• ই-পেপার

অটোরিকশায় বজ্রাঘাতে বাবা-মেয়ের মৃত্যু

নারায়ণগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশের অস্বীকার

নারায়ণগঞ্জ সিটি প্রতিনিধি
নারায়ণগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশের অস্বীকার
সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে যুবলীগের একটি ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুক্রবার (৫ জুন) দুপুরে ডেমরা-শিমরাইল সড়কের সিদ্ধিরগঞ্জের শেষ সীমান্তবর্তী এলাকায় এ ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়। তবে পুলিশের দাবি, মিছিলটি সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অনুষ্ঠিত হয়নি।

মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং নিজেদের সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের ব্যানারের কর্মী হিসেবে পরিচয় দেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, অন্তত ১৮ থেকে ২০ জনের একটি দল ডেমরা সংলগ্ন গলাকাটা এলাকা থেকে মিছিল শুরু করে শিমরাইলের দিকে অগ্রসর হচ্ছে। এ সময় তারা ‘মুজিব তোমার স্মরণে, ভয় করিনা মরণে’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, এবং ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকে।

স্থানীয় সূত্র জানায়, মিছিলকারীদের মধ্যে নেতৃত্বে ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা তাঁতি লীগের সভাপতি লিটন ওরফে গুজা লিটন এবং সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা জহিরুল ইসলাম। মিছিলকারীদের অধিকাংশকে সাবেক সংসদ সদস্য মরহুম নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের অনুসারী হিসেবে চিহ্নিত করা হচ্ছে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, ‘আমি খোঁজ নিয়ে দেখেছি, মিছিলটি আমাদের থানা এলাকায় হয়নি। সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় এ ধরনের মিছিল করার কোনো সুযোগ নেই। আমরা সর্বক্ষণ সতর্ক অবস্থানে রয়েছি। কেউ এ ধরনের দুঃসাহস দেখানোর সুযোগ পাবে না।’

সৌদি আরবে বিদ্যুৎস্পৃষ্টে বাংলাদেশি যুবকের মৃত্যু

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
সৌদি আরবে বিদ্যুৎস্পৃষ্টে বাংলাদেশি যুবকের মৃত্যু
সংগৃহীত ছবি

সৌদি আরবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শামীম হোসেন (৩২) নামের এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দেশটির দাম্মাম শহরের একটি বাসার ছাদে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শামীম হোসেন জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের খাগুরিয়া গ্রামের আব্দুস ছালামের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য ও স্বজনরা।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, দুই সন্তানের জনক শামীম হোসেন জীবিকার তাগিদে ২০২৪ সালে সৌদি আরবে যান। সেখানে তিনি একটি তেল পাম্পে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার সৌদি সময় বিকেল ৫টার দিকে বাসার ছাদে শুকনো কাপড় আনতে গেলে অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে সৌদি পুলিশ মরদেহ উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালের মর্গে পাঠায়। বর্তমানে তার মরদেহ সেখানে রাখা হয়েছে। মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন স্বজনরা।

শামীমের মা জরিনা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘ছেলের এমন মৃত্যু মেনে নিতে খুব কষ্ট হচ্ছে। এখন শুধু চাই তার মরদেহটা যেন দেশে ফিরে আসে।’

বাবা আব্দুস ছালাম বলেন, ‘ধারদেনা করে ছেলেকে বিদেশে পাঠিয়েছিলাম। পরিবারের জন্য ভালো কিছু করবে—এই আশাই ছিল। কিন্তু তার মৃত্যুর খবর শুনে আমরা দিশাহারা হয়ে গেছি।’

স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন মোস্তফা বলেন, ‘সুখের আশায় পরিবারটি অনেক কষ্ট করে শামীমকে বিদেশে পাঠিয়েছিল। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আফসানা জানান, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে মরদেহ দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। পাশাপাশি পরিবারকে সরকারি সহায়তা দেওয়ার বিষয়েও উদ্যোগ নেওয়া হবে।

পীরগঞ্জে ৬০০ ফিট পতাকা নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
পীরগঞ্জে ৬০০ ফিট পতাকা নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা
ছবি: কালের কণ্ঠ

ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস আর প্রিয় দলের প্রতি ভালোবাসার অনন্য প্রকাশ ঘটেছে রংপুর জেলার পীরগঞ্জে। আজ শুক্রবার বিকেলে আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর উদ্যোগে ৬০০ ফিট দীর্ঘ আর্জেন্টিনার পতাকা নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এতে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

শোভাযাত্রায় শত শত আর্জেন্টিনা সমর্থক অংশগ্রহণ করেন। তারা আর্জেন্টিনার জার্সি পরিধান করে বাঁশি বাজিয়ে বাদ্যযন্ত্রসহ বিভিন্ন স্লোগানে ব্যানার নিয়ে মিছিলে অংশ নেন। দীর্ঘ ৬০০ ফিট পতাকাটি বহন করে সমর্থকরা উপজেলায় গুরুত্বপূর্ণ সড়কগুলো ঘুরে দেখান, যা সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে।

শোভাযাত্রাটি পীরগঞ্জের কেন্দ্রস্থল পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নির্ধারিত স্থানে এসে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা আর্জেন্টিনা এবং বিশ্বখ্যাত ফুটবলার লিওনেল মেসির প্রতি তাদের ভালোবাসা প্রকাশ করেন।

00

আয়োজকদের মতে, ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে এবং প্রিয় দলের প্রতি সমর্থন জানাতে এই ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে। তারা জানান, খেলাধুলা মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধি করে এবং তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে উৎসাহিত করে।

শোভাযাত্রা উপলক্ষে এলাকায় উৎসবের আমেজ বিরাজ করে। বিভিন্ন বয়সের মানুষ এ আয়োজন উপভোগ করেন এবং অনেকেই দীর্ঘ পতাকা ও শোভাযাত্রার ছবি ও ভিডিও ধারণ করেন। শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। আয়োজক ছিলেন মাহমুদুল হাসান সোহেল, কাজল, পাপ্পু, জাকির, সানি প্রমুখ।

ফেসবুক লাইভে এসে যুবকের আত্মহত্যা

নিজস্ব মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
ফেসবুক লাইভে এসে যুবকের আত্মহত্যা
সংগৃহীত ছবি

বাগেরহাটের মোরেলগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে গলায় ফাঁস দিয়ে লিমন মোল্লা ওরফে হৃদয় (২৬) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (৪ জুন) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের উমাজুরি গ্রামে এই ঘটনা ঘটে। মোরেলগঞ্জ থানা-পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মাহামুদুর রহমান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত লিমন মোল্লা ওই গ্রামের সিরাজ মোল্লার ছেলে। তিনি পেশায় একজন চালক ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। লিমনের এক কন্যাসন্তান রয়েছে। তিনি বর্তমানে পৌর সদরের কুঠিবাড়ি এলাকায় তার নানির কাছে থাকে।

পারিবারিক সূত্রে জানা গেছে, আত্মহত্যার সময় লিমন ঘরে একাই ছিলেন। ফেসবুক লাইভে এসে ঘরের আড়ার সঙ্গে কাপড় পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন। ঘটনার ঠিক আগেই তিনি ঢাকায় অবস্থানরত তার স্ত্রী উর্মির সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন। স্ত্রীর সঙ্গে দীর্ঘদিনের মনোমালিন্য, পারিবারিক দ্বন্দ্ব ও তীব্র মানসিক চাপের কারণে তিনি এই চরম পথ বেছে নিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পরিবার।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ আজ সকালে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি পারিবারিক কলহের জেরে আত্মহত্যা বলে মনে হচ্ছে।

ওসি আরো বলেন, এ ঘটনায় মোরেলগঞ্জ থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।