• ই-পেপার

মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় স্কুলছাত্রকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা

দলীয় কাজে সম্পৃক্ত না থাকায় পদ হারালেন বিএনপি নেতা

গোপালগঞ্জ প্রতিনিধি
দলীয় কাজে সম্পৃক্ত না থাকায় পদ হারালেন বিএনপি নেতা
সংগৃহীত ছবি

দীর্ঘদিন দলীয় কাজে সম্পৃক্ত না থাকায় পদ হারালেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার ডুমুরিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোরাদ হোসেন তালুকদার।

বুধবার (১০ জুন) রাতে উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান ও যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান নাসির সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘদিন দলীয় সাংগঠনিক কার্যকলাপে সম্পৃক্ত না থাকায় ডুমুরিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোরাদ হোসেন তালুকদারকে পদ থেকে অব্যাহতি দেওয়া হলো। একই সঙ্গে গঠনতন্ত্র মোতাবেক ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলামকে (রিপন) ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হলো।

তথ্যটি নিশ্চিত করে টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাউদ্দিন আহমেদ বলেন, দীর্ঘদিন ধরে ডুমুরিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোরাদ তালুকদার সাংগঠনিক কার্যক্রমে সম্পৃক্ত থাকছেন না। এতে ডুমুরিয়া ইউনিয়নে দলীয় কার্যক্রম ব্যাহত হচ্ছে। তাই গঠনতন্ত্র অনুসারে মোরাদ তালুকদারকে পদ থেকে অব্যাহতি দিয়ে রফিকুল ইসলাম রিপনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।

মোংলা

হারবারিয়া কোস্ট গার্ড স্টেশনে দুর্বৃত্তের হামলা, ভাঙচুর

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
হারবারিয়া কোস্ট গার্ড স্টেশনে দুর্বৃত্তের হামলা, ভাঙচুর
বাগেরহাটের মোংলার জয়মনির ঘোল এলাকায় অবস্থিত কোস্ট গার্ড স্টেশন। বৃহস্পতিবার তোলা। ছবি : সংগৃহীত

সুন্দরবনের জয়মনির ঘোল কোস্ট গার্ড স্টেশন হারবারিয়ায় হামলা ও ভাঙচুর চালিয়েছে একদল দুর্বৃত্ত। বৃহস্পতিবার (১১ জুন) এ হামলার ঘটনা ঘটে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানিয়েছেন। 

সাব্বির আলম জানান, বৃহস্পতিবার দুপুরে জয়মনির ঘোল এলাকায় অবস্থিত  কোস্ট গার্ড স্টেশনে একদল দুর্বৃত্ত অতর্কিতে হামলা ও ভাঙচুর চালায়। এতে সেখানে দায়িত্বরত কয়েকজন সদস্য আহত হন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে ঘটনায় জড়িতদের শনাক্ত ও তাদের  আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সাব্বির আলম বলেন, সুন্দরবনের বিভিন্ন এলাকায় চুরি, ডাকাতিসহ নাশকতা প্রতিরোধে কোস্ট গার্ড নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং অভিযান পরিচালনা করে থাকে। বিশেষ করে সুন্দরবনের মোংলা থানাধীন জয়মনির ঘোল এলাকা দীর্ঘদিন ধরে বনদস্যু ও তাদের সহযোগীদের গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে পরিচিত। এ কারণে ওই  এলাকায় কোস্ট গার্ড স্টেশন স্থাপন করা হয়। ফলে বনদস্যুদের কাছে অস্ত্র, রসদ, লজিস্টিক সহায়তা ও অন্যান্য সরঞ্জাম সরবরাহের পথ বাধাগ্রস্ত হয়। এতে তাদের অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা ক্রমেই কঠিন হয়ে পড়ে। স্বাভাবিকভাবেই বনদস্যু ও তাদের সহযোগীরা ওই এলাকায় কোস্ট গার্ডের উপস্থিতি চায় না।

মিডিয়া কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী কিছু অসাধু চক্র নিজেদের অপকর্ম পরিচালনায় ওই স্থান থেকে কোস্ট গার্ডকে সরিয়ে দেওয়ার লক্ষ্যে পরিকল্পিতভাবে হামলা, ভাঙচুর, অপপ্রচার এবং বিভ্রান্তিমূলক কর্মকাণ্ড চালাচ্ছে। মূলত সুন্দরবনে বনদস্যু দমন, আইনশৃঙ্খলা রক্ষা এবং কোস্ট গার্ডের চলমান সফল কার্যক্রম বাধাগ্রস্ত করার উদ্দেশ্যেই এসব অপতৎপরতা চালাচ্ছে। 

মিডিয়া কর্মকর্তা আরো বলেন, কোনো ধরনের অপপ্রচার, বিভ্রান্তিমূলক প্রচারণা কিংবা কুচক্রী মহলের ষড়যন্ত্র কোস্ট গার্ডের চলমান অভিযানিক কার্যক্রম ব্যাহত করতে পারবে না। এ ব্যাপারে গণমাধ্যমকর্মী, স্থানীয় জনগণকে প্রকৃত তথ্য যাচাই করে দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানানো যাচ্ছে।

নবাবগঞ্জে ইউনিয়ন পরিষদের উন্নয়নকাজে অনিয়মের অভিযোগ

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতি‌নি‌ধি
নবাবগঞ্জে ইউনিয়ন পরিষদের উন্নয়নকাজে অনিয়মের অভিযোগ
ঢাকার নবাবগঞ্জের শিকারীপাড়া ইউনিয়ন পরিষদ।

ঢাকার নবাবগঞ্জের শিকারীপাড়া ইউনিয়ন পরিষদের উন্নয়নকাজের ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। ওই ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক সাহারুল ইসলামের বিরুদ্ধে ‘পরিষদের বারান্দায় হাফ ওয়াল হাফ গ্রিল দ্বারা উন্নয়ন প্রকল্পে’ অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করেছেন পরিষদের সদস্য ও এলাকাবাসী।

জানা যায়, ২০২৫-২০২৬ অর্থবছরের ভূমি হস্তান্তর করের ১% এর বরাদ্দের ৯ লাখ ৯৫ হাজার টাকার উন্নয়ন প্রকল্পে এ অনিয়মের অভিযোগ করা হয়। মেসার্স রহমান এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদার প্রতিষ্ঠান এর বাস্তবায়ন করে। গত ৪ জুন প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে। এ বছর ১% এর ২০ লাখ টাকা এ ইউনিয়ন পরিষদে জন্য বরাদ্ব দেওয়া হয়েছে। তবে বাকি ১০ লাখ টাকার কোনো প্রকল্প এখনো নেওয়া হয়েনি বলে জানা যায়। 

সরেজমিনে গিয়ে স্থানীদের সাথে সঙ্গে বলে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরের ভূমি হস্তান্তর করের ১% এর ২০ লাখ টাকা উন্নয়ন বরাদ্দ পায় শিকারীপাড়া ইউনিয়ন পরিষদ। এ উন্নয়ন বরাদ্দের ৯ লাখ ৯৫ হাজার টাকায় পরিষদের নিরাপত্তা নিশ্চিতে বারান্দায় হাফ ওয়াল হাফ গ্রিল দ্বারা উন্নয়ন প্রকল্প গ্রহণ করেন প্রশাসক ও বিএডিসির উপসহকারী প্রকৌশলী মো. সাহারুল ইসলাম। দোহার উপজেলার ঠিকাদার প্রতিষ্ঠান “মেসার্স রহমান এন্টারপ্রাইজ” গত ৪ জুন, ২০২৬ প্রকল্পের কাজ সম্পন্ন করেছেন। যার বরাদ্বকৃত অর্থও পরিশোধ করা হয়েছে।

স্থানীয় গরিবপুর গ্রামের বাসিন্দা হালিম মোল্লা অভিযোগ করে বলেন, ‘এ প্রকল্পে ২ লাখ টাকার বেশি খরচ হতে পারে না। তাছাড়া ইউনিয়ন পরিষদের বারান্দায় গ্রিলের কোন প্রয়োজন ছিল না। এ টাকায় ইউনিয়নের ঝুকিপূর্ণ সড়কগুলো মেরামত করা যেতো। তাতে জনগণের উপকার হতো।’ 

সূজাপুর গ্রামের বাসিন্দা মেহেদী হাসান রাজু ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাকের হস্তক্ষেপ কামনা করে বলেন, ‘ইউপি প্রশাসক সাহারুল ইসলাম ও ইউপি সদস্য আলাউদ্দিন মেম্বার মিলে এ দুর্নীতি করেছেন। তাছাড়াও সুজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে মাদ্রাসা পর্যন্ত একটি সড়কের মেরামত কাজ ও নারায়নপুর মসজিদ হতে টিপুর বাড়ি পর্ষন্ত রাস্তা মেরামত প্রকল্পেও ব্যাপক অনিয়ম হয়েছে বলে জানান তিনি। এসব প্রকল্পের সভাপতি ও দায়িত্বপ্রাপ্তদের চিহ্নিত করে আইনের আওতায় আনার অনুরোধ জানান।’

শিকারীপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি রইস উদ্দিন খোকন ও সাধারণ সম্পাদক শওকত হোসেন জানান, কথিত ঠিকাদার সৃষ্টি করে ইউপি প্রশাসক নিজেই কাজটি রাস্তবায়ন করেছেন। এতে ইউপি সদস্যরা অভিযোগ করেছেন, ‘ইউনিয়ন পরিষদের গ্রহন করা প্রকল্পে স্বেচ্ছাচারী হয়ে ইট-বালুসহ উন্নয়ন সামগ্রী প্রশাসক নিজেই সরবরাহ করেন।’ ৫ আগষ্টের পূর্বে সৈরশাসকদের যে ভূমিকা ছিল প্রশাসক তার চেয়ে বেশি দুর্নীতি করছেন। তাই আমরা এই দুর্নীতিগ্রস্থ প্রশাসককে এই শিকারীপাড়া ইউনিয়ন পরিষদে দেখতে চাই না। তিনি ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাকের হস্তক্ষেপ কামনা করেন। পাশাপাশি ঢাকা জেলা প্রশাসক ও ইউএনও’র হস্তক্ষেপ কামনা করেন তারা।

ইউনিয়নের ৫নং ওয়ার্ড সদস্য আব্দুল খালেক মেম্বার বলেন, ‘ইউনিয়ন পরিষদের কাজের কোন তথ্য ইউপি সদস্যরা জানতে পারে না। এ কাজের বিষয়ে পরে জেনেছি। আমার সমাজের একটি গোরস্থানে এর চেয়ে দ্বিগুণ কাজ করিয়ে মাত্র এক লাখ ৩২ হাজার টাকা ব্যয় করেছি। এ কাজে এতো টাকা ব্যয় হতে পারে না। বিশেষ কারো পকেট ভারি করার জন্য দেশের অর্থ ব্যয় হতে পারে না। আমরা এ দুর্নীতি বাজদের এ ইউনিয়নে দেখতে চাই না। 

প্রকল্পের সভাপতির দায়িত্বপ্রাপ্ত শিকারীপাড়া ইউপির ৮নং ওয়ার্ড সদস্য মো. আলাউদ্দিন বলেন, গত কুরবানীর ঈদের ১০-১১ দিন আগে প্রশাসক আমাকে জানালেন, পরিষদে একটি উন্নয়নমূলক কাজ হচ্ছে। আপনি এটি দেখাশোনা করবেন। এখানে একটি নম্বর প্লেট থাকবে। ঈদের ৪দিন আগে উপজেলা এলজিইডিতে ফাইল হাতে পেয়ে জানতে পারি, প্রকল্প ব্যয় ৯ লাখ ৯৫ হাজার টাকা। এ প্রকল্প ব্যয়ের সাথে অসামঞ্জস্যতা রয়েছে বলে আমারও মনে হয়েছে। আমি কোন দুর্নীতির পক্ষে নেই।

শিকারীপাড়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) বাবুল হোসেন বলেন, ইউনিয়ন পরিষদের ৯ লাখ ৯৫ হাজার টাকার উন্নয়ন প্রকল্পটির একরাতের মধ্যে ফাইল প্রস্তুত করা হয়েছে। প্রকল্পের সাইন বোর্ড থাকার কথা ছিল। আপত্তি থাকা সত্তে¡ও ঠিকাদারকে তরিঘরি করে চেক প্রদান করা হয়েছে। এমতাবস্থায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সচেতন এলাকাবাসী প্রকল্পটি নিয়ে প্রশ্ন তুলেছেন। বিষয়টি নিয়ে ইউপি প্রশাসক সাহারুল ইসলামের সাথে কথা বলার অনুরোধ জানান তিনি। 

এবিষয়ে মেসার্স রহমান এন্টারপ্রাইজের কর্ণধার মো. সিদ্দিকুর রহমান বলেন, কাজটি আমার লাইসেন্স হয়েছে তবে আমি করিনি অন্য একজনে করেছে। 

শিকারীপাড়া ইউনিয়ন পরিষদের প্রশাসক ও বিএডিসির উপ-সহকারী প্রকৌশলী মো. সাহারুল ইসলাম দুর্নীতি ও অনিয়মের বিষয়ে অস্বীকার করে বলেন, ‘পরিষদের বারান্দায় হাফ ওয়াল ও হাফ গ্রীল প্রকল্প ছাড়াও ওই অর্থ পরিষদের ছাদ মেরামত এবং প্রশাসনিক কর্মকর্তা কক্ষ সংস্কার করা হয়েছে বলে তিনি দাবি করেন।’ 

এবিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলরুবা ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টিতে খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহন করা হবে।

নাটোরে জার্মানি সাজে সেজেছে প্রবাসী সাগরের আঙিনা

নাটোর প্রতিনিধি
নাটোরে জার্মানি সাজে সেজেছে প্রবাসী সাগরের আঙিনা
ছবি: কালের কণ্ঠ

জার্মানি সাজে সেজেছে নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌর শহরের কালিকাপুর মহল্লায় জার্মান প্রবাসী সাগর কুলেন্তুনুর বাড়ি ও আঙিনা। জার্মানির পক্ষে স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে উন্মাদনা ছড়াতে তার বাড়ি ও আঙিনাকে রীতিমতো জার্মান ল্যান্ড তৈরি করেছে। বাড়ির এক একর আয়তনের আঙিনায় ৪০টি জার্মানের জাতীয় পতাকা প্রদর্শন করে প্রিয় দল জার্মানিকে উপস্থাপন করেছেন তিনি। 

পাশাপাশি ১০টি বাংলাদেশের জাতীয় পতাকা, যা নিজ জন্মভূমি বাংলাদেশকে সম্মান করে জার্মানি পতাকা থেকে ১ ফুট উঁচু করে প্রদর্শন করা হয়েছে। বাড়ির দেয়াল ও টিনের চাল থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির দুই শতাধিক গাছ রং করা হয়েছে জার্মান পতাকার কালো-লাল-হলুদ রঙে। বাড়ির বড় আঙিনায় ফুটবল মাঠের আদলে সাজিয়ে সেখানে জার্মানি জাতীয় দলের সব খেলোয়াড়দের প্রতিকৃতি বসানো হয়েছে। রয়েছে গোল পোস্ট। মাঠের মাঝখানে বিশ্বকাপের প্রতিকৃতি রয়েছে এবং সেখানে ৪ বারের বিশ্বকাপ অর্জনের সালগুলো দেওয়া রয়েছে। নান্দনিক এই সাজ পথচারী ও দর্শনার্থীদের মুগ্ধ করছে। তারা ছবি তুলছেন, ভিডিও করছেন বিভিন্ন দৃশ্যপট।

৩২১৫

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সাগর কুলেন্তুনুর বর্তমান বয়স ৩৬ বছর। তিনি ঢাকার নটরডেম কলেজ থেকে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস করার পর চট্টগ্রাম চকরিয়া ব্যাপ্টিস্ট মিশন হাসপাতালে প্যাথলজি বিষয়ের ওপর ডিপ্লোমা করেন এবং পাশাপাশি চকরিয়া সরকারি কলেজ থেকে স্নাতক (সম্মান) পাস করেন। তার বাবা সুবাস কুলেন্তুনু চাকরি করতেন ঢাকাস্থ আমেরিকান ক্লাবে, মা কানন গমেজ গৃহিণী। তারা তিন ভাইয়ের মধ্যে তিনি মেঝো। তাদের কোনো বোন নেই। 

২০১৪ সালের মে মাসে সাগর কুলেন্তুনুর বাবা মারা যাওয়ার পর সেপ্টেম্বর মাসে তার বড় ভাই কল্লোল কুলেন্তুনু বাহরাইন যান চাকরিতে। পরে বড় ভাইয়ের সহযোগিতায় নভেম্বর মাসে সাগর কুলেন্তুনু বাহরাইন স্পেশালাইজড হাসপাতালে প্যাথলজি ডিপার্টমেন্টে চাকরিতে যোগদান করেন। এরপর ২০১৬ সালে বাহরাইন থেকে জার্মানিতে নার্সিং বিষয়ে পড়াশোনা করতে যান এবং সেখানে জার্মান ভাষা শিখেন। নার্সিংয়ে ডিপ্লোমা অর্জন করার পর জার্মানির ডর্ডমুন্ডের একটি হাসপাতালে তিনি যোগদান করেন এবং বর্তমানে তিনি ওই হাসপাতালের নার্সিং ইনস্ট্রাক্টর পদে কাজ করছেন। 
গত ২০২৩ সালের ডিসেম্বর মাসে তিনি যশোরের মেয়ে এমলিনা সরকারকে বিয়ে করেন। বিয়ের জন্য তিনি বনপাড়া পৌর শহরের কালিকাপুর নিজ বাড়িতে জার্মানি পতাকার আদলে পুরো বাড়ি ও গাছপালা রং দিয়ে সজ্জিত করেন। বিয়ের আসরে বর্ণিল ডেকোরেশন দেখে অতিথিরা তখন বিস্ময় প্রকাশ করেন। একইভাবে বিশ্বকাপ ফুটবল খেলাকে কেন্দ্র করে জার্মানি পতাকা দিয়ে এবং পতাকার আদলে বাড়ি, গাছপালা, আঙিনা যেভাবে সুসজ্জিত করেছে তাতে আগত দর্শনার্থীরা বিস্মিত হচ্ছেন।

সাগর কুলেন্তুনুর মা কানন গমেজ জানান, ছেলে জার্মান থেকে ভিডিও কলের মাধ্যমে বউমা এমলিনাকে দিক-নির্দেশনা দিয়েছে এবং সে মতে সাজানো হয়েছে। এটা দেখতে অনেক মানুষজন আসছেন যা দেখে আমার অনেক ভালো লাগছে।

স্থানীয় সেন্ট যোশেফস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী অরলীন ডি কস্তা জানান, আমি আর্জেন্টিনার সাপোর্টার, তারপরেও জার্মানি দলের পক্ষে সজ্জিত এই মাঠে এসে ছবি তোলার লোভ সামলাতে পারলাম না। সত্যিই নান্দনিকভাবে সাজিয়েছেন এই জার্মান বাড়ি।

বনপাড়া পৌর নির্বাচনের মেয়র প্রার্থী মাহমুদুল হাসান মেমন জানান, বিভিন্ন গণমাধ্যমে এই জার্মান বাড়ির নিউজ প্রচার হচ্ছে। যা রীতিমতো ভাইরাল ও সময়ের আলোচিত সংবাদ হিসেবেই মনে করা যায়। বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরাও আসছে। সবােই এই জার্মান বাড়ির সাজ দেখে মুগ্ধ।