ, আত্মমর্যাদা, সার্বভৌম অবস্থান ও নিরাপত্তার বিষয়কে সর্বোচ্চ প্রাধান্য দেবে—এটাই বাস্তবতা।

চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার দীর্ঘ সীমান্ত দুই দেশকে পৃথক করেছে, কিন্তু তাদের মধ্যে রয়েছে হাজার হাজার বছরের অভিন্ন ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্য। ‘উপরন্তু উভয়ের রয়েছে একাত্তরের মুক্তিযুদ্ধের সম্মিলিত স্মৃতি ও অর্জন’। বাংলাদেশ-ভারত উভয়ের একে অপরকে প্রয়োজন রয়েছে। অভিন্ন নদীর পানিবণ্টন, সীমান্ত নিরাপত্তা, ব্যবসা-বাণিজ্যসহ সব ক্ষেত্রে উভয় দেশকে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে। উপরন্তু সংখ্যালঘুদের নিরাপত্তা ও অধিকার সংরক্ষণে উভয় দেশকেই আন্তরিক ও মনোযোগী হতে হবে।

বাংলাদেশ-ভারত সম্পর্কোন্নয়নে ইতিবাচক ভূমিকা গ্রহণের জন্য সম্প্রতি ভারতের একজন রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে নিযুক্ত করা হয়েছে। পরিচয়পত্র দাখিলের পরপরই তিনি গত ২৫ জুন বাংলাদেশিদের জন্য ভারতে ভিজিট ভিসা পুনরায় চালুর ঘোষণা দেন এবং পর্যায়ক্রমে বন্ধ হয়ে থাকা বিভিন্ন অর্থনৈতিক ও রাজনৈতিক করিডর পুনরায় চালুর প্রতিশ্রুতিও ব্যক্ত করেন। তবে পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বাগাড়ম্বরপূর্ণ বক্তব্য, উসকানিমূলক আচরণ ও সাম্প্রদায়িক মনোভাব উভয় দেশের সম্পর্কোন্নয়নের ক্ষেত্রে অন্তরায় হিসেবে বিবেচনা করা যায়। ৯ মে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েই তিনি বাংলাদেশ থেকে ভারতে ‘অনুপ্রবেশকারী’ আটক করে পুলিশ বা আদালতের পরিবর্তে সরাসরি বিএসএফের কাছে তুলে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। মে মাসের শেষ সপ্তাহ থেকেই বিএসএফ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থান থেকে আটককৃত মুসলমান নারী, শিশু ও বিভিন্ন বয়সী মানুষকে সীমান্ত দিয়ে ‘পুশ ইন’ শুরু করেছে। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি সংগত কারণেই এসব ‘পুশ ইন’ প্রতিহত করছে। এ প্রচেষ্টা এখনো অব্যাহত রয়েছে। ‘পুশ ইন’ সমস্যা ছাড়াও মাদক ও মানবপাচার, অবৈধ অস্ত্র চোরাচালান উভয় দেশেরই অভিন্ন সমস্যা- বিশেষ করে বাংলাদেশ এসব ইস্যুতে বেশি ক্ষতিগ্রস্ত ও ভুক্তভোগী। উভয় দেশের সরকার আন্তরিকতা ও খোলা মন নিয়ে আলাপ-আলোচনা করে পদক্ষেপ নিলে এসব সমস্যার সমাধান সম্ভব। আশার কথা, গত প্রায় ২ বছর ধরে দুই দেশের মধ্যে তিক্ত সম্পর্ক থাকলেও সীমান্ত হত্যা আগের তুলনায় কমেছে।

ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন উভয় দেশেরই অগ্রাধিকারভুক্ত বিষয়। বিগত কয়েক বছর যাবৎ দুই দেশের পারস্পরিক বাণিজ্যের পরিমাণ প্রতিবছর গড়ে প্রায় ১৩ বিলিয়ন মার্কিন ডলার। তবে এর মধ্যে ভারতের রপ্তানি প্রায় ৮৫ শতাংশ। অন্তর্বর্তী সরকারের সঙ্গে টানাপড়েন সত্ত্বেও গত বছর ভারত থেকে মোট আমদানি ৭ দশমিক ৮ শতাংশ বেড়েছে, বিশেষ করে সুতা আমদানি বেড়েছে ১৩৭ শতাংশ। কিন্তু নানা শুল্ক ও অশুল্ক বাধা দিয়ে বাংলাদেশের রপ্তানি বৃদ্ধিকে ভারত সরকার নিরুৎসাহিত করছে। 

নতুন সরকারের অন্যতম করণীয় হবে আলাপ-আলোচনা ও বস্তুনিষ্ঠ পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ভারতে বাংলাদেশের রপ্তানি সচল করা। প্রস্তাবিত সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (সেপা) উভয় দেশের বাণিজ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে বিশেষজ্ঞদের ধারণা।

গঙ্গা নদীর পানিবণ্টন চুক্তি এ বছরের ডিসেম্বরে শেষ হচ্ছে। এ চুক্তি নবায়নে বা নতুন চুক্তি করার ক্ষেত্রে শুষ্ক মৌসুমে বাংলাদেশে পর্যাপ্ত পানিপ্রবাহের বিষয়টি নিশ্চিত করতে হবে। ভারতের পশ্চিমবঙ্গে নির্মিত ফারাক্কা ব্যারাজের মাধ্যমে শুষ্ক মৌসুমে কলকাতা বন্দরের নাব্যের জন্য ভারত ভাগীরথী-হুগলি নদী ব্যবস্থাপনায় ৩৫ হাজার থেকে ৪০ হাজার কিউসেক পানি সরিয়ে নেয়। এর আগে ১৯৯৬ সালে চুক্তির সময়ে ওই বছরের পূর্বের ৪০ বছরের গড় পানিপ্রবাহকে ভিত্তি ধরা হয়েছিল। ভারতীয় বিশেষজ্ঞগণ আগে থেকেই মত দিচ্ছেন যে, পূর্বের ঐ ৪০ বছরের পানিপ্রবাহ বিবেচনা না করে বর্তমান সময় থেকে পূর্বের ৪০ বছরের গড় পানিপ্রবাহ ধরতে হবে। চুক্তির জন্য পানিপ্রবাহের ভিত্তি নির্ধারণে দুই দেশের মধ্যে মতপার্থক্য রয়েছে। ভারতীয় পক্ষ চাইছে ফারাক্কা পয়েন্টে বর্তমান পানিপ্রবাহ ভিত্তি করে চুক্তির ফ্রেমওয়ার্ক দাঁড় করাতে, অন্যদিকে বাংলাদেশের দাবি পুরো নদীর প্রবাহকে আমলে নিয়ে পানি ভাগাভাগি করা। কারণ ফারাক্কা পয়েন্টে পানি আসার আগেই উত্তর প্রদেশ, বিহার থেকে শুরু করে গোটা উজানজুড়ে প্রায় ৯৭৫টি বাঁধের মাধ্যমে পানি প্রত্যাহার করে নেওয়া হয়। ফারাক্কা পয়েন্টের পানিপ্রবাহ ভাগ করা মানে গঙ্গার মোট প্রবাহের একটি ক্ষুদ্র অংশ ভাগাভাগি করা। উপরন্তু বাংলাদেশের অগ্রাধিকার হলো ১৯৭৭ সালের সমঝোতা স্মারকের আলোকে চুক্তি সংশোধন করা। ১৯৭৭ সালের চুক্তিতে গ্যারান্টি ক্লজ ছিল, যা ১৯৯৬ চুক্তিতে অনুপস্থিত। সামগ্রিক বিষয়ে বাংলাদেশের পানি বিশেষজ্ঞদেরও এখন থেকেই সরকারের উচ্চ পর্যায় থেকে সিদ্ধান্ত ও পরামর্শ নিয়ে ভারতীয় পক্ষের সঙ্গে দর-কষাকষি করতে হবে। মেয়াদ শেষ হওয়ার আগেই নবায়ন বা নতুন চু্ক্তি করতে হবে। উজানের পানিপ্রবাহের তথ্য পাওয়ার অধিকার চুক্তিতে অন্তর্ভুক্ত করা জরুরি। সিন্ধু চুক্তিসহ উপমহাদেশের অন্যান্য পানিচুক্তিতে উজানের ব্যারাজ ও পানি প্রত্যাহারের তথ্য ভাটির দেশকে দেওয়ার বিধান রয়েছে।

গত ১৩ মে ২০২৬ একনেক পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন করেছে। নতুন সরকারের এটি একটি সাহসী ও যুগান্তকারী পদক্ষেপ। প্রকল্পটি বাস্তবায়িত হলে পদ্মা ও যমুনা নদীর পানিপ্রবাহ সমস্যা অনেকাংশে দূর হবে। তবে সরকারকে সতর্কতার সঙ্গে এগোতে হবে, যাতে এর ফলে ভারতের সঙ্গে আসন্ন গঙ্গার পানিবণ্টন চুক্তি করার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়। এ ছাড়া অন্যান্য অভিন্ন নদীর পানি সরবরাহ চুক্তির বিষয়ে ভারতের সঙ্গে আলোচনা অব্যাহত রেখে বস্তুনিষ্ঠ ফলাফল অর্জনে সচেষ্ট হতে হবে। গঙ্গার ন্যায় তিস্তার পানি ব্যবস্থাপনার মাধ্যমে ভারত বাংলাদেশের ওপর দিয়ে বয়ে যাওয়া তিস্তা নদীর পানি সরিয়ে উত্তরাঞ্চলের হাজার হাজার একর জমির কৃষি ফলন হুমকির মধ্যে ফেলেছে। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর সরকারের সঙ্গে ২০১১ সালে তিস্তা চুক্তি চূড়ান্ত করেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতায় তিস্তা চুক্তি স্বাক্ষর সম্ভব হয়নি। প্রস্তাবিত তিস্তা ব্যারাজ নির্মাণে চীন সহযোগিতা করবে বলে মনে হচ্ছে। ভারত বা চীন যে দেশের সহযোগিতা বাংলাদেশের জনগণের স্বার্থের অনুকূল, সেটি চিন্তা করে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে সরকারকে এগিয়ে যেতে হবে।

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ভারতকে করিডর, ট্রান্সশিপমেন্ট, চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার এবং যমুনা ও পদ্মা সেতুর ওপর দিয়ে পণ্য পরিবহনের সুযোগ দেওয়া হয়েছিল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাধিকবার বলেছেন, ‘ভারতকে আমি এত কিছু দিয়েছি যে তারা আর ভাবতেও পারে না।’ কিন্তু এত কিছু পেয়েও তখনই বাংলাদেশের রপ্তানিতে নানা অশুল্ক বাধা এবং অসহযোগিতা ছিল। এমনকি চুক্তি থাকা সত্ত্বেও ভারতের স্থল রাস্তা ব্যবহার করে নেপাল ও ভুটানে বাংলাদেশের পণ্য পরিবহন বাধাগ্রস্ত হতো। বর্তমানে ভিসা, পরিবহন, বাণিজ্য কিংবা পারস্পরিক কর্মসংস্থানের ক্ষেত্রে যেসব বাধা আছে তা ভারতকেই দূর করতে হবে, কারণ শেখ হাসিনা সরকার পতনের পর ভারতই এসব বন্ধ করেছিল, বাংলাদেশ নয়।

২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশ আদর্শগতভাবে বদলে গেছে এ কথা ভারতকে মানতে হবে। বিজেপির মুসলিমবিদ্বেষী রাজনীতি, ভারতের বিভিন্ন স্থানে মুসলমানদের ধর্ম পালনে বাধা ইত্যাদি এবং ভারতের বড়ভাইসুলভ আচরণ বাংলাদেশের মানুষকে ভারতের প্রতি বিদ্বেষভাবাপন্ন করে তোলে। ফলে মাঝেমধ্যে বাংলাদেশেও কতিপয় সুবিধাবাদী লোক হিন্দু ভোগান্তির সৃষ্টি করে দুই দেশের তিক্ততা বাড়িয়ে তোলে। এসব থেকে পরিত্রাণের জন্য উভয় দেশের সরকার ও জনগণকে খোলা মন নিয়ে এগিয়ে আসতে হবে।

প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সদ্ভাব ভূরাজনীতি ও কূটনীতির ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশ তাদের ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি নির্ধারণ করেছে। কূটনীতি, ব্যবসা-বাণিজ্য, নিরাপত্তা ও প্রতিরক্ষার ক্ষেত্রে ভারত-বাংলাদেশ সহমর্মিতা ও সমঝোতার পথে চললে ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজিসমূহ থেকে উভয় দেশই লাভবান হবে। এ ছাড়া আন্তর্জাতিক ও বহুপাক্ষিক সংস্থাগুলোর বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে উভয় দেশের অভিন্ন নীতি পারস্পরিক অংশীদারত্বে সহায়ক হয়।

ভারতের সঙ্গে বিদ্যমান সমস্যাসমূহ নিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে আলোচনা হওয়া প্রয়োজন। উভয় দেশই চাচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান শীঘ্রই ভারত সফর করেন। এ ব্যাপারে পর্দার আড়ালে নিশ্চয়ই কূটনৈতিক আলোচনা চলমান। আশা করা যাচ্ছে জুলাই ২০২৬ মাসেই এ সফরের ব্যবস্থা হবে এবং এ সফরের মাধ্যমে দুই দেশের শীতল সম্পর্কের বরফ গলতে শুরু করবে। তবে ভারতকে মনে রাখতে হবে, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের অবনতির দায় বাংলাদেশের নয়, ভারতের। সে জন্য পারস্পরিক আস্থা ও বিশ্বাস পুনর্গঠনের উদ্যোগে দিল্লিকেই অধিকতর সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

লেখক : সাবেক সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রদূত

ক্ষমতার জন্য আওয়ামী লীগ কী না করেছে!

আনোয়ার হোসেইন মঞ্জু
ক্ষমতার জন্য আওয়ামী লীগ কী না করেছে!

ক্ষমতার রাজনীতিতে সাফল্য লাভের কৌশল নির্ধারণের একটি বিজ্ঞান আছে, যা ‘সায়েন্স অব গ্র্যাটিফিকেশন’ বা ‘তুষ্টিবিজ্ঞান’ নামে পরিচিত। ভোটারদের তাৎক্ষণিক মনস্তাত্ত্বিক অগ্রাধিকার কাজে লাগিয়ে ক্ষমতায় যাওয়ার পথ সহজ ও স্বচ্ছন্দ করতে তুষ্টিবিজ্ঞানের জুড়ি নেই। বাংলাদেশের প্রেক্ষাপটে আওয়ামী লীগ এই তুষ্টিবিজ্ঞানকে যেভাবে কাজে লাগাতে সক্ষম হয়েছে, তা অতীত বা বর্তমানের আর কোনো রাজনৈতিক দলের পক্ষে সক্ষম হয়নি। বাংলাদেশে ধর্মের চেয়ে শক্তিশালী নাগরিক মনস্তাত্ত্বিক উপাদান আর দ্বিতীয়টি নেই। অতীতেও ছিল না। ধর্মের নামে তাদের তুষ্ট করে ভোট বাগানোর কৌশলও আওয়ামী লীগ ছাড়া দ্বিতীয় কোনো দলের নেই, এমনকি ইসলামি দলগুলোরও না। আওয়ামী লীগের গঠনতন্ত্রের মুলনীতিগুলোর অন্যতম ‘ধর্মনিরপেক্ষতা’। সাংবিধানিকভাবেও বাংলাদেশ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র এবং ইসলাম রাষ্ট্রধর্ম। আওয়ামী লীগপ্রধান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবী মুহাম্মদ (সা.) এর ‘মদিনা সনদ’ অনুযায়ী দেশ পরিচালনা করছেন বলে বহুবার দাবি করেছেন। তাঁর মতে, ‘বাংলাদেশের ধর্মনিরপেক্ষতা অনুপ্রাণিত হয়েছে ‘মদিনা সনদ’ থেকে। কী আছে সাড়ে ১৪০০ বছর আগে ঘোষিত মদিনা সনদে? সহজ অর্থে এটি ছিল ইসলামের ইতিহাসে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর নেতৃত্বে প্রথম ইসলামি রাষ্ট্রের সংবিধান, যা মদিনায় মুসলিম, ইহুদি এবং অন্যান্য গোত্র ও গোষ্ঠীর সমন্বয়ে ঐক্যবদ্ধ সমাজ প্রতিষ্ঠা করেছিল।

বাংলাদেশের ইসলামি রাজনৈতিক দলগুলোর নেতারা ইসলামি রাষ্ট্রের কল্যাণ লাভের জন্য ক্ষমতায় গেলে ‘কোরআনের আইন চালু’র অঙ্গীকার ব্যক্ত করেন, মদিনা সনদ বাস্তবায়নের কথা বলেন, ‘শরিয়াহভিত্তিক শাসন’ কায়েমের কথা বলেন। কিন্তু তাঁদের নিজেদেরই কথা ও কাজে মিল না থাকায় জনগণ ভোট দিয়ে কখনো তাঁদের ক্ষমতায় পাঠায় না। ক্ষমতায় যাওয়ার তেমন গরজ তাঁদের আছে বলেও কখনো মনে হয়নি। এমনকি ইসলামি দলগুলোর মধ্যে ক্ষমতায় যাওয়ার প্রতিদ্বন্দ্বিতায় প্রবল প্রতিযোগী জামায়াতে ইসলামী, যারা প্রায় ৮৫ বছর আগে দলটির প্রতিষ্ঠালগ্ন থেকে ‘কোরআনের আইন চাই’, ‘সৎলোকের শাসন চাই’ ‘ইসলাম ছাড়া অন্য কিছু মানি না,’ ইত্যাদি স্লোগানে আকাশবাতাস মথিত করত, ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে ইতিহাসের মোড়ে মোড়ে যাদের অসংখ্য নেতা-কর্মী শাহাদাতের পেয়ালা পান করেছেন, সেই দলটিও ১২ ফেব্রুয়ারি ২০২৬-এর নির্বাচনের প্রস্তুতিতে তাদের নির্বাচনি ইশতেহারে সরকার গঠন করলে তারা ‘শরিয়াহ আইন’ বাস্তবায়ন করবে কি না, এ সম্পর্কে কোনো বক্তব্য অন্তর্ভুক্ত করেনি। বরং নির্বাচনে জামায়াতের অনুকূলে ‘ক্ষমতায় চলে আসা’র একধরনের আওয়াজ উঠলে নারীসমাজ এবং বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের অনেকের মধ্যে যখন অজানা শঙ্কা ও আতঙ্কের ফিসফিসানি শুরু হয়, তখন জামায়াত জোরালো ঘোষণা দিয়ে জনগণের দ্বিধাগ্রস্ত অংশকে এই বলে আশ্বস্ত করে যে ‘জামায়াতে ইসলামী দেশ পরিচালনার সুযোগ পেলে বাংলাদেশে শরিয়াহ আইন বাস্তবায়ন করবে না।’ এটি হয় জামায়াতের আদর্শচ্যুতি, অথবা নির্বাচনি কৌশল।

কিন্তু ইসলামের আদর্শ সম্পর্কে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থানে কোনো রাখঢাক ছিল না। তাঁর কোনো এক পূর্বপুরুষ মরুর দেশ ইরাক থেকে ইসলাম প্রচারের উদ্দেশ্যেই বাংলাদেশের মাটিতে পা রেখেছিলেন। তিনি কখনো তাঁর এ উত্তরাধিকারের ঐতিহ্য বিস্মৃত হননি বলে সব সময় পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতেন। গভীর রাতে তাহাজ্জুদ নামাজ পড়তেন। ফজর নামাজ শেষে নিয়মিত কোরআন তিলাওয়াত করতেন এবং প্রায়ই তিনি তাঁর ইবাদত-বন্দেগিতে কাটানোর কথায় শ্রোতাদের মুগ্ধ করতেন। তাঁর ধর্মনিষ্ঠায় মুগ্ধ ছিলেন জামায়াতের ইসলামীর সাবেক আমির অধ্যাপক গোলাম আযমও। সংসদে জামায়াতের সমর্থন কামনা করে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা যাঁকে দূতিয়ালির জন্য পাঠিয়েছিলেন, তাঁর হাতে গোলাম আযমের জন্য উপহার হিসেবে পাঠিয়েছিলেন জায়নামাজ ও তসবিহ। শেখ হাসিনা জামায়াতের সমর্থন লাভে সফল না হলেও অধ্যাপক গোলাম আযমের কাছে পেয়েছিলেন ‘আবিদা’ (ইবাদতকারী) খ্যাতি। সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারও পিছিয়ে ছিলেন না। ২০২৩ সালে তিনি বলেন, ‘শেখ হাসিনা তাহাজ্জুদের নামাজ পড়ে মন উজাড় করে দেশবাসীর জন্য দোয়া করেন।’ কওমি মাদ্রাসার ‘দাওরায়ে হাদিস’ মাস্টার্স ডিগ্রির সমমানের স্বীকৃতি দানসহ মাদ্রাসা শিক্ষার উন্নয়নে কিছু পদক্ষেপ গ্রহণ করায় কওমি মাদ্রাসাভিত্তিক প্রতিষ্ঠান ‘আল-হাইয়াতুল উলইয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশ’ ২০১৮ সালে শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধিতে ভূষিত করে।

ইসলামকে ব্যক্তিগত জীবনে ও রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠার লক্ষ্যে শেখ হাসিনার উদ্যোগের সীমা-পরিসীমা ছিল না। যখনই জাতীয় নির্বাচন এসেছে, তিনি তাঁর দলের নির্বাচনি অভিযান শুরু করার আগে প্রায় ব্যতিক্রমহীনভাবে সিলেটের হজরত শাহজালালের দরগাহে গিয়ে সাত শ বছর ধরে কবরে শায়িত সুফিসাধকের জন্য ফাতিহা পাঠ ও মনোবাঞ্ছা ব্যক্ত করেছেন এবং অনেক সময় ওমরাহ পালনে গিয়ে মহান আল্লাহর মেহেরবানি কামনা করেছেন। সবার মনে থাকার কথা, ১৯৯৬ সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে তিনি ওমরাহ পালন করতে মক্কা গমন করেন এবং মদিনায় মহানবী (সা.)-এর রওজা জিয়ারত শেষে দেশে ফিরে আসেন মাথায় একখণ্ড কালো বস্ত্র ধারণ করে। নির্বাচন চলাকালে এবং প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকালেও কিছুদিন পর্যন্ত সেই কালো বস্ত্রখণ্ড তাঁর মাথায় শোভা পেত। তাঁর ইসলাম নিষ্ঠার আরেকটি প্রমাণ তিনি বাংলাদেশের প্রতিটি জেলা-উপজেলায় রাষ্ট্রের ৯.৪৩৫ কোটি টাকা ব্যয়ে ৫৬৪টি মডেল মসজিদ তৈরির উদ্যোগ গ্রহণ। মডেল মসজিদের অধিকাংশ তাঁর বিদায়ের আগেই সম্পন্ন হয়েছে এবং ক্ষমতায় থাকাকালেই তিনি উদ্বোধন করেছেন।

আওয়ামী লীগ অন্তরে কীভাবে ইসলাম ধারণ করে এবং জনতুষ্টির বর্ম হিসেবে ধর্মনিরপেক্ষতাকে লালন করে, তার অকাট্য প্রমাণ হলো, সামরিক শাসক লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমানের শাসনামলে ৪৭ বছর আগে ১৯৭৯ সালে দ্বিতীয় জাতীয় সংসদে পঞ্চম সংশোধনীর মাধ্যমে সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ এবং আরেক সামরিক শাসক লেফটেন্যান্ট জেনারেল হুসেইন মুহম্মদ এরশাদের শাসনাধীনে ৩৮ বছর আগে ১৯৮৮ সালের চতুর্থ সংসদে অষ্টম সংশোধনীর মাধ্যমে সংবিধানে ইসলামকে ‘রাষ্ট্রধর্ম’ হিসেবে অন্তর্ভুক্ত করাকে সর্বান্তঃকরণে গ্রহণ ও ধারণ করা। এই দুটি সংশোধনীর মধ্য দিয়ে আওয়ামী লীগের স্বপ্নের সোনার বাংলার ধর্মনিরপেক্ষতার নীতি পুরোপুরি পাল্টে দেওয়া হলেও ধর্মনিরপেক্ষতার অনুসারী ও এই নীতির অতন্দ্র প্রহরী শেখ হাসিনা ও তাঁর নেতৃত্বাধীন দল ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত চার দফা রাষ্ট্রের ক্ষমতার একচ্ছত্র অধিকারী হওয়া সত্ত্বেও সংবিধান সংশোধন বা সংবিধানের খোলনলচে পাল্টে ফেলার সুযোগ পেয়েও তাদের একসময়ের আপত্তির ‘বিসমিল্লাহ’ ও ‘রাষ্ট্রধর্ম ইসলাম’ সংবিধান থেকে বাদ দেননি। যদিও ২০১১ সালে পঞ্চদশ সংশোধনীতে তারা বাহাত্তরের সংবিধানের চার মূলনীতি : জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা ফিরিয়ে এনেছিল। অথচ সংবিধানে ‘রাষ্ট্রধর্ম ইসলাম’ অন্তর্ভুক্ত করার প্রতিবাদে আওয়ামী লীগ তাদের সমর্থক দলগুলোকে নিয়ে হরতাল পর্যন্ত করেছিল। আওয়ামী লীগের এই চারিত্রিক বৈশিষ্ট্যকে কে কীভাবে ব্যাখ্যা করবেন, তা প্রত্যেক সচেতন নাগরিকের বিবেচনার ওপর নির্ভর করে। তারা যখন ক্ষমতার বাইরে থাকে, তখন অক্ষরে অক্ষরে বাহাত্তরের সংবিধানে ফিরে যাওয়ার জন্য সরকারের ওপর চাপ দেয়, আর নিজেরা যখন ক্ষমতায় থাকে, তারা আর তাদের সুবিধাজনক অংশটুকু নিতে চায়। বিরোধী দলে থাকলে আওয়ামী লীগ তাদেরই প্রণীত ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন বাতিলের দাবি জানায়, তারা ক্ষমতায় গেলে ওই আইনের প্রয়োগ আরও বৃদ্ধি করে।

আলোচনার মুখ্য বিষয় ছিল, ইসলামকে সফলভাবে কাজে লাগানোর ক্ষেত্রে আওয়ামী লীগ পারঙ্গমতা। সংখ্যালঘুদেরও তারা নিজেদের দিকে টানতে সবচেয়ে সফল। নির্বাচনি কৌশলের অংশ হিসেবে জনতুষ্টির জন্য ‘ইসলাম’ ধর্মকে ব্যবহার এবং সংখ্যালঘুদের স্থায়ী ভোটব্যাংকে পরিণত করার জাদু আর কোনো দল আয়ত্ত করতে পারেনি। সংবিধানে ধর্মনিরপেক্ষতা ফিরিয়ে আনলেও আওয়ামী লীগের ধর্মনির্ভরতা ছিল শুরু থেকে। আওয়ামী লীগের জন্মলগ্নে দলটির নামের সঙ্গে ‘মুসলিম’ শব্দটি যুক্ত ছিল। ধর্মনিরপেক্ষ রূপ দেওয়ার জন্য। এটিকে সেক্যুলার ও অন্তর্ভুক্তিমূলক করতে তারা মুসলিম শব্দ বর্জন করে ১৯৫৫ সালের অক্টোবর মাসে। এরপরও তারা তাদের সভা-সমাবেশ আয়োজনে ইসলামি চেতনামূলক স্লোগানগুলো যে ষাটের দশকের শেষ নাগাদ পর্যন্ত বহাল রেখেছিল তার বহু প্রমাণ রয়েছে। যেমন তারা স্লোগান দিয়েছে ‘নারায়ে তকবির আল্লাহু আকবর’, পাকিস্তান জিন্দাবাদ,’ ‘আওয়ামী লীগ জিন্দাবাদ,’ ‘শেখ মুজিব জিন্দাবাদ ইত্যাদি। এখন ‘জিন্দাবাদ’-এর মধ্যে তারা ‘জিহাদ’, ‘জঙ্গিবাদ’, ‘পাকিস্তান’ খুঁজে পায়।

নিজেদের স্বার্থ উদ্ধারে ‘ধর্মনিরপেক্ষ’ আওয়ামী লীগের পক্ষে যে তাদের মর্জি অনুযায়ী সবকিছু করা সম্ভব, তার বহু প্রমাণের একটি ২০০৬ সালের ২৩ ডিসেম্বর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিল এবং বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব আবদুর রব ইউসুফীর স্বাক্ষরিত নির্বাচনি সমঝোতা স্মারক। পাঠকদের উপলব্ধির সুবিধার্থে স্মারকের পুরোটা উপস্থাপন করা হলো :

‘বাংলাদেশ আওয়ামী লীগ ও বাংলাদেশ খেলাফত মজলিসের মধ্যে নির্বাচনি সমঝোতা স্মারক’ বাংলাদেশ আওয়ামী লীগ ও বাংলাদেশ খেলাফত মজলিস এই মর্মে অঙ্গীকারবদ্ধ হচ্ছে যে নিম্নবর্ণিত ৫টি বিষয়ে ঐকমত্য পোষণ করে আসন্ন নবম জাতীয় সংসদ নির্বাচনে সমঝোতার ভিত্তিতে অংশগ্রহণ করবে এবং মহান আল্লাহ তায়ালা বিজয় দান করলে এই বিষয়গুলো বাস্তবায়ন করবে।

১. পবিত্র কোরআন, সুন্নাহ ও শরিয়তবিরোধী কোনো আইন প্রণয়ন করা হবে না; ২. কওমি মাদ্রাসা সনদের সরকারি স্বীকৃতি যথাযথভাবে বাস্তবায়ন করা হবে; ৩. নিম্নবর্ণিত বিষয়ে আইন প্রণয়ন করা হবে : (ক) হজরত মুহাম্মদ (সা.) সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী; (খ) সনদপ্রাপ্ত হক্কানি আলেমগণ ফতোয়ার অধিকার সংরক্ষণ করেন। সনদবিহীন কোনো ব্যক্তি ফতোয়া প্রদান করতে পারবে না; (গ) নবী-রসুল ও সাহাবায়ে কেরামের সমালোচনা ও কুৎসা রটনা করা দণ্ডনীয় অপরাধ।

‘ধর্মনিরপেক্ষতার পতাকাধারী আওয়ামী লীগ ১৯৭০ সালে ইয়াহিয়া খানের ঘোষিত ‘লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার’ বা আইনগত কাঠামো আদেশের মূলনীতি অনুযায়ী ইসলামি প্রজাতন্ত্রী পাকিস্তান রাষ্ট্রের ইসলামি আদর্শ সংরক্ষণ, একজন মুসলিমকে রাষ্ট্রের প্রধান হিসেবে রাখা এবং ইসলামের শিক্ষা অনুযায়ী পাকিস্তানের মুসলমানদের জীবনযাপনের সুযোগ সৃষ্টি করার মুচলেকা দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছিল। পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহ ১৯৪৭ সালের ১১ জুন গণপরিষদে দেওয়া বক্তব্যে বলেছিলেন, ‘রাষ্ট্রের কার্যক্রমের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই।’ ধর্মের নামে পাকিস্তান প্রতিষ্ঠিত হলেও তিনি পাকিস্তানকে ধর্মীয় রাষ্ট্রে পরিণত করতে চাননি। কিন্তু তাঁর মৃত্যুর পর যাঁরা নেতৃত্ব দিয়েছেন তাঁরা ক্ষমতায় টিকে থাকার সহজ উপায় হিসেবে ব্যবহার করেছেন ইসলামকে। পাকিস্তান এখন ধর্মীয় রাষ্ট্রও নয়, ধর্মনিরপেক্ষও নয়। পাশের দেশ ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এমন একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র চেয়েছিলেন, যা প্রত্যেক ধর্মের অনুসারীদের নিরাপত্তা দেবে, অন্যদের ক্ষতি করে কোনো একটি ধর্মকে বিশেষ সুবিধা দেবে না এবং কোনো ধর্মকে রাষ্ট্রধর্ম হিসেবে গ্রহণ করবে না। সেই নেহরুও নেই, নেহরুর ভারতও নেই।  উপমহাদেশের তিনটি দেশেই এখন ধর্ম ক্ষমতায় যাওয়ার জন্য জনতুষ্টির মোক্ষম মাধ্যমে পরিণত হয়েছে এবং ধর্মনিরপেক্ষতার দাবিদাররাই ধর্মকে অধিক ব্যবহার করছে।

লেখক : যুক্তরাষ্ট্রপ্রবাসী সিনিয়র সাংবাদিক

যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া নীতি ও বাংলাদেশের কৌশলগত অবস্থান

ড. রশিদ উল আহসান চৌধুরী
যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া নীতি ও বাংলাদেশের কৌশলগত অবস্থান

ভূ-রাজনৈতিক বিবেচনায় আন্তর্জাতিক বলয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে দক্ষিণ এশিয়া একটি অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চল। মার্কিন এই দৃষ্টিভঙ্গির পেছনে কয়েকটি যৌক্তিক কারণ রয়েছে। এই অঞ্চল হলো ঘনবসতিপূর্ণ এবং এখানে গোলার্ধের প্রায় এক-চতুর্থাংশ মানুষ বসবাস করে। এখানে অবস্থিত রাষ্ট্রগুলোর অর্থনীতি দ্রুতবর্ধনশীল। এই অঞ্চলের লাগোয়া সমুদ্রপথ বিশ্ব অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। সর্বোপরি এ অঞ্চলে আছে দুটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র; কিন্তু এরা একে অপরের প্রতি বৈরী ভাবাপন্ন। ফলে আন্তর্জাতিক বলয়ে ভারসাম্য, সহাবস্থান, রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনীতিক তৎপরতা এবং শান্তি বজায় রাখার ক্ষেত্রে এই অঞ্চলের ভূমিকা গুরুত্বপূর্ণ। বর্ণিত এই কারণগুলোর জন্য যুক্তরাষ্ট্র দীর্ঘদিন যাবৎ দক্ষিণ এশিয়াকে তার বৈশ্বিক কৌশলে একটি অত্যাবশ্যকীয় অংশ হিসেবে বিবেচনা করে আসছে।

দ্রুত পরিবর্তনশীল আন্তর্জাতিক পরিস্থিতি, বিশেষ করে মহাশক্তি হিসেবে চীনের উত্থান এবং বিভিন্ন অঞ্চলে (যেমন : পূর্ব ইওরোপ ও মধ্যপ্রাচ্যে) ক্রমবর্ধমান অস্থিরতা এবং সংঘর্ষের কারণে যুক্তরাষ্ট্রের নীতি-নির্ধারকদের কাছে ভারত মহাসাগরের কৌশলগত গুরুত্ব বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া বিশ্বজুড়ে সন্ত্রাসবাদ মোকাবেলায় এ অঞ্চলের রাষ্ট্রগুলোর সমর্থনের প্রয়োজনীয়তা যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া নীতিকে করে তুলেছে আরো গুরুত্বপূর্ণ। এই প্রেক্ষাপটে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের একটি ক্রমবর্ধমান তাত্পর্যপূর্ণ অংশীদার হিসেবে আবির্ভূত হয়েছে।

দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান লক্ষ্য হলো আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা। ভারত ও পাকিস্তান উভয়ই পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। ধর্মভিত্তিক রাজনীতি, সীমান্ত সংঘর্ষ, কাশ্মীর অঞ্চল নিয়ে রাজনৈতিক সমস্যা, সন্ত্রাসমূলক কার্যকলাপ ইত্যাদির কারণে এই দুই দেশ একাধিকবার সংঘর্ষে লিপ্ত হয়েছে। মার্কিন নীতি-নির্ধারকরা চায় এ অঞ্চলে কোনো বড় ধরনের সামরিক সংঘাত না ঘটুক। কারণ তা বৈশ্বিক নিরাপত্তা ও অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এ কারণে ১৯৭১, ১৯৯৯, ২০১৯ এবং ২০২৫-এ ভারত এবং পাকিস্তানের মধ্যে সামরিক সংঘর্ষ থামাতে যুক্তরাষ্ট্র উল্লেখযোগ্য ভূমিকা পালন করে।

দক্ষিণ এশিয়া জনবহুল অঞ্চল এবং অর্থনৈতিক অগ্রগতি সত্ত্বেও এ অঞ্চলের জনগোষ্ঠীর একাংশ দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। এই দরিদ্র জনগোষ্ঠীর কাছে যাতে ধর্মীয় মৌলবাদ এবং সন্ত্রাসবাদের আদর্শ প্রভাব বিস্তার না করতে পারে, সে জন্য যুক্তরাষ্ট্র এ অঞ্চলের প্রতি গত কয়েক দশক ধরে বিশেষ মনোযোগ দিচ্ছে। বিশেষ করে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার পর দক্ষিণ এশিয়া মার্কিন সন্ত্রাসবিরোধী নীতির একটি গুরুত্বপূর্ণ বিচরণ ক্ষেত্র হয়ে উঠেছে। তখন থেকেই মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশসহ অন্যান্য অঞ্চলে সন্ত্রাসী সংগঠনগুলোর কার্যক্রম মোকাবেলায় প্রতিনিয়ত কাজ করে চলেছে। দক্ষিণ এশিয়া যাতে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের নিরাপদ আশ্রয়স্থল না হয়, তা নিশ্চিতকরণের লক্ষ্যে  মার্কিনীরা এ অঞ্চলের দেশগুলোয় বিভিন্ন প্রকার কৌশলগত সাহায্য প্রদান করছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো অভ্যন্তরীণ নিরাপত্তা উন্নয়নে অর্থায়ন, সন্ত্রাস মোকাবেলায় প্রশিক্ষণ এবং সন্ত্রাস দমনে নিয়োজিত বাহিনীকে উন্নত অস্ত্র-সরঞ্জাম সরবরাহ।

বর্তমানে দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের আরেকটি গুরুত্ববহ কৌশলগত লক্ষ্য হলো চীনের ক্রমবর্ধমান প্রভাবের ভারসাম্য রক্ষা করা। চীন তার ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’-এর মাধ্যমে দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশে ব্যাপক অবকাঠামোগত বিনিয়োগ করছে। যুক্তরাষ্ট্র মনে করে এই কার্যক্রম ভবিষ্যতে এ অঞ্চলে চীনের কৌশলগত অবস্থানকে শক্তিশালী করতে পারে। তাই চীনের প্রভাব মোকাবেলার জন্য ওয়াশিংটন আঞ্চলিক দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক, রাজনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর চেষ্টা করছে।

বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রধান রুট হচ্ছে ভারত মহাসাগর। মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি এবং এশিয়ার বিভিন্ন দেশের পণ্য এই জলপথ দিয়ে পরিবাহিত হয়। যুক্তরাষ্ট্র চায় এই পথ নিরাপদ এবং উন্মুক্ত থাকুক এবং এ কারণে ওয়াশিংটনের নীতিমালায় ‘মুক্ত এবং উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক’ ধারণাকে গুরুত্ব দেওয়া হয়। দক্ষিণ এশিয়ার দ্রুতবর্ধনশীল বাজারও যুক্তরাষ্ট্রের জন্য একটি লাভজনক ক্ষেত্র। বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি এবং জ্বালানি খাতে সহযোগিতা বাড়িয়ে এ অঞ্চলে ওয়াশিংটন তার অর্থনৈতিক স্বার্থ সংরক্ষণ করতে চায়।

বাংলাদেশ ভৌগলিকভাবে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার সংযোগস্থলে অবস্থিত; এ ছাড়া বাংলাদেশের উপকূল ছুঁয়ে আছে বঙ্গোপসাগর। এই দুই অবস্থানের কারণে আন্তর্জাতিক বলয়ে বাংলাদেশের ভূরাজনৈতিক গুরুত্ব সাম্প্রতিককালে তাৎপর্যপূর্ণভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে বঙ্গোপসাগর ভারত মহাসাগরের একটি গুরুত্বপূর্ণ অংশ হওয়ায় ওয়াশিংটনের ‘মুক্ত এবং উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক’ কৌশলে বাংলাদেশকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচনা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের নীতি-নির্ধারকরা আরো মনে করে বাংলাদেশ দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে সংযোগ বৃদ্ধিতেও মূল্যবান ভূমিকা পালন করতে পারে। তাই বিভিন্ন আঞ্চলিক অবকাঠামো এবং বাণিজ্যিক উদ্যোগে বাংলাদেশের অংশগ্রহণে যুক্তরাষ্ট্র ঢাকাকে সমর্থন প্রদান করে। কারণ, উন্নত সংযোগ অর্থনৈতিক প্রবৃদ্ধি ও আঞ্চলিক স্থিতিশীলতা বৃদ্ধি করতে সহায়তা করে।

বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী বাংলাদেশ বর্তমানে দ্রুত বর্ধনশীল বিশ্ব অর্থনীতিগুলোর মধ্যে একটি। তৈরি পোশাক শিল্প, বৃহৎ শ্রমশক্তি এবং ক্রমবর্ধমান মধ্যবিত্ত শ্রেণি দেশটিকে যুক্তরাষ্ট্রের কাছে একটি গুরুত্বপূর্ণ বাজারে পরিণত করেছে। বর্তমানে যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্যতম প্রধান রপ্তানি গন্তব্যস্থল হয়ে উঠেছে। অপরদিকে বাংলাদেশে যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি বৃদ্ধি করার জন্য বাংলাদেশ সরকারের ওপর ওয়াশিংটনের চাপ অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্র মনে করে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বৃদ্ধি পেলে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতার ভিত্তি দৃঢ় হয়ে উঠবে।

যুক্তরাষ্ট্র আরো মনে করে বঙ্গোপসাগরে সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং জলদস্যুতা প্রতিরোধে, অবৈধ মাছ ধরা বন্ধে এবং দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারবে। তাই বাংলাদেশ নৌ বাহিনী এবং কোস্ট গার্ডের সঙ্গে যুক্তরাষ্ট্র সহযোগিতার হাত বাড়িয়েছে আর এই সামুদ্রিক নিরাপত্তা সহযোগিতা দুই দেশের সম্পর্ককে আরো গভীর করেছে। মায়ানমার থেকে বাস্তুচুত্য প্রায় দশ লক্ষাধিক রোহিঙ্গাকে বাংলাদেশ আশ্রয় দিয়েছে আর এই কারণে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের ভূমিকা আন্তর্জাতিক মহলে প্রশংসিত হয়েছে এবং ওয়াশিংটনের সঙ্গে ঢাকার সম্পর্ক করেছে আরো জোরাল। এই মানবিক সংকট মোকাবেলায় বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্র হচ্ছে অন্যতম বৃহৎ সহায়তাদানকারী রাষ্ট্র।

বাংলাদেশ তার নিজস্ব পররাষ্ট্র নীতিমালা অনুযায়ী বড় শক্তিগুলোর প্রতিযোগিতায় কোনো এক পক্ষের সঙ্গে সরাসরি অবস্থান নিতে চায় না। দেশটি একই সঙ্গে যুক্তরাষ্ট্র, চীন, ভারত, জাপান, পাকিস্তান এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করে। একদিকে চীন বাংলাদেশের বড় উন্নয়ন অংশীদার এবং অবকাঠামো বিনিয়োগকারী। অপরদিকে যুক্তরাষ্ট্র বাংলাদেশের বৃহত্তম রপ্তানি বাজারগুলোর মধ্যে একটি এবং নিরাপত্তা ও উন্নয়ন সহযোগিতায় গুরুত্বপূর্ণ অংশীদার। তাই বাংলাদেশকে প্রায়ই এই দুই শক্তির মধ্যে ভারসাম্যপূর্ণ কূটনীতি অনুসরণ করতে হয়।

বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার, শ্রম অধিকার এবং সুশাসন সম্পর্কিত বিষয়গুলো মাঝেমধ্যে ঢাকা ও ওয়াশিংটনের বিতর্কের বিষয় হয়ে ওঠে। তবে উভয় দেশই সাধারণত পারস্পরিক স্বার্থের ক্ষেত্রগুলোতে সহযোগিতা অব্যাহত রাখার চেষ্টা করে। এ কারণে আমরা দেখতে পাই যুক্তরাষ্ট্রের জোর সমর্থনে বিগত অনেক বছর যাবত বাংলাদেশ জাতিসংঘের বিভিন্ন অঙ্গসংগঠন সিকিউরিটি কাউন্সিল, হিউম্যান রাইটস কাউন্সিল, পিস বিল্ডিং কমিশন, ইন্টারন্যশানাল অরগানাইজেশন ফর মাইগ্রেশান, ওয়ার্ল্ড হেলথ অরগেনাইজেশন, ইন্টারন্যশানাল লেবার অর্গানাইজেশন ইত্যাদিতে প্রতিনিধিত্ব করে আন্তর্জাতিক অঙ্গনে প্রগতি ও শান্তি রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

অতি সম্প্রতি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্যের পদে (২০২৬-২৭) বাংলাদেশ প্রার্থিতা দিলে ওয়াশিংটন বাংলাদেশের প্রার্থিতার প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়ে নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য পদে ঢাকার নির্বাচন নিশ্চিত করে। এতেই প্রতীয়মান হয়, ওপরে বর্ণিত কৌশলগত কারণগুলো বাস্তবায়নের জন্য ওয়াশিংটন ঢাকার সঙ্গে সহযোগী সম্পর্ক রাখতে বিশেষভাবে ইচ্ছুক। মিডিয়া রিপোর্ট থেকে জানা যায়, সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী চীন সফরে গেলে ওই দেশের সরকার চীন-মায়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডর তৈরির প্রস্তাব দেয়। এই করিডোর চীনের ইয়ুনান প্রদেশকে মায়ানমারের মাধ্যমে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের সঙ্গে সড়কপথে সংযুক্ত করবে। এই প্রস্তাব বাংলাদেশ সরকার গ্রহণ করবে কি না, তা ভবিষ্যৎ বলে দেবে। তবে প্রস্তাবটি গ্রহণ করা হলে ঢাকা এবং ওয়াশিংটনের মধ্যে সহযোগী সম্পর্কে ঝামেলার সৃষ্টি হতে পারে।

লেখক : বিশেষ লেখক, কালের কণ্ঠ, যুক্তরাষ্ট্র

চীন-মায়ানমার-বাংলাদেশ করিডর : অর্থনীতি, ভূরাজনীতি ও বাংলাদেশ

ড. মো. মিজানুর রহমান
চীন-মায়ানমার-বাংলাদেশ করিডর : অর্থনীতি, ভূরাজনীতি ও বাংলাদেশ
সংগৃহীত ছবি

একবিংশ শতাব্দীতে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়ন শুধু প্রাকৃতিক সম্পদ বা জনসংখ্যার ওপর নির্ভর করে না; বরং নির্ভর করে বৈশ্বিক বাণিজ্য ও যোগাযোগব্যবস্থার সঙ্গে তার কার্যকর সংযুক্তির ওপর। ইতিহাসে দেখা যায়, যেসব দেশ তাদের ভৌগোলিক অবস্থানকে আন্তর্জাতিক বাণিজ্য ও পরিবহনের কেন্দ্র হিসেবে কাজে লাগাতে পেরেছে, তারাই অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে সবচেয়ে বেশি অগ্রগতি অর্জন করেছে। এই প্রেক্ষাপটে কানেক্টিভিটি আজ উন্নয়ন, নিরাপত্তা ও ভূরাজনৈতিক ক্ষমতার একটি গুরুত্বপূর্ণ উপাদান।

প্রস্তাবিত চীন-মায়ানমার-বাংলাদেশ করিডর এই বাস্তবতার একটি সম্ভাবনাময় উদাহরণ। এটি বাস্তবায়িত হলে তিন দেশের মধ্যে স্থল ও সমুদ্র যোগাযোগ বৃদ্ধি পাবে এবং দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া ও বঙ্গোপসাগরকে একটি সমন্বিত অর্থনৈতিক অঞ্চলে রূপান্তরের সুযোগ তৈরি করবে। একই সঙ্গে এটি চীনের জন্য মালাক্কা প্রণালির ওপর নির্ভরতা কমিয়ে বঙ্গোপসাগরে একটি বিকল্প বাণিজ্য ও সরবরাহ পথ তৈরি করতে পারে।

চীনের বৈশ্বিক বাণিজ্য মূলত সমুদ্রপথনির্ভর, যার বড় অংশ মালাক্কা প্রণালি দিয়ে পরিচালিত হয়। এই পথ গুরুত্বপূর্ণ হলেও সংকীর্ণ ও ঝুঁকিপূর্ণ হওয়ায় ‘মালাক্কা ডিলেমা’ চীনের জন্য একটি কৌশলগত উদ্বেগ তৈরি করেছে। এ কারণে বিকল্প যোগাযোগ রুট অনুসন্ধান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে মায়ানমারের কিয়াউকফিউ বন্দর হয়ে বাংলাদেশ পর্যন্ত সংযোগ চীনের জন্য তুলনামূলক দ্রুত ও বহুমুখী বাণিজ্য ও পরিবহন ব্যবস্থা গড়ে তোলার সুযোগ তৈরি করতে পারে।

অন্যদিকে বাংলাদেশের জন্য এই করিডর শুধু চীনের সঙ্গে সংযোগ নয়, বরং বৃহত্তর আঞ্চলিক অর্থনীতির সঙ্গে যুক্ত হওয়ার একটি সুযোগ। এতে আমদানি-রপ্তানির ব্যয় ও সময় কমে শিল্প উৎপাদনের খরচ হ্রাস পাবে, ফলে তৈরি পোশাক, চামড়া, হালকা প্রকৌশল ও ওষুধ শিল্প প্রতিযোগিতামূলক হয়ে উঠবে। পাশাপাশি বাংলাদেশ একটি ট্রানজিট ও লজিস্টিকস হাব হিসেবে বিকশিত হতে পারে, যেখানে বন্দর সেবা, গুদামজাতকরণ ও পরিবহন খাত থেকে নতুন আয় ও কর্মসংস্থান সৃষ্টি হবে। একই সঙ্গে পর্যটন, স্বাস্থ্যসেবা ও আঞ্চলিক বিনিয়োগও বৃদ্ধি পেতে পারে, যা অর্থনীতিকে ধীরে ধীরে ভোক্তানির্ভর কাঠামো থেকে সংযোগ ও লজিস্টিকস কেন্দ্রিক কাঠামোর দিকে রূপান্তরের সুযোগ দেবে।

বাংলাদেশের ভৌগোলিক অবস্থান তাকে দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যকার একটি প্রাকৃতিক সেতুবন্ধে পরিণত করেছে। পশ্চিমে ভারত, পূর্বে মায়ানমার এবং দক্ষিণে বঙ্গোপসাগর—এই তিনটি ভৌগোলিক বৈশিষ্ট্য বাংলাদেশকে আঞ্চলিক যোগাযোগব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ অবস্থান দিয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে এই সম্ভাবনার পূর্ণ ব্যবহার করা সম্ভব হয়নি।

চীন-মায়ানমার-বাংলাদেশ করিডর বাস্তবায়িত হলে বাংলাদেশের সামনে নতুন এক আঞ্চলিক ভূমিকা উন্মোচিত হতে পারে। এই করিডর শুধু চীনের সঙ্গে নয়, বরং মায়ানমারের মাধ্যমে থাইল্যান্ড, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম এবং বৃহত্তর দক্ষিণ-পূর্ব এশিয়ার বাজারের সঙ্গে বাংলাদেশের সংযোগ আরো সহজ করতে পারে। একই সঙ্গে বঙ্গোপসাগরকেন্দ্রিক বাণিজ্য ও সামুদ্রিক অর্থনীতিতেও বাংলাদেশের গুরুত্ব বাড়তে পারে।

বাংলাদেশ ইতোমধ্যে BIMSTEC, BBIN এবং অন্যান্য আঞ্চলিক সহযোগিতা কাঠামোর সদস্য। কিন্তু এসব উদ্যোগের কার্যকারিতা অনেকাংশেই নির্ভর করে বাস্তব যোগাযোগ অবকাঠামোর ওপর। নতুন করিডর এই আঞ্চলিক উদ্যোগগুলোকে আরও কার্যকর করার সুযোগ সৃষ্টি করতে পারে। এর ফলে পণ্য, সেবা, মানুষ ও বিনিয়োগের প্রবাহ বৃদ্ধি পাবে এবং দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে অর্থনৈতিক সংযোগ আরো সুদৃঢ় হবে। আঞ্চলিক সংযোগ বৃদ্ধির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো অর্থনৈতিক আন্তঃনির্ভরতা। ইতিহাসে দেখা যায়, যেসব দেশের মধ্যে বাণিজ্য ও যোগাযোগ বাড়ে, তাদের মধ্যে সহযোগিতার ক্ষেত্রও সম্প্রসারিত হয়। যদিও এটি সব সময় রাজনৈতিক বিরোধ দূর করে না, তবু পারস্পরিক অর্থনৈতিক স্বার্থ সংলাপ ও সহযোগিতার নতুন সুযোগ তৈরি করে।

বাংলাদেশ যদি দক্ষতার সঙ্গে এই করিডরকে কাজে লাগাতে পারে, তাহলে দেশটি কেবল একটি ট্রানজিট রাষ্ট্র নয়; বরং দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং বঙ্গোপসাগরীয় অর্থনীতির মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংযোগকেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। এই অবস্থান বাংলাদেশের আন্তর্জাতিক কূটনৈতিক গুরুত্ব বৃদ্ধি করার পাশাপাশি আঞ্চলিক বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতার নতুন দিগন্তও উন্মোচন করতে পারে।

ইতিহাসে দেখা যায়, যেসব দেশ তাদের ভৌগোলিক অবস্থানকে পরিকল্পিত অবকাঠামো ও কার্যকর নীতির মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্যের সঙ্গে যুক্ত করতে পেরেছে, তারাই সবচেয়ে বেশি অর্থনৈতিক সুবিধা অর্জন করেছে—অর্থাৎ অবস্থান নিজে সম্পদ নয়, বরং সঠিক ব্যবস্থাপনায় তা শক্তিতে রূপ নেয়। এর উদাহরণ হিসেবে মিসরের সুয়েজ খাল ও পানামা খাল বৈশ্বিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ ট্রানজিট কেন্দ্র হিসেবে বিপুল আয় ও কৌশলগত গুরুত্ব তৈরি করেছে। একইভাবে কাজাখস্তান বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের মাধ্যমে স্থলবেষ্টিত অবস্থানকে কাজে লাগিয়ে ট্রানজিট হাবে পরিণত হয়েছে, তুরস্ক ইউরোপ-এশিয়া সংযোগকে ভিত্তি করে বাণিজ্য কেন্দ্র হিসেবে বিকশিত হয়েছে, এবং ভিয়েতনাম উন্নত সংযোগ ও সরবরাহ শৃঙ্খলের মাধ্যমে দ্রুত বর্ধনশীল উৎপাদন অর্থনীতিতে রূপ নিয়েছে। এসব উদাহরণ থেকে স্পষ্ট যে কেবল করিডর তৈরি নয়, বরং সমন্বিত শিল্পনীতি, আধুনিক বন্দর ও লজিস্টিকস, দক্ষ কাস্টমস এবং বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করাই প্রকৃত সাফল্যের চাবিকাঠি—যা বাংলাদেশের ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য।

চীন-মায়ানমার-বাংলাদেশ করিডর কেবল একটি অর্থনৈতিক অবকাঠামো প্রকল্প নয়; এটি দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ভূরাজনৈতিক ভারসাম্যকে প্রভাবিত করতে সক্ষম একটি কৌশলগত উদ্যোগ। বর্তমান বিশ্বে বন্দর ও যোগাযোগ অবকাঠামো শুধু বাণিজ্যের মাধ্যম নয়, বরং শক্তি প্রতিযোগিতা ও প্রভাব বিস্তারের গুরুত্বপূর্ণ উপাদান। ফলে এই করিডরকে ঘিরে চীন, ভারত ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন আঞ্চলিক ও বৈশ্বিক শক্তির স্বার্থ ও প্রতিযোগিতা জড়িত থাকা স্বাভাবিক। চীনের জন্য এটি মূলত বঙ্গোপসাগরে বিকল্প প্রবেশাধিকার ও সরবরাহ ব্যবস্থার ঝুঁকি হ্রাসের কৌশল, অন্যদিকে ভারতের জন্য এটি আঞ্চলিক নিরাপত্তা ও উত্তর-পূর্বাঞ্চলীয় সংযোগের সঙ্গে সম্পর্কিত একটি সংবেদনশীল বিষয়।

অন্যদিকে যুক্তরাষ্ট্র ইন্দো-প্যাসিফিক কৌশলের মাধ্যমে মুক্ত সমুদ্রপথ ও স্থিতিশীল সরবরাহ শৃঙ্খলের ওপর গুরুত্ব দেয়, যা এই অঞ্চলের অবকাঠামোগত প্রকল্পগুলোকে আরও ভূরাজনৈতিক গুরুত্ব দেয়। এই জটিল পরিস্থিতিতে বাংলাদেশের জন্য সবচেয়ে বাস্তবসম্মত পথ হলো ভারসাম্যপূর্ণ ও অর্থনৈতিকভাবে কেন্দ্রীভূত পররাষ্ট্রনীতি অনুসরণ করা, যেখানে কোনো একক শক্তির ওপর অতিরিক্ত নির্ভর না করে সব পক্ষের সঙ্গে সম্পর্ক বজায় রেখে জাতীয় উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে।

এই করিডরে বাংলাদেশের দর-কষাকষির সক্ষমতা গুরুত্বপূর্ণ, কারণ এর ভূরাজনৈতিক ও অর্থনৈতিক মূল্য চীনের জন্য তুলনামূলকভাবে বেশি। ফলে বাংলাদেশ কেবল ট্রানজিট সুবিধা প্রদানেই সীমাবদ্ধ না থেকে দীর্ঘমেয়াদি জাতীয় স্বার্থ নিশ্চিত করার সুযোগ নিতে পারে, বিশেষ করে প্রযুক্তি ও দক্ষতা স্থানান্তরের মাধ্যমে যাতে স্থানীয় জনশক্তি আধুনিক পরিবহন, বন্দর ব্যবস্থাপনা ও লজিস্টিকস খাতে সক্ষমতা অর্জন করে।

একই সঙ্গে করিডর ঘিরে বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও শিল্প পার্ক গড়ে তোলা গেলে বিনিয়োগ উৎপাদনমুখী হবে, যা কর্মসংস্থান, রপ্তানি ও প্রযুক্তিগত উন্নয়ন বাড়াবে। প্রকল্প বাস্তবায়নে স্থানীয় শিল্প ও শ্রমশক্তির অংশগ্রহণ নিশ্চিত করা, পাশাপাশি অর্থায়ন, ঋণ ব্যবস্থাপনা ও পরিবেশগত প্রভাবের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখা জরুরি। সবশেষে, এটিকে বৃহত্তর আঞ্চলিক সংযোগ কৌশলের অংশ হিসেবে বিবেচনা করলে বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও কৌশলগত অবস্থান আরো শক্তিশালী হবে, যা দেশের সামগ্রিক উন্নয়নে দীর্ঘমেয়াদি সুফল বয়ে আনতে পারে।
চীন-মায়ানমার-বাংলাদেশ করিডর যতই সম্ভাবনাময় হোক না কেন, এর সঙ্গে জড়িত ঝুঁকি ও চ্যালেঞ্জগুলো উপেক্ষা করা বাস্তবসম্মত হবে না। বড় ধরনের অবকাঠামো ও ভূ-রাজনৈতিক প্রকল্পের ক্ষেত্রে অর্থনৈতিক সুবিধার পাশাপাশি নিরাপত্তা, রাজনৈতিক স্থিতিশীলতা, পরিবেশগত প্রভাব এবং দীর্ঘমেয়াদি ঋণ ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে ওঠে। 

এই করিডরের ক্ষেত্রে প্রথম গুরুত্বপূর্ণ ঝুঁকি হলো মায়ানমারের রাজনৈতিক অস্থিতিশীলতা। দেশটির দীর্ঘদিনের অভ্যন্তরীণ সংঘাত, জাতিগত উত্তেজনা এবং সামরিক শাসনের ইতিহাস একটি স্থিতিশীল ও দীর্ঘমেয়াদি যোগাযোগ ব্যবস্থার জন্য বড় অনিশ্চয়তা তৈরি করে। কোনো অংশে অস্থিরতা দেখা দিলে পুরো করিডরের কার্যকারিতা ব্যাহত হওয়ার সম্ভাবনা থাকে। এর পাশাপাশি নিরাপত্তা ঝুঁকিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থলপথে আন্তর্জাতিক করিডর পরিচালনার ক্ষেত্রে সন্ত্রাসবাদ, সীমান্ত অপরাধ, চোরাচালান এবং রাজনৈতিক উত্তেজনার মতো সমস্যা সব সময়ই বিদ্যমান থাকে। বিশেষ করে সীমান্তবর্তী ও দুর্গম অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনিক ও কৌশলগতভাবে চ্যালেঞ্জিং হতে পারে।

আরেকটি বড় বিষয় হলো ঋণ ও অর্থনৈতিক নির্ভরতা। এই ধরনের বৃহৎ অবকাঠামো প্রকল্পে সাধারণত বিপুল বিনিয়োগের প্রয়োজন হয়, যা অনেক ক্ষেত্রে বৈদেশিক ঋণের ওপর নির্ভরশীল। প্রকল্পের প্রত্যাশিত অর্থনৈতিক ফলাফল যদি অর্জিত না হয়, তাহলে দীর্ঘ মেয়াদে ঋণ পরিশোধের চাপ অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই প্রকল্প শুরুর আগে ব্যয়–সুবিধা বিশ্লেষণ, বিকল্প অর্থায়ন কাঠামো এবং আর্থিক টেকসইতা গভীরভাবে মূল্যায়ন করা জরুরি।

এ ছাড়া পরিবেশগত ও সামাজিক প্রভাবও একটি গুরুত্বপূর্ণ উদ্বেগের বিষয়। করিডর নির্মাণের ফলে বনাঞ্চল, পাহাড়ি অঞ্চল এবং স্থানীয় জীববৈচিত্র্যের ওপর চাপ সৃষ্টি হতে পারে। একই সঙ্গে স্থানীয় জনগোষ্ঠীর ভূমি অধিকার, জীবিকা এবং সামাজিক কাঠামোও প্রভাবিত হতে পারে। তাই টেকসই উন্নয়নের নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রকল্প বাস্তবায়ন অপরিহার্য।

ভূ-রাজনৈতিক প্রতিযোগিতাও এই করিডরকে আরও জটিল করে তুলতে পারে। চীন, ভারত এবং যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন শক্তির কৌশলগত স্বার্থ এখানে একে অপরের সঙ্গে সহযোগিতা ও প্রতিযোগিতা—উভয় ধরনের সম্পর্ক তৈরি করতে পারে। এই প্রেক্ষাপটে বাংলাদেশকে অত্যন্ত সতর্ক ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণ করতে হবে, যাতে কোনো একক শক্তির অতিরিক্ত প্রভাব দেশের কৌশলগত স্বাধীনতাকে সীমিত না করে।

এই করিডর কেবল একটি অবকাঠামো প্রকল্প নয়; এটি একটি বহুমাত্রিক অর্থনৈতিক ও ভূরাজনৈতিক ধারণা, যা দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক কাঠামোকে পুনর্গঠন করার সক্ষমতা রাখে। এটি বাস্তবায়িত হলে চীনের জন্য বিকল্প বাণিজ্য ও সরবরাহ পথ তৈরি হতে পারে, মায়ানমারের জন্য অবকাঠামোগত উন্নয়নের সুযোগ সৃষ্টি হতে পারে এবং বাংলাদেশের জন্য একটি নতুন অর্থনৈতিক যুগের সূচনা ঘটতে পারে।

বাংলাদেশের জন্য এই করিডরের সবচেয়ে বড় সম্ভাবনা হলো একটি ট্রানজিট ও লজিস্টিকস হাব হিসেবে আত্মপ্রকাশ করা। এর মাধ্যমে বাণিজ্য, বিনিয়োগ, শিল্পায়ন, পর্যটন এবং আঞ্চলিক সংযোগে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করা সম্ভব। একই সঙ্গে দেশের ভৌগোলিক অবস্থান তাকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে একটি কৌশলগত সেতুবন্ধনে পরিণত করতে পারে।

তবে সম্ভাবনার পাশাপাশি ঝুঁকিও সমান গুরুত্বপূর্ণ। ভূরাজনৈতিক প্রতিযোগিতা, নিরাপত্তা উদ্বেগ, ঋণ ব্যবস্থাপনা এবং প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতা—সবকিছুই এই প্রকল্পের সফল বাস্তবায়নের পথে চ্যালেঞ্জ হিসেবে থাকবে। তাই বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দীর্ঘমেয়াদি জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে একটি ভারসাম্যপূর্ণ ও দূরদর্শী কূটনৈতিক ও অর্থনৈতিক নীতি গ্রহণ করা।

পরিশেষে বলা যায়, এই করিডর যদি সঠিক পরিকল্পনা, দক্ষ ব্যবস্থাপনা এবং কৌশলগত বিচক্ষণতার মাধ্যমে বাস্তবায়িত হয়, তবে এটি বাংলাদেশের অর্থনীতিকে কেবল আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক পর্যায়ে একটি নতুন অবস্থানে উন্নীত করতে সক্ষম হতে পারে। তবে সেই সাফল্য নির্ভর করবে বাংলাদেশ কতটা দক্ষতার সঙ্গে তার ভূ-রাজনৈতিক অবস্থানকে অর্থনৈতিক শক্তিতে রূপান্তর করতে পারে তার ওপর।

লেখক : অর্থনীতিবিদ, গবেষক ও কলামিস্ট
[email protected]