• ই-পেপার

সরাইলে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর বাড়িতে গুলি

অভয়নগর (যশোর) প্রতিনিধি
চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর বাড়িতে গুলি
সংগৃহীত ছবি

যশোরের অভয়নগরে ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। চাঁদা না পেয়ে এমন হামলা করা হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী ও তার পরিবার। 

বুধবার (১০ জুন) রাত ৯টার দিকে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের চন্দ্রপুর গ্রামে ব্যবসায়ী জামির হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে অভয়নগর থানা পুলিশ। ব্যবসায়ী জামির হোসেন (৫৫) একই গ্রামের মৃত কুটি মিয়ার ছেলে।

ভুক্তভোগী ব্যবসায়ীর পরিবারের সদস্য ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, মঙ্গলবার রাতে অজ্ঞাতনামা ব্যক্তিরা মোবাইল ফোনে জামির হোসেনের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বুধবার রাত ৯টার দিকে কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী জামির হোসেনের বাড়ি লক্ষ্য করে দুই রাউন্ড গুলি করে। পরে তারা বাড়ির ভেতরে প্রবেশ করে আরো দুই রাউন্ড ফাঁকা গুলি করে চলে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দেশীয় পিস্তলে ব্যবহৃত দুই রাউন্ড গুলির খোসা উদ্ধার করে।

এ বিষয়ে ভুক্তভোগী ব্যবসায়ী জামির হোসেন কোনো কথা বলতে রাজি হননি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক পরিবারের অপর এক সদস্য জানান, দাবি করা চাঁদার টাকা না দেওয়ায় ভয়ভীতি প্রদর্শনের জন্য চাঁদাবাজ সন্ত্রাসীরা এমন ঘটনা ঘটিয়েছে।

অভয়নগর থানার ওসি মোহাম্মদ নুরুজ্জামান বলেন, উদ্ধার করা দুই রাউন্ড গুলির খোসা প্রাথমিক তদন্তে দেশীয় পিস্তলের বলে মনে হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।     

নেত্রকোনায় জাবি শিক্ষার্থীকে হেনস্তা, ভিডিও ছড়িয়ে তোলপাড়

নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনায় জাবি শিক্ষার্থীকে হেনস্তা, ভিডিও ছড়িয়ে তোলপাড়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও নাট্যতত্ত্ব বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মো. শরীফ হোসেন।

নেত্রকোনার পূর্বধলায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটকে রেখে নির্যাতন, অর্থ আদায় এবং বিবস্ত্র করে ভিডিও ধারণের অভিযোগ উঠেছে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জেলায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

বুধবার (১০ জুন) রাত ৮টার দিকে পূর্বধলা উপজেলার সিন্দুররাটিয়া শালদিঘা এলাকায় ঘটনাটি ঘটে। পরে দিবাগত রাত ১২টার পর ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে।

ভুক্তভোগী মো. শরীফ হোসেন (২০) নেত্রকোনার আটপাড়া উপজেলার বাসিন্দা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও নাট্যতত্ত্ব বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।

শরীফ হোসেন জানান, ইজি বাইকে করে পূর্বধলা সদরের দিকে যাওয়ার সময় ত্রিমোহনী সেতু অতিক্রম করে শালদিঘা এলাকায় পৌঁছালে দুই যুবক তার পথরোধ করেন। পরে তাকে গাড়ি থেকে নামিয়ে মাদক কারবারির অভিযোগ তুলে জিজ্ঞাসাবাদের নামে হেনস্তা করা হয়। কিছুক্ষণ পর আরো একজন সেখানে যোগ দেন।

তার অভিযোগ, তিনজন মিলে তাকে মাদক ব্যবসায়ী ও ‘জুলাইযোদ্ধা’ আখ্যা দিয়ে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেন। একপর্যায়ে মুক্তিপণ হিসেবে ২০ হাজার টাকা দাবি করা হয়। পরে তার কাছে থাকা ৫০০ টাকা এবং বিকাশের মাধ্যমে সংগ্রহ করা ১০ হাজার টাকা নিয়ে নেওয়া হয়। পাশাপাশি তার ব্যবহৃত স্মার্টফোনও ছিনিয়ে নেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন। অভিযোগ রয়েছে, নির্যাতনের একপর্যায়ে তাকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করা হয় এবং তাকে বলতে বাধ্য করা হয় আমি জুলাইয়ে ছাত্রদের পক্ষে অবস্থান নিয়ে ভুল করেছি, শেখ হাসিনাই ভালো ছিল, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। পরে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।

শরীফ বলেন, ঘটনার সময় চারপাশ অন্ধকার থাকায় কাউকে শনাক্ত করতে পারিনি। কারো বিরুদ্ধে আমার ব্যক্তিগত কোনো সন্দেহও নেই। আমি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নই। ঘটনার পর থেকে চরম মানসিক চাপ ও নিরাপত্তাহীনতায় ভুগছি।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বিবস্ত্র অবস্থায় শরীফকে বিভিন্ন বক্তব্য দিতে বাধ্য করা হচ্ছে। এ সময় তাকে কান্নারত অবস্থায়ও দেখা যায়।

ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিভিন্ন পর্যায়ের নেতারা। তারা জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানার পরপরই ভুক্তভোগী শিক্ষার্থীকে পুলিশি নিরাপত্তার আওতায় নেওয়া হয়েছে। তার বক্তব্য শোনা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। ঘটনাস্থল পূর্বধলা থানার আওতাধীন হওয়ায় সেখানে অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

কেরানীগঞ্জে ডিবির অভিযানে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ১০

কেরানীগঞ্জ (ঢাকা)  প্রতিনিধি
কেরানীগঞ্জে ডিবির অভিযানে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ১০
সংগৃহীত ছবি

ঢাকার কেরানীগঞ্জে পৃথক অভিযান চালিয়ে মাদকদ্রব্য, ডাকাতির চেষ্টা ও কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও মিছিল করায় আওয়ামী লীগ নেতাসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে  ঢাকা জেলা  গোয়েন্দা পুলিশ (ডিবি দক্ষিণ)। 

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা দক্ষিণ ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম সুমন। 

তিনি জানান, গত বুধবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের কদমতলী গোল চত্বর এলাকার এনসিসি ব্যাংকের সামনে ডাকাতির প্রস্তুতিকালে শতাধিক মামলার আসামি হান্নান (৫৯) ও সাব্বির (৩৫) কে একটি সুইচ গিয়ার চাকুসহ গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে একইদিন অভিযান চালিয়ে কেরানীগঞ্জ মডেল থানার চরাইল খেলার মাঠ এলাকা থেকে মাদকদ্রব্যসহ  মো. মাসুদকে (২৭) ১৮ পিস ও আসিফ হাওলাদারকে  (২২) ১৪ পিস ইয়াবা ট্যাবলেট, অপর একটি অভিযানে দক্ষিণ কেরানীগঞ্জ থানার বাঘাপুর এলাকা থেকে মো. শাহীনকে (২১) ২৫০ গ্রাম গাঁজা ও মো. আব্দুল আলীকে (৫০) ৩০ পিস ইয়াবা ও অপর আরোও একটি অভিযানে দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া ঝিলমিল হাসপাতালের সামনে থেকে মো. নাসির হাওলাদারকে (৪৫) ১০০ পিস ও মো. কালাম খাঁকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। 

তিনি আরো জানান, দক্ষিণ কেরানীগঞ্জের ঝিলমিল আবাসন প্রকল্প এলাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ঝটিকা মিছিল করায় কেরানীগঞ্জ মডেল থানায় গত ১০ জুন দায়ের করা ৩৬ নং মামলায় সন্দেহ মুলকভাবে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা  ইউনিয়ন তাঁতী লীগের সাধারণ সম্পাদক মো. রিপন হোসেন (৪২) ও কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দী ইউনিয়ন যুবলীগের ধর্মবিষয়ক সম্পাদক মো. আব্দুর রহমান সুজনকে (৪৫) সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের রিমান্ডের আবেদন করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

চেল্লাখালি নদীর পানি বিপৎসীমার ওপর, নিম্নাঞ্চল প্লাবিত

শেরপুর প্রতিনিধি
চেল্লাখালি নদীর পানি বিপৎসীমার ওপর, নিম্নাঞ্চল প্লাবিত

ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের নালিতাবাড়ী, ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে নালিতাবাড়ীতে চেল্লাখালি নদীর পানি বিপৎসীমার ১৭৪ সেন্টিমিয়ার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 

এদিকে ভোগাই, মহারশি, সোমেশ্বরি নদীতে পাহাড়ি ঢলের প্লাবন বইছে। দুপুরের পর নালিতাবাড়ী-গাজীরখামার সড়কের গাগলাজানি এলাকায় এবং ঝিনাইগাতীর রাংটিয়া-সন্ধ্যাকুড়া সড়কের ওপর দিয়ে ঢলের পানিতে গড়িয়ে প্রাবহিত হতে দেখা যায়। আকস্মিক এ পাহাড়ি ঢলের স্রোতে মর্ধটিলা ইকোপার্কে বিপর্যয়ের সৃষ্টি হয়। অনেক বাড়িতে পানি প্রবেশ করায় সাধারণ মানুষ দুর্ভোগ পড়েছেন।
 
শেরপুর জেলা পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, বৃহস্পতিবার (১১ জুন) বিকাল ৩টা পর্যন্ত গত ১২ ঘণ্টায় জেলার নালিতাবাড়ীতে সাড়ে ১৫ মিলিমিটার এবং সীমান্তবর্তী নাকুগাঁও পয়েন্টে সর্বোচ্চ ৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সেসময় চেল্লাখালি নদীর পানি নালিতাবাড়ীর বাতকুচি পয়েন্টে বিপৎসীমার ১৭৪ সেন্টিমিয়ার ওপর দিয়ে ২৩ দশমিক ৬৮ মিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছিল। 

অন্যান্য পাহাড়ি নদীগুলোর মধ্যে ঝিনাইগাতীতে মহারশি নদী ২১ দশমিক ৩৮ মিটার উচ্চতায় এবং শ্রীবরদীতে সোমেশ্বরি নদী ২৩ দশমিক ৬০ মিটার উচ্চতায় এবং নাকুগাঁও পয়েন্টে ভোগাই নদী ১৮ দশমিক ৭৭ মিটার উচ্চতায়  প্রবাহিত হচ্ছিলো।

শেরপুর জেলা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারি প্রকৌশলী মোসা. জিয়াসমীন খাতুন বলেন, ভারি বর্ষণ এবং উজান থেকে আসা আকস্মিক পাহাড়ি ঢলে নদ-নদীগুলোতে পানি বেড়েছে। আশাকরছি বৃষ্টি কমে গেলে এবং উজানের ঢল না আসলে পানি কমে যাবে। আমরা মাঠপর্যায়ে সার্বক্ষনিক পর্যবেক্ষণ করছি।