গাজীপুরের কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে তিনজনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। এর আগে বৃহস্পতিবার (৪ জুন) সকাল ৮টার দিকে উপজেলার সিনাবহ বাজারে তিনটি গরুসহ তাদের আটক করা হয়। এ সময় তাদের ব্যবহার করা ট্রাক থেকে একটি চাপাতি ও একটি চাইনিজ কুড়ালসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করেন স্থানীয়রা।
পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আরো তিনটি গরু উদ্ধার এবং এক নারীকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন তানজিরুল (২২), আল আমিন (৩২), গোলাম মোস্তফা (৫০) এবং তার স্ত্রী নাসরীন বেগম (৪০)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল ৮টার দিকে তিনটি গরুবোঝাই একটি ট্রাক সফিপুর-বড়ইবাড়ি আঞ্চলিক সড়ক দিয়ে দ্রুতগতিতে যাচ্ছিল। ট্রাকটি সিনাবহ বাজার এলাকায় পৌঁছালে স্থানীয়দের সন্দেহ হয়। এ সময় তারা ট্রাকটি থামানোর চেষ্টা করলে চালক ও চালকের সহকারী পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে স্থানীয়রা ট্রাকে থাকা কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন।
তাদের বক্তব্যে অসংগতি দেখা দিলে ট্রাক তল্লাশি করে তিনটি গরু এবং একটি চাপাতি ও একটি চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে আটক ব্যক্তিদের গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা গরু চুরির বিষয়টি স্বীকার করেন বলে জানিয়েছে পুলিশ।
পরে আটকদের দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলার বড় কাঞ্চনপুর এলাকায় গোলাম মোস্তফার বাড়ির পেছনের একটি জঙ্গল থেকে আরো তিনটি গরু উদ্ধার করে পুলিশ। একই সময় মোস্তফার স্ত্রী নাসরীন বেগমকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, গোলাম মোস্তফা দীর্ঘদিন ধরে চোরাই গরু কিনে জবাই করে মাংস বিক্রির সঙ্গে জড়িত। এর আগেও তার বিরুদ্ধে এ ধরনের একাধিক অভিযোগ রয়েছে। এ ঘটনায় কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) মতিউর রহমান বাদী হয়ে বিকেলে থানায় একটি মামলা দায়ের করেন।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘গরু চুরির ঘটনায় নারীসহ চারজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ছয়টি গরু ও একটি ট্রাক উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’






