• ই-পেপার

মদনে পুলিশের ওপর হামলা, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ২

টেকনাফে আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
টেকনাফে আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
ছবি : কালের কণ্ঠ

কক্সবাজারের টেকনাফে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সমর্থকদের উদ্যোগে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ জুন) বিকেলে শতাধিক সমর্থকের অংশগ্রহণে এ আয়োজন ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

দুপুর ২টায় টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে কর্মসূচির সূচনা হয়। আর্জেন্টিনার পতাকা, জার্সি ও নানা সাজসজ্জায় সজ্জিত মোটরসাইকেল নিয়ে সমর্থকেরা শোভাযাত্রায় অংশ নেন।

শোভাযাত্রাটি টেকনাফ স্থলবন্দর এলাকা থেকে শুরু হয়ে মেরিন ড্রাইভ সড়কের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়। পুরো পথজুড়ে স্লোগান, করতালি ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে এলাকা।

পরে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে কক্সবাজারের জনপ্রিয় শিল্পী ইফতি ও তার সংগীত দল গান পরিবেশন করেন। এতে উপস্থিত দর্শক ও ফুটবলপ্রেমীরা আনন্দঘন সময় কাটান।

আয়োজক প্রতিনিধি হেলাল উদ্দিন বলেন, তরুণদের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ইতিবাচক বিনোদন চর্চাকে উৎসাহিত করতেই এ আয়োজন করা হয়েছে। খেলাধুলা ও সংস্কৃতির সমন্বয়ে এমন উদ্যোগ সামাজিক বন্ধনকে আরো শক্তিশালী করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠান শেষে শান্তিপূর্ণভাবে অংশগ্রহণকারীরা নিজ নিজ গন্তব্যে ফিরে যান।

স্থানীয়দের মতে, ফুটবলকে ঘিরে এমন আয়োজন টেকনাফে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলভারসহ আটক ৪

বগুড়া অফিস
বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলভারসহ আটক ৪
সংগৃহীত ছবি

বগুড়ার দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ আন্ত জেলা ডাকাতচক্রের চার সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ জুন) দিবাগত গভীর রাতে উপজেলার তিশিগাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়।

শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ১০টায় বগুড়া পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া মুখপাত্র আতোয়ার রহমান।

আটকরা হলেন বগুড়ার কাহালু উপজেলার পুগইল গ্রামের মৃত নাজির উদ্দিনের ছেলে ইমরান হোসেন (৩০), দুপচাঁচিয়া উপজেলার নওদাপাড়া গ্রামের নবাব আলীর ছেলে সোহেল (২৮), কাহালু উপজেলার চানপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে রাব্বী হাসান (২১) এবং একই উপজেলার পাঁচপীর নলঘরিয়া গ্রামের আব্বাস আলীর ছেলে মো. হালিম (২০)।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে দুপচাঁচিয়া উপজেলার তিশিগাড়ি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ৮-১০ জনের একটি ডাকাত চক্র দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে চক্রটির চার সদস্যকে আটক করা হয়। তবে বাকিরা পালিয়ে গেছে।

আটকদের হেফাজত থেকে ডাকাতি কাজে ব্যবহৃত একটি রিভলবার, একটি চাইনিজ কুড়াল, একটি কাটার, দুইটি বার্মিজ চাকু, একটি স্লাই রেঞ্জ ও দুইটি গামছা উদ্ধার করা হয়। এ ছাড়া তাঁদের কাছ থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটও জব্দ করেছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানান, আটকরা সবাই আন্ত জেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য। পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপের কারণে একটি বড় ধরনের ডাকাতির ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছেন যে, সম্প্রতি শিবগঞ্জ ও নন্দীগ্রাম থানা এলাকায় সংঘটিত ডাকাতির ঘটনার সঙ্গে তাঁরা প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন।

পুলিশ আরো জানায়, পলাতক ডাকাতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় দুপচাঁচিয়া থানায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা আছে।

নারায়ণগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশের অস্বীকার

নারায়ণগঞ্জ সিটি প্রতিনিধি
নারায়ণগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশের অস্বীকার
সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে যুবলীগের একটি ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুক্রবার (৫ জুন) দুপুরে ডেমরা-শিমরাইল সড়কের সিদ্ধিরগঞ্জের শেষ সীমান্তবর্তী এলাকায় এ ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়। তবে পুলিশের দাবি, মিছিলটি সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অনুষ্ঠিত হয়নি।

মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং নিজেদের সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের ব্যানারের কর্মী হিসেবে পরিচয় দেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, অন্তত ১৮ থেকে ২০ জনের একটি দল ডেমরা সংলগ্ন গলাকাটা এলাকা থেকে মিছিল শুরু করে শিমরাইলের দিকে অগ্রসর হচ্ছে। এ সময় তারা ‘মুজিব তোমার স্মরণে, ভয় করিনা মরণে’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, এবং ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকে।

স্থানীয় সূত্র জানায়, মিছিলকারীদের মধ্যে নেতৃত্বে ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা তাঁতি লীগের সভাপতি লিটন ওরফে গুজা লিটন এবং সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা জহিরুল ইসলাম। মিছিলকারীদের অধিকাংশকে সাবেক সংসদ সদস্য মরহুম নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের অনুসারী হিসেবে চিহ্নিত করা হচ্ছে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, ‘আমি খোঁজ নিয়ে দেখেছি, মিছিলটি আমাদের থানা এলাকায় হয়নি। সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় এ ধরনের মিছিল করার কোনো সুযোগ নেই। আমরা সর্বক্ষণ সতর্ক অবস্থানে রয়েছি। কেউ এ ধরনের দুঃসাহস দেখানোর সুযোগ পাবে না।’

সৌদি আরবে বিদ্যুৎস্পৃষ্টে বাংলাদেশি যুবকের মৃত্যু

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
সৌদি আরবে বিদ্যুৎস্পৃষ্টে বাংলাদেশি যুবকের মৃত্যু
সংগৃহীত ছবি

সৌদি আরবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শামীম হোসেন (৩২) নামের এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দেশটির দাম্মাম শহরের একটি বাসার ছাদে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শামীম হোসেন জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের খাগুরিয়া গ্রামের আব্দুস ছালামের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য ও স্বজনরা।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, দুই সন্তানের জনক শামীম হোসেন জীবিকার তাগিদে ২০২৪ সালে সৌদি আরবে যান। সেখানে তিনি একটি তেল পাম্পে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার সৌদি সময় বিকেল ৫টার দিকে বাসার ছাদে শুকনো কাপড় আনতে গেলে অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে সৌদি পুলিশ মরদেহ উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালের মর্গে পাঠায়। বর্তমানে তার মরদেহ সেখানে রাখা হয়েছে। মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন স্বজনরা।

শামীমের মা জরিনা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘ছেলের এমন মৃত্যু মেনে নিতে খুব কষ্ট হচ্ছে। এখন শুধু চাই তার মরদেহটা যেন দেশে ফিরে আসে।’

বাবা আব্দুস ছালাম বলেন, ‘ধারদেনা করে ছেলেকে বিদেশে পাঠিয়েছিলাম। পরিবারের জন্য ভালো কিছু করবে—এই আশাই ছিল। কিন্তু তার মৃত্যুর খবর শুনে আমরা দিশাহারা হয়ে গেছি।’

স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন মোস্তফা বলেন, ‘সুখের আশায় পরিবারটি অনেক কষ্ট করে শামীমকে বিদেশে পাঠিয়েছিল। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আফসানা জানান, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে মরদেহ দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। পাশাপাশি পরিবারকে সরকারি সহায়তা দেওয়ার বিষয়েও উদ্যোগ নেওয়া হবে।