• ই-পেপার

নাটোরে জার্মানি সাজে সেজেছে প্রবাসী সাগরের আঙিনা

নীলফামারীতে সাংবাদিককে পেটানোর ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীতে সাংবাদিককে পেটানোর ঘটনায় মামলা, গ্রেপ্তার ১
সংগৃহীত ছবি

নীলফামারীর কিশোরগঞ্জে সাংবাদিককে পেটানোর ঘটনায় মামলা হয়েছে। মামলার পর এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১০ জুন) দিবাগত রাতে উপজেলার রণচন্ডী ইউনিয়নের সোনাকুড়ি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামির নাম রশিদুল (৫৫)। তিনি উপজেলার রণচন্ডী ইউনিয়নের সোনাকুড়ি গ্রামের তালেব উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্র জানায়, অনিয়মের সংবাদ প্রকাশের জেরে রাস্তা থেকে তুলে নিয়ে সাহেব আলী নামের এক সাংবাদিককে মারধর করেন প্রধান শিক্ষক ও তার সহযোগীরা। ওই ঘটনায় সাহেব আলী প্রধান শিক্ষক সফিকুল ইসলামকে ১ নম্বর আসামি করে আরো তিনজনকে নামীয় ও অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে মামলা করেন। ওই মামলার ৪ নম্বর আসামি রশিদুলকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়েছে।

কিশোরগঞ্জ থানার ওসি লুৎফর রহমান জানান, সাংবাদিককে মারধরের মামলায় এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

সরাইলে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
সরাইলে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বেড়তলা উত্তরপাড়ায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে কুলসুম আক্তার (২৮) নামে ওই নারীকে তার স্বামীর বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। কুলসুম আক্তার বেড়তলা গ্রামের বাসিন্দা বাহারাইন প্রবাসী আক্তার হোসেনের স্ত্রী।

পরিবারের অভিযোগ, তাকে হত্যা করা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে বিকেল নাগাদ এ বিষয়ে থানায় কোনো মামলা হয়নি। পুলিশও কাউকে গ্রেপ্তার করেনি।

একাধিক সূত্র জানায়, প্রায় ১০ বছর আগে পানিশ্বর ইউনিয়নের শান্তিনগর গ্রামের আলী হোসেনের মেয়ে কুলসুম আক্তারের সঙ্গে একই ইউনিয়নের বেড়তলা গ্রামের দুধু মিয়ার ছেলে আক্তার হোসেনের বিয়ে হয়। কুলসুম এক পুত্র সন্তানেন জননী। স্বামীর বাড়ির একটি টিনশেড ঘরের এক পাশে কুলসুম একা থাকেন। আরেক পাশে থাকেন তাঁর দেবর আলকাছ। 

অন্যান্য দিনের মতো গত বুধবার রাতে নিজ শয়ন কক্ষে একা ঘুমিয়ে ছিলেন কুলসুম। বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠতে বিলম্ব হলে কুলসুমের শাশুড়ি ওই ঘরে প্রবেশ করে দেখতে পান বিছানায় কুলসুম চিৎ হয়ে পড়ে আছে। পরে কুলসুমের বাবার বাড়িতে খবর দেওয়া হয়। কুলসুমের বাবার বাড়ির স্বজনরা এসে কুলসুমকে খুনের অভিযোগ তুলেন।

কুলসুমের বাবা আলী হোসেন অভিযোগ করে বলেন, ‘চাচাতো শ্বশুর ইউসুফ আলী গংরাই কুলসুমকে খুন করেছে। এরা কুলসুমকে হত্যা করে তাঁর কাছে থাকা টাকা, মুঠোফোন সেট ও স্বর্ণালঙ্কারগুলো ছিনিয়ে নিয়ে গেছে। ঘরের সুকেস, স্টিলের আলমিরার তালা ভাঙ্গা ও খোলা ছিল। জায়গার বিরোধে আগেও এরা কয়েকবার কুলসুমকে মারধর করেছে।’

সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত তার মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। মালামাল বা স্বর্ণালঙ্কার চুরির অভিযোগ সঠিক নয় বলে তিনি জানান।

শরণখোলায় শিক্ষকের ওপর সন্ত্রাসী হামলা

বাগেরহাট প্রতিনিধি
শরণখোলায় শিক্ষকের ওপর সন্ত্রাসী হামলা
সংগৃহীত ছবি

বাগেরহাটের শরণখোলায় মো. হাময়ুন কবির (৫৪) নামে এক স্কুল শিক্ষকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলায় গুরুতর আহত হয়েছেন তিনি। 

বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ১১টার দিকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ঘটে এ হামলার ঘটনা। 

আহত শিক্ষককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি উপজেলা সদরের রায়েন্দা সরকারি পাইলট হাইস্কুলের শিক্ষক।

খোঁজ নিয়ে জানা যায়, এদিন সকালে উপজেলা সদর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরত্বে দক্ষিণ রাজাপুর গ্রামে শিক্ষক হুমায়ুর কবিরের বোন সেলিমা বেগমের বসতভিটার জমি নিয়ে প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষ হয়। এ ঘটনায় তার চাচাতো ভাই রুহুল আমিন হাওলাদার (৫৫) আহত হয়ে হাসপাতালে আসেন। খবর পেয়ে শিক্ষক হুমায়ুন কবির স্কুল থেকে সকাল সাড়ে ১১টার দিকে চাচাতো ভাইয়ের চিকিৎসার খোঁজখবর নিতে হাসপাতালে ঢোকার সময় রাজু ফরাজীর নেতৃত্বে তার ওপর আক্রমণ চালায় ১০ থেকে ১৫ জন সন্ত্রাসী। তারা তার মোটরসাইকেলের গতিরোধ করে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে গুরুতর আহত করে। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসাপাতালে ভর্তি করেন।
  
আহত শিক্ষক হুমায়ুন কবির বললেন, স্কুলের কোয়ার্টারে বসবাস করি আমি। গ্রামের ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। হাসপাতালে চাচাতো ভাইয়ের চিকিৎসার খোঁজ নিতে গেলে আমার ওপর আক্রমণ করা হয়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সঠিক বিচার চাই আমি। আামার গলায় থাকা এক ভরি ওজনের স্বর্ণের চেইন ছিঁড়ে নিয়ে গেছে হামলাকারীরা। 

শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অন্তরা জানালেন, শিক্ষকের শরীর জখম না হলেও বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তার যথাযথ চিকিৎসা চলছে।  

রায়েন্দা সরকারি পাইলট হাইস্কুলের সভাপতি ও শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) অর্থিতা হাওলাদার বলেন, ‘শিক্ষকের ওপর হামলার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি তদন্ত করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুলের ভারপ্রপ্ত প্রধান শিক্ষক মো. বদিউজ্জামান বাদল বলেন, ‘শিক্ষকের ওপর হামলার সঠিক বিচার চাই।’

দলীয় কাজে সম্পৃক্ত না থাকায় পদ হারালেন বিএনপি নেতা

গোপালগঞ্জ প্রতিনিধি
দলীয় কাজে সম্পৃক্ত না থাকায় পদ হারালেন বিএনপি নেতা
সংগৃহীত ছবি

দীর্ঘদিন দলীয় কাজে সম্পৃক্ত না থাকায় পদ হারালেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার ডুমুরিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোরাদ হোসেন তালুকদার।

বুধবার (১০ জুন) রাতে উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান ও যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান নাসির সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘদিন দলীয় সাংগঠনিক কার্যকলাপে সম্পৃক্ত না থাকায় ডুমুরিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোরাদ হোসেন তালুকদারকে পদ থেকে অব্যাহতি দেওয়া হলো। একই সঙ্গে গঠনতন্ত্র মোতাবেক ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলামকে (রিপন) ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হলো।

তথ্যটি নিশ্চিত করে টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাউদ্দিন আহমেদ বলেন, দীর্ঘদিন ধরে ডুমুরিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোরাদ তালুকদার সাংগঠনিক কার্যক্রমে সম্পৃক্ত থাকছেন না। এতে ডুমুরিয়া ইউনিয়নে দলীয় কার্যক্রম ব্যাহত হচ্ছে। তাই গঠনতন্ত্র অনুসারে মোরাদ তালুকদারকে পদ থেকে অব্যাহতি দিয়ে রফিকুল ইসলাম রিপনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।